ঢাকা শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ইং ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে নবীন শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত


ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে নবীন শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থার উদ্যোগে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নবীন শিক্ষার্থীদের জন্য সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে নবীন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও নারী অধিকার আন্দোলনের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ডা. নাঈমা মোয়াজ্জেম।

আয়োজক কমিটির আহ্বায়ক আঞ্জুমান আরা ইভার সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থার সহকারী সেক্রেটারি জেনারেল ও সাহিত্য সাংস্কৃতিক বিভাগের দায়িত্বশীল রাইসা রিফাত জুইন।

আরও পড়ুন: বেরোবি শিক্ষার্থী আফিক হাসান অভির অকাল মৃত্যুতে উপাচার্যের শোক প্রকাশ

প্রধান অতিথি অধ্যাপক ডা. নাঈমা মোয়াজ্জেম শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান ও দক্ষতাকে সমাজের কল্যাণে কাজে লাগানোর গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, "যে যেই সাবজেক্টে পড়ে সে সেই সাবজেক্টে (বিষয়ে) মুসলিম স্পেশালিস্ট হতে হবে। কারণ ইসলামী শিক্ষা ও আদর্শ ব্যতিত কোনো শিক্ষাই নিজের এবং সমাজের কল্যাণ বয়ে আনে না, আনতে পারে না।"

বিশেষ অতিথির বক্তব্যে রাইসা রিফাত জুইন বলেন, "নিজেকে পুরো পৃথিবীর জন্য সম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। একাডেমিক পড়াশোনায় মনোযোগী হতে হবে ও প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে হবে।" তিনি শিক্ষার্থীদের আত্মগঠন, জ্ঞানচর্চা ও দক্ষতা অর্জনের পাশাপাশি জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর সন্তুষ্টিকে লক্ষ্য হিসেবে গ্রহণ করার আহ্বান জানান।

নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের পথচলাকে অর্থবহ, কল্যাণমুখী ও আদর্শিক চেতনায় সমৃদ্ধ করার প্রত্যাশায় আয়োজিত নবীন সংবর্ধনা আন্তরিক ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

আরও পড়ুন: রূহ ইন্টারন্যাশনাল স্কুলের ৪র্থ হিফয কনভোকেশন ২০২৬ অনুষ্ঠিত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আফগানিস্তানে স্কুলের পাশে বিস্ফোরণে ১০ শিক্ষার্থী নিহত, ১১০ জন আহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:২৯ পি.এম


আফগানিস্তানে স্কুলের পাশে বিস্ফোরণে ১০ শিক্ষার্থী নিহত, ১১০ জন আহত

আফগানিস্তানের একটি স্কুলের নিকট বিস্ফোরণের ফলে অন্তত ১০ জন শিক্ষার্থী প্রাণ হারিয়েছে। এই ঘটনায় আরও ১১০ জন আহত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকালে কুনার প্রদেশের রাজধানী আসাদাবাদের আন্দারসির এলাকায় বিস্ফোরণের এই ঘটনা ঘটে।

তালেবান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মতিন কানি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে জানান, প্রাথমিক তদন্ত অনুযায়ী, কাছাকাছি অবস্থিত খনন কোম্পানির একটি বিস্ফোরক সংরক্ষণাগারে অবহেলা ও অসতর্কতার কারণে এই বিস্ফোরণ ঘটেছে। তবে বিষয়টি নিয়ে তদন্ত এখনও চলমান রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, আহত শিশুদের উদ্ধার করে গাড়ি থেকে নামিয়ে আসাদাবাদের একটি হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হচ্ছে। এ সময় হাসপাতালের বাইরে বিপুলসংখ্যক মানুষের ভিড় লক্ষ্য করা যায়।

হাসপাতালের অভ্যন্তরে আহত শিশুদের ছবি দেখা যায়, যেখানে তারা পাশাপাশি শয্যায় শুয়ে আছে। তাদের মধ্যে অনেকের মাথায় ব্যান্ডেজ বাঁধা রয়েছে।

আফগানিস্তানের অর্থনীতিতে খনিশিল্প একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে দেশটিতে এই খাতের নিরাপত্তা ব্যবস্থা এবং মানদণ্ডের অভাব রয়েছে, যার ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটে।

সূত্র: বিবিসি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চমেক হাসপাতালে কেএসআরএমের দুটি হিমোডায়ালাইসিস মেশিন হস্তান্তর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩১ পি.এম


চমেক হাসপাতালে কেএসআরএমের দুটি হিমোডায়ালাইসিস মেশিন হস্তান্তর

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে কিডনি রোগীদের উন্নত চিকিৎসার জন্য দেশের অন্যতম ইস্পাত প্রস্তুতকারী শিল্পগ্রুপ কেএসআরএম এগিয়ে এসেছে।

এই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আরও দুটি অত্যাধুনিক প্রযুক্তির হিমোডায়ালাইসিস মেশিন (মডেল-৪০০৮এস, জার্মানি) হস্তান্তর করা হয়েছে। কেএসআরএমের পক্ষ থেকে এই মেশিন দুটি চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ তসলিম উদ্দিনের কাছে হস্তান্তর করা হয়।

এ সময় তিনি মন্তব্য করেন, "চমেকে ধারাবাহিক মানবিক সহায়তা দেয়ার জন্য শিল্পগ্রুপ কেএসআরএম সব সময় অগ্রগামী।" তিনি আরও বলেন, "হস্তান্তর করা এসব অত্যাধুনিক ডায়ালাইসিস মেশিন দুরারোগ্য কিডনি রোগীদের চিকিৎসাসেবা সহজলভ্য ও নিশ্চিত করবে।" কেএসআরএমের এই মূল্যবান চিকিৎসা সরঞ্জাম সহায়তায় রোগীরা কম খরচে উন্নত সেবা পাবেন।

এছাড়াও, পরিচালক তসলিম উদ্দিন অন্যান্য বিত্তশালীদের এমন কর্মকাণ্ডে এগিয়ে আসার আহ্বান জানান। এর আগে গত ২৭ জুন চমেক হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ২ কোটি টাকা মূল্যের বিভিন্ন আধুনিক চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করে কেএসআরএম। ওই সময় চারটি হিমোডায়ালাইসিস মেশিন, চারটি রিয়েল-টাইম ফোরডি আল্ট্রাসাউন্ড মেশিন ও জিই ব্র্যান্ডের একটি উদ্ভাবনী কালার ডপলার সিস্টেম হস্তান্তর করেন কেএসআরএমের উপব্যবস্থাপনা পরিচালক সেলিম উদ্দিন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিহারে আখ ভাঙাকে কেন্দ্র করে দুই মাদরাসা ছাত্রের হত্যার পর পুকুরে লাশ ফেলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩২ পি.এম


বিহারে আখ ভাঙাকে কেন্দ্র করে দুই মাদরাসা ছাত্রের হত্যার পর পুকুরে লাশ ফেলা

ভারতের বিহার রাজ্যের গোপালগঞ্জ জেলায় আখ ভাঙাকে কেন্দ্র করে ধাওয়া ও নির্মম মারধরের কয়েক দিন পর একটি পুকুর থেকে দুই মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত দুই কিশোর মোহাম্মদ জায়েদ শহীদি ও আশরাফ আলী, যাদের দুজনেরই বয়স ১৪ বছর বলে জানা গেছে। ২৫ ও ২৬ নভেম্বর তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহত এক ছাত্রের স্বজন ‘দ্য অবজারভার পোস্ট’কে জানিয়েছেন, এই ঘটনার পেছনে সাম্প্রদায়িক বিদ্বেষ কাজ করেছে।

আশরাফ আলীর আত্মীয় মোহাম্মদ শাহাবুদ্দিন অভিযোগ করেন, ২৩ নভেম্বর মাদরাসার জন্য অনুদান (স্থানীয়ভাবে যা 'ওয়াসুলি' নামে পরিচিত) সংগ্রহ করতে যাওয়া পাঁচজন ছাত্রের দলে ওই দুই কিশোর ছিল। হরপুর গ্রাম থেকে ফেরার পথে বাঙ্গরা গ্রামের কাছে তাদের ই-রিকশাটি বিকল হয়ে যায়।

শাহাবুদ্দিন জানান, চালক যখন গাড়িটি মেরামত করছিলেন, তখন শিশুরা নিচে নেমে পাশের একটি আখখেতে ঢুকে দু-একটি আখ ভাঙে। তার ভাষ্যমতে, ই-রিকশাচালক শিশুদের আখ নিতে নিষেধ করেছিলেন। তবে খেতের মালিক সত্যেন্দ্র পাণ্ডে, তার ছেলেরা এবং স্থানীয় আরও কয়েকজন গ্রামবাসী শিশুদের ধাওয়া করেন।

শাহাবুদ্দিন অভিযোগ করে বলেন, “তারা শিশুদের ধরে ফেলে এবং চালককেও বেধড়ক মারধর করে। এছাড়া আখের ক্ষতিপূরণ হিসেবে তারা ১০ হাজার রুপি দাবি করে।”

তিনি আরও জানান, চালক বিষয়টি মাদরাসা কর্তৃপক্ষকে জানালে মাদরাসার সেক্রেটারি ও একজন শিক্ষক শিশুদের ছাড়িয়ে আনতে ঘটনাস্থলে পৌঁছান। শাহাবুদ্দিনের দাবি, একটি পোল্ট্রি খামারের কাছে চারজন ছাত্র ও চালককে আটকে রেখে নির্মমভাবে মারধর করার পর ছেড়ে দেওয়া হয়।

অন্য দুই ছাত্র ভয়ে আখখেতের ভেতর দিয়ে দৌড়ে পালালে প্রায় পাঁচজন লোক তাদের ধাওয়া করে বলে অভিযোগ উঠেছে। শাহাবুদ্দিন দাবি করেন, একপর্যায়ে ক্লান্ত হয়ে এবং কাদায় পা আটকে যাওয়ায় ওই দুই শিশু ধরা পড়ে যায়।

তিনি অভিযোগ করেন, “তারা ওই দুই শিশুকে ধাওয়া করে ধরে ফেলে এবং নির্মমভাবে মারধর করে। এরপর তাদের পুকুরে ফেলে দেয়।”

এই ঘটনার পর থেকেই ওই দুই ছাত্র নিখোঁজ ছিল। শাহাবুদ্দিন জানান, মাদরাসার শিক্ষক শুরুতে আশপাশের গ্রামগুলোতে তাদের খোঁজাখুঁজি করলেও ঘটনার দিন পরিবারকে কিছু জানাননি। পরদিন ২৪ নভেম্বর পরিবারকে বিষয়টি জানানো হলে গ্রামবাসীরাও তল্লাশি অভিযানে যোগ দেন। নিখোঁজ শিশুদের খুঁজতে প্রায় ৩০ থেকে ৪০টি মোটর সাইকেল নিয়ে তল্লাশি চালানো হয় বলে তিনি জানান।

শাহাবুদ্দিন আরও অভিযোগ করেন, তল্লাশি চলাকালে পুলিশের উপস্থিতিতেই প্রধান অভিযুক্ত সত্যেন্দ্র পাণ্ডে হুমকিমূলক মন্তব্য করে পরিবারগুলোকে নিজেদের সন্তান নিজেরাই খুঁজে নিতে বলেন। এ সময় পাণ্ডের ছেলে দম্ভোক্তি করে বলেছিল, শিশুদের এমন মার দেওয়া হয়েছে যে তারা যেখানেই থাকুক না কেন, তা আজীবন মনে রাখবে।

পরবর্তী দিনগুলোতেও তল্লাশি অব্যাহত থাকে। ২৫ নভেম্বর ঝোপঝাড় ও কর্দমাক্ত পাড়বেষ্টিত একটি বড় পুকুরে তল্লাশি চালাতে ড্রোন ব্যবহার করা হয়। শাহাবুদ্দিনের মতে, সেদিনই পুকুরে মোহাম্মদ জায়েদের মরদেহ শনাক্ত ও উদ্ধার করা হয়। পরদিন অর্থাৎ ২৬ নভেম্বর সকাল সাড়ে ৯টার দিকে আশরাফ আলীর মরদেহ উদ্ধার করা হয়।

