১০:৩৭ পি.এম
নভেম্বর মাসের শুরুতে স্কুল ও কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীরা টানা তিন দিনের ছুটি পেতে পারেন। আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং ৮ নভেম্বর শ্যামাপূজা উপলক্ষে ছুটি থাকায় এই সুযোগ সৃষ্টি হচ্ছে। ২০২৬ সালের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ছুটির তালিকা অনুযায়ী, ৭ নভেম্বর শনিবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত হবে। পরের দিন, ৮ নভেম্বর রবিবার, হিন্দু সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব শ্যামাপূজা অনুষ্ঠিত হবে।
এর আগে ৬ নভেম্বর শুক্রবার সাপ্তাহিক ছুটি রয়েছে। ফলে শুক্র, শনি এবং রবিবার—এই তিন দিন সরকারি ও বেসরকারি স্কুল-কলেজ এবং সংশ্লিষ্ট কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতেও ছুটির সুযোগ তৈরি হচ্ছে।
তবে বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ছুটির বিষয়টি নির্ভর করবে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ছুটির তালিকা এবং কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছুটির তালিকায় শ্যামাপূজা উপলক্ষে ছুটির তথ্য পাওয়া যায়নি।
আরও পড়ুন: পাবিপ্রবিতে স্বাস্থ্যবিমার অভাবে শিক্ষার্থীদের চিকিৎসা ব্যয়ে ভোগান্তি
অন্যদিকে, কারিগরি ও মাদরাসা শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত ছুটির তালিকায় শ্যামাপূজা উপলক্ষে ছুটির তথ্য না থাকায় মাদরাসার শিক্ষার্থীদের জন্য একই ছুটি প্রযোজ্য হওয়ার বিষয়টি নিশ্চিত নয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন