শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৯:০৮ পি.এম
টাঙ্গাইলের মধুপুরে ধার দেওয়া সাড়ে সাত লাখ টাকা ফেরত না পাওয়াকে কেন্দ্র করে দায়ের করা মামলা তুলে নিতে রাজি না হওয়ায় এক ব্যক্তিকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে মধুপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মোঃ মাজহারুল ইসলাম (৪১) নামের এক ব্যক্তি।
থানা সূত্রে জানা যায়, গত ৮ সেপ্টেম্বর মাজহারুল ইসলাম মধুপুর থানায় জিডিটি করেন। জিডিতে তিনি অভিযোগ করেন, মির্জাবাড়ী ইউনিয়নের পালবাড়ী এলাকার মোছাঃ মলিদা বেগম (৪৫) তাঁর কাছ থেকে ৭ লাখ ৫০ হাজার টাকা ধার নেন। পরে ওই টাকা ফেরত না দিয়ে তাঁকে দিনের পর দিন ঘোরাতে থাকেন মলিদা। একপর্যায়ে তিনি মলিদা বেগমের বিরুদ্ধে আদালতে সিআর মামলা দায়ের করেন। মামলাটির নম্বর ৭৭২/২৬ এবং তারিখ ৮ জুলাই ২০২৬।
জিডিতে মাজহারুল ইসলাম আরও অভিযোগ করেন, মামলার নোটিশ পাওয়ার পর মলিদা বেগমের স্বামী মোঃ আরিফুল ইসলাম (৫০) বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তির মাধ্যমে মামলা তুলে নেওয়ার জন্য তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের হুমকি দিয়ে আসছিলেন।
অভিযোগে বলা হয়, গত ২৮ আগস্ট বিকেলে পালবাড়ী এলাকায় নিজ বাড়ির সামনে মাজহারুল ইসলামকে একা পেয়ে আরিফুল ইসলাম, মলিদা বেগম ও মোঃ মাহবুব আলম (৪০) মামলাটি তুলে নেওয়ার জন্য চাপ দেন। তিনি মামলা প্রত্যাহারে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং মামলা তুলে না নিলে হত্যার হুমকি দেন বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে ভবিষ্যতের জন্য বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করার আবেদন করেন মাজহারুল ইসলাম।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক জিডির বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
টাঙ্গাইলের মধুপুরে একটি বসতঘর থেকে প্রায় ৪ হাজার পিস ইয়াবা উদ্ধারের দাবি করেছে স্থানীয় জনতা। মধুপুর পৌরশহরের টেকিপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় জনতার উপস্থিতি টের পেয়ে কথিত মাদক কারবারি মো. হাফিজুর রহমান পালিয়ে যান বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, টেকিপাড়া এলাকার শুক্কুর আলীর ছেলে মো. হাফিজুর রহমানের বাড়িতে ইয়াবার একটি বড় চালান মজুত রয়েছে—এমন খবর পেয়ে শুক্রবার (১১ সেপ্টম্বর) বিকেলে স্থানীয় কয়েকজন বাসিন্দা তার বাড়ি ঘেরাও করেন। বিষয়টি টের পেয়ে হাফিজুর রহমান দ্রুত সেখান থেকে পালিয়ে যান বলে স্থানীয়দের দাবি।
পরে স্থানীয় লোকজন হাফিজুর রহমানের বসতঘরে তল্লাশি চালিয়ে ইয়াবা দেখতে পান। এ সময় বসতঘর ও আশপাশের এলাকা থেকে মোট প্রায় ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে তাঁরা জানান।
ঘটনার পর স্থানীয়রা বিষয়টি মধুপুর থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করা ইয়াবা জব্দ করে বলে জানা গেছে।
মধুপুর থানা পুলিশ জানায়, ঘটনাটি জানার পর পুলিশ ঘটনাস্থলে যায়। পলাতক হাফিজুর রহমানকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও চলছে।
