ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

সুনামগঞ্জে মাদক নিয়ে প্রতিবেদন করায় সাংবাদিককে কুপিয়ে জখম


সুনামগঞ্জে মাদক নিয়ে প্রতিবেদন করায় সাংবাদিককে কুপিয়ে জখম

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে মাদক চোরাচালান সংক্রান্ত অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের কারণে দৈনিক কালবেলার সাংবাদিক মোহাম্মদ আব্দুল মোতালিব ভূঁইয়াকে মারাত্মকভাবে কুপিয়ে জখম করেছে মাদক কারবারিরা। ধারালো অস্ত্রের আঘাতে তার হাতের রগ কেটে গেছে। এ ঘটনার পর স্থানীয়রা আহাদ ভূঁইয়া নামের এক মাদক কারবারিকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।

রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ১ নম্বর বাংলাবাজার ইউনিয়নের চৌধুরীপাড়া বাজারের একটি চায়ের দোকানে এই হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত সাংবাদিক আব্দুল মোতালিবকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় সাংবাদিক আব্দুল মোতালিব ভূঁইয়া চৌধুরীপাড়া বাজারের একটি চায়ের দোকানে বসেছিলেন। এ সময় এলাকার চিহ্নিত মাদক কারবারি আহাদ ভূঁইয়া ও তার সহযোগীরা রামদা, চাপাতি, ছুরিসহ দেশীয় ধারালো অস্ত্র নিয়ে দোকানে ঢুকে হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার হাতের রগ কেটে ফেলে এবং মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করে। একপর্যায়ে আব্দুল মোতালিব মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা পালানোর চেষ্টা করে। এ সময় স্থানীয় জনতা ধাওয়া দিয়ে আহাদ ভূঁইয়াকে আটক করে পুলিশে দেয়। তবে তার সঙ্গে থাকা অন্যান্য সহযোগীরা পালিয়ে যায়।

আরও পড়ুন: সীতাকুণ্ডে খাস জমিতে ১৮ দোকান, ইজারা না হওয়ায় বন্ধ রাজস্ব আদায়

পরে স্বজন ও স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত অবস্থায় আব্দুল মোতালিবকে উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

আহত সাংবাদিক আব্দুল মোতালিব ভূঁইয়া ও তার স্বজনরা জানান, আহাদ ভূঁইয়া সীমান্ত এলাকার চিহ্নিত মাদক কারবারি। তিনি সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় মদ ও ইয়াবা চোরাচালানের সঙ্গে জড়িত। সম্প্রতি মাদক চোরাচালান নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর থেকেই তাকে ও তার পরিবারকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল মাদক কারবারিরা।

১ নম্বর বাংলাবাজার ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. নজরুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘সংবাদ প্রকাশের জেরে প্রায় দেড় মাস আগে মোতালিবের দুই ছোট ভাই কবির ভূঁইয়া ও মামুন ভূঁইয়ার ওপরও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়েছিল এই মাদক কারবারিরা। এ ঘটনায় দোয়ারাবাজার থানায় একটি মামলা দায়ের করা হয়। দীর্ঘদিন সিলেটে চিকিৎসা শেষে তারা বাড়ি ফিরেছেন। এর মধ্যেই রোববার সন্ধ্যায় আবার পরিকল্পিতভাবে মোতালিবের ওপর এই নৃশংস হামলা চালানো হলো।’

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম তালুকদার বলেন, ‘আহাদ ভূঁইয়া একজন মাদক ব্যবসায়ী ও ইয়াবা ডিলার। সাংবাদিক মোতালিব ভূঁইয়া এলাকার মাদক নিয়ে অনুসন্ধানী সংবাদ প্রকাশের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট জব্দ করে। এতে মাদক কারবারিরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে ক্ষুব্ধ হয়ে ওঠে এবং সবাই একজোট হয়ে সাংবাদিকের ওপর এ হামলা চালায়। পালানোর সময় আহাদ ভূঁইয়াকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। জড়িত অন্যদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

আরও পড়ুন: গোপালগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, ৫ পুলিশসহ আহত ৩০

