০৬:৩৬ পি.এম
ইভানজেলিক্যাল ফেলোশিপ অব ইন্ডিয়ান রিলিজিয়াস লিবার্টি কমিশনের (ইএফআইআরএলসি) দ্বারা সংকলিত তথ্য অনুযায়ী, ২০১৪ সালে নরেন্দ্র মোদির সরকার ক্ষমতায় আসার পর থেকে ভারতে খ্রিস্টানদের বিরুদ্ধে সহিংসতা ও নিপীড়নের ঘটনা প্রায় ৪০৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
সংবাদমাধ্যম ‘মুসলিম মিরর’-এর একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কমিশন ২০১৪ সালে এ ধরনের ১৪৭টি ঘটনা নথিভুক্ত করেছিল, যা ২০২৫ সালে বেড়ে যাচাইকৃত ৭৪৭টি ঘটনায় দাঁড়িয়েছে। এই সংখ্যা আগের তুলনায় পাঁচ গুণেরও বেশি। ২০২৫ সালের এই পরিসংখ্যান ২০২৪ সালের ৬৪০টি এবং ২০২৩ সালের ৬০১টি নথিভুক্ত ঘটনার চেয়েও অনেক বেশি।
‘মর্নিং স্টার নিউজ’-এর তথ্যমতে, ২০২৫ সালের প্রতিবেদনটির শিরোনাম দেওয়া হয়েছে— “হেট অ্যান্ড টার্গেটেড ভায়োলেন্স অ্যাগেইনস্ট ক্রিশ্চিয়ানস ইন ইন্ডিয়া: ইয়ারলি রিপোর্ট ২০২৫” (ভারতে খ্রিস্টানদের বিরুদ্ধে বিদ্বেষ ও উদ্দেশ্যপ্রণোদিত সহিংসতা: বার্ষিক প্রতিবেদন ২০২৫)। দেশব্যাপী ছড়িয়ে থাকা মাঠপর্যায়ের সমন্বয়কারী, আইনি উপদেষ্টা, সহযোগী সংস্থা এবং ভুক্তভোগী ও গির্জার নেতাদের সাক্ষ্যের ভিত্তিতে এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। ২০০৯ সাল থেকে ইএফআইআরএলসি নিয়মিত এই বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে আসছে।
আরও পড়ুন: আসন পুনর্বিন্যাসে অনড় বিরোধীরা, রাহুলের কড়া বার্তা
কমিশন জানিয়েছে, যাচাইকৃত এই ঘটনাগুলো প্রকৃত সংখ্যার একটি ক্ষুদ্র অংশ মাত্র। কারণ, পাল্টা আক্রমণের ভয় কিংবা পুলিশের নিষ্ক্রিয়তার আশঙ্কায় অনেক ভুক্তভোগীই হামলার ঘটনা নথিভুক্ত করেন না।
ভারতের মোট জনসংখ্যার প্রায় ২ দশমিক ৩ শতাংশ খ্রিস্টান। কমিশনের ২০২৪ সালের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল যে, এসব ঘটনার মধ্যে শারীরিক হামলা, প্রার্থনা সভায় বাধা প্রদান, গির্জা ভাঙচুর, সামাজিকভাবে বয়কট এবং গ্রেপ্তারের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। ওই প্রতিবেদনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাজ্য হিসেবে উত্তর প্রদেশ (১৮৮টি ঘটনা), ছত্তিশগড় (১৫০টি), রাজস্থান (৪০টি), পাঞ্জাব (৩৮টি) এবং হরিয়ানার (৩৪টি) নাম তালিকাভুক্ত করা হয়েছিল।
প্রতিবেদনের ফলাফল নিয়ে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে ভারতের জাতীয় মহিলা কমিশনের সাবেক সদস্য সৈয়দা হামিদ মন্তব্য করেন, খ্রিস্টানদের বিরুদ্ধে সহিংসতা এখন হিন্দুত্ববাদী শক্তিগুলোর একটি ‘রাজনৈতিক হাতিয়ারে’ পরিণত হয়েছে, যা ২০১৪ সালের পর থেকে আরও তীব্র আকার ধারণ করেছে।
জ্যেষ্ঠ আইনজীবী কলিন গনসালভেস খ্রিস্টানদের বিরুদ্ধে নথিভুক্ত বিদ্বেষমূলক অপরাধের বিষয়ে ভারতের সুপ্রিম কোর্টের ‘উদাসীনতার’ সমালোচনা করেন। তিনি আদিবাসী খ্রিস্টানদের বিরুদ্ধে ধর্মান্তরবিরোধী আইনের বেছে বেছে প্রয়োগ এবং তাদের উপাসনা ও সমাধিস্থ করার অধিকার কেড়ে নেওয়ার বিষয়টি তুলে ধরেন।
আরও পড়ুন: বিহারে আখ ভাঙাকে কেন্দ্র করে দুই মাদরাসা ছাত্রের হত্যার পর পুকুরে লাশ ফেলা
সাবেক প্রধান তথ্য কমিশনার ওয়াজাহাত হাবিবুল্লাহ সতর্ক করে বলেন, খ্রিস্টানদের—বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠী ও ঘরোয়া গির্জাগুলোর (হাউস চার্চ)—ওপর এই সহিংসতা একটি গভীর সামাজিক সমস্যারই প্রতিফলন, যা ভারতের অন্তর্ভুক্তিমূলক ঐতিহ্যকে হুমকির মুখে ফেলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন