ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

ইরানের সঙ্গে আলোচনায় ‘অনেক অগ্রগতি’ হয়েছে: প্রেসিডেন্ট ট্রাম্প


ইরানের সঙ্গে আলোচনায় ‘অনেক অগ্রগতি’ হয়েছে: প্রেসিডেন্ট ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, ইরানের সঙ্গে আলোচনায় অনেক অগ্রগতি হয়েছে। তিনি জানান, তেহরান একটি চুক্তিতে পৌঁছানোর জন্য আগ্রহী।

শুক্রবার (৬ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, "আমরা এখন তাদের সঙ্গে আলোচনা করছি। তারা একটি চুক্তি করতে চায়।"

তিনি আরও উল্লেখ করেন, "ইরানের সঙ্গে আলোচনায় আমরা অনেক অগ্রগতি অর্জন করেছি।" তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

আরও পড়ুন: বৈশ্বিক সংকটে ৪ কোটি মানুষের চরম দারিদ্র্যের ঝুঁকি

ট্রাম্প ইরানের সঙ্গে চলমান সংঘাতকে যুদ্ধ হিসেবে অভিহিত করতে রাজি নন। বরং তিনি তেহরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পদক্ষেপগুলোকে সামরিক ইতিহাসের সবচেয়ে বড় অবরোধ হিসেবে উল্লেখ করেন।

ট্রাম্প বলেন, "আমরা যুদ্ধ করছি না।" তিনি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সঙ্গে পরিস্থিতির তুলনা করে দাবি করেন যে, গত সাত মাসে কোনো মার্কিন সেনা নিহত হননি। তবে তিনি স্বীকার করেন যে, ইরানের সামরিক সরঞ্জামের ওপর মার্কিন বাহিনী সীমিত আকারে হামলা চালিয়েছে।

ট্রাম্প বলেন, "তারা একটি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা তৈরি করেছিল। আমরা সেটি পাঁচ থেকে ১৫ মিনিটের মধ্যে ধ্বংস করে দিয়েছি।" তবে তিনি কখন বা কোথায় এই হামলা চালানো হয়েছে তা নির্দিষ্ট করে জানাননি।

এছাড়া, তিনি দাবি করেন যে, ইরানের নৌবাহিনী ধ্বংস হয়ে গেছে এবং দেশটির মূল্যস্ফীতির হার ৩০০ শতাংশে পৌঁছেছে।

আরও পড়ুন: কট্টরপন্থী মিলারকে চিফ অফ স্টাফ পদে নিয়োগ, ডেমোক্র্যাটদের সঙ্গে কোনো আপসে না যাওয়ার বার্তা ট্রাম্পের

সূত্র: আল জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্পের ২৫০ ফুটের বিজয় তোরণ নির্মাণের পরিকল্পনা, আদালত স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৪ এম


ট্রাম্পের ২৫০ ফুটের বিজয় তোরণ নির্মাণের পরিকল্পনা, আদালত স্থগিত

যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাস ও ঐতিহ্যের প্রতীক হিসেবে ওয়াশিংটনে ২৫০ ফুট উচ্চতার একটি বিশাল তোরণ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রকল্পটির নামকরণ করা হয়েছে ‘সামরিক বিজয় তোরণ’ এবং নতুন নকশা প্রকাশ করা হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) হোয়াইট হাউস থেকে প্রকাশিত নকশায় দেখা যায়, পাথরের তৈরি তোরণের শীর্ষে সোনালি রঙের ডানাওয়ালা তিনটি নারীমূর্তি থাকবে। তোরণের নিচে লেখা থাকবে ‘আমেরিকার স্বর্ণযুগ’। এই তোরণটি আর্লিংটন জাতীয় সমাধিক্ষেত্রের প্রবেশপথের নিকটে নির্মাণের পরিকল্পনা রয়েছে।

তবে, মার্কিন আদালত আপাতত প্রকল্পটির নির্মাণকাজ স্থগিত রেখেছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) এক বিচারক ১৪ দিনের নিষেধাজ্ঞা জারি করেছেন। আদালতের পর্যবেক্ষণে উল্লেখ করা হয়েছে, নির্মাণকাজের ফলে যান চলাচলে বিঘ্ন, শব্দদূষণ এবং ব্যাপক পরিসরে মাটি খননের মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

এদিকে, ভার্জিনিয়া ও ওয়াশিংটন ডিসির অ্যাটর্নি জেনারেলরা প্রকল্পটির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। তাদের উদ্বেগ, তোরণটি রাজধানীর ঐতিহাসিক সৌন্দর্য এবং আশপাশের গুরুত্বপূর্ণ স্থাপনার দৃশ্যপটকে ক্ষতিগ্রস্ত করবে। বিমানবন্দরের নিকটবর্তী অবস্থানের কারণে উড়োজাহাজ চলাচলের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। তবে, গত সেপ্টেম্বরে দেশটির ফেডারেল বিমান চলাচল কর্তৃপক্ষ প্রকল্পটির অনুমোদন দিয়েছিল।

ট্রাম্প প্রশাসনের দাবি, এক শতাব্দীরও বেশি আগে কংগ্রেস এই তোরণ নির্মাণের অনুমোদন দিয়েছিল। মার্কিন স্বরাষ্ট্র বিভাগের নথি অনুযায়ী, প্রকল্পটি বাস্তবায়নে দুই থেকে তিন বছরের সময় লাগবে।

সূত্র: রয়টার্স

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাজশাহী মহানগর বিএনপির জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচির উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী রাজশাহী

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৫ এম


জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাজশাহী মহানগর বিএনপির জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচির উদ্বোধন
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং পায়রা ও বেলুন-ফেস্টুন উড়িয়ে দিবসের কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়েছে। 
 
শনিবার (৭ নভেম্বর) সকালে রাজশাহী মহানগর বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী মিজানুর রহমান মিনু, এমপি।
 
এতে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ। সঞ্চালনা করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন।
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল।
 
এ সময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, মুক্তার হোসেন ও জয়নাল আবেদীন শিবলী, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু, থানা বিএনপির নেতৃবৃন্দ এবং মহানগর বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।#

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের কেশম দ্বীপে হামলা চালানোর কথা স্বীকার করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৫ এম


ইরানের কেশম দ্বীপে হামলা চালানোর কথা স্বীকার করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ইরানের কেশম দ্বীপে নতুন করে হামলা চালানোর কথা স্বীকার করেছেন।

শুক্রবার তিনি জানান, মার্কিন বাহিনী দ্বীপটিতে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় সীমিত হামলা করেছে। একই সঙ্গে তিনি দাবি করেন, তেহরানের সঙ্গে আলোচনায় ‘অনেক অগ্রগতি’ হয়েছে।

ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, “আমরা ছোটখাটো হামলা চালাই। তারা একটি ছোট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছিল। আমরা সেটি প্রায় ১৫ মিনিটে, হয়তো পাঁচ মিনিটেই ধ্বংস করে দিয়েছি।”

হরমুজ প্রণালিতে অবস্থিত কেশম দ্বীপে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর প্রকাশের পর ট্রাম্প এ কথা বলেন। এর আগে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছিল, দ্বীপের সুজা এলাকায় দুটি ক্ষেপণাস্ত্র আঘাত করেছে। হরমুজ প্রণালি বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথগুলোর একটি, যেখানে বিপুল পরিমাণ তেল পরিবহন করা হয়।

এদিকে, ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি দেশটির সেনাবাহিনীর একটি বিবৃতি প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়েছে, কেশম দ্বীপের আকাশে একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন শনাক্ত করে তা প্রতিহত ও ধ্বংস করেছে ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী।

দ্বীপটিতে বিস্ফোরণের খবর প্রকাশের পর যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছিল, কেশম দ্বীপের আশপাশের পরিস্থিতি ‘মোটামুটি শান্ত’। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অভিযান পরিচালনার দায়িত্বে থাকা এই কমান্ডের এক কর্মকর্তা আলজাজিরাকে বলেন, তারা বিস্ফোরণের খবর সম্পর্কে অবগত আছেন। তবে এ বিষয়ে আর কোনো মন্তব্য করেননি তিনি।

শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সেন্টকম আরো জানায়, ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে তথ্য দিলে সর্বোচ্চ ২ কোটি ডলার পুরস্কার দেওয়া হবে। পাশাপাশি তথ্যদাতাকে অন্যত্র সরিয়ে নেওয়ার সুযোগও দেওয়া হতে পারে। যুক্তরাষ্ট্র পারমাণবিক কর্মসূচির স্থাপনা, সরঞ্জাম ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে তথ্যের পাশাপাশি এসবের যেকোনো একটির স্থানান্তর সম্পর্কেও তথ্য চেয়েছে। বিজ্ঞানীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্যও এর আওতায় রয়েছে।

এর আগে সোমবার কেশম দ্বীপে একাধিক বিস্ফোরণের খবর দিয়েছিল ইরানের সংবাদমাধ্যম। একই দিন যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমগুলো জানায়, হরমুজ প্রণালিতে মার্কিন সামরিক বাহিনী ‘প্রতিরক্ষামূলক হামলা’ চালিয়েছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।

ট্রাম্প সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কয়েকবার দাবি করেন, তার প্রশাসন তেহরানের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, “আমরা এখন তাদের সঙ্গে আলোচনা করছি। তারা একটি চুক্তি করতে চায়।”

ট্রাম্পের ভাষ্য, ইরানের সঙ্গে আলোচনায় অনেক অগ্রগতি হয়েছে। তবে কী বিষয়ে অগ্রগতি হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনা ব্যর্থ হয়েছে—এমন খবর প্রত্যাখ্যান করেছে কাতার। শনিবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, আলোচনা ব্যর্থ হওয়ার বিষয়ে প্রচারিত খবর ভিত্তিহীন। এ ধরনের দাবি শুধু তাদেরই লাভবান করে, যারা যুদ্ধ দীর্ঘায়িত করতে এবং অঞ্চলকে অস্থিতিশীল করতে চায়।

যুক্তরাষ্ট্রে মঙ্গলবার অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের রিপাবলিকান পার্টি বড় ধাক্কা খাওয়ার পর শুক্রবারই ইরানে প্রথম হামলা চালানোর খবর পাওয়া গেল। নির্বাচনের ফলাফলের জন্য ইরান যুদ্ধকে দায়ী করেছিলেন ট্রাম্প।

মধ্যবর্তী নির্বাচনের পর থেকে ইরান নিয়ে ট্রাম্পের বক্তব্যে একধরনের পরিবর্তন দেখা যাচ্ছে। কখনো তিনি তেহরানকে নতুন করে হামলার হুমকি দিচ্ছেন, আবার কখনো যুদ্ধের অবসান কাছাকাছি বলে ইঙ্গিত দিচ্ছেন। বৃহস্পতিবার তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে ইরানের বাকি অংশ ‘ধ্বংস’ করতে হতে পারে। এ বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হবে, তা ‘শিগগিরই’ জানা যাবে বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে বুধবার নাম প্রকাশ না করা পেন্টাগনের কর্মকর্তা ও সামরিক কমান্ডাররা নিউইয়র্ক টাইমসকে জানান, ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান আবার শুরু করার জন্য মার্কিন বাহিনী প্রস্তুত রয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্য ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটি এবং এক ডজনের বেশি যুদ্ধজাহাজে হাজার হাজার মার্কিন সেনা, বিমান ও নৌবাহিনীর সদস্য প্রস্তুত আছেন। প্রেসিডেন্ট ট্রাম্প নির্দেশ দিলেই তাঁরা বড় ধরনের সামরিক অভিযান শুরু করতে পারবেন।

ট্রাম্পের পক্ষ থেকে ইরানে পূর্ণমাত্রার হামলা আবার শুরুর সম্ভাবনার ইঙ্গিত আসার পর তেহরানও কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে।

এএম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ ৬ ঘণ্টা টোলমুক্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৬ এম


আজ ৬ ঘণ্টা টোলমুক্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ শনিবার (৭ নভেম্বর) ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোলমুক্ত থাকবে ছয় ঘণ্টার জন্য। অনুমোদিত সব যানবাহন সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত টোল ছাড়াই চলাচল করতে পারবে। এরপর পূর্বের নিয়ম অনুযায়ী টোল আদায় শুরু হবে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দিবসটি উপলক্ষে সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক্সপ্রেসওয়ে ব্যবহারকারী যানবাহনের কাছ থেকে কোনো টোল নেওয়া হবে না।

বর্তমানে এক্সপ্রেসওয়ের টোল যানবাহনের শ্রেণি অনুযায়ী নির্ধারিত রয়েছে। এর মধ্যে কার, ট্যাক্সি, এসইউভি, ১৬ আসনের কম মাইক্রোবাস ও তিন টনের কম ওজনের হালকা ট্রাকের জন্য টোল ৮০ টাকা। ১৬ আসন বা তার বেশি আসনের বাসের জন্য ১৬০ টাকা, ছয় চাকার মাঝারি ট্রাকের জন্য ৩২০ টাকা এবং ছয় চাকার বেশি ভারী ট্রাকের জন্য ৪০০ টাকা টোল দিতে হয়।

তবে, রিকশা, মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশাসহ দুই ও তিন চাকার যানবাহন এক্সপ্রেসওয়ে চলাচলের জন্য নিষিদ্ধ। টোলমুক্ত সুবিধার সময়েও এসব যানবাহনের জন্য নিষেধাজ্ঞা বহাল থাকবে।

সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) ভিত্তিতে নির্মাণাধীন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মোট দৈর্ঘ্য ১৯ দশমিক ৭৩ কিলোমিটার। ২০২৩ সালের ২ সেপ্টেম্বর বিমানবন্দরসংলগ্ন কাওলা থেকে ফার্মগেটের তেজগাঁও পর্যন্ত অংশ যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। বর্তমানে ওই অংশে যানবাহন চলাচল করছে।

প্রকল্পের পরিকল্পনা অনুযায়ী, কাওলা থেকে তেজগাঁও, মগবাজার ও কমলাপুর হয়ে যাত্রাবাড়ীর কুতুবখালী পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণের কথা রয়েছে। তবে পুরো প্রকল্পের নির্মাণকাজ এখনো শেষ হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%