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রাথমিক শিক্ষকদের বেতন দশম গ্রেডে উন্নীত করার তিন দাবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:০৬ এম


প্রাথমিক শিক্ষকদের বেতন দশম গ্রেডে উন্নীত করার তিন দাবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন ১৩তম গ্রেড থেকে দশম গ্রেডে উন্নীত করার পাশাপাশি তিনটি দাবি উত্থাপন করেছে সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদ। তাঁরা আগামী বছরের ১ জানুয়ারির মধ্যে এই দাবিগুলো বাস্তবায়নের জন্য আহ্বান জানিয়েছেন।

রবিবার (১৮ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই দাবিগুলো জানানো হয়।

শিক্ষকদের উত্থাপিত তিনটি দাবি হলো, সহকারী শিক্ষকদের বর্তমান বেতন ১৩তম থেকে ১০ম গ্রেডে উন্নীত করা, চাকরির ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন করা এবং সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত বছরের ১০ নভেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে শিক্ষকদের তিনটি দাবি বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু প্রায় এক বছর অতিবাহিত হলেও এসব দাবির কোনোটিই বাস্তবায়িত হয়নি। ফলে শিক্ষকদের মধ্যে হতাশা সৃষ্টি হয়েছে।

সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি মাহবুবুর রহমান বলেন, "প্রায় এক বছর হয়ে গেলেও আমাদের দাবি বাস্তবায়িত হয়নি। আমরা আশা করি, ১ জানুয়ারির মধ্যে দাবিগুলো বাস্তবায়নে পদক্ষেপ নেওয়া হবে। আমরা এ ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢামেকে ভুয়া চিকিৎসক মো. রাকিব আটক, থানায় হস্তান্তর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:০৬ এম


ঢামেকে ভুয়া চিকিৎসক মো. রাকিব আটক, থানায় হস্তান্তর

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগ থেকে মো. রাকিব নামের এক যুবককে সন্দেহভাজন ভুয়া চিকিৎসক হিসেবে আটক করেছেন দায়িত্বরত আনসার সদস্যরা। পরে তাঁকে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পে নেওয়া হয় এবং সেখান থেকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়।

রবিবার (১৮ অক্টোবর) দুপুরে হাসপাতালের জরুরি বিভাগের ভেতর থেকে রাকিবকে আটক করা হয়।

ঢামেক হাসপাতালের দায়িত্বরত আনসার প্লাটুন কমান্ডার (পিসি) মো. শাহাদাত হোসেন জানান, ‘হাসপাতালের জরুরি বিভাগে এক যুবকের চলাফেরা সন্দেহজনক মনে হলে সেখানে দায়িত্ব পালনরত আনসার সদস্যরা তাঁকে আটক করেন। পরে তাঁকে হাসপাতালের প্রশাসনিক ব্লকে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তিনি নিজেকে ভুয়া চিকিত্সক হিসেবে পরিচয় দেওয়ার কথা স্বীকার করেন।’

তিনি আরও জানান, কর্তৃপক্ষের নির্দেশে রাকিব নামের ওই যুবককে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পে হস্তান্তর করা হয়। রাকিবের গ্রামের বাড়ি বরিশালের গৌরনদী। বর্তমানে তিনি ঢাকার সাভারের নালিয়া এলাকায় বসবাস করছেন।

রাকিবের দাবি, ‘অসুস্থ ভাইকে হাসপাতালে ভর্তি করাতে আমি ঢামেক হাসপাতালে এসেছিলাম। অনেক চেষ্টা করেও ভাইকে ভর্তি করাতে না পেরে এক ব্যক্তির পরামর্শে নিজেকে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিত্সক হিসেবে পরিচয় দিই। এর পরই আনসার সদস্যরা আমাকে আটক করেন।’

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘জরুরি বিভাগ থেকে আটক করার পর আনসার সদস্যরা রাকিবকে পুলিশ ক্যাম্পে নিয়ে আসেন। পরে তাঁকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌরবিদ্যুতে সেচকাজে সাশ্রয়ের নতুন দিগন্ত দেখছেন চাষিরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:০৭ এম


