ঢাকা শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ইং ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বিহারে আখ ভাঙাকে কেন্দ্র করে দুই মাদরাসা ছাত্রের হত্যার পর পুকুরে লাশ ফেলা


বিহারে আখ ভাঙাকে কেন্দ্র করে দুই মাদরাসা ছাত্রের হত্যার পর পুকুরে লাশ ফেলা

ভারতের বিহার রাজ্যের গোপালগঞ্জ জেলায় আখ ভাঙাকে কেন্দ্র করে ধাওয়া ও নির্মম মারধরের কয়েক দিন পর একটি পুকুর থেকে দুই মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত দুই কিশোর মোহাম্মদ জায়েদ শহীদি ও আশরাফ আলী, যাদের দুজনেরই বয়স ১৪ বছর বলে জানা গেছে। ২৫ ও ২৬ নভেম্বর তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহত এক ছাত্রের স্বজন ‘দ্য অবজারভার পোস্ট’কে জানিয়েছেন, এই ঘটনার পেছনে সাম্প্রদায়িক বিদ্বেষ কাজ করেছে।

আশরাফ আলীর আত্মীয় মোহাম্মদ শাহাবুদ্দিন অভিযোগ করেন, ২৩ নভেম্বর মাদরাসার জন্য অনুদান (স্থানীয়ভাবে যা 'ওয়াসুলি' নামে পরিচিত) সংগ্রহ করতে যাওয়া পাঁচজন ছাত্রের দলে ওই দুই কিশোর ছিল। হরপুর গ্রাম থেকে ফেরার পথে বাঙ্গরা গ্রামের কাছে তাদের ই-রিকশাটি বিকল হয়ে যায়।

শাহাবুদ্দিন জানান, চালক যখন গাড়িটি মেরামত করছিলেন, তখন শিশুরা নিচে নেমে পাশের একটি আখখেতে ঢুকে দু-একটি আখ ভাঙে। তার ভাষ্যমতে, ই-রিকশাচালক শিশুদের আখ নিতে নিষেধ করেছিলেন। তবে খেতের মালিক সত্যেন্দ্র পাণ্ডে, তার ছেলেরা এবং স্থানীয় আরও কয়েকজন গ্রামবাসী শিশুদের ধাওয়া করেন।

আরও পড়ুন: মোদি সরকারের আমলে ভারতে খ্রিস্টানদের বিরুদ্ধে বিদ্বেষমূলক অপরাধ ৪০৮ শতাংশ বেড়েছে

শাহাবুদ্দিন অভিযোগ করে বলেন, “তারা শিশুদের ধরে ফেলে এবং চালককেও বেধড়ক মারধর করে। এছাড়া আখের ক্ষতিপূরণ হিসেবে তারা ১০ হাজার রুপি দাবি করে।”

তিনি আরও জানান, চালক বিষয়টি মাদরাসা কর্তৃপক্ষকে জানালে মাদরাসার সেক্রেটারি ও একজন শিক্ষক শিশুদের ছাড়িয়ে আনতে ঘটনাস্থলে পৌঁছান। শাহাবুদ্দিনের দাবি, একটি পোল্ট্রি খামারের কাছে চারজন ছাত্র ও চালককে আটকে রেখে নির্মমভাবে মারধর করার পর ছেড়ে দেওয়া হয়।

অন্য দুই ছাত্র ভয়ে আখখেতের ভেতর দিয়ে দৌড়ে পালালে প্রায় পাঁচজন লোক তাদের ধাওয়া করে বলে অভিযোগ উঠেছে। শাহাবুদ্দিন দাবি করেন, একপর্যায়ে ক্লান্ত হয়ে এবং কাদায় পা আটকে যাওয়ায় ওই দুই শিশু ধরা পড়ে যায়।

তিনি অভিযোগ করেন, “তারা ওই দুই শিশুকে ধাওয়া করে ধরে ফেলে এবং নির্মমভাবে মারধর করে। এরপর তাদের পুকুরে ফেলে দেয়।”

আরও পড়ুন: আফগানিস্তানে স্কুলের পাশে বিস্ফোরণে ১০ শিক্ষার্থী নিহত, ১১০ জন আহত

এই ঘটনার পর থেকেই ওই দুই ছাত্র নিখোঁজ ছিল। শাহাবুদ্দিন জানান, মাদরাসার শিক্ষক শুরুতে আশপাশের গ্রামগুলোতে তাদের খোঁজাখুঁজি করলেও ঘটনার দিন পরিবারকে কিছু জানাননি। পরদিন ২৪ নভেম্বর পরিবারকে বিষয়টি জানানো হলে গ্রামবাসীরাও তল্লাশি অভিযানে যোগ দেন। নিখোঁজ শিশুদের খুঁজতে প্রায় ৩০ থেকে ৪০টি মোটর সাইকেল নিয়ে তল্লাশি চালানো হয় বলে তিনি জানান।

শাহাবুদ্দিন আরও অভিযোগ করেন, তল্লাশি চলাকালে পুলিশের উপস্থিতিতেই প্রধান অভিযুক্ত সত্যেন্দ্র পাণ্ডে হুমকিমূলক মন্তব্য করে পরিবারগুলোকে নিজেদের সন্তান নিজেরাই খুঁজে নিতে বলেন। এ সময় পাণ্ডের ছেলে দম্ভোক্তি করে বলেছিল, শিশুদের এমন মার দেওয়া হয়েছে যে তারা যেখানেই থাকুক না কেন, তা আজীবন মনে রাখবে।

পরবর্তী দিনগুলোতেও তল্লাশি অব্যাহত থাকে। ২৫ নভেম্বর ঝোপঝাড় ও কর্দমাক্ত পাড়বেষ্টিত একটি বড় পুকুরে তল্লাশি চালাতে ড্রোন ব্যবহার করা হয়। শাহাবুদ্দিনের মতে, সেদিনই পুকুরে মোহাম্মদ জায়েদের মরদেহ শনাক্ত ও উদ্ধার করা হয়। পরদিন অর্থাৎ ২৬ নভেম্বর সকাল সাড়ে ৯টার দিকে আশরাফ আলীর মরদেহ উদ্ধার করা হয়।

দুই শিশু কীভাবে পুকুরের মাঝখানে গেল—এমন প্রশ্ন তুলে শাহাবুদ্দিন বলেন, তাদের কেউই সাঁতার জানত না। তার অভিযোগ, পানিতে ফেলে দেওয়ার আগে তাদের ওপর নির্মম নির্যাতন চালানো হয়েছিল; সম্ভবত তাদের হত্যার পর কিংবা গুরুতর আহত অবস্থায় পুকুরে ফেলে দেওয়া হয়।

আরও পড়ুন: গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৪, হামাস প্রধানের ছেলে প্রাণে বেঁচে গেলেন

শাহাবুদ্দিন জানান, এ ঘটনায় ২৭ নভেম্বর সত্যেন্দ্র পাণ্ডে, তার ছেলে ও জড়িত অন্যান্যদের নাম উল্লেখ করে একটি এফআইআর (মামলা) দায়ের করা হয়েছে। তিনি আরও যোগ করেন, ই-রিকশাচালক এবং বেঁচে যাওয়া অন্য তিন ছাত্র হামলাকারীদের শনাক্ত করতে পারবে।

শাহাবুদ্দিনের অভিযোগ, পুলিশ এই মৃত্যুকে নিছক পানিতে ডুবে যাওয়ার ঘটনা হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে, অথচ পরিবারগুলোর বিশ্বাস শিশুদের হত্যা করে মরদেহ পুকুরে ফেলে দেওয়া হয়েছে। তবে এসব অভিযোগ এখনো স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি। শিশুদের মৃত্যুর প্রকৃত কারণ ও পরিস্থিতি তদন্ত এবং ময়নাতদন্তের প্রতিবেদনের ওপর নির্ভর করছে।

পুলিশের এক বিবৃতিতে জানানো হয়েছে, ২৪ নভেম্বর রাত ৮টার দিকে থাওয়ে থানায় খবর আসে যে বারহারিয়া থানার অধীনে একটি মাদরাসার পাঁচজন ছাত্র অনুদান সংগ্রহের জন্য হরপুর গ্রামে গিয়েছিল। তাদের মধ্যে তিনজন নিরাপদে ফিরে এলেও দুজন নিখোঁজ রয়েছে।

