বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং
০৪:৩৩ পি.এম
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের তিন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এই তথ্য বুধবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. সালাউদ্দিনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়।
সাময়িকভাবে বহিষ্কৃত শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন–গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের দ্বিতীয় বর্ষের ছাত্র কাজী রিয়াজুস ছলেহীন, এস এম তৌফিক আলম এবং মো. মুশফিক উল ইসলাম।
বিজ্ঞপ্তি ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গতকাল (বুধবার) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক দপ্তরের নিয়মিত টহল কার্যক্রমের সময় ৪ নম্বর একাডেমিক ভবনে ওই তিন শিক্ষার্থীকে আটক করা হয়। তাদের তল্লাশি করার পর মাদকদ্রব্য (গাঁজা) পাওয়া যায় বলে দাবি করেছেন ছাত্রবিষয়ক পরিচালক দপ্তরের সদস্যরা। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শৃঙ্খলা অধ্যাদেশের ৬(খ) ও ২৪ ধারা অনুযায়ী তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ বিষয়ে তদন্তের জন্য ৩ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে, যার আহ্বায়ক হলেন সহকারী ছাত্রবিষয়ক পরিচালক এহসান মজিদ মোস্তফা। কর্তৃপক্ষ ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন চেয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. সালাউদ্দিন মন্তব্য করেন, ‘নিয়মিত টহল কার্যক্রমের সময় তিন শিক্ষার্থীকে আটক করা হয়েছে এবং তাদের সঙ্গে মাদকদ্রব্য পাওয়া গেছে। আমরা তদন্ত কমিটি গঠন করেছি এবং পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পর শৃঙ্খলা কমিটি বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ এশিয়ান গেমসের সেমিফাইনালে হেরে বিদায় নিয়েছে। নাগোয়ায় অনুষ্ঠিত বৃষ্টিবিঘ্নিত ম্যাচে পাকিস্তান বাংলাদেশকে ৬ উইকেটে পরাজিত করেছে। অধিনায়ক লিটন দাস টস হারানো, উইকেট সম্পর্কে ধারণার অভাব এবং মিডল ওভারে বোলারদের খরুচে বোলিংকে পরাজয়ের জন্য দায়ী করেছেন।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে লিটন উল্লেখ করেন, "টানা বৃষ্টির কারণে আমরা বেশ কয়েক দিন ধরে রুমের ভেতর বসে ছিলাম। উইকেটে অনুশীলন করার বা অন্য কোনো ম্যাচ দেখার সুযোগ আমাদের হয়নি। ফলে প্রথম কয়েক ওভার পিচের আচরণ সম্পর্কে আমাদের কোনো ধারণাই ছিল না, যা ব্যাটিংয়ে ধীরগতির শুরুর অন্যতম কারণ।"
বোলিং ইনিংসের বিষয়ে হতাশা প্রকাশ করে অধিনায়ক বলেন, "শুরুতে আমরা উইকেট নিয়ে চাপ তৈরি করতে পেরেছিলাম। কিন্তু মিডল ওভারগুলোতে আমাদের বোলাররা বেশি ছক্কা ও বাউন্ডারি হজম করে ফেলেছে। মাঝের ওভারগুলোতে যদি আমরা আরেকটু নিয়ন্ত্রিত বোলিং করতে পারতাম, তবে ম্যাচের ফল ভিন্ন হতে পারত।"
ম্যাচে ২ ওভারে ৪১ রান দিয়ে বসেন দলের সবচেয়ে অভিজ্ঞ পেসার মোস্তাফিজুর রহমান। তার এমন পারফরম্যান্সের পরেও কাটার মাস্টারের পাশে দাঁড়িয়েছেন লিটন। তিনি স্পষ্ট জানান, "বোলিংয়ের অনেক বিকল্প ছিল, তবে অভিজ্ঞতার বিচারে মোস্তাফিজই ওই পরিস্থিতির জন্য সেরা বিকল্প ছিল। আজ সে ৩টি উইকেট পেলে হয়তো এই প্রশ্ন উঠত না।"
২০২৩ সালে সর্বশেষ হাংজু এশিয়ান গেমসে বাংলাদেশ ব্রোঞ্জ পদক অর্জন করেছিল। এবার পদকের রং বদলানোর সুযোগ ছিল, কিন্তু তা সফল হয়নি। এবারও অন্তত সেই একই পদকের লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলংকা।
২০১০ সালে পুরুষ ক্রিকেট দল স্বর্ণপদক পেয়েছিল। এশিয়াডে এটি লাল-সবুজের সেরা অর্জন। এরপর বাংলাদেশের ক্রিকেট অনেক এগিয়ে গেছে। কিন্তু ২০২৬ সালে এসেও সেই স্বর্ণ পুনরুদ্ধার করা হয়নি। ব্রোঞ্জেই আমরা আটকে আছি।
লিটন এ সম্পর্কে বলেন, "বিষয়টা সত্যি হতাশার। আমাদের অবশ্যই সোনা পেতে হবে। আমরা সেই চেষ্টাই করেছি, তবে এবারও হয়নি। আবার ভবিষ্যতে কোনো না কোনো টিম আসবে, তারা চেষ্টা করবে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা ইন্দোনেশিয়ার বালিতে দুর্ঘটনার শিকার হয়েছেন। কাজের উদ্দেশ্যে সেখানে গিয়ে আহত হওয়ার পর তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন অভিনেত্রী।
জানা গেছে, নুসরাত কাজের একটি দায়িত্ব পালন করতে বালিতে গিয়েছিলেন। সেখানেই দুর্ঘটনার পর তিনি আহত হন। চিকিৎসার কারণে তার বালিতে অবস্থানের সময় বাড়ানো হয়েছে। তবে দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে এবং তার আঘাতের প্রকৃতি সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি। তার বর্তমান শারীরিক অবস্থার বিষয়েও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
দুর্ঘটনার প্রায় এক সপ্তাহ আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে নুসরাত বালির কিছু ছবি শেয়ার করেছিলেন। কাজের পাশাপাশি সেখানে সময় কাটানোর মুহূর্তও দেখা গিয়েছিল সেসব ছবিতে।
এদিকে, কাজের দিক থেকে নুসরাত ব্যস্ত সময় পার করছেন। টাইগার শ্রফ অভিনীত একটি নতুন সিনেমায় যুক্ত হয়েছেন তিনি। সিনেমাটিতে প্রথমবারের মতো টাইগারের সঙ্গে জুটি বাঁধছেন নুসরাত। পাস্মিনা রোশন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও এলভিশ যাদবও সিনেমাটিতে অভিনয় করছেন বলে জানা গেছে।
নুসরাতকে সর্বশেষ সোহম শাহর সঙ্গে ‘উফফ ইয়ে সিয়াপ্পা’ সিনেমায় দেখা গেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
উয়েফা নেশনস লিগের একটি গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সুইডেন বড়সড় ধাক্কা খেয়েছে বসনিয়া ও হার্জেগোভিনার বিরুদ্ধে। দলের মধ্যে হঠাৎ করে ‘অসুস্থতার ঢেউ’ ছড়িয়ে পড়ার কারণে পাঁচজন গুরুত্বপূর্ণ ফুটবলার ম্যাচ থেকে বাদ পড়েছেন।
শুক্রবার (২ অক্টোবর) বসনিয়ার জেনিৎসা শহরের স্তাদিওন বিলিনো পোলিয়ে-তে লিগ ‘বি’র গ্রুপ ৪-এর এই ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে মাঠের লড়াইয়ের চেয়ে বর্তমানে সুইডেনের কোচ ও মেডিকেল টিম দলের অভ্যন্তরীণ পরিস্থিতি সামাল দিতে বেশি ব্যস্ত রয়েছে।