সৌরবিদ্যুতে সেচকাজে সাশ্রয়ের নতুন দিগন্ত দেখছেন চাষিরা

বগুড়ার সারিয়াকান্দি ও চরাঞ্চলে সৌরবিদ্যুৎচালিত সেচ পাম্প ব্যবহারের ফলে কৃষকদের ডিজেল ও বিদ্যুৎ খরচ উল্লেখযোগ্য হারে হ্রাস পাচ্ছে। উপজেলার নারচী, ফুলবাড়ী ও বোহাইল ইউনিয়নে সৌরবিদ্যুতের মাধ্যমে সেচ কার্যক্রম পরিচালনার ফলে প্রতি চার মাসের সেচ মৌসুমে প্রায় ৭৫ লাখ লিটার ডিজেল সাশ্রয় হচ্ছে। এর পাশাপাশি, সোলার পাওয়ারে সেচযন্ত্র চালানোর ফলে বছরে কার্বন নিঃসরণ কমে প্রায় দেড় টন হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

এসএসিপি-রেইনস প্রকল্পের সূত্রে সারিয়াকান্দি উপজেলা কৃষি অফিসার আলী জিন্নাহ প্রাথমিক মূল্যায়নে জানিয়েছেন, বিঘা প্রতি সাশ্রয় প্রায় ৯ হাজার টাকা এবং ১৫ বিঘায় কার্বন নিঃসরণ কমে দেড় টন। নারচি ইউনিয়নের গোদাগাড়ী গ্রামের কোহিনুর বেগম জানান, ‘আমার যেটুকু জমি আছে, তা চাষ করতে হতো ডিজেলচালিত মেশিনে। আর সে কারণে প্রতি বিঘায় সেচ কাজে ব্যয় হতো অনেক টাকা এবং বাড়ির বিদ্যুৎ বিল আসত ৭০০ থেকে ৮০০ টাকা। এখন সেচ ও বসতবাড়ির কোনো বিদ্যুৎ বিল দিতে হয় না।’

ফুলবাড়ী ইউনিয়নের ফুলবাড়ি নয়াপাড়া গ্রামের বাবলু মণ্ডল বলেন, বর্তমানে আমি নিজে এ পাম্পের সুবিধা নিচ্ছি, অন্য চাষিরাও পাচ্ছেন। সোলার পাওয়ার ব্যবহার করে যে পানি পাওয়া যাচ্ছে, তা সুপেয় এবং কৃষির পাশাপাশি গৃহস্থালি কাজও করা যাচ্ছে। এ সুবিধা পাওয়ার পর আমার আর কোনো সেচ খরচ নেই, অথচ এক সময় বোরো ধানে সেচ দিতে আমাকে ব্যয় করতে হতো কমপক্ষে ২ হাজার ৫০০ টাকা। বাসার বিদ্যুৎ বিলও এখন অর্ধেক হয়ে গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে সারা দেশে মানববন্ধন ও প্রতিবাদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:১২ এম


সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে সারা দেশে মানববন্ধন ও প্রতিবাদ

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ হত্যার বিচারের দাবিতে সারা দেশের সাংবাদিক সমাজ জেগে উঠেছে। তাঁরা মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন এই হত্যাকাণ্ডের বিচার দাবি করে।