পুলিশ জানায়, এ ঘটনায় থাওয়ে থানায় একটি মামলা (মামলা নং ২৭০/২৬) নথিভুক্ত করা হয়েছে এবং তাৎক্ষণিকভাবে তদন্ত শুরু হয়েছে। বিবৃতিতে বলা হয়, পরবর্তীতে বাঙ্গরা গ্রামের পাণ্ডে টোলির নিকটবর্তী একটি নিচু পুকুর থেকে ওই দুই ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়। নিহত মোহাম্মদ জায়েদ সিওয়ানের বাসিন্দা এবং আশরাফ আলী বারহারিয়া পুরানি বাজারের বাসিন্দা ছিলেন।

আরও পড়ুন: ইউক্রেনকে অর্থ সহায়তা নিয়ে বিপাকে ইউরোপ, নতুন ঋণ প্রস্তাবে জোটের ভেতরেই বিরোধ

পুলিশ জানিয়েছে, মরদেহগুলোর সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত চলমান রয়েছে এবং ঘটনার সব দিক খতিয়ে দেখে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সাম্প্রদায়িক লক্ষ্যবস্তু করার অভিযোগ পরিবারের

‘দ্য অবজারভার পোস্ট’ এর সাথে আলাপকালে শাহাবুদ্দিন অভিযোগ করেন, ওই শিশুরা মাদ্রাসার ছাত্র হওয়ায় এবং পাঞ্জাবি-পায়জামা ও টুপির মতো ধর্মীয় পোশাক পরিহিত থাকায় তাদের লক্ষ্যবস্তু করা হয়েছে। তিনি বলেন, “তারা যদি অন্য কোনো সম্প্রদায়ের শিশু হতো, তবে এমন ঘটনা কখনোই ঘটত না।” তার দাবি, ধর্মীয় পরিচয়ের কারণে শিশুদের ওপর চালানো এই ঘটনাকে একটি পরিকল্পিত 'মব ভায়োলেন্স' বা গণপিটুনির ঘটনা হিসেবে দেখা উচিত।

শাহাবুদ্দিন আরও দাবি করেন, অভিযুক্ত সত্যেন্দ্র পাণ্ডে ও তার পরিবার এলাকায় অত্যন্ত প্রভাবশালী হওয়ায় গ্রামবাসীরা তাদের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলতে ভয় পাচ্ছেন।

আরও পড়ুন: এআই গবেষণাগারে ভয়ঙ্কর আবিষ্কার, বিশ্বের ডিজিটাল নিরাপত্তাব্যবস্থায় শঙ্কা

নিহতদের পরিবার এফআইআরে নাম থাকা সকল আসামির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। শাহাবুদ্দিন জানান, তারা আসামিদের গ্রেপ্তারের অপেক্ষায় আছেন এবং প্রশাসন দ্রুত ব্যবস্থা নিতে ব্যর্থ হলে তারা বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আগামীকাল পালিত হবে বিশ্ব মুভমেন্ট ডিসঅর্ডার দিবস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩২ পি.এম


আগামীকাল পালিত হবে বিশ্ব মুভমেন্ট ডিসঅর্ডার দিবস

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : আগামীকাল পালিত হবে বিশ্ব মুভমেন্ট ডিসঅর্ডার দিবস। এই দিবসটি সারা বিশ্বে স্নায়বিক রোগ ও চলাচলজনিত সমস্যার প্রতি জনসচেতনতা বৃদ্ধি, রোগীদের প্রতি সহমর্মিতা গড়ে তোলা এবং সময়মতো চিকিৎসা গ্রহণের জন্য মানুষকে উৎসাহিত করার উদ্দেশ্যে পালন করা হচ্ছে।

এ বছরের দিবসটির প্রতিপাদ্য হলো ‘আপনার ধারণার চেয়েও বেশি প্রচলিত’।

মুভমেন্ট ডিসঅর্ডার হলো এমন একটি স্নায়বিক সমস্যা যা শরীরের স্বাভাবিক নড়াচড়া নিয়ন্ত্রণে বাধা সৃষ্টি করে। এর ফলে ধীরগতির নড়াচড়া, কাঁপুনি বা অনৈচ্ছিক নড়াচড়ার মতো উপসর্গ দেখা দিতে পারে। এছাড়াও, ঘুমের সমস্যা, কথা বলার অসুবিধা, গিলতে সমস্যা, স্মৃতিভ্রম বা কোষ্ঠকাঠিন্যের মতো নন-মোটর উপসর্গও হতে পারে।

এই দিবসটি উপলক্ষে আগামীকাল ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের কনফারেন্স রুমে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুকসুদপুর থানায় নতুন ওসি মো. মাহমুদুর রহমান যোগদান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩২ পি.এম


মুকসুদপুর থানায় নতুন ওসি মো. মাহমুদুর রহমান যোগদান

গোপালগঞ্জের মুকসুদপুর থানায় পুলিশ পরিদর্শক মো. মাহমুদুর রহমান নতুন অফিসার্স ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন। আওয়ামী লীগের অগ্নিসংযোগ ও ভাঙচুরের পর থানার কার্যক্রম বন্ধ ছিল। ১৯ নভেম্বর হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনার পর তিনি দায়িত্ব গ্রহণ করেন।

বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে মুকসুদপুর থানার দায়িত্বভার গ্রহণ করেন মাহমুদুর রহমান। পুলিশ সূত্রে জানা গেছে, মুকসুদপুর থানায় যোগদানের পূর্বে তিনি সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখায় (ডিবি) কর্মরত ছিলেন। এর আগে তিনি সাতক্ষীরা সদর থানা, বাগেরহাটের মোড়েলগঞ্জ থানা এবং রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

গত ১৯ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির কারণে মুকসুদপুর থানায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। এই ঘটনার ফলে থানার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ঘটনার পর থেকে পুলিশের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়েছে এবং থানার নিয়মিত কার্যক্রম পরিচালনায় নানা প্রতিবন্ধকতা তৈরি হয়েছে।

নতুন ওসির যোগদানকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। তারা ক্ষতিগ্রস্ত থানার কার্যক্রম পুরোপুরি সচল করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ ও মাদক নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন।

নবাগত ওসি মো. মাহমুদুর রহমান বলেন, ‘থানায় অগ্নিসংযোগের পর থেকে থানার সব কার্যক্রম বন্ধ রয়েছে। তবে থানার পুলিশ সদস্যরা থানার পাশের ভবনে অবস্থান করছেন।’

এদিকে, এর আগে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন আবদুল্লাহ আল মামুন। আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনার পর তাকে বদলি করা হয়।

এমই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৬৭৫ জন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩৩ পি.এম


চট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৬৭৫ জন গ্রেফতার

চট্টগ্রাম, ২৮ নভেম্বর, ২০২৬ : কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম ও মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধের লক্ষ্যে চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় গত ২৪ ঘণ্টায় পুলিশ ৬৭৫ জনকে গ্রেফতার করেছে।

এ তথ্য আজ চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কার্যালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলায় ৬১ জন, পূর্ববর্তী মামলায় ১০০ জন, পুলিশ অ্যাক্ট ৩৪ ধারায় ১৯ জন, ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারায় তিন জন, কার্যবিধির ১৫১ ধারা ও অন্যান্য আইনে ২৭ জন, পরোয়ানা মূলে ১০৯ জন এবং সাজা পরোয়ানা মূলে ১৩ জন রয়েছেন।

এছাড়া, মাদক মামলায় ৩২ জন মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে। নিয়মিত ও অন্যান্য মামলায় ৩৮ জন মাদক ব্যবসায়ীসহ অভিযানে মোট ৭০ জনকে গ্রেফতার করা হয়েছে।

মাদক বিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২২ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং ৩ হাজার ৭০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। এ সময় ২৪ টি মাদক মামলা দায়ের করা হয়েছে।

অভিযানে ২৫ হাজার ১৪৫ পিস ইয়াবা ট্যাবলেট, পাঁচ পিস ট্যাপেনটেডল ট্যাবলেট, ৫৭ কেজি ৬৬০ গ্রাম গাঁজা, ৬০ লিটার চোলাই মদ, এক বোতল বিদেশি মদ ও ১৩৫ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে।

এদিকে, বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৯৫ জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

জেলাভিত্তিক গ্রেফতারকৃতদের সংখ্যা হলো- চট্টগ্রাম ৩৬, কক্সবাজার ছয়, কুমিল্লা ২০, ব্রাহ্মণবাড়িয়া পাঁচ, চাঁদপুর পাঁচ, নোয়াখালী ১১, ফেনী তিন, লক্ষ্মীপুর ছয়, খাগড়াছড়ি দুই এবং বান্দরবান এক জন।

অন্যদিকে, কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩১১ জন আটক করা হয়েছে। এর মধ্যে ১৬৫ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় প্রদান করা হয়েছে এবং ১৪৬ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জেলা ভিত্তিক আটককৃতদের মধ্যে- চট্টগ্রামে ৩১, কক্সবাজারে ১২, কুমিল্লায় ১৫৯, ব্রাহ্মণবাড়িয়ায় ১৬, চাঁদপুরে ১৪, নোয়াখালীতে ২৯, লক্ষ্মীপুরে ২৯, রাঙ্গামাটিতে চার, খাগড়াছড়িতে পাঁচ, বান্দরবানে ১২ জন রয়েছেন।

জনস্বার্থে পরিচালিত এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৯ বছর বয়সী দুই ভাই একসঙ্গে হাফেজ হলেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩৪ পি.এম


৯ বছর বয়সী দুই ভাই একসঙ্গে হাফেজ হলেন

হোসাইন মো. তাওসিফ রেজা এবং আবরার জামিল, দুই ভাইয়ের বয়স প্রায় সমান। একজনের বয়স ৯ বছর ৮ মাস এবং অপরজনের বয়স ৯ বছর দুই মাস। ছয় মাসের পার্থক্য থাকা সত্ত্বেও, এই দুই শিশু একই পরিবারে বেড়ে উঠেছে। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী, দুজনেই পবিত্র কোরআনের হাফেজ হওয়ার উদ্দেশ্যে ভর্তি হয়েছিল চট্টগ্রামের পটিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের এডুকেশন গার্ডেন অ্যান্ড হিফজ মাদ্রাসায়। কঠোর পরিশ্রম এবং অধ্যবসায়ের মাধ্যমে তারা একসঙ্গে পবিত্র কোরআনের হিফজ সম্পন্ন করেছে। শনিবার, প্রতিষ্ঠানটি তাদের এই অর্জনকে স্মরণীয় করে রাখতে একটি সংবর্ধনার আয়োজন করে।

হোসাইন তাওসিফ রেজা ও আবরার জামিল ছাড়াও, একই প্রতিষ্ঠানের আরও দুই শিক্ষার্থী একই দিনে পবিত্র কোরআনের হিফজ সম্পন্ন করেছে। তাদের নাম হলো ইরফানুল ইসলাম শিহাব এবং তাওসিফুল ইসলাম আদিল। চার শিক্ষার্থীই একই দিনে কোরআনের হিফজ সম্পন্ন করে।

শনিবার সকালে এডুকেশন গার্ডেন অ্যান্ড হিফজ মাদ্রাসা প্রাঙ্গণে কোরআনের হাফেজদের সংবর্ধনা এবং নতুন শিক্ষার্থীদের সবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মাদ্রাসার প্রধান পরিচালক রাশেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন পটিয়া বাইতুশ শরফ মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা সরওয়ার হোসেন রাশেদী এবং বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী হাজী রফিকুল ইসলাম। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকেরাও উপস্থিত ছিলেন। চার শিক্ষার্থীকে কোরআনে হাফেজ সম্পন্ন করার জন্য পাকড়ি ও ক্রেস্ট প্রদান করা হয়।

কোরআনের হাফেজ হোসাইন মো. তাওসিফ রেজার বাবা নুরুল আলম রুবেল জানিয়েছেন, তিনি তার সন্তানকে কোরআনের হাফেজ হিসেবে গড়ে তোলার ইচ্ছা পোষণ করতেন। সেই লক্ষ্যেই তিনি তাকে এডুকেশন গার্ডেন অ্যান্ড হিফজ মাদ্রাসায় ভর্তি করান। দুই বছরের কঠোর পরিশ্রমের মাধ্যমে তার ছেলে কোরআনের হিফজ সম্পন্ন করেছে। তিনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছেন। শুধু কোরআন মুখস্থ করানো নয়, এই মাদ্রাসায় আরবি, বাংলা ও ইংরেজি ভাষায় কোরআনের অনুবাদও শেখানো হয়। আবরার জামিল, তার ভাইপো, একই সময়ে হিফজ মাদ্রাসায় ভর্তি হয়েছে এবং একই দিনে হাফেজ হয়েছে। তাই তাদের অনুভূতি একেবারেই ভিন্ন।

এমএইচ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%