১০:৪০ এম
জাতীয় পাঠ্যক্রম সমন্বয় কমিটির (এনসিসিসি) সদস্য হিসেবে মনোনীত হয়েছেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহা. হাছানাত আলী। শনিবার (২৪ অক্টোবর) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-১ শাখার উপসচিব রওশন আরা পলির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, রোববার (২৫ অক্টোবর) বিকেল ৩টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের আন্তর্জাতিক সম্মেলন কক্ষে ২০২৭ শিক্ষাবর্ষের চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ‘বাংলাদেশের সংস্কৃতি’ ও ‘খেলাধুলা’ শীর্ষক দুটি পাঠ্যপুস্তক প্রণয়নে শিক্ষাক্রমের সংশ্লিষ্ট অংশের পরিমার্জন অনুমোদনের লক্ষ্যে এনসিসিসির সভা অনুষ্ঠিত হবে। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এমপি। এছাড়া জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির সভাপতি ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জেসমিন নাহারের সভাপতিত্বে প্রতিমন্ত্রী, পরিচালক ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
জাতীয় পাঠ্যক্রম সমন্বয় কমিটির সদস্য হিসেবে মনোনীত হওয়ার প্রতিক্রিয়ায় নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহা. হাছানাত আলী মন্তব্য করেন, এনসিসিসির সদস্য হিসেবে মনোনীত হওয়া আমার জন্য অত্যন্ত সম্মান ও গৌরবের বিষয়। এ মনোনয়ন আমার ওপর অর্পিত একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব ও আস্থার প্রতিফলন। আমি বিশ্বাস করি, সময়োপযোগী, মানসম্মত ও শিক্ষার্থীবান্ধব জাতীয় পাঠ্যক্রম প্রণয়নে সম্মিলিতভাবে কাজ করার সুযোগ পাব। দেশ ও জাতির শিক্ষা উন্নয়নে আমার অভিজ্ঞতা, জ্ঞান ও নিষ্ঠা দিয়ে সর্বোচ্চ অবদান রাখার চেষ্টা করব।
আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন নির্যাতনের সুষ্ঠু তদন্তের দাবি জানালেন ড. মির্জা গালিব
এদিকে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভিসি শিক্ষাক্রম সমন্বয় কমিটির সদস্য হিসেবে মনোনীত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবকসহ জেলার শিক্ষানুরাগী ও সচেতন ব্যক্তিরা আনন্দ প্রকাশ করেছেন। তাঁরা ভিসি প্রফেসর ড. মোহা. হাছানাত আলীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন