ঢাকা শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ইং ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

পুরনো বাসে নতুন স্বপ্ন, ঝাওঝুয়াংয়ে ২০০ কর্মী পেলেন কর্মসংস্থান


পুরনো বাসে নতুন স্বপ্ন, ঝাওঝুয়াংয়ে ২০০ কর্মী পেলেন কর্মসংস্থান

একসময় যেসব বাসে যাত্রীদের কর্মস্থলে যাওয়ার জন্য উঠতে দেখা যেত, সেই বাসগুলো যাত্রীসংকটে পড়ে অব্যবহৃত সম্পদে পরিণত হয়েছিল। তবে চীনের পূর্বাঞ্চলীয় শহরগুলোতে পুরনো বাসের ব্যবহার নিয়ে একটি ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। সেগুলোকে ভেঙে ফেলার পরিবর্তে চলমান কফিশপ, সুপারমার্কেট, হোটেল এবং বিয়ের গাড়িতে রূপান্তর করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে ২০০ জনেরও বেশি পরিবহনকর্মী নতুন কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন, যারা চাকরি হারানোর ঝুঁকিতে ছিলেন।

সম্প্রতি চীনের শানডং প্রদেশের ঝাওঝুয়াং শহরের বাসকর্মী লিয়াং ইউয়ের জীবনেও এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন। ২০২৩ সালে গণপরিবহন প্রতিষ্ঠানের স্টেশন অ্যাটেনডেন্টের চাকরি ছেড়ে তিনি বারিস্তা হিসেবে নতুন পেশায় প্রবেশ করেন। একটি বাতিল বাসকে আধুনিক কফিশপে রূপান্তর করে তিনি তাঁর নতুন কর্মজীবন শুরু করেন। সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।

চীনে গণপরিবহনে যাত্রীসংখ্যা হ্রাস পাওয়ায় এই ধরনের উদ্যোগের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। রাইড শেয়ারিং অ্যাপ, বৈদ্যুতিক বাইক এবং ব্যক্তিগত গাড়ির ব্যবহারের কারণে বাসযাত্রীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। গত বছরের শেষ নাগাদ বাসে যাত্রী চলাচল ২০১৯ সালের তুলনায় প্রায় অর্ধেকে নেমে এসেছে।

আরও পড়ুন: ফের রিয়াদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, প্রতিহত করার দাবি সউদীর

এ পরিস্থিতিতে, ঝাওঝুয়াংয়ের কর্মকর্তারা উপলব্ধি করেন যে, পরিবহনব্যবস্থার মূল্যবান সম্পদ শুধুমাত্র বাস নয়, বরং শহরের গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত বাস টার্মিনাল ও স্টপেজ এবং মানুষের দীর্ঘদিনের আস্থা একটি বড় সম্পদ। এই ধারণা থেকেই পুরোনো বাসের বহুমুখী ব্যবহার শুরু হয়।

বর্তমানে ছুটির দিনগুলোতে শহরের ব্যস্ত শপিংমল ও জনসমাগমস্থলে এসব চলমান কফিশপ দেখা যায়। এখানে ১২ ইউয়ান বা প্রায় ১ দশমিক ৮ ডলারে এক কাপ আমেরিকানো পাওয়া যাচ্ছে। লিয়াং জানিয়েছেন, তরুণ চাকরিজীবীদের মধ্যে এসব কফিশপ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে, ফলে তাঁর আয়ও বৃদ্ধি পেয়েছে।

বৈদ্যুতিক যানবাহনের প্রসারের কারণে কাজ হারানোর ঝুঁকিতে থাকা ২০০ জনের বেশি চালক ও টিকিট বিক্রেতাকে প্রশিক্ষণ দিয়ে বারিস্তা ও ক্যাশিয়ার হিসেবে গড়ে তোলা হয়েছে।

কফিশপের পাশাপাশি বিয়ের গাড়ি, ছাড়ের সুপারমার্কেট এবং ভ্রাম্যমাণ হোটেলও চালু হয়েছে। এসব উদ্যোগ থেকে মোট ৬ কোটি ৫০ লাখ ইউয়ান আয় হয়েছে বলে স্থানীয় প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নবদম্পতিরা ৯৯৯ ইউয়ানে (১৫০ মার্কিন ডলার) এক দিনের জন্য সাজানো বাস ভাড়া নিতে পারেন। এসব বাসে ‘১৩১৪’-এর মতো শুভ রুট নম্বর ব্যবহার করা হয়, যা চীনা ভাষায় ‘সারা জীবন একসঙ্গে থাকা’ অর্থ প্রকাশ করে।

আরও পড়ুন: ফকল্যান্ড দ্বীপপুঞ্জের কাছে তেল উত্তোলন বন্ধে আর্জেন্টিনার আবেদন খারিজ

তবে এই উদ্যোগ নিয়ে অনলাইনে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ শহর কর্তৃপক্ষের সামাজিক দায়িত্ববোধের প্রশংসা করেছেন, যেহেতু তারা কর্মীদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। আবার কেউ প্রশ্ন তুলেছেন, ছোট শহরে বাসযাত্রী কম থাকলে মানুষ কি বাসভাড়ার চেয়ে বেশি দামে কফি কিনতে আগ্রহী হবে।

যদিও প্রযুক্তির পরিবর্তনে বহু মানুষের প্রচলিত জীবিকা হুমকির মুখে, তবুও পুরনো সম্পদকে নতুন সম্ভাবনায় রূপান্তরের একটি মানবিক উদাহরণ হয়ে উঠেছে ঝাওঝুয়াং।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংস্কৃতির চর্চা পারস্পরিক শ্রদ্ধাবোধ জাগ্রত করে: সংস্কৃতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৩১ পি.এম


সংস্কৃতির চর্চা পারস্পরিক শ্রদ্ধাবোধ জাগ্রত করে: সংস্কৃতিমন্ত্রী

সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী মন্তব্য করেছেন, সুস্থ সংস্কৃতির চর্চা মানবিক, অসাম্প্রদায়িক এবং সম্প্রীতিপূর্ণ সমাজ গঠনের জন্য একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। তরুণ প্রজন্মকে সৃজনশীল ও ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত করতে সাংস্কৃতিক সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংস্কৃতির চর্চা মানুষের মধ্যে মননশীলতা, সহনশীলতা, মানবিকতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ জাগ্রত করে।

শনিবার (২৮ নভেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠন ‘রক্তকরবী’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। ‘সৃজনের ছায়াপথে মিলবে প্রাণে প্রাণে’—এই স্লোগানকে সামনে রেখে নাচ, গান, কবিতা ও শ্রুতিনাট্যের একটি বর্ণিল আয়োজনের মাধ্যমে অনুষ্ঠানটি উদযাপন করা হয়।

সংস্কৃতিমন্ত্রী আরও বলেন, ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টার সমন্বয়েই বৃহৎ অর্জনের পথ তৈরি হয়। আজকের এই জাঁকজমকপূর্ণ আয়োজন তারই একটি উজ্জ্বল উদাহরণ। সমুদ্রের ঢেউ যেমন বেলাভূমিতে আছড়ে পড়ে এক অনন্য অনুভূতির সৃষ্টি করে, আজকের এই আয়োজনও তেমনি আমার মনকে গভীরভাবে আন্দোলিত করেছে। ভাব যেখানে গভীর, ভাষা সেখানে বোবা।

তিনি উল্লেখ করেন, আমাদের রয়েছে হাজার বছরের সমৃদ্ধ ঐতিহ্য, সংস্কৃতি ও নিজস্ব জীবনধারা। কৃষক ও মেহনতি মানুষের ঘামে ভেজা নদীমাতৃক এই বাংলা হাজারো বৈচিত্র্যে ভরপুর। এ দেশের মাটি, মানুষ, প্রকৃতি, লোকজ ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈচিত্র্য আমাদের জাতীয় পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। এই ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ, লালন এবং নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব আমাদের সবার।

১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ উল্লেখ করে মন্ত্রী সেই সময় ছাত্র সংগ্রাম পরিষদে নিজের ভূমিকার স্মৃতিচারণ করেন। তিনি বলেন, বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন ও ঐতিহাসিক পরিবর্তনে ঢাকা বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকসমাজ সব সময় দেশের অধিকার, গণতন্ত্র ও প্রগতিশীল সাংস্কৃতিক চেতনা বিকাশে অগ্রণী ভূমিকা রেখেছেন।

রক্তকরবীর শিল্পীদের পরিবেশনা ও উপস্থাপনার প্রশংসা করে সংস্কৃতিমন্ত্রী বলেন, তাদের পরিবেশনায় ক্ষুদ্র উদ্যোগের মধ্যেও বৃহৎ সৃষ্টির সম্ভাবনা প্রতিফলিত হয়েছে। বিন্দুর মধ্যে যেমন সিন্ধুর বিশালতা অনুভব করা যায়, তেমনি একটি সাংস্কৃতিক সংগঠনের সৃজনশীল কর্মকাণ্ডের মধ্যেও একটি সমৃদ্ধ সাংস্কৃতিক সমাজের স্বপ্ন ও সম্ভাবনা নিহিত থাকে। রক্তকরবীর শিল্পীদের পরিবেশনা সেই সম্ভাবনারই পরিচয় বহন করে।

মন্ত্রী রক্তকরবীর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে সংগঠনটির সঙ্গে সংশ্লিষ্ট শিল্পী, সংগঠক ও শুভানুধ্যায়ীদের অভিনন্দন জানান। তিনি প্রত্যাশা ব্যক্ত করেন, রক্তকরবী তার সৃজনশীল কর্মকাণ্ড, সাংস্কৃতিক পরিবেশনা ও শিল্পচর্চার মধ্য দিয়ে দেশের ঐতিহ্যবাহী সংস্কৃতির বিকাশে আরো গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে আধাবেলা হরতাল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৩১ পি.এম


প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে আধাবেলা হরতাল

প্রিপেইড মিটার বাতিলের দাবিতে পূর্বের পোস্ট পেইড মিটার পুনঃস্থাপনসহ চার দফা দাবি নিয়ে সোমবার আধাবেলা হরতালের ডাক দিয়েছে রংপুর মহানগর নাগরিক কমিটি। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে- সাশ্রয়ী মূল্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা প্রদান, বিদ্যুৎ খাতে দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ এবং বিদ্যুৎ খাতকে বেসরকারিকরণের তৎপরতা বন্ধ করা।

হরতাল সফল করার লক্ষ্যে নাগরিক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ জানিয়েছেন, বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকদের সঙ্গে মতবিনিময়, অফিস-আদালত, দোকানপাট ও শিক্ষাপ্রতিষ্ঠানে লিফলেট বিতরণ, পথসভা, পোস্টারিং এবং মাইকিংয়ের মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে।

তিনি উল্লেখ করেন, প্রিপেইড মিটার বাতিলের দাবিতে দীর্ঘ আন্দোলনের ধারাবাহিকতায় সোমবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়েছে। তিনি জানান, এই হরতাল কোনো গোষ্ঠী, শ্রেণি কিংবা দলের স্বার্থে নয়। এটি আপামর বিদ্যুৎ গ্রাহকদের স্বার্থে অনুষ্ঠিত হচ্ছে।

পলাশ কান্তি নাগ বলেন, “পোস্ট পেইড মিটারের তুলনায় প্রিপেইড মিটারে গ্রাহকদের দ্বিগুণ তিনগুণ বেশি অর্থ ব্যয় করতে হচ্ছে। বাস্তবিক অর্থে প্রিপেইড মিটার জনগণের পকেট কাটার ফাঁদ এবং ভোগান্তির যন্ত্রে পরিণত হয়েছে। এটি তৎকালীন আওয়ামী লীগ সরকারের প্রকল্প হলেও এখনো বহাল রয়েছে।”

তিনি আরও বলেন, বর্তমান সরকারও বিগত সরকারের মতো দুর্নীতিবাজ ও লুটেরাদের স্বার্থ রক্ষা করে চলেছে। তা না হলে সারাদেশের কোটি কোটি বিদ্যুৎ গ্রাহকদের সমস্যাকে কেন আমলে নিচ্ছে না। এ সময় বিদ্যুৎ গ্রাহকদের ন্যায়সংগত দাবিতে দল-মত নির্বিশেষে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে হরতাল কর্মসূচি সফল করার আহ্বান জানান।

এর আগে, ১৮ অক্টোবর রংপুর প্রেস ক্লাব চত্বরে এক সংবাদ সম্মেলন থেকে সোমবার (৩০ নভেম্বর) সকাল ৬টা থেকে দুপুর ১২টা আধাবেলা হরতালের কর্মসূচি ঘোষণা করেছিল বিদ্যুৎ গ্রাহক ফোরাম।

বিদ্যুৎ গ্রাহক ফোরাম রংপুর জেলার সদস্যসচিব আহসানুল আরেফিন তিতু বলেন, “রংপুর দরিদ্রপীড়িত অঞ্চল। যে আয় তা দিয়ে বর্তমান বাজারে জীবন চালানো দায়। তার ওপর বিদ্যুৎ বিভাগের নানা অপকর্ম, অব্যাহত লোডশেডিং, ভুতুড়ে বিল এবং প্রিপেইড মিটার গ্রাহকদের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসেছে। এতে জনজীবন অতিষ্ঠ।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সায়েম সোবহান আনভীরের ঘোষণা: প্রাইজমানি যাবে কোটির ঘরে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৩২ পি.এম


সায়েম সোবহান আনভীরের ঘোষণা: প্রাইজমানি যাবে কোটির ঘরে

এবিজি মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের প্রাইজমানি আগামী বছরগুলোতে কোটির ঘরে নিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বসুন্ধরা গ্রুপের (এবিজি) চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর।

তিনি জানিয়েছেন, এবারের আসরে চ্যাম্পিয়ন দলের জন্য ৫০ লাখ এবং রানারআপ দলের জন্য ২৫ লাখ টাকা প্রাইজমানি ঘোষণা করা হয়েছে। আনভীর বলেছেন, বর্তমান আয়োজনটি কেবল শুরু। ভবিষ্যতে টুর্নামেন্টের প্রাইজমানির পাশাপাশি বোনাস মানিও কোটির ঘরে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এবিজি স্পোর্টস সিটির জুলকান ইনডোরে এবিজি মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ট্রফি ও জার্সি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সায়েম সোবহান আনভীর বলেন, "গণমাধ্যম বসুন্ধরা গ্রুপের বন্ধু ও দীর্ঘদিনের সহযোগী। তাদের অবদানকে যথাযথভাবে মূল্যায়ন করতে পুরস্কারের ক্ষেত্রে কার্পণ্য করা উচিত নয়।" এ প্রসঙ্গে তিনি আরও বলেন, "মিডিয়া কিন্তু আমাদের বন্ধু, মিডিয়া কিন্তু আমাদের সাথী, মিডিয়া কিন্তু আমাদের সঙ্গে সবসময় ছিল। কম দিয়ে কিপটামি করো না।"

চ্যাম্পিয়ন ৫০, রানারআপ ২৫ লাখ

টুর্নামেন্টের প্রাইজমানি ঘোষণার প্রসঙ্গে সায়েম সোবহান আনভীর জানান, শুরুতে ১০ লাখ টাকা প্রাইজমানি রাখার বিষয়ে আলোচনা হয়েছিল। তবে পরে সেই অঙ্ক বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

রানারআপ দলের জন্য ২৫ লাখ টাকা ঘোষণা করে তিনি বলেন, "আমি যারা চ্যাম্পিয়ন হবে তাদেরটা পরেই বলি, যারা রানারআপ হবে, তাদের জন্য আমি ২৫ লাখ টাকা ডিক্লেয়ার করলাম।"

চ্যাম্পিয়ন দলের পুরস্কার প্রসঙ্গে তিনি বলেন, "আর যারা ফাইনালে চ্যাম্পিয়ন হবে—অফকোর্স চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন! চ্যাম্পিয়নের তো কোনো বিকল্প নাই। যেহেতু চ্যাম্পিয়নের কোনো বিকল্প নাই, তো চ্যাম্পিয়নের বেশি পাওয়া উচিত।"

এরপর বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের পক্ষ থেকে চ্যাম্পিয়ন দলের জন্য ৫০ লাখ টাকা নগদ প্রাইজমানি দেওয়ার ঘোষণা দেন তিনি। সব মিলিয়ে এবারের আসরে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের জন্য প্রাইজমানি থাকছে ৭৫ লাখ টাকা।

আগামীতে কোটির ঘরে প্রাইজমানি ও বোনাস

প্রথমবারের আয়োজনকে ভবিষ্যতে আরো বড় পরিসরে নিয়ে যাওয়ার প্রত্যাশা জানিয়ে সায়েম সোবহান আনভীর বলেন, "আমাদের জন্য এটা তো কেবল শুরু। আপনারা দোয়া করেন যেন আমরা ভবিষ্যতে আরো বড় পরিসরে, আরো ভালো করে টুর্নামেন্টটি করতে পারি এবং আগামী বছরগুলো থেকে প্রাইজ মানি ও বোনাস মানি কোটির ঘরে নিয়ে যেতে পারি।"

তার এই ঘোষণায় এবিজি মিডিয়া কাপের পরবর্তী আসরগুলোতে পুরস্কারের পরিমাণ আরো বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

প্রসঙ্গত, আগামী ১ ডিসেম্বর শুরু হবে এবিজি মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট। চলবে ১৭ ডিসেম্বর পর্যন্ত। আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ৪৮টি গণমাধ্যম। সংবাদমাধ্যমে প্রতিদিন খবর তৈরি ও পরিবেশনের কাজে ব্যস্ত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা এবার নিজেদের ফুটবল নৈপুণ্য দেখাবেন মাঠে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রূপগঞ্জে দিপু ভূঁইয়ার নেতৃত্বে হাজারো মানুষের বিশাল বিক্ষোভ মিছিল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৩৩ পি.এম


রূপগঞ্জে দিপু ভূঁইয়ার নেতৃত্বে হাজারো মানুষের বিশাল বিক্ষোভ মিছিল

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও অতীত কর্মকাণ্ডের বিরুদ্ধে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দ্বারা। শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলার সমু মার্কেট এলাকা থেকে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য এবং বিএনপি নেতা মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নেতৃত্বে এই মিছিল বের হয়। মিছিলে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল দেখা যায়।

রূপগঞ্জ উপজেলা বিএনপি এবং আশপাশের বিভিন্ন উপজেলার বিএনপির নেতাকর্মীরা এই মিছিলে অংশগ্রহণ করেন। সমু মার্কেট এলাকায় মিছিলকে কেন্দ্র করে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

মিছিলটি সমু মার্কেট থেকে শুরু হয়ে ৩০০ ফিট সড়কের কিছু অংশ প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং দলটির বিগত কর্মকাণ্ডের প্রতিবাদ জানান।

মিছিল শেষে মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তিনি বলেন, "আওয়ামী লীগ বিগত ১৭ বছরে গুম, খুন, নির্যাতনসহ নানা কর্মকাণ্ডের মাধ্যমে দেশের সাধারণ মানুষের ব্যাপক ক্ষতি করেছে।" তিনি আরও বলেন, "এসব কর্মকাণ্ডের মাধ্যমে তারা দেশের মানুষের অধিকার ও নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করেছে।"

তিনি উল্লেখ করেন, "আওয়ামী লীগের অতীত কর্মকাণ্ড দেশের মানুষ ভুলে যায়নি। তাদের আর রাজনীতিতে ফিরে আসার সুযোগ নেই।"

মিছিল শুরুর পূর্বে সমু মার্কেট এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। সময়ের সাথে সাথে নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে। রূপগঞ্জ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের পাশাপাশি আশপাশের কয়েকটি উপজেলার বিএনপি নেতারাও কর্মসূচিতে যোগ দেন। পরে নির্ধারিত সময়ে দিপু ভূঁইয়ার নেতৃত্বে বিক্ষোভ মিছিল শুরু হয়। এতে পুরো এলাকায় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%