নেত্রকোনা প্রতিনিধি জানিয়েছেন, নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফের হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে অপূর্ব নামের এক সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে দুর্গাপুর বাজারের পুরাতন সিনেমা হলের পাশ থেকে তাকে আটক করা হয়। দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, গ্রেপ্তার আসামির নাম অপূর্ব (২২), তার বাবার নাম শমশের আলী। তিনি নেত্রকোনার দুর্গাপুরের এক পুলিশ হত্যা মামলার ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়া অন্যতম আসামি ছিলেন। পুলিশ সূত্রে আরও জানা যায়, আলিফকে হত্যার সময় হামলাকারীরা ভুলবশত আলিফের চেহারার সঙ্গে মিল থাকা এক পুলিশ সদস্যকে কুপিয়ে হত্যা করেছিল। অপূর্ব পুলিশ তালিকাভুক্ত আসামি এবং দীর্ঘদিন আত্মগোপনে ছিল। পুলিশের গোপন সোর্সের মাধ্যমে রাত ১২টার পর তার গতিবিধি ও অবস্থানের সুনির্দিষ্ট তথ্য পেয়ে পুলিশের বিশেষ টিম তাকে গ্রেপ্তার করে। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, সাংবাদিক আলিফ হত্যাকাণ্ডের পেছনে পাঁচ থেকে ছয়জনের একটি চক্র সরাসরি জড়িত ছিল। নিহতের স্ত্রী আনন্দিতা সাংমা বাদী হয়ে অজ্ঞাতপরিচয় সাত-আটজনকে আসামি করে দুর্গাপুর থানায় একটি হত্যা মামলা করেন।

বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), সিআইডি ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সমন্বিত টিম এ হত্যার সঙ্গে জড়িত। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে আমার দেশকে জানিয়েছেন একাধিক দায়িত্বশীলরা।

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি জানান, হত্যাকাণ্ডের শিকার সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফের পরিবারের পাশে দাঁড়িয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। তার পক্ষ থেকে পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে এবং নিহত সাংবাদিকের স্ত্রীর কর্মসংস্থানের আশ্বাস দেওয়া হয়েছে। শনিবার বিকালে উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া গ্রামে নিহত সাংবাদিকের শ্বশুরবাড়িতে স্থানীয় বিএনপি নেতারা গিয়েছিলেন। এ সময় নিহত সাংবাদিকের স্ত্রী আনন্দিতা সাংমার হাতে ডেপুটি স্পিকারের পক্ষ থেকে ১ লাখ টাকা ও সন্তানদের পোশাক তুলে দেন উপজেলা বিএনপি সভাপতি জহিরুল আলম ভূঁইয়া। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি সহসভাপতি এমএ জিন্নাহ, সহসভাপতি সাবেক অধ্যক্ষ শহিদুল্লাহ খান, সাংগঠনিক সম্পাদক আলহাজ জামাল উদ্দিন মাস্টারসহ আরো অনেকে।

উপজেলা প্রতিনিধি, মদন (নেত্রকোনা) জানান, নেত্রকোণার দুর্গাপুরে দুর্বৃত্তের গুলিতে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির (৪০) হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন নেত্রকোণার মদন উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকরা। এ সময় হত্যাকাণ্ডে জড়িত সব আসামিকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার এবং ১৫ দিনের মধ্যে বিচার নিশ্চিত করার আল্টিমেটাম দেন তাঁরা। অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতারা।

রোববার দুপুরে মদন উপজেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে ক্লাব প্রাঙ্গণসংলগ্ন মদন-কেন্দুয়া সড়কে এ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়।

মদন উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও দৈনিক মানবজমিনের প্রতিনিধি নূরুল হক রনুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও দৈনিক দিনকালের প্রতিনিধি মো. সাকের খানের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য দেন ক্লাবের সহসভাপতি ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি তোফাজ্জল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক কালের কণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি ফয়েজ আহমেদ হৃদয়, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আমার দেশের প্রতিনিধি নিজাম তালুকদার, সহসাংগঠনিক সম্পাদক ও দৈনিক খোলা কাগজের প্রতিনিধি আলী আজগর পনির, অর্থ সম্পাদক ও প্রতিদিনের সংবাদের প্রতিনিধি নূর মুহাম্মদ জরিপ এবং সম্মানিত সদস্য ও দৈনিক সংগ্রামের প্রতিনিধি জাকির হোসেন চৌধুরীসহ অন্যান্য সাংবাদিক।

মানববন্ধনে সভাপতির বক্তব্যে নূরুল হক রনু বলেন, “আমরা জানতে পেরেছি, সাংবাদিক আলিফ ফকিরকে হত্যার আগেই তাকে গুলি করে হত্যা করা হবে মর্মে পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়েছিল। কিন্তু পুলিশ এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি।”

তিনি আরও বলেন, “গতকাল অপূর্ব নামের একজন আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছে। আমরা সরকার ও স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি, আগামী ২৪ ঘণ্টার মধ্যে সকল আসামিকে গ্রেপ্তার এবং ১৫ দিনের মধ্যে বিচারকার্য নিশ্চিত করতে হবে। অন্যথায় সাংবাদিক সমাজ কঠোর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।”

সাংবাদিক নেতারা বলেন, একজন সাংবাদিককে গুলি করে হত্যা করা অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের হত্যাকাণ্ড শুধু একজন সংবাদকর্মীর জীবন কেড়ে নেয় না, বরং গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তাকেও প্রশ্নের মুখে ফেলে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা জরুরি।

বক্তারা অবিলম্বে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সব আসামিকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, দ্রুত বিচার এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন তারা।

কর্মসূচি থেকে সাংবাদিক নেতারা স্পষ্টভাবে জানিয়ে দেন, নির্ধারিত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করার বিষয়ে দৃশ্যমান অগ্রগতি না হলে সাংবাদিক সমাজকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফকে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফুলবাড়ীয়ায় কর্মরত সাংবাদিকরা মানববন্ধন করেছেন। গতকাল রোববার সকালে ফুলবাড়ীয়া প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তব্য দেন, ফুলবাড়ীয়া প্রেস ক্লাবের সহসভাপতি মো. আবুল কালাম, সাধারণ সম্পাদক মো. আব্দুল হালিম, আল আমিন, হাফিজুল ইসলাম স্বপন, হেলাল উদ্দিন উজ্জল প্রমুখ।

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি জানান, সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফকে গুলি করে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকরা। হত্যাকাণ্ডের তিন দিন পেরিয়ে গেলেও কেউ গ্রেপ্তার হয়নি। শনিবার বেলা ১১টায় নেত্রকোনা জেলা প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত কর্মসূচিতে খুনিদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানানো হয়। মানববন্ধনে বক্তব্য দেন নেত্রকোনা জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী, জ্যেষ্ঠ সাংবাদিক শ্যামলেন্দু পাল, আবুল কালাম, তানভীর হায়াত খান এবং বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী। সঞ্চালনা করেন সাংবাদিক সঞ্জয় সরকার।

ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জের ফতুল্লায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের ফতুল্লা প্রেস ক্লাবের সামনে এ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ফতুল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুমের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রহিম। সমাবেশে বক্তারা সাংবাদিক লুৎফুজ্জামান ফকির হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ হত্যার বিচার, জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ময়মনসিংহের মুক্তাগাছায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় মুক্তাগাছা প্রেস ক্লাবের সামনে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে মুক্তাগাছা প্রেস ক্লাবের সাংবাদিকরা অংশ নিয়ে সাংবাদিক হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানান। মানববন্ধনে বক্তব্য দেন মুক্তাগাছা প্রেস ক্লাবের আহ্বায়ক ইমাম উদ্দিন মুক্তা, সদস্য সচিব ফেরদৌসি আলম, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শফিক সরকার ও এম ইদ্রিস আলী প্রমুখ।

ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফকে গুলি করে হত্যার প্রতিবাদ এবং জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবিতে ময়মনসিংহের ধোবাউড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার ধোবাউড়া উপজেলা পরিষদ চত্বরে ধোবাউড়ায় কর্মরত সাংবাদিকদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য দেন-উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিছুর রহমান মানিক, যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন, সাংবাদিক আবুল হাশেম, কবির উদ্দিন, শামসুল হক মৃধা, আজহারুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা সাংবাদিক আলিফ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, সাংবাদিকরা সমাজের অনিয়ম, দুর্নীতি ও অপরাধের চিত্র তুলে ধরে জনস্বার্থে কাজ করেন। একজন সাংবাদিককে গুলি করে হত্যা করা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের নিরাপত্তার জন্য হুমকি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%