ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

প্রধানমন্ত্রীর সফরে গাফিলতি ও দেড় বছর অনুপস্থিতির অভিযোগ জনস্বাস্থ্য মেকানিকের বিরুদ্ধে


প্রধানমন্ত্রীর সফরে গাফিলতি ও দেড় বছর অনুপস্থিতির অভিযোগ জনস্বাস্থ্য মেকানিকের বিরুদ্ধে

প্রধানমন্ত্রীর ত্রিশাল সফরের প্রেক্ষাপটে ভিভিআইপি প্রটোকলের দায়িত্ব পালনে অনুপস্থিত থাকা এবং দেড় বছর ধরে কর্মস্থলে অনুপস্থিতির অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ত্রিশাল উপজেলা কার্যালয়ের মেকানিক মো. আকরামুল ইসলামকে তিন দফা কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

প্রাপ্ত দাপ্তরিক নথি অনুযায়ী, ২০২৬ সালের ১ জুলাই ময়মনসিংহ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয় থেকে আকরামুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়। নোটিশে উল্লেখ করা হয়, ২০২৬ সালের ২৩ মে ত্রিশাল উপজেলায় প্রধানমন্ত্রীর সফরের সময় ভিভিআইপি প্রটোকল এবং উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিস পরিদর্শনের সময় তাঁর দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার বিষয়টি তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ রওশন আলমের নজরে আসে।

নোটিশে অফিসের হাজিরা খাতার উল্লেখ করে বলা হয়, আকরামুল ইসলাম ২০২৫ সালের ৯ এপ্রিল থেকে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর সফরের সময় নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থাসংক্রান্ত দায়িত্ব পালনে তাঁর অনুপস্থিতির বিষয়টিও উল্লেখ করা হয়। এ ঘটনার প্রেক্ষিতে তাকে নোটিশ পাওয়ার সাত কার্যদিবসের মধ্যে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুন: চট্টগ্রামে বিএনপির কর্মসূচিতে বেজে উঠল শেখ হাসিনাকে নিয়ে গান

প্রাপ্ত নথিতে দেখা যায়, ২০২৬ সালের ১৭ সেপ্টেম্বর তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয় থেকে তৃতীয় দফায় কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়। সর্বশেষ নোটিশে সাত কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয় এবং অন্যথায় একতরফা সিদ্ধান্ত গ্রহণের সতর্কতা দেওয়া হয়। তবে তিন দফা নোটিশের পরও আকরামুল ইসলাম কোনো ব্যাখ্যা প্রদান করেননি এবং অফিসেও আসেননি।

আকরামুল ইসলামের বিরুদ্ধে সরকারি চাকরিতে কর্মরত অবস্থায় ঠিকাদারি কার্যক্রমে যুক্ত থাকার অভিযোগও উঠেছে। অভিযোগকারীর দাবি, তিনি ঘনিষ্ঠজনদের মাধ্যমে বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজের সঙ্গে জড়িত রয়েছেন। এ ছাড়া মেসার্স দোয়েল হেলথ ওয়াটার অ্যান্ড স্যানিটেশন-এর মালিক এবিএম সামছুন্নবী তুলিপের মাধ্যমে তাঁর ঠিকাদারি কার্যক্রম পরিচালিত হচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে। তার আপন শ্যালক নজরুল ইসলাম কাজলের নামে লাইসেন্স দিয়ে ২০২৩-২৪ অর্থ-বছরের আংশিক কাজ করেই টু পিন ল্যাট্রিন নির্মাণে ত্রিশাল উপজেলায় ১২টি ইউনিয়নের ৯ কোটি ৮২ লক্ষ টাকার বিল উত্তোলন করেছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগসাজশে। তবে এখন পর্যন্ত এসব কাজের ৫০% কাজও সম্পন্ন হয়নি।

আকরামুল ইসলামের বিরুদ্ধে গবাদিপশু পালন, মাছ চাষ, জমি ক্রয় ও লিজ গ্রহণসহ বিভিন্নভাবে সম্পদ অর্জনের অভিযোগও উঠেছে। অভিযোগকারী এসব সম্পদের অর্থের উৎস অনুসন্ধানের দাবি জানিয়েছেন। এছাড়াও একটি মাদ্রাসার নামে তাঁর বাড়িতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অর্থে টাইলসসহ বাথরুম নির্মাণের অভিযোগ রয়েছে।

তবে অভিযুক্ত জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ত্রিশাল উপজেলা কার্যালয়ের মেকানিক মো. আকরামুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

আরও পড়ুন: বীরগঞ্জে ৬ চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর আটক

প্রতিবেদন তৈরির সময় পর্যন্ত জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, ময়মনসিংহ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ রওশন আলম বলেন, "তৃতীয় চিঠির ব্যাপারে আমার জানা নেই। দেখতে হবে।"

অথচ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, ময়মনসিংহ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ রওশন আলমের সাক্ষরিত তৃতীয় দফার চিঠি দৈনিক ইনকিলাবের প্রতিবেদকের কাছে সংরক্ষিত রয়েছে।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের সময়ে ত্রিশালের সাবেক সংসদ সদস্য হাফেজ রুহুল আমিন মাদানীর ঘনিষ্ঠ পরিচয় এবং তৎকালীন উপজেলা চেয়ারম্যান আব্দুল মতিন সরকারের ভাতিজা পরিচয় ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তার করতেন আকরামুল ইসলাম। স্থানীয়ভাবে তিনি ‘নানা-নাতি’ পরিচয়েও পরিচিত ছিলেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগকারীর দাবি, ৫ আগস্ট ২০২৪-এর রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে তিনি কর্মস্থলে অনুপস্থিত ও আত্মগোপনে রয়েছেন। তবে ৫ই আগস্টের পর থেকে তিনি পলাতক থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কেন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না, এই প্রশ্ন টক অব দা ত্রিশাল।

আরও পড়ুন: ড্রাইভিং লাইসেন্স নিয়ে বড় সুখবর দিল বিআরটিএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চলে গেলেন ‘কাঁচের পৃথিবী’ পরিচালক অমল রায় ঘটক

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪৮ পি.এম


চলে গেলেন ‘কাঁচের পৃথিবী’ পরিচালক অমল রায় ঘটক

নব্বইয়ের দশকে বাংলা চলচ্চিত্রে নিজস্ব নির্মাণশৈলী ও গল্প বলার ভিন্নধর্মী দৃষ্টিভঙ্গি নিয়ে পরিচিতি অর্জন করেছিলেন পরিচালক ও চিত্রনাট্যকার অমল রায় ঘটক। তার নির্মিত বেশ কিছু সিনেমা সে সময় দর্শকদের প্রশংসা অর্জন করেছিল। সেই নির্মাতা আর আমাদের মধ্যে নেই। ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে শনিবার দুপুরে তিনি মারা গেছেন। তার মৃত্যুর খবর জানিয়েছেন ভাই ও বাচিকশিল্পী অলোক রায় ঘটক।

অমল রায় ঘটক দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। সম্প্রতি তার কেমোথেরাপি প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছিল। চিকিৎসায় সাড়া দিয়ে কিছুটা সুস্থও হয়ে উঠছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানতে হলো এই নির্মাতাকে।

নব্বইয়ের দশকে বাংলা বাণিজ্যিক সিনেমায় যখন অ্যাকশনধর্মী ছবির আধিপত্য ছিল, তখন ভিন্নধর্মী বিষয়বস্তু ও মননশীল গল্প নিয়ে কাজ করেছেন অমল রায় ঘটক। তার সিনেমায় পরিচিত তারকাদের পাশাপাশি টেলিভিশনের অভিনেতারাও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছেন।

তার পরিচালিত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে ‘উজান’। এই ছবিতে অভিনয় করেছিলেন সুপ্রিয়া দেবী, রূপা গাঙ্গুলি ও দোলন রায়। লাবণী সরকার ও ইন্দ্রাণী হালদার অভিনীত ‘কাঁচের পৃথিবী’ও তার অন্যতম জনপ্রিয় কাজ। এছাড়া তাপস পাল ও ইন্দ্রাণী হালদার অভিনীত ‘দেবর’ এবং রঞ্জিত মল্লিক, রিনা চৌধুরী ও চুমকি চৌধুরী অভিনীত ‘শ্রীমান ভূতনাথ’ তার পরিচালিত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে পড়ে।

শুধু পরিচালক হিসেবেই নয়, চিত্রনাট্যকার হিসেবেও বাংলা চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন অমল রায় ঘটক। সৌমিত্র চট্টোপাধ্যায় ও রূপা গাঙ্গুলি অভিনীত ‘মানসী’ ছবির চিত্রনাট্যের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। মুনমুন সেন, ভিক্টর বন্দ্যোপাধ্যায়, তাপস পাল, সুমিত্রা মুখোপাধ্যায়, স্মিতা ও কালী বন্দ্যোপাধ্যায় অভিনীত ‘ব্যবধান’ ছবির চিত্রনাট্যও তার লেখা। ছবিটির ‘কত না ভাগ্যে আমার এ জীবন পুণ্য হল’ গানটি আশা ভোঁসলের কণ্ঠে শ্রোতাদের কাছে জনপ্রিয়তা অর্জন করেছিল।

