ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

ইশরাকের পদত্যাগ কোনো অধ্যায়ের সমাপ্তি নয়: মাহদী আমিন


ইশরাকের পদত্যাগ কোনো অধ্যায়ের সমাপ্তি নয়: মাহদী আমিন

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ, মন্ত্রিসভা থেকে, কোনো অধ্যায়ের সমাপ্তি নয়। বরং এটি আরো বৃহত্তর রাজনৈতিক দায়িত্ব পালনের সম্ভাবনা উন্মোচন করতে পারে, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

মাহদী আমিন সোমবার (১৯ অক্টোবর) রাতে একটি ফেসবুক পোস্টের মাধ্যমে এই কথা জানান।

পোস্টে মাহদী উল্লেখ করেন, ‘এক সপ্তাহের জন্য পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে বর্তমানে সৌদি আরবে অবস্থান করছি। এখান থেকে জানতে পারলাম, প্রিয় ভাই ও রাজপথের আপসহীন লড়াইয়ের অন্যতম মুখ ইশরাক হোসেন মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন।’

আরও পড়ুন: সাভারের মহিলা মাদ্রাসা পরিদর্শন, কওমি আলেমদের শাস্তি নিশ্চিতে আশ্বাস

তিনি আরও বলেন, ‘ইশরাক হোসেনের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক দীর্ঘদিনের। একসঙ্গে অনেক স্মৃতি ও পথচলা। ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও জুলাই গণ-অভ্যুত্থানের একজন অকুতোভয় যোদ্ধা হিসেবে তার ভূমিকা ও গৌরবোজ্জ্বল পারিবারিক ঐতিহ্য সম্পর্কে আমরা সবাই জানি। পাশাপাশি বিএনপির ইয়ুথ এনগেজমেন্ট, ডিপ্লোমেটিক যোগাযোগ, সোশ্যাল মিডিয়া ও গণমাধ্যম সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়েও একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা আমাদের রয়েছে। জাতীয়তাবাদী আদর্শ ও দেশপ্রেমকে তিনি যেভাবে নিজের বিশ্বাসে ধারণ করেন, তা সত্যিই অনন্য। তার সাম্প্রতিক কাজের পদ্ধতি ও প্রক্রিয়া নিয়ে প্রশ্ন ও মতভিন্নতা থাকতে পারে। তবে যে উদ্যোগকে কেন্দ্র করে এত আলোচনার সৃষ্টি হয়েছে, সেটির লক্ষ্য, নৈতিকতা ও যৌক্তিকতা নিয়ে ন্যূনতম দ্বিধার অবকাশ নেই।’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা লেখেন, ‘প্রতিমন্ত্রীর পদ বা পদত্যাগপত্র দিয়ে ইশরাক হোসেনের রাজনৈতিক পরিচয় কিংবা আত্মত্যাগকে পরিমাপ করা যায় না। সাময়িক যেকোনো সিদ্ধান্তের চেয়ে দল, দেশ ও মানুষের কল্যাণে তার অবদান এবং আন্তরিক অবস্থান অনেক বেশি অর্থবহ।’

তিনি আরও লেখেন, ‘জনগণের সরকারের বার্তা এখানে অনেকটা স্পষ্ট। প্রধানমন্ত্রী তারেক রহমানের আস্থাভাজন, ত্যাগী ও জনপ্রিয় একজন তরুণ নেতার সাহসী ও জনবান্ধব উদ্যোগের বাস্তবায়নেও যদি কোনো বিতর্কের অবকাশ থাকে, সেখানেও জবাবদিহি নিশ্চিত করা হচ্ছে। আমরা বিশ্বাস করি, রাষ্ট্র বিনির্মাণের পথযাত্রায় সামনের দিনগুলোতেও, সরকারের প্রতিটি পর্যায়ে দায়বদ্ধতার ধারা বজায় থাকবে।’

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র লেখেন, ‘ইশরাক হোসেনের এ ঐতিহাসিক, অভূতপূর্ব পদত্যাগ মোটে কোনো অধ্যায়ের সমাপ্তি নয়। বরং আত্মোপলব্ধি, সংশোধনী ও গণমানুষের ভালোবাসায় সামনে তার জন্য আরো বৃহত্তর ও গণমুখী রাজনৈতিক দায়িত্ব পালনের পথ উন্মোচিত হতে পারে, ইনশাআল্লাহ।’

আরও পড়ুন: ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক দিলীপ আগরওয়ালাকে দুদকের মামলায় গ্রেফতার দেখানোর আদেশ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ যেসব দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৪৭ পি.এম


আজ যেসব দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এক দিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে খুলে গেছে দেশের জুয়েলারি প্রতিষ্ঠানগুলো। বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনা ভ্যাটসহ বিক্রি হচ্ছে ২ লাখ ২৮ হাজার ৩১ টাকায়। অন্যদিকে ২১ ক্যারেটের স্বর্ণের দাম ভরিপ্রতি ২ লাখ ১৭ হাজার ৭৬৭ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নির্ধারিত দর অনুযায়ী, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনা বিক্রি হচ্ছে ১ লাখ ৮৭ হাজার ৩২ টাকায়। সনাতন পদ্ধতির সোনার দাম প্রতি ভরি ১ লাখ ৫২ হাজার ৭৯৮ টাকা।

গত ১৩ অক্টোবর সকাল ১০টা থেকে স্বর্ণ ও রুপার এই দর কার্যকর করেছে বাজুস। নতুন করে দাম নির্ধারণ না করা পর্যন্ত এ দরেই স্বর্ণ ও রুপার গহনা বিক্রি হবে।

বাজুসের নির্ধারিত দর অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনা বিক্রি হচ্ছে ৪ হাজার ১৯৯ টাকায়। এ ছাড়া ২১ ক্যারেটের রুপার দাম প্রতি ভরি ৩ হাজার ৯৬৬ টাকা।

১৮ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনা বিক্রি হচ্ছে ৩ হাজার ৪৪১ টাকায়। সনাতন পদ্ধতির রুপার দাম ভরিপ্রতি ২ হাজার ৬২৪ টাকা।

এটি উল্লেখ্য যে, স্বর্ণ ও রুপার গহনা কেনার ক্ষেত্রে নির্ধারিত বিক্রয়মূল্যের বাইরে প্রযোজ্য মজুরি ও অন্যান্য খরচ যুক্ত হতে পারে। তাই কেনার আগে সংশ্লিষ্ট জুয়েলারি প্রতিষ্ঠানের কাছ থেকে চূড়ান্ত মূল্য জেনে নেওয়া প্রয়োজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা: প্রধানমন্ত্রীর উপহার পেয়ে উচ্ছ্বসিত

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৪৭ পি.এম


সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা: প্রধানমন্ত্রীর উপহার পেয়ে উচ্ছ্বসিত

শারদীয় দুর্গোৎসবের পূজামণ্ডপ পরিদর্শনের জন্য রংপুর যাওয়ার পথে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটান প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তোলার পাশাপাশি তিনি ফুটবল, ক্রিকেট ব্যাটসহ বিভিন্ন খেলাসামগ্রী উপহার দেন। প্রধানমন্ত্রীর কাছ থেকে উপহার পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা ৫০ মিনিটে সামরিক বিমানে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। এরপর তিনি বাসযোগে রংপুরের উদ্দেশে যাত্রা করার সময় সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের সামনে দাঁড়িয়ে যান।

কলেজের সামনে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের দেখে প্রধানমন্ত্রী বাস থামান। তিনি তাদের সঙ্গে সেলফি তোলেন এবং বিভিন্ন খেলাসামগ্রী উপহার দেন।

সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ ঢাকা পোস্টকে জানান, বিমানবন্দর থেকে রংপুরে যাওয়ার পথে কলেজের সামনে শিক্ষার্থীদের দাঁড়িয়ে থাকতে দেখে প্রধানমন্ত্রী বাস থামান। পরে তিনি তাদের সঙ্গে সেলফি তোলেন এবং ফুটবল, ক্রিকেট ব্যাটসহ বিভিন্ন খেলাসামগ্রী উপহার দেন।

অধ্যক্ষ আরও বলেন, প্রধানমন্ত্রীর কাছে কলেজের অবকাঠামো উন্নয়নের জন্য অনুরোধ জানানো হয়েছে। কলেজের জন্য দুটি ছাত্রাবাস ও একটি হলকক্ষ চাওয়া হয়েছে। এ বিষয়ে লিখিতভাবে প্রধানমন্ত্রীকে জানানো হয়েছে।

সফরসূচি অনুযায়ী, রংপুরে ধর্মসভা বা রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী সৈয়দপুর বিমানবন্দরে ফিরবেন। সেখান থেকে বিমানে রাজশাহীর উদ্দেশে রওনা হবেন তিনি।

রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে পৌঁছে দুপুর দেড়টায় ধর্মসভা মন্দির পরিদর্শন করবেন। এরপর রাজশাহী সার্কিট হাউসে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বিকেল ৩টায় নগরীর ঐতিহাসিক মাদরাসা মাঠে জনসভায় বক্তব্য দেবেন।

পরে রাজশাহী থেকে বিমানে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যাবেন প্রধানমন্ত্রী। সন্ধ্যায় নগরীর রহমতগঞ্জের জেএম সেন হলের পূজামণ্ডপ পরিদর্শন করবেন তিনি। এরপর চট্টগ্রাম সার্কিট হাউসে কিছুক্ষণ বিশ্রাম শেষে রাতে বিমানে ঢাকায় ফিরবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধর্ম যার যার, রাষ্ট্র সবার অধিকার: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৪৮ পি.এম


ধর্ম যার যার, রাষ্ট্র সবার অধিকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, "ধর্ম যার যার রাষ্ট্র সবার।" বাংলাদেশের সকল নাগরিকের সমান অধিকার ও সমান কর্তব্য রয়েছে, যা ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রযোজ্য।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১০টা ৪০ মিনিটে রংপুরের তারাগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত রংপুর-সৈয়দপুর মহাসড়কের নতুন চৌপথী বাসস্ট্যান্ডে এক পথসভায় তিনি এই মন্তব্য করেন।

পথসভার মঞ্চে তারেক রহমান উঠলে সমর্থকরা করতালি দিয়ে তাকে অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছার জবাব দেন।

এর আগে, ঢাকা থেকে একটি সামরিক বিমানে সকাল ৯টা ৫০ মিনিটে তিনি সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফারহাদ হোসেন আজাদ, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান সামু, বিভাগীয় কমিশনার জাহাঙ্গীর আলম, ডিআইজি আমিনুল ইসলাম, জেলা প্রশাসক ইশরাত জাহান ও পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে মঙ্গলবার সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে রংপুর, রাজশাহী ও চট্টগ্রামের পূজামণ্ডপ পরিদর্শনের উদ্দেশে ঢাকার বাইরে তিন জেলার সফরে রওয়ানা হন প্রধানমন্ত্রী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্যানসার সচেতনতায় বাকৃবিতে সিসিআরটিবির ক্যাম্পাস চ্যাপ্টার গঠনের উদ্যোগ, আবেদন ২৩ অক্টোবর পর্যন্ত

আন্তর্জাতিক ডেস্ক

বাকৃবি প্রতিনিধি

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

০১:২৫ পি.এম


ক্যানসার সচেতনতায় বাকৃবিতে সিসিআরটিবির ক্যাম্পাস চ্যাপ্টার গঠনের উদ্যোগ, আবেদন ২৩ অক্টোবর পর্যন্ত
 
ক্যানসার সচেতনতা বৃদ্ধি, বৈজ্ঞানিক জ্ঞানচর্চা, গবেষণায় শিক্ষার্থীদের সম্পৃক্ততা এবং জনসেবামূলক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষার্থীদের নিয়ে ক্যাম্পাস চ্যাপ্টার গঠনের উদ্যোগ নিয়েছে ক্যানসার কেয়ার অ্যান্ড রিসার্চ ট্রাস্ট বাংলাদেশ (সিসিআরটিবি)।
 
মঙ্গলবার (২০ অক্টোবর) এ উদ্যোগের অংশ হিসেবে আগ্রহী শিক্ষার্থীদের কাছ থেকে সদস্যপদের আবেদন আহ্বান করা হয়েছে। আবেদনের শেষ সময় ২৩ অক্টোবর ২০২৬।
 
উদ্যোগটির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ক্যানসার বিষয়ে সচেতনতা তৈরি, সময়মতো রোগ শনাক্তকরণের গুরুত্ব তুলে ধরা এবং গবেষণাভিত্তিক জ্ঞানচর্চায় আগ্রহ বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন সচেতনতামূলক প্রচারাভিযান ও জনসম্পৃক্ত কার্যক্রমের মাধ্যমে সমাজের জন্য কাজ করার সুযোগ তৈরি হবে।
 
ক্যাম্পাস চ্যাপ্টারের সদস্যরা ক্যানসার সচেতনতামূলক প্রচারাভিযান, জনসচেতনতামূলক কার্যক্রম, সেমিনার এবং বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা সভায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। এ ছাড়া বৈজ্ঞানিক লেখালেখি, গণমাধ্যম কার্যক্রম ও প্রকল্প ব্যবস্থাপনায় অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি নেতৃত্ব, যোগাযোগ ও দলগত কাজের দক্ষতা বিকাশের সুযোগ থাকবে। গবেষক ও স্বাস্থ্যসেবা পেশাজীবীদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে ক্যানসারবিষয়ক গবেষণা সম্পর্কেও জানার সুযোগ তৈরি হবে।
 
সদস্য নির্বাচনের প্রক্রিয়ায় প্রথমে অনলাইন ফরমে শিক্ষাগত তথ্য, দক্ষতা, আগ্রহ ও সদস্য হওয়ার প্রেরণা উল্লেখ করে আবেদন করতে হবে। জমা পড়া আবেদন যোগ্যতা ও উপযুক্ততার ভিত্তিতে যাচাই করা হবে। প্রাথমিকভাবে বাছাই করা প্রার্থীদের সাক্ষাৎকার বা মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। নির্বাচিত সদস্যদের সিসিআরটিবির লক্ষ্য, নিয়মকানুন ও দায়িত্ব সম্পর্কে ধারণা দিতে ওরিয়েন্টেশনের আয়োজন করা হবে। পরবর্তী সময়ে ক্যাম্পাস চ্যাপ্টারের কমিটি গঠন করা হবে।
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%