বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৬:০৯ পি.এম
ডেঙ্গু পরিস্থিতি ক্রমশ ভয়ংকর আকার ধারণ করছে। এডিস মশাবাহিত এই রোগ প্রতিদিন একের পর এক প্রাণ কেড়ে নিচ্ছে। এর ধারাবাহিকতায়, এবার ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু ঘটেছে। ফলে, চলতি বছরে প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মোট প্রাণহানি ২০১ এ পৌঁছেছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু-বিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত একদিনে বরিশাল বিভাগে একজন, চট্টগ্রামে দুইজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে দুইজন এবং ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে, ডেঙ্গু নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৫৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি (৪০৫ জন) ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। পাশাপাশি, খুলনা বিভাগে ২৮০ জন, চট্টগ্রাম বিভাগে ৩১৭, বরিশাল বিভাগে ১৭৮, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৭৯, রাজশাহী বিভাগে ১৫৬, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭৩, ময়মনসিংহ বিভাগে ১০৩, রংপুর বিভাগে ৫৯ এবং সিলেট বিভাগে ৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সউদী আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান আল সৌদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ টেলিফোন সংলাপ অনুষ্ঠিত হয়েছে। এ তথ্য ক্রেমলিনের প্রেস সার্ভিসের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।
ফোনালাপের সময় রাশিয়ার প্রেসিডেন্ট সউদী আরবের আসন্ন জাতীয় দিবস—'সউদী প্রতিষ্ঠা দিবস' উপলক্ষে যুবরাজ সালমানকে শুভেচ্ছা জানান। পুতিন এ সময় উল্লেখ করেন যে, এক শতাব্দী আগে তদানীন্তন সোভিয়েত ইউনিয়নই প্রথম বিদেশী রাষ্ট্র হিসেবে সউদী রাজ্যকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছিল।
কথোপকথনে দুই নেতা উভয় দেশের মধ্যে বিদ্যমান রাজনৈতিক, বাণিজ্য-অর্থনৈতিক এবং মানবিক ক্ষেত্রের পারস্পরিক সহযোগিতার বর্তমান স্তরে সন্তোষ প্রকাশ করেন।
এছাড়াও, প্রেসিডেন্ট পুতিন এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমান মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি, বিশেষ করে পারস্য উপসাগর অঞ্চলের নিরাপত্তা ও সংকট নিয়ে বিস্তারিত মতামত বিনিময় করেন। উভয় নেতা একমত হন যে, চলমান সংকট সমাধানের জন্য রাজনৈতিক ও কূটনৈতিক প্রচেষ্টার বিকল্প নেই। তবে এ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট সকল পক্ষের স্বার্থকে সঠিকভাবে বিবেচনায় নিতে হবে।
ইয়েমেনের সাম্প্রতিক অবনতিশীল সামরিক-রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে, দ্রুত যুদ্ধবিরতি কার্যকর করার ওপর জোর দেওয়া হয়। জাতিসংঘ-সমর্থিত আলোচনার মাধ্যমে একটি গঠনমূলক 'আন্তঃ-ইয়েমেনি' সংলাপের ক্ষেত্র তৈরির ওপর গুরুত্ব পুনর্ব্যক্ত করা হয়েছে।
একই সঙ্গে, এই অঞ্চলের আন্তর্জাতিক জলপথগুলোতে—বিশেষ করে বাবেল মানদেবে প্রণালী এবং হরমুজ প্রণালীতে—পণ্যবাহী ও অন্যান্য জাহাজের নিরাপদ ও বাধাহীন চলাচল নিশ্চিত করার প্রয়োজনীয়তা বিশেষভাবে তুলে ধরে ক্রেমলিন।
রাশিয়ার প্রেসিডেন্ট এবং সউদী যুবরাজ আলোচনা শেষে বিভিন্ন পর্যায়ে দ্বিপক্ষীয় যোগাযোগ অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছেন। সূত্র: তাস।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার তালপুকুরিয়া এলাকা থেকে এসআরবি-৫-এর সিপিএসসি কোম্পানি ১৬টি নতুন ককটেল এবং চারটি পেট্রোল বোমাসদৃশ বস্তুর উদ্ধার করেছে। র্যাবের পক্ষ থেকে জানানো হয়, বুধবার রাত ১টা ২৫ মিনিটে গোপন তথ্যের ভিত্তিতে তালপুকুরিয়া সিটিহাট থেকে কামালচত্বর সড়কের পূর্ব পাশে নেসকো বিদ্যুৎ অফিসের দক্ষিণে একটি আমবাগানে অভিযান পরিচালনা করা হয়। সেখানে মো. জাহাঙ্গীর মন্ডলের চাষ করা পুঁইশাকের ক্ষেতে দুটি শপিং ব্যাগ পড়ে থাকতে দেখা যায়।
পরে বোমা ডিসপোজাল ইউনিটের সদস্যদের সহায়তায় তল্লাশি চালিয়ে একটি সাদা রঙের শপিং ব্যাগ থেকে কসটেপে মোড়ানো ১৬টি ককটেল উদ্ধার করা হয়। অপর একটি লাল রঙের শপিং ব্যাগ থেকে চারটি পেট্রোল বোমাসদৃশ বস্তুর সন্ধান পাওয়া যায়।
এসআরবি-৫-এর সিপিএসসি কোম্পানি রাজশাহীর অপারেশন দল ঘটনাস্থল থেকে এসব বিস্ফোরক সদৃশ আলামত উদ্ধার করে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। উদ্ধার করা আলামতগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরির মাধ্যমে হস্তান্তর করা হয়েছে। এসআরবি-৫ জানায়, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক কারবারি, অস্ত্রধারী এবং ছিনতাইকারীসহ সার্বিক আইনশৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভারতের নির্বাচন কমিশনের (ইসিআই) অভ্যন্তরে ভোটার তালিকা সংশোধনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়ে নজিরবিহীন মতবিরোধের তথ্য প্রকাশ্যে এসেছে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর এক অনুসন্ধানী প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, গত ১০ মাসে নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশী অন্তত ১৪ বার আনুষ্ঠানিকভাবে আপত্তি জানিয়েছেন। এর মধ্যে একদিনে তারা চারবার আপত্তি জানান।
প্রতিবেদন অনুযায়ী, আপত্তিগুলো মূলত নতুন ভোটার নিবন্ধন, ভোটারদের নাম বাদ দেওয়া ও পুনর্বহাল, ভোটার তালিকা-সংক্রান্ত আপিল এবং পুরো ভোটার তালিকার ডিজিটাল ব্যবস্থাপনা নিয়ে। দুই কমিশনার অভিযোগ করেছেন যে, তাদের অবগত না করেই কমিশনের নামে কিছু সিদ্ধান্ত ও নির্দেশ জারি করা হয়েছে। এসব আপত্তির অনুলিপি প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকেও প্রদান করা হয়েছিল।
বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন বা এসআইআর কার্যক্রমকে ঘিরেই এসব মতবিরোধের বড় অংশ সামনে এসেছে। ২০২৫ সালের জুনে বিহার থেকে শুরু হওয়া এই কার্যক্রম পরে ৩০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বিস্তৃত হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, খসড়া ভোটার তালিকা থেকে ১৩ কোটির বেশি নাম বাদ পড়েছে।
ফর্ম-৬ পরিবর্তন নিয়েও আপত্তি
নতুন ভোটার হিসেবে নিবন্ধনের জন্য ব্যবহৃত ফর্ম-৬-এ চলতি বছরের জুলাইয়ে নতুন একটি প্রশ্ন যুক্ত করা হয়—আবেদনকারী বা তাঁর বাবা-মা/দাদা-দাদি আগের এসআইআর-এর ভোটার তালিকায় ছিলেন কি না। কমিশনার বিবেক যোশী মে মাসেই নথিতে জানিয়েছিলেন, সরকারের বিধি সংশোধন ছাড়া এভাবে ফর্ম পরিবর্তন করা যায় না। সান্ধুও তাঁর সঙ্গে একমত হন। পরে পরিবর্তনটি কার্যকর হলে সান্ধু ১৩ আগস্ট একে ‘অননুমোদিত ও বেআইনি’ বলে উল্লেখ করে তা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।
ভোটার তালিকার সফটওয়্যার নিয়েও প্রশ্ন
দুই কমিশনার ভোটার তালিকার ডিজিটাল ব্যবস্থাপনা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, স্থানীয় পর্যায়ের কর্মকর্তাদের ভোটার তালিকায় নাম সংযোজন ও বাদ দেওয়ার কাজে ব্যবহৃত সফটওয়্যারে প্রবেশাধিকার সীমিত করা হচ্ছে এবং ব্যবস্থাপনা দিল্লিকেন্দ্রিক হয়ে পড়ছে। তারা এ বিষয়ে অডিটের দাবিও তুলেছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
গোয়ার একটি ঘটনায় ৯৭ জন ভোটারের নাম চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা যায়নি। সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের যোগ্য বলে সিদ্ধান্ত দিলেও সফটওয়্যারে আগের বাদ দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহারের সুযোগ না থাকায় নামগুলো তালিকায় ফেরানো সম্ভব হয়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে।
ক্যাবিনেট সচিবকে চিঠি
জুলাইয়ের শেষ দিকে নির্বাচন কমিশনের প্রশাসনিক দায়িত্ব ও আইটি ব্যবস্থাপনা নিয়ে একটি নতুন নির্দেশ জারির পর সান্ধু ও যোশী পৃথকভাবে ক্যাবিনেট সচিব টি ভি সোমনাথনকে চিঠি দেন। তাদের অভিযোগ ছিল, কাজের বণ্টনে এমন পরিবর্তন আনা হয়েছে, যা ভোটার তালিকার আইটি অবকাঠামোর ওপর নজরদারি কমিয়ে দিতে পারে এবং বিষয়টি তাদের না জানিয়েই করা হয়েছে। পরদিন দুই কমিশনার যৌথভাবে ওই পরিবর্তন বাতিল করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে, নির্বাচন কমিশনের কর্মকর্তারা বুধবার দাবি করেছেন, কমিশনাররা বিভিন্ন বিষয়ে উদ্বেগ ও প্রশ্ন তুললেও এসআইআর-সংক্রান্ত সিদ্ধান্তগুলো কমিশনে সর্বসম্মতভাবেই নেওয়া হয়েছে।
ভারতের সংবিধানের ৩২৪ অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা এবং প্রধান নির্বাচন কমিশনার ও দুই নির্বাচন কমিশনার নিয়ে গঠিত। সাম্প্রতিক প্রকাশিত নথিগুলোতে উঠে আসা মতবিরোধ তাই দেশটির ভোটার তালিকা ব্যবস্থাপনা ও নির্বাচন পরিচালনার প্রক্রিয়া নিয়ে নতুন করে বিতর্ক তৈরি করেছে।
সূত্র : দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে ইন্দোনেশিয়ার কোচ জন হার্ডম্যান শমিত শোমকে নিয়ে নিজের পরিচয়ের বিষয়টি তুলে ধরেছেন। তিনি জানিয়েছেন, কানাডিয়ান এই মিডফিল্ডারকে তিনি দীর্ঘ সময় ধরে চেনেন এবং তাঁর সামর্থ্যের প্রশংসাও করেছেন হার্ডম্যান।
ফিফা আসিয়ান কাপ ২০২৬-এ বাংলাদেশ-ইন্দোনেশিয়া ম্যাচের প্রেক্ষিতে সংবাদ সম্মেলনে শোমকে নিয়ে মন্তব্য করেন হার্ডম্যান। তাঁর সঙ্গে শোমের পরিচয় নতুন নয়, কারণ কানাডা জাতীয় দলের বিভিন্ন ক্যাম্পে শোমকে তিনি পেয়েছেন।
হার্ডম্যান বলেন, “আমি তাকে খুব ভালোভাবে চিনি। খুব ভালোভাবেই। আমি তাকে বেশ কয়েকটি ট্রেনিং ক্যাম্পে এনেছি। দিদিয়ের দ্রগবার সময় এমএলএসে খুব সফল মন্ট্রিয়ল ইমপ্যাক্ট দলের অংশ ছিল সে। তাই সে একজন শীর্ষ মানের খেলোয়াড়।”
মেজর লিগ সকারে (এমএলএস) দ্রগবার মতো তারকার সঙ্গে খেলার অভিজ্ঞতা শোমের ক্যারিয়ারের অন্যতম উল্লেখযোগ্য অধ্যায়। হার্ডম্যানের মতে, এই অভিজ্ঞতা তাঁর পেশাদার মানের একটি বড় প্রমাণ।
শোমকে আরও কাছ থেকে চেনার একটি কারণ রয়েছে হার্ডম্যানের। কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব ক্যালগারি এফসিতে তাঁর ছেলে জে হার্ডম্যানের সতীর্থ ছিলেন শোম। ফলে জাতীয় দলের পাশাপাশি ক্লাব ফুটবলেও শোমকে কাছ থেকে দেখার সুযোগ হয়েছে হার্ডম্যানের।
হার্ডম্যান যোগ করেন, “সে ক্যালগারিতে আমার ছেলের সঙ্গেও খেলেছে।”
বাংলাদেশের বিপক্ষে ম্যাচে শোমের অভিজ্ঞতা ও মান ইন্দোনেশিয়ার জন্য বাড়তি নজরের বিষয় হতে পারে। হার্ডম্যানের বক্তব্যে স্পষ্ট, বাংলাদেশের এই মিডফিল্ডারকে তিনি শুধুমাত্র প্রতিপক্ষ হিসেবে দেখছেন না, বরং দীর্ঘদিনের পরিচিত একজন ফুটবলার হিসেবে তাঁর সামর্থ্য সম্পর্কে একটি ভালো ধারণা রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