ইডেন ফুটবল অ্যাসোসিয়েশন জানায়, আক্রান্ত খেলোয়াড়দের মধ্যে ঠাণ্ডাজনিত সমস্যা এবং বমি ভাবসহ নানা উপসর্গ দেখা দিয়েছে। অসুস্থ হওয়া পাঁচজন ফুটবলার হলেন— ব্রাইটনের মিডফিল্ডার ইয়াসিন আয়ায়েরি, সেল্টিকের বেনিয়ামিন নিগ্রেন, গুস্তাফ ল্যাগারবিয়েলকে, এলিয়ট স্ট্রাউড এবং প্যাট্রিক ওয়ালেমার্ক।
দলীয় চিকিৎসক জোনাস ওয়ার্নার এক বিবৃতিতে জানান, ‘আমরা সংক্রমণ আরো ছড়িয়ে পড়া রোধ করতে সব ধরণের প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি এবং যারা অসুস্থ হয়েছেন তাদের শারীরিক অবস্থার ওপর সার্বক্ষণিক নজর রাখছি।’
অসুস্থতার এই ধাক্কার আগে থেকেই ইনজুরি সমস্যায় ভুগছিল সুইডেন। রোমানিয়ার বিপক্ষে ম্যাচে পাওয়া চোটের কারণে দলের তারকা স্ট্রাইকার আলেকজান্ডার ইসাক ইতিমধ্যেই স্কোয়াড ছেড়ে চলে গেছেন। এই জরুরি পরিস্থিতি এবং খেলোয়াড় সংকট মোকাবেলা করতে কোচ গ্রাহাম পটার তড়িঘড়ি করে স্কোয়াডে ডেকে নিয়েছেন এরিক স্মিথকে।
নেশনস লিগের চলতি আসরে দুর্দান্ত ফর্মে রয়েছে সুইডেন। প্রথম দুই ম্যাচের দুটিতেই জয়লাভ করে তারা বর্তমানে টেবিলের শীর্ষে অবস্থান করছে। তবে বসনিয়ার বিপক্ষে তাদের মাটিতে নামার আগে এই আকস্মিক ‘অসুস্থতার হানা’ কোচ গ্রাহাম পটারের গেমপ্ল্যান সম্পূর্ণভাবে ওলটপালট করে দিয়েছে। এখন বিকল্প ফুটবলারদের ওপর ভর করেই শুক্রবার পূর্ণ ৩ পয়েন্টের লক্ষ্যে মাঠে নামতে হবে সুইডিশদের।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ১ অক্টোবর, ২০২৬ : ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস জানায়, ২০২৬ সালের প্রথমার্ধে বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য রেকর্ড ১২.৮ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। যা আগের বছরের একই সময়ের তুলনায় ১০.৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭৭তম বার্ষিকী উপলক্ষে আজ এক বিবৃতিতে দূতাবাস বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো এবং স্বাস্থ্যসেবা খাতে ক্রমবর্ধমান সহযোগিতার বিষয়টি তুলে ধরেছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়, ২০১০ থেকে ২০২৫ সাল পর্যন্ত টানা ১৬ বছর ধরে চীন বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার হিসেবে অবস্থান ধরে রেখেছে।
এতে বলা হয়, তাজা আম ও কাঁঠালসহ বাংলাদেশের বিভিন্ন কৃষি পণ্য চীনা বাজারে প্রবেশের সুযোগ পেয়েছে। পাশাপাশি পেয়ারা ও সুগন্ধি চালের জন্য বাজার সুবিধা নিশ্চিত করার প্রচেষ্টা চলছে।
দূতাবাস জানায়, বাংলাদেশের রপ্তানি সক্ষমতা বৃদ্ধি এবং দ্বিপক্ষীয় বাণিজ্যের কাঠামো উন্নয়নের লক্ষ্যে উভয় দেশ একটি যৌথ কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে।
বিবৃতি অনুযায়ী, ক্রমবর্ধমান বাণিজ্যের পাশাপাশি ২০২৬ সালের জুন পর্যন্ত বাংলাদেশে চীনের পুঞ্জীভূত বিনিয়োগের পরিমাণ প্রায় ৩.৬ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। এতে আরও বলা হয়, ২০২৫ সালে বাংলাদেশে চীনের প্রত্যক্ষ বিনিয়োগ আগের বছরের তুলনায় প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
দূতাবাস জানায়, নতুন সরকার গঠনের পর থেকে চীনের বিনিয়োগকৃত পাঁচটি প্রতিষ্ঠান বাংলাদেশে ১০০ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি বিনিয়োগ করেছে, যার ফলে প্রায় ২০ হাজার কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।
২০২৬ সালের জুলাই মাসে চট্টগ্রামে আনুষ্ঠানিকভাবে ‘চীন অর্থনৈতিক ও শিল্প অঞ্চল’ চালু করা হয়েছে এবং এটি মোট ৫০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের আগ্রহ আকর্ষণ করেছে।
বিবৃতিতে বলা হয়, এই অঞ্চলটি বস্ত্র ও তৈরি পোশাক, যন্ত্রপাতি উৎপাদন, ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি, বায়োমেডিসিন এবং সবুজ শক্তি শিল্পের বিকাশের ওপর গুরুত্ব দিচ্ছে।
অবকাঠামো খাতের সহযোগিতার বিষয়টি তুলে ধরে দূতাবাস পদ্মা সেতুকে একটি বড় প্রকল্প হিসেবে উল্লেখ করে বলেছে চীনা কোম্পানির নির্মিত এই সেতুটি ঢাকার সাথে দক্ষিণ-পশ্চিম বাংলাদেশের ২১টি জেলার সংযোগ স্থাপন করেছে। এই সেতুটি বার্ষিক জিডিপি প্রবৃদ্ধিতে ১.২৩ শতাংশীয় পয়েন্ট অবদান রাখবে এবং দারিদ্র্যের হার ০.৮৪ শতাংশ কমিয়ে আনবে বলে ধারণা করা হচ্ছে।
এতে আরও বলা হয়, চীনা কোম্পানিগুলো কয়লাভিত্তিক, সৌর ও বায়ুবিদ্যুৎ প্রকল্পও বাস্তবায়ন করেছে, যার সম্মিলিত উৎপাদন ক্ষমতা ১ হাজার মেগাওয়াটের বেশি। বর্তমানে চীন-সহায়তাপুষ্ট বেশ কয়েকটি প্রকল্পের নির্মাণকাজ চলছে এর মধ্যে রয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট এবং বাংলাদেশ-চীন মৈত্রী সেতু-৬-এর সংস্কারকাজ।
দূতাবাস জানায়, একটি সাধারণ হাসপাতাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারীদের আবাসিক হল, বাংলাদেশ-চীন মৈত্রী সেতু-৯ এবং একটি জরুরি ব্যবস্থাপনা কেন্দ্রসহ অন্যান্য প্রকল্পের কাজও এগিয়ে চলেছে।
বিবৃতি অনুযায়ী, স্বাস্থ্যসেবা ও মানবিক সহায়তার ক্ষেত্রে চীন সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশকে ৪ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি মূল্যের সহায়তা প্রদান করেছে। এই সহায়তার অন্তর্ভুক্ত ছিল ডেঙ্গু ও কোভিড-১৯ শনাক্তকরণ কিট, ওষুধ, বার্ন চিকিৎসার জন্য ভেন্টিলেটর, রোবোটিক পুনর্বাসন সরঞ্জাম এবং বন্যা-ত্রাণ সামগ্রী।
এতে আরও বলা হয়, চীন ১ হাজার শয্যাবিশিষ্ট একটি জেনারেল হাসপাতাল নির্মাণ এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিট প্রকল্পের কাজেও সহায়তা দিয়েছে।
দূতাবাস জানায়, এই উদ্যোগগুলো প্রয়োজনে বাংলাদেশের প্রতি চীনের সমর্থন এবং বাংলাদেশের জনগণের স্বাস্থ্য ও কল্যাণ সুরক্ষায় দেশটির অবদানেরই প্রতিফলন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