০৫:১৫ পি.এম
কুষ্টিয়া সীমান্তে পৃথক তিনটি স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানী মালামাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)।
বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল মঙ্গলবার দুপুর ২টায় কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার শেওড়াতলা রিফিউজি পাড়া মাঠে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিজিবি উপস্থিতি টের পেয়ে এক অজ্ঞাত ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে সে স্থানে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৩ কেজি ভারতীয় গাঁজা, ১টি মোবাইল ফোন এবং ১টি মোবাইল সিম কার্ড উদ্ধার করা হয়।
আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪
এছাড়াও, একই দিন রাত ৯টা ৪০ মিনিটে প্রাগপুর বিওপির চুলকানি ঘাট এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৩৪০ পিস অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের টাচ ডিসপ্লে উদ্ধার করা হয়।
এদিকে বুধবার সকাল ৯টা ৩৫ মিনিটের সময় প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার গরুড়া ঘাটপাড়া ঈদগাহ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৫০ বোতল ফেয়ারডিল সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধার এ সব মাদক এবং চোরাচালানী মালামলের সর্বমোট সিজার মূল্য ৩৪ লাখ ৩১ হাজার ৮০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি আরও জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণে মাদক, বিস্ফোরক দ্রব্যসহ সকল প্রকার চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে তারা দৃঢ় প্রতিজ্ঞ। ভবিষ্যতেও সীমান্ত এলাকায় এ ধরনের অপরাধ দমনে বিজিবির কঠোর ও কার্যকর অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন: কেন্দুয়ায় পাচারের সময় ৩২ বস্তা সার জব্দ, চালক পালিয়েছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন