ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ভৈরব রেলওয়ে জংশনে সংঘর্ষ: দুই ওসিসহ পুলিশ সদস্য আহত, দেড় শতাধিক অজ্ঞাত আসামির বিরুদ্ধে মামলা


ভৈরব রেলওয়ে জংশনে সংঘর্ষ: দুই ওসিসহ পুলিশ সদস্য আহত, দেড় শতাধিক অজ্ঞাত আসামির বিরুদ্ধে মামলা

কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে জংশনে সংঘর্ষ, ভাঙচুর ও পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় দেড় শতাধিক অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেছে রেলওয়ে থানা পুলিশ।
শনিবার (৬ জুন) সকালে ভৈরব রেলওয়ে থানার এসআই বিএম আফজাল হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ।
স্থানীয় সূত্রে জানা যায়, ভৈরব পৌর শহরের পঞ্চবটি ও জগন্নাথপুর এলাকার যুবকদের মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়। এর জেরে গত ৪ জুন বিকেলে ভৈরব স্টেশন এলাকায় জগন্নাথপুর এলাকার সোহেল মিয়ার ছেলে লিয়ামকে মারধরের অভিযোগ ওঠে। পরে এ ঘটনাকে কেন্দ্র করে দুই এলাকার লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষের সময় উভয় পক্ষের শতাধিক লোক দেশীয় অস্ত্র, ইট-পাটকেল ও রেললাইনের পাথর নিয়ে দফায় দফায় হামলা-পাল্টা হামলায় অংশ নেয়। এতে দুই ওসিসহ একাধিক পুলিশ সদস্য আহত হন এবং রেলওয়ে থানা ও স্টেশন এলাকায় ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে।
প্রথমে রেলওয়ে থানা পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ব্যর্থ হয়। পরে ভৈরব থানা পুলিশ, শহর ফাঁড়ি পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী কমিশনার (ভূমি) -এর নেতৃত্বে প্রায় ছয় ঘণ্টার চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
ভৈরব রেলওয়ে থানার ওসি সাঈদ আহমেদ জানান, সংঘর্ষকারীরা রেলওয়ে স্টেশন এলাকা দখল করে তাণ্ডব চালায় এবং স্টেশন ও রেলওয়ে থানার ব্যাপক ক্ষতিসাধন করে। এ সময় স্টেশন প্ল্যাটফর্ম ও সংলগ্ন এলাকার বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর এবং মালামাল নষ্ট করা হয়। এতে যাত্রী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পুরো স্টেশন এলাকায় চরম বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।
তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ চলছে এবং এ ঘটনায় দেড় শতাধিক অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
এদিকে ভৈরব স্টেশন মাস্টার বলেন, সংঘর্ষে স্টেশনের বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। তবে এখনো কোনো নির্দেশনা না পাওয়ায় পৃথকভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, মন্ত্রীর পদত্যাগসহ ৫টি গুরুত্বপূর্ণ দাবি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৬ই জুন, ২০২৬ ইং

০৬:৫৯ পি.এম


ভারতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, মন্ত্রীর পদত্যাগসহ ৫টি গুরুত্বপূর্ণ দাবি

ভারতে ব্যাপক বিক্ষোভ করেছে জেন-জি নেতৃত্বাধীন অনলাইন আন্দোলন ককরোচ জনতা পার্টি (সিজেপি)। শনিবার সকালে এই আন্দোলনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ ভারতে এসে দিল্লির জন্তর মন্তরে এক বিশাল বিক্ষোভের ডাক দেন।

ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র বিশাল প্রতিবাদ সমাবেশকে সমর্থন জানাতে বিপুল সংখ্যক সমর্থক সমবেত হয়েছিলেন দিল্লির জন্তর মন্তরে। ছবি: সংগৃহীত।

 

এ সময় পরীক্ষাসংক্রান্ত ও নিয়োগ সংক্রান্ত কথিত ত্রুটির অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগসহ সিজেপির সমর্থকরা ৫টি দাবি জানান।

কঠোর নিরাপত্তার মধ্যে এই প্রতিবাদ কর্মসূচিটি অনুষ্ঠিত হয় এবং এতে বহু তরুণ-তরুণী যোগদান করে।

‘বন্ধুরা, এটা একটা দীর্ঘ সংগ্রাম। সোশ্যাল মিডিয়ায় ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জানানোর এক মাস ইতোমধ্যেই পার হয়ে গেছে, কিন্তু এই ব্যক্তিরা এতটাই নির্লজ্জ যে, ব্যবস্থা নেয়ার পরিবর্তে তারা আমাদের অ্যাকাউন্ট হ্যাক করা এবং পোস্ট মুছে ফেলার মতো অন্যান্য বিষয়ে মনোযোগ দিয়েছে। আপনারা হয়তো আমাদের পোস্ট মুছে ফেলতে পারবেন, কিন্তু এই জায়গা থেকে আমাদের মুছে ফেলতে পারবেন না।’ সংবাদ সংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী, প্রতিষ্ঠাতা দীপকে এসব কথা বলেন জনতার উদ্দেশে।

বিক্ষোভকারীরা কী দাবি করছে?

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবির পাশাপাশি বিক্ষোভকারীরা আরও কয়েকটি দাবি করেছেন।

যথাযথ প্রশিক্ষণের পরেই শিক্ষাক্ষেত্রে ডিজিটালাইজেশন:

‘আমরা ব্যাংকিং থেকে শুরু করে শিক্ষা পর্যন্ত সবকিছু ডিজিটালাইজ করছি, কিন্তু আমরা কি ভুল পদ্ধতিগুলো বন্ধ করতে পারছি? উত্তর হলো না। ব্যাংক জালিয়াতি ব্যাপক আকার ধারণ করেছে এবং এখন আমরা শিক্ষাক্ষেত্রেও ডিজিটালাইজেশনের প্রভাব দেখতে পাচ্ছি। আমি এর বিরুদ্ধে নই, কিন্তু শিক্ষকদের যথাযথ মূল্যায়ন এবং প্রশিক্ষণের পরেই এটি চালু করা উচিত।’ দিল্লিতে উচ্চশিক্ষায় অধ্যয়নরত তিন শিক্ষার্থীর বাবার ভাষায়, ৫০ বছর বয়সী রাধেশ্যাম কাইথাল।

মণিপুরে শিক্ষার স্বাভাবিক কার্যক্রম:

‘গত তিন বছর ধরে মণিপুরে অস্থিরতা চলছে। স্কুল-কলেজসহ আমার রাজ্যের কোনো কিছুই স্বাভাবিকভাবে চলছে না। সেখানকার ছাত্রছাত্রীরা চরম দুর্দশার মধ্যে রয়েছে।’ বলেন ৩২ বছর বয়সী সমাজ উদ্যোক্তা উইনসন, যিনি অস্থিরতার কারণে দুই বছর আগে মণিপুর ছেড়ে বর্তমানে নয়ডায় কর্মরত।

প্রতিযোগিতামূলক পরীক্ষায় ন্যায্যতা ও বিশ্বাসযোগ্যতা:

‘আমার চাচাতো ভাই পরিবার থেকে দূরে কোটার একটি ছোট্ট ঘরে নিট (এনইইটি)-এর জন্য প্রস্তুতি নিচ্ছিল। তার আশা ছিল যে, কোনো নিম্ন-র‍্যাঙ্কিংয়ের কলেজে সুযোগ পেলেও সে তা গ্রহণ করবে। কিন্তু তারপর প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটে। সে তিন বছরেরও বেশি সময় ধরে প্রস্তুতি নিচ্ছে। আমরা জানি না কিভাবে তাকে আবার পরীক্ষায় বসার জন্য উৎসাহিত করব।’ বলেন ৩৪ বছর বয়সী গায়ত্রী সিং, যিনি মূলত রাজস্থানের জয়পুরের বাসিন্দা এবং বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন।

শিক্ষার্থী ও অভিভাবকদের প্রভাবিত করে এমন বিষয়গুলিতে মনোযোগ:

‘আমি অনলাইনে দলটিকে অনুসরণ করছিলাম, কিন্তু বিক্ষোভে আসব কি না, তা নিয়ে নিশ্চিত ছিলাম না। সকাল ১০টায় আমি রোহিনীতে অফিসে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎই ভাবলাম এসে একবার দেখে যাই,’ বলেন দিল্লির ১৮ বছর বয়সী রোনাক কুমার।

‘দলটির ভবিষ্যৎ সম্পর্কে আমি জানি না, কিন্তু আপাতত তারা এমন সব বিষয় নিয়ে কথা বলছে যা সকলের জন্যই গুরুত্বপূর্ণ—আপনি শিক্ষার্থী হোন বা আপনার সন্তানের শিক্ষা নিয়ে চিন্তিত কোনো অভিভাবক।’ কুমার বলেন।

জবাবদিহিতা এবং শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের প্রতি মনোযোগ:

সিজেপি আন্দোলন সোশ্যাল মিডিয়ার মানুষদের তৃণমূল পর্যায়ে আনতে সক্ষম হয়েছে, যার মানে হলো তারা এমন সব বিষয় নিয়ে কথা বলছেন যেগুলো নিয়ে মানুষ কোনো না কোনোভাবে নিজেদেরকে মেলাতে পারে। কিছু শিক্ষার্থী আত্মহত্যা করেছে এবং লক্ষ লক্ষ শিক্ষার্থী ক্রমাগত মানসিক চাপের মধ্যে রয়েছে, অথচ এর সঠিক জবাবদিহিতা নেই। পেশায় মনোবিজ্ঞানী ৩৮ বছর বয়সী সুগন্ধা হিন্দুস্তান টাইমসকে বলেন।

আরও পড়ুন: বিক্ষোভে যোগ দিতে দেশে ফিরলেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা।

এই বিক্ষোভে শত শত মানুষ, যাদের অধিকাংশই তরুণ অংশগ্রহণকারী, সমবেত হয়েছিলেন। তাদের মধ্যে অনেকেই তেলাপোকার মুখোশ পরেছিলেন এবং ফুল হাতে নিয়ে আসেন। বেশ কয়েকজন স্কুলছাত্রও তাদের অভিভাবকদের সঙ্গে এই প্রতিবাদে যোগদান করেছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফেসবুক স্ট্যাটাসের পরই ব্যবস্থা, আসামবস্তি শ্মশানে ডিপ টিউবওয়েল স্থাপন করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ সোহেল রানা, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি

শনিবার, ৬ই জুন, ২০২৬ ইং

০৭:০০ পি.এম


ফেসবুক স্ট্যাটাসের পরই ব্যবস্থা, আসামবস্তি শ্মশানে ডিপ টিউবওয়েল স্থাপন করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল

রাঙ্গামাটি শহরের অন্যতম বৃহৎ আসামবস্তি হিন্দু-বৌদ্ধ কেন্দ্রীয় মহাশ্মশানের দীর্ঘদিনের পানিসংকট নিরসনে উদ্যোগ নিয়েছেন পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল। সামাজিক যোগাযোগমাধ্যমে শ্মশানের সমস্যা নিয়ে প্রকাশিত একটি স্ট্যাটাস নজরে আসার পর তিনি দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
জানা যায়, শ্মশানটির সংস্কার ও পানির সংকট নিয়ে ফেসবুকে একটি পোস্ট প্রকাশিত হলে বিষয়টি প্রতিমন্ত্রীর দৃষ্টিগোচর হয়। পরে তিনি জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ফারুক আহমেদ সাব্বিরসহ সংশ্লিষ্ট নেতাকর্মীদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা দেন। স্থানীয় বাসিন্দা ও শ্মশান পরিচালনা কমিটির সঙ্গে আলোচনা করে সেখানে একটি গভীর নলকূপ (ডিপ টিউবওয়েল) স্থাপন করা হয়।
এর ফলে মৃতদেহ সৎকারের সময় দীর্ঘদিনের পানির অভাবজনিত ভোগান্তি অনেকাংশে দূর হবে বলে মনে করছেন এলাকাবাসী।
শ্মশান কমিটির নেতৃবৃন্দ জানান, গত ১৭-১৮ বছরে শ্মশানটির উন্নয়নে তেমন কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এমনকি প্রবেশ সড়কের অবস্থাও দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল। তারা বলেন, একটি ফেসবুক স্ট্যাটাসকে গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল যে মানবিকতা ও আন্তরিকতার পরিচয় দিয়েছেন এবং দ্রুত গভীর নলকূপ স্থাপনের ব্যবস্থা করেছেন, তা প্রশংসনীয়। পাশাপাশি তিনি শ্মশানের অন্যান্য প্রয়োজনীয় সংস্কারকাজ সম্পন্নের আশ্বাসও দিয়েছেন।
জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ফারুক আহমেদ সাব্বির বলেন, “পাহাড়ের মানুষের সমস্যা ও চাহিদার বিষয়ে ব্যারিস্টার মীর হেলাল সবসময় সচেতন। তার নির্দেশনা অনুযায়ী আমরা দ্রুত স্থানীয়দের সঙ্গে সমন্বয় করে ডিপ টিউবওয়েল স্থাপনের কাজ সম্পন্ন করেছি। শ্মশানের আরও উন্নয়নমূলক প্রয়োজনীয়তা নিয়েও কাজ চলছে।”
শ্মশান কমিটির সদস্য ও স্থানীয় বাসিন্দা নয়ন ত্রিপুরা বলেন, “দীর্ঘ ১৫-১৬ বছর ধরে শ্মশানের তেমন কোনো উন্নয়ন হয়নি। পানির স্থায়ী ব্যবস্থা হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ। ভবিষ্যতে আরও উন্নয়নমূলক কাজ বাস্তবায়িত হবে বলে আশা করছি।”
এদিকে স্থানীয় বাসিন্দা, শ্মশান কমিটি এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাদের প্রত্যাশা, ভবিষ্যতেও এমন জনকল্যাণমুখী উদ্যোগের মাধ্যমে পার্বত্য অঞ্চলের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখা হবে।
এসময় উপস্থিত ছিলেন আসামবস্তি হিন্দু-বৌদ্ধ কেন্দ্রীয় মহাশ্মশানের সাধারণ সম্পাদক ও শিব মন্দির পরিচালনা কমিটির সভাপতি বাবলা মিত্র, মারমা সংস্কৃতি সংস্থার (মাসস) সাধারণ সম্পাদক নয়ন মার্মা, শ্মশান পরিচালনা কমিটির উন্নয়ন বিষয়ক সম্পাদক বাবুল নাথ, রাঙ্গামাটি জেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ফারুক আহমেদ সাব্বির, সাবেক সহ-সভাপতি খুরশিদ আলম রাজু, রাঙ্গামাটি সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ ওমর মোরশেদ, সদর উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক রনি দে প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাংবাদিকদের ওপর হামলা: আদ্-দ্বীনের দুই কর্মীকে সাময়িক অব্যাহতি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৬ই জুন, ২০২৬ ইং

০৭:০১ পি.এম


সাংবাদিকদের ওপর হামলা: আদ্-দ্বীনের দুই কর্মীকে সাময়িক অব্যাহতি

রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই কর্মীকে সাময়িকভাবে অব্যাহতি প্রদান করা হয়েছে।

শনিবার (৬ জুন) আদ্-দ্বীন ফাউন্ডেশনের মানবসম্পদ এবং কোম্পানি বিষয়াবলির পরিচালক তারিকুল ইসলাম মুকুলের সই করা একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে ঘটনার বিবরণ দিয়ে জানানো হয়, গত ২৭ মে আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটে এবং এর পর ৩০ মে স্বাস্থ্যমন্ত্রী ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে হাসপাতাল পরিদর্শনে যান। মন্ত্রী চলে যাওয়ার পর বিপুলসংখ্যক সংবাদকর্মী হাসপাতালে প্রবেশের চেষ্টা করলে চিকিৎসাধীন রোগীদের স্বার্থে কর্তৃপক্ষ তাদের বাধা দেয়।

আদ্-দ্বীন কর্তৃপক্ষের পক্ষ থেকে দাবি করা হয় যে, কথা-কাটাকাটির একপর্যায়ে একজন সংবাদকর্মী হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মীদের ‘ঝাড়ুদার’ বলে সম্বোধন করেন, এতে কর্মীরা অপমানিত বোধ করে উত্তেজিত হয়ে পড়েন এবং সাংবাদিকদের হাসপাতাল ছাড়ার অনুরোধ করেন। এই অবস্থায় উপস্থিত ঊর্ধ্বতন কর্মকর্তারা কর্মীদের শান্ত করার চেষ্টা করেন।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয় যে, এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর আদ্-দ্বীন কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করে গণমাধ্যমে বিজ্ঞপ্তি প্রদান করেছিল। পরে তদন্ত সাপেক্ষে দোষী সাব্যস্ত করে দুই কর্মীকে সাময়িকভাবে অব্যাহতি দেয়া হয়েছে, তবে সামাজিক মর্যাদার স্বার্থে ওই কর্মীদের পরিচয় গোপন রাখা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ সফরের জন্য তুরস্কের প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৬ই জুন, ২০২৬ ইং

০৭:০৩ পি.এম


বাংলাদেশ সফরের জন্য তুরস্কের প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানকে বাংলাদেশ সফরের জন্য একটি আমন্ত্রণ জানিয়েছেন, যা সুবিধাজনক সময়ে হবে।

আজ বিকেলে, রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে, প্রধানমন্ত্রী এই আমন্ত্রণ জানালেন, বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এসময়, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সফরের জন্য তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান।

হাকান ফিদান প্রধানমন্ত্রীর কাছে প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের শুভেচ্ছা জানিয়ে বলেন, তাঁর এই সফর বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ককে কৌশলগত পর্যায়ে উন্নীত করার একটি প্রথম পদক্ষেপ।

এই লক্ষ্যে, উভয় পক্ষ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বার্ষিক ফরেন অফিস কনসালটেশন আয়োজনের বিষয়ে একমত হয়েছে।

এ ছাড়াও, দুই দেশের পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীদের অংশগ্রহণে প্রতিবছর ‘টু প্লাস টু’ (২+২) পরামর্শ বৈঠক আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এভাবে, রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর অধীনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অংশগ্রহণে একটি পরামর্শ কাঠামো বা কমিটি গঠন করা হবে।

এ বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের সার্বিক বিষয়সমূহ পর্যালোচনা করা হয়। বিশেষভাবে রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, বাণিজ্য ও বিনিয়োগ, যৌথ উৎপাদন ও সহযোগিতা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%