তবে উদ্ধার করা ইয়াবার সঠিক পরিমাণ এবং ঘটনার সঙ্গে হাফিজুর রহমানের সংশ্লিষ্টতার বিষয়টি তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে বলে পুলিশ জানিয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রামের সন্দ্বীপে মুছাপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আবদুল করিমের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মুছাপুর ইউনিয়ন যুবদল।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার পণ্ডিতের হাট থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি সন্দ্বীপ থানা গেইট হয়ে এনাম নাহার মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সাবেক ছাত্রদল নেতা মিজানুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন উপজেলা যুবদলের সদস্য সচিব এম এ আজিজ, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন বাবুল, সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান ডালিম, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আলমগীর হোসেন ও রহমতপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কাজল প্রমুখ।
বিক্ষোভ মিছিলে কয়েক শতাধিক নারী-পুরুষ অংশ নেন। এ সময় বক্তারা বলেন, মো. আবদুল করিম গত ১৭ বছর ধরে বিএনপির আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় ছিলেন। তাকে দ্রুত মুক্তি দেওয়ার দাবি জানান তারা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল রেস করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে এক তরুণের মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে এক্সপ্রেসওয়ের শিবচর হাইওয়ে থানা সংলগ্ন বাচামারা এলাকায় ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাকিবুল হাসান (১৯) মানিকগঞ্জের ঘিওর উপজেলার বড়টিয়া-মৌহালী এলাকার তরিকুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১০টার দিকে সাকিবুল হাসানসহ তার বন্ধুরা মানিকগঞ্জ থেকে ১১টি মোটরসাইকেলে করে ফরিদপুর হয়ে ভাঙ্গা চৌরাস্তা এলাকায় আসেন। পরে ফরিদপুর থেকে আরও নয়জন বাইকার তাদের সঙ্গে যুক্ত হন। এরপর ভাঙ্গা থেকে পদ্মা সেতু পর্যন্ত মোটরসাইকেল রেস করার সিদ্ধান্ত নেন তারা।
দুপুরে শিবচরের আড়িয়াল খাঁ সেতু পার হওয়ার পর দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর সময় সাকিবুল নিয়ন্ত্রণ হারান। এ সময় তার মোটরসাইকেলটি এক্সপ্রেসওয়ের পাশের রেলিংয়ে সজোরে ধাক্কা খেয়ে দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, দুর্ঘটনার পর সাকিবুলকে রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে রেখেই তার সঙ্গে থাকা অন্য বাইকাররা দ্রুত সেখান থেকে চলে যান।
খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাকিবুলের মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, চলতি বছর ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর বিকেলে) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে ঢাকা-১৭ আসনের অন্তর্ভুক্ত মসজিদ ও মন্দির কর্তৃপক্ষের হাতে অনুদানের চেক প্রদান অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, বিদ্যুৎ ও জ্বালানি সমস্যা সমাধানে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
তিনি উল্লেখ করেন, বিদ্যুত ও জ্বালানি সমস্যা বৈশ্বিক, এবং এর প্রভাব বাংলাদেশেও পড়ছে। সরকার এই সমস্যাগুলো সমাধানের জন্য কাজ করছে। দেশের ১৩০টি গ্যাসকূপ অনুসন্ধানের চেষ্টা করছে বলেও তিনি জানান।
প্রধানমন্ত্রী বলেন, তেল ও বিদ্যুতের মতো গ্যাস নিয়েও কিছু অসাধু ব্যক্তি অবৈধ কাজ করছে। দেশকে এগিয়ে নিতে হলে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যারা অবৈধ কাজ করবে এবং অন্যায় করবে, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। রাষ্ট্রীয় সম্পদ অবৈধভাবে কাউকে নিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হবে না।
তিনি আরও বলেন, বিগত সময়ে রাষ্ট্রের সম্পদ ব্যক্তি স্বার্থে ব্যবহার করা হয়েছে। সরকার সর্বোচ্চ চেষ্টা করছে যাতে রাষ্ট্রীয় সম্পদ কেউ ব্যক্তি স্বার্থে ব্যবহার করতে না পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