নব্বইয়ের দশকে পশ্চিমবঙ্গের বাণিজ্যিক চলচ্চিত্রে নিজস্ব ধারার নির্মাতা হিসেবে অমল রায় ঘটক জায়গা করে নিয়েছিলেন। পরিচালনা ও চিত্রনাট্যের মাধ্যমে বাংলা সিনেমায় তিনি রেখে গেছেন স্বতন্ত্র কাজের স্বাক্ষর। তার মৃত্যুতে পশ্চিমবঙ্গের চলচ্চিত্র অঙ্গনে শোকের আবহ তৈরি হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৪ দিন ধরে নিখোঁজ সপ্তম শ্রেণির ছাত্র রোহান, পরিবার উদ্বিগ্ন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪৮ পি.এম


৪ দিন ধরে নিখোঁজ সপ্তম শ্রেণির ছাত্র রোহান, পরিবার উদ্বিগ্ন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের দশদোনা এলাকা থেকে নিখোঁজ হয়েছে রোহান (১৩) নামের সপ্তম শ্রেণির এক ছাত্র। তার ভাই মো. রাকিব সোনারগাঁ থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ করেছেন।

রোহান ৩ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৬টার পর অভিমান করে বাসা থেকে বের হয়ে যায়। এরপর থেকে তার whereabouts সম্পর্কে কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় তার পরিবার উদ্বিগ্ন হয়ে পড়েছে।

রোহান শম্ভুপুরা ইউনিয়নের সাত গ্রামের দশদোনা নয়াগাঁও এলাকার বাসিন্দা রমজান আলীর ছেলে। সে হোসেনপুর এস.পি. ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

পরিবারের সূত্রে জানা যায়, ৩ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর রোহান আর ফিরে আসেনি। এরপর তার পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে এবং আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেছেন, কিন্তু তার কোনো সন্ধান পাননি। নিখোঁজ হওয়ার সময় রোহানের পরনে ছিল আকাশি নীল রঙের টি-শার্ট ও কালো প্যান্ট।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারী মাঝিরা নৌকাবাইচে বাজনার তালে বৈঠা চালাচ্ছেন

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪৯ পি.এম


নারী মাঝিরা নৌকাবাইচে বাজনার তালে বৈঠা চালাচ্ছেন

ঢাকঢোলের বাদ্য বাজছে। সেই সুরের তালে বৈঠা চালাচ্ছেন একদল নারী। সবার পরনে হলুদ শাড়ি। নৌকার এক প্রান্ত থেকে ভেসে আসছে অষ্টক গান, অন্য প্রান্তে নারী মাঝিদের উচ্ছ্বাস। বৈঠার ছন্দে কাজলা নদীর বুক চিরে এগিয়ে চলেছে নৌকাগুলো। এই ব্যতিক্রমী নৌকাবাইচ দেখতে নদীর দুই পাড়ে ভিড় করেছেন হাজারো মানুষ।

শনিবার (৭ নভেম্বর) বিকেলে নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের এগারোখান এলাকায় কাজলা নদীতে এ নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। দুপুর গড়ানোর সঙ্গে সঙ্গে নদীর দুই পাড়ে দর্শনার্থীদের ভিড় ক্রমশ বাড়তে থাকে।

যশোর জেলার সীমান্তবর্তী এলাকা হওয়ায় প্রতিবেশী জেলা থেকেও অনেকে আসেন নৌকাবাইচ দেখতে। দর্শনার্থীদের উপস্থিতিতে নদীর দুই পাড় হয়ে ওঠে উৎসবমুখর।

পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে নারীদের এই ব্যতিক্রম নৌকা বাইচ দেখতে যশোর থেকে এসেছেন সুমি ভৌমিক। তিনি বলেন, ‘ইতোপূর্বে অনেক নৌকা বাইচ দেখেছি। এক সময় সুলতান মেলায় চিত্রা নদীতে নৌকা বাইচ দেখতে যেতাম। বাড়ির কাছাকাছি নৌকা বাইচ হওয়ায় পরিবার সঙ্গে নিয়ে এসেছি। বেশ ভালোই লাগছে। নারীদের অংশগ্রহণে এমন নৌকা বাইচ আগে কখনও দেখিনি। প্রতিবছর এ কাজলা নদীতে বাইচ অনুষ্ঠিত হোক আয়োজকদের কাছে এটাই দাবি।’

নৌকাবাইচ ঘিরে নদীর পাড়ে বসেছে হরেক রকমের দোকান। ঢাকঢোলের শব্দ, গান আর দর্শনার্থীদের উচ্ছ্বাসে পুরো এলাকায় উৎসবের আমেজ তৈরি হয়।

বাঁশ ও বেতের চালুনি, ঝুড়ি ও থামা নিয়ে নদীর কূলে পসরা সাজিয়ে বসেছেন ষাটোর্ধ নারী রুমি রানি। তিনি বলেন, ‘থামা, কুলা ও ডালা বিক্রি করি। অনেকেই কিনে নিচ্ছেন।

শনিবার বিকেল চারটায় প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার।

আয়োজক সূত্রে জানা যায়, বাংলাদেশ পর্যটন করপোরেশনের আয়োজনে এবং অলকাপুরী সাংস্কৃতিক কেন্দ্রের বাস্তবায়নে দুই দিনব্যাপী ‘জাতীয় নারী নৌকাবাইচ, সাংস্কৃতিক উৎসব ও ফ্রি হেলথ ক্যাম্প-২০২৬’-এর অংশ হিসেবে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। ১৬টি মতুয়া নারী দলের অংশগ্রহণে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

দুই দিনব্যাপী অনুষ্ঠানের (শুক্রবার) উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান, জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান আলেক, অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক মো. গনী উল আজম, নড়াইলের সিভিল সার্জন ডা. আব্দুর রশিদ ও অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী।

অনুষ্ঠানের আয়োজক, বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক মো. গনী উল আজম বলেন, নড়াইলের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও পর্যটন সম্ভাবনাকে দেশি-বিদেশি পর্যটকদের কাছে তুলে ধরাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। পাশাপাশি লোকজ সংস্কৃতি সংরক্ষণ, নারীদের অংশগ্রহণ ও ক্ষমতায়ন বাড়ানো এবং গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিকত করাও উৎসবের লক্ষ্য।

তিনি আরো বলেন, নারীদের অংশগ্রহণে এ ধরনের নৌকাবাইচ নড়াইলের লোকজ ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি স্থানীয় পর্যটন বিকাশ ও গ্রামীণ সংস্কৃতি সংরক্ষণে ভূমিকা রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফটিকছড়িতে পুলিশকে ফাঁকি দিয়ে হ্যান্ডকাফসহ মাদক কারবারির পলায়ন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪৯ পি.এম


ফটিকছড়িতে পুলিশকে ফাঁকি দিয়ে হ্যান্ডকাফসহ মাদক কারবারির পলায়ন

চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের নজর এড়িয়ে হ্যান্ডকাফ পরা অবস্থায় এক মাদক কারবারি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার জাফতনগর পুলিশ ফাঁড়িতে এই ঘটনা ঘটে।

পালিয়ে যাওয়া ব্যক্তির নাম ইয়াসিন, যিনি মোহাম্মদ ইউনুছের পুত্র বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাফতনগর ইউনিয়নের মোহাম্মদ ফকিরহাট সংলগ্ন আমির আলী সওদাগর বাড়ির নিজ ঘর থেকে চার গ্যালন মদসহ ইয়াসিনকে আটক করে জাফতনগর পুলিশ ফাঁড়ির সদস্যরা। পরে তাকে ফাঁড়িতে নিয়ে আসা হয়।

সেখানে অবস্থানকালে ইয়াসিন প্রস্রাব করার কথা বলে হ্যান্ডকাফ পরা অবস্থায় বাইরে বের হন। একপর্যায়ে পুলিশের নজর এড়িয়ে তিনি হ্যান্ডকাফসহ পালিয়ে যান। এই ঘটনায় ফাঁড়ির পুলিশ সদস্যদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে তাকে পুনরায় আটক করতে অভিযান শুরু করে পুলিশ।

এ বিষয়ে জানতে জাফতনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) পরিমলের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। পরবর্তীতে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হলেও কোনো উত্তর পাওয়া যায়নি।

তবে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মদসহ একজন আসামিকে আটক করা হয়েছিল। প্রস্রাব করার কথা বলে সে পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। যেকোনোভাবে তাকে আটক করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%