বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং
০২:২১ এম
বাংলাদেশে মাদক পাচারের অভিযোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিজিৎ দাস (৪০) নামে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) শাড়ির আড়ালে অভিনব কৌশলে।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে বিমানবন্দরের আগমনী হলের গ্রিন চ্যানেল এলাকায় তাকে আটক করা হয়।
অভিজিৎ দাস পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বাসিন্দা। তার কাছ থেকে ৪ কেজি ২৮০ গ্রাম কুশসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে। ডিএনসির ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের উপপরিচালক মো. রাজিউর রহমান জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি আন্তর্জাতিক ও ত্রিদেশীয় মাদক পাচার চক্রের বিষয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন।
ডিএনসি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিএনসির ঢাকা মেট্রো (উত্তর), হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কার্যালয়ের সহকারী পরিচালক ড. মো. আবু সাঈদ মিয়ার নেতৃত্বে একটি বিশেষ দল দুপুর ১টার দিকে গ্রিন চ্যানেলে অবস্থান নেয়।
এসময় ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজের টিজি-৩২১ ফ্লাইটে আসা অভিজিৎ দাসকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষী ও বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সামনে তাঁর ট্রাভেল ট্রলি তল্লাশি করা হয়। কাপড়ের নিচে সুকৌশলে লুকানো অবস্থায় ৪ কেজি ২৮০ গ্রাম কুশ উদ্ধার করা হয়।
এ ছাড়া একটি ভারতীয় পাসপোর্ট, ২ হাজার ১৬০ ভারতীয় রুপি, ৭০ থাই বাথ, একটি স্মার্টফোন, বোর্ডিং কার্ড ও তিনটি ভারতীয় শাড়ি জব্দ করা হয়েছে।
শাড়ির আড়ালে মাদক পাচারের অভিযোগ
প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিজিৎ দাস জানিয়েছেন, তিনি ভারতের বনগাঁও রেলওয়ে স্টেশনের একজন কুলি। তিনি জানিয়েছেন, একটি আন্তর্জাতিক ও ত্রিদেশীয় মাদক পাচার চক্র ভারতের নিম্নআয়ের মানুষকে ব্যবহার করে কলকাতা থেকে ব্যাংককে নিয়ে যায়। পরে ভারতীয় শাড়িসহ বিভিন্ন পণ্যের আড়ালে মাদক বাংলাদেশে পাচার করা হয়।
ডিএনসির দেওয়া তথ্য অনুযায়ী, চক্রটি বাংলাদেশে কুশের নতুন বাজার তৈরির চেষ্টা করছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে উঠে এসেছে। পরিকল্পনা অনুযায়ী, বাংলাদেশে দুই থেকে তিন দিন অবস্থান করে মাদকের একটি অংশ হস্তান্তরের পর বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে ফিরে যাওয়ার কথা ছিল অভিজিতের।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় বিমানবন্দর থানায় ডিএনসির বিমানবন্দর সার্কেলের পরিদর্শক শাহরিয়া শারমিন মামলা করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নাশকতার অভিযোগে যশোর জেলা পরিষদের সাবেক সদস্য এবং অভয়নগর উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রউফ মোল্যাকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় ধোপাদী গ্রামের নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া আব্দুর রউফ মোল্যা ধোপাদী গ্রামের আব্দুর রহিম মোল্যার পুত্র।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান কালের কণ্ঠকে জানান, ‘যশোর জেলা পরিষদের সাবেক সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আব্দুর রউফ মোল্যাকে নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় একটি তুচ্ছ ঘটনার জেরে এমদাদুল হক নামের এক কিশোরকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এই ঘটনার সাথে জড়িত প্রধান অভিযুক্ত নাইস খন্দকার নামের এক যুবককে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে।
বুধবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে আলমডাঙ্গা পৌরসভার নতুন বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত এমদাদুল হক (১৭) উপজেলার নওদাবন্ডবিল গ্রামের রেজাউল হকের পুত্র। অপরদিকে, অভিযুক্ত নাইস খন্দকার নতুন বাসস্ট্যান্ড এলাকার মজনু খন্দকারের সন্তান।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাতে এমদাদুল একটি চায়ের দোকানে বসে ছিলেন। এসময় তুচ্ছ বিষয় নিয়ে নাইসের সঙ্গে তার মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে নাইস এমদাদুলকে মারতে উদ্যত হলে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। কিছুদূর যাওয়ার পর এমদাদুল পড়ে গেলে নাইস হাতের কাছে থাকা একটি লাঠি দিয়ে তার মাথায় আঘাত করে। এতে এমদাদুল গুরুতর রক্তাক্ত জখম হন।
পরে স্থানীয়রা এমদাদুলকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু ঘটে।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম জানিয়েছেন, এই ঘটনায় প্রধান অভিযুক্ত নাইস খন্দকারকে আটক করা হয়েছে। মরদেহের সুরতহাল সম্পন্ন করার পর ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীর খিলক্ষেতে চোরাই সোনা উদ্ধারে গিয়ে র্যাব ও পুলিশের যৌথ আভিযানিক দল হামলার শিকার হয়েছে। এই ঘটনায় খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান রেনুর বিরুদ্ধে হামলায় নেতৃত্ব দেওয়া, উসকানি দেওয়া এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে।
গত সোমবার (১২ অক্টোবর) দুপুরে খিলক্ষেতের টানপাড়া এলাকার একটি জুয়েলার্সে এ ঘটনা ঘটে। এ হামলায় র্যাব ও পুলিশের তিন সদস্য গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে মো. সাজু (২৯) নামের একজনকে গ্রেপ্তার করলেও বিএনপি নেতা রেনুসহ অন্য আসামিরা পলাতক রয়েছেন।
পুলিশ সূত্রের বরাত দিয়ে জানা যায়, রাজশাহী বোয়ালিয়া মডেল থানার একটি মামলার পলাতক আসামি মো. রিয়াজুল ইসলামকে (৪৫) গত সোমবার বিকেলে খিলক্ষেতের টানপাড়া থেকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাসাবাদে তিনি জানান, মামলার আলামত হিসেবে আট আনা এক পয়েন্ট ওজনের একটি সোনার চেইন নিকুঞ্জ-২ আবাসিক এলাকার 'অনন্যা জুয়েলার্সে'র মালিক রবীন্দ্রনাথ সরকারের কাছে বন্ধক রাখা আছে।
স্বীকৃতিমূলক জবানবন্দির ওপর ভিত্তি করে চেইনটি উদ্ধারে র্যাব ও পুলিশের ৯ সদস্যের একটি যৌথ দল অনন্যা জুয়েলার্সে যায়। আইনি প্রক্রিয়া শুরুর পরপরই বিএনপি নেতা মিজানুর রহমান রেনুর নেতৃত্বে সাজু, বাবলুসহ ৭-৮ জন অজ্ঞাত ব্যক্তি জুয়েলার্সের সামনে জড়ো হন।
মামলার এজাহার অনুযায়ী, আসামিরা শুরুতেই আভিযানিক দলকে চারদিক থেকে ঘেরাও করেন। এ সময় রেনু সোনা ফেরত না দিতে উপস্থিত জনতাকে উসকানি দেন এবং ‘ডাকাত, ডাকাত’ বলে চিৎকার করে পরিবেশ উত্তপ্ত করেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিজেদের পরিচয় দেওয়ার পরও হামলাকারীরা দেশীয় অস্ত্র, লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে।
হামলার একপর্যায়ে রেনু লোহার রড দিয়ে কনস্টেবল মাহবুবুল হোসেন তপনের মাথায় আঘাতের চেষ্টা করেন। হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করলে কনস্টেবল তপনের ডান হাত ও হাঁটুতে গুরুতর আঘাত লাগে। অন্যদিকে, গ্রেপ্তার সাজুর বিরুদ্ধে র্যাবের ল্যান্স কর্পোরাল মো. ইসরাইল হোসেনকে শারীরিকভাবে প্রহার ও ধারালো ছুরি দিয়ে জখম করার অভিযোগ আনা হয়েছে। এছাড়া আসামি বাবলু লাঠি দিয়ে আঘাত করে কনস্টেবল গোলাম মোর্শেদকে রক্তাক্ত করেন।
পরে অতিরিক্ত পুলিশ পৌঁছালে মূল অভিযুক্ত রেনু ও বাবলু পালিয়ে যান, তবে ঘটনাস্থল থেকে সাজুকে গ্রেপ্তার করা হয়। আহত তিন সদস্যকে উদ্ধার করে উত্তরা কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ঘটনায় খিলক্ষেত থানার পুলিশ পরিদর্শক এ কে এম জামাল উদ্দিন খান বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলায় বেআইনি সমাবেশ, সরকারি কাজে বাধা প্রদান, আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা এবং হত্যাচেষ্টার ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলাটি তদন্ত করছেন থানার ওসি (অপারেশনস) মো. হাফিজুর রহমান।
ঘটনাসম্পর্কে ওসি (অপারেশনস) মো. হাফিজুর রহমান জানান, “আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়া অত্যন্ত গুরুতর অপরাধ। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ ও পারিপার্শ্বিক প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। বিএনপি নেতা রেনু ও বাবলুসহ পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। অপরাধী যেই হোক না কেন, কোনো ছাড় দেওয়া হবে না।”
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলামকে গুলি ও কুপিয়ে জখম করেছে দুবৃর্ত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, বুধবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার চাঁচকৈড় বাজারে অবস্থান করছিলেন ছাত্রদল নেতা শাকিল। এ সময় বিদ্যুৎ চলে গেলে মোটরসাইকেল আরোহী হেলমেটধারী ২ যুবক প্রথমে শাকিলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে গেলে শাকিল দৌড়ে আত্মরক্ষার চেষ্টা করেন। তখন দুবৃর্ত্তরা তাকে ধাওয়া করে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় শাকিলকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি ঘটলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে কাউকে আটক করতে পারেনি।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, কে বা কারা, কী কারণে শাকিল ইসলামকে কুপিয়েছে, এ বিষয়ে কিছু জানা যায়নি। ঘটনার তদন্তে পুলিশ ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