দুই শিশু কীভাবে পুকুরের মাঝখানে গেল—এমন প্রশ্ন তুলে শাহাবুদ্দিন বলেন, তাদের কেউই সাঁতার জানত না। তার অভিযোগ, পানিতে ফেলে দেওয়ার আগে তাদের ওপর নির্মম নির্যাতন চালানো হয়েছিল; সম্ভবত তাদের হত্যার পর কিংবা গুরুতর আহত অবস্থায় পুকুরে ফেলে দেওয়া হয়।

শাহাবুদ্দিন জানান, এ ঘটনায় ২৭ নভেম্বর সত্যেন্দ্র পাণ্ডে, তার ছেলে ও জড়িত অন্যান্যদের নাম উল্লেখ করে একটি এফআইআর (মামলা) দায়ের করা হয়েছে। তিনি আরও যোগ করেন, ই-রিকশাচালক এবং বেঁচে যাওয়া অন্য তিন ছাত্র হামলাকারীদের শনাক্ত করতে পারবে।

শাহাবুদ্দিনের অভিযোগ, পুলিশ এই মৃত্যুকে নিছক পানিতে ডুবে যাওয়ার ঘটনা হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে, অথচ পরিবারগুলোর বিশ্বাস শিশুদের হত্যা করে মরদেহ পুকুরে ফেলে দেওয়া হয়েছে। তবে এসব অভিযোগ এখনো স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি। শিশুদের মৃত্যুর প্রকৃত কারণ ও পরিস্থিতি তদন্ত এবং ময়নাতদন্তের প্রতিবেদনের ওপর নির্ভর করছে।

পুলিশের এক বিবৃতিতে জানানো হয়েছে, ২৪ নভেম্বর রাত ৮টার দিকে থাওয়ে থানায় খবর আসে যে বারহারিয়া থানার অধীনে একটি মাদরাসার পাঁচজন ছাত্র অনুদান সংগ্রহের জন্য হরপুর গ্রামে গিয়েছিল। তাদের মধ্যে তিনজন নিরাপদে ফিরে এলেও দুজন নিখোঁজ রয়েছে।

পুলিশ জানায়, এ ঘটনায় থাওয়ে থানায় একটি মামলা (মামলা নং ২৭০/২৬) নথিভুক্ত করা হয়েছে এবং তাৎক্ষণিকভাবে তদন্ত শুরু হয়েছে। বিবৃতিতে বলা হয়, পরবর্তীতে বাঙ্গরা গ্রামের পাণ্ডে টোলির নিকটবর্তী একটি নিচু পুকুর থেকে ওই দুই ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়। নিহত মোহাম্মদ জায়েদ সিওয়ানের বাসিন্দা এবং আশরাফ আলী বারহারিয়া পুরানি বাজারের বাসিন্দা ছিলেন।

পুলিশ জানিয়েছে, মরদেহগুলোর সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত চলমান রয়েছে এবং ঘটনার সব দিক খতিয়ে দেখে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সাম্প্রদায়িক লক্ষ্যবস্তু করার অভিযোগ পরিবারের

‘দ্য অবজারভার পোস্ট’ এর সাথে আলাপকালে শাহাবুদ্দিন অভিযোগ করেন, ওই শিশুরা মাদ্রাসার ছাত্র হওয়ায় এবং পাঞ্জাবি-পায়জামা ও টুপির মতো ধর্মীয় পোশাক পরিহিত থাকায় তাদের লক্ষ্যবস্তু করা হয়েছে। তিনি বলেন, “তারা যদি অন্য কোনো সম্প্রদায়ের শিশু হতো, তবে এমন ঘটনা কখনোই ঘটত না।” তার দাবি, ধর্মীয় পরিচয়ের কারণে শিশুদের ওপর চালানো এই ঘটনাকে একটি পরিকল্পিত 'মব ভায়োলেন্স' বা গণপিটুনির ঘটনা হিসেবে দেখা উচিত।

শাহাবুদ্দিন আরও দাবি করেন, অভিযুক্ত সত্যেন্দ্র পাণ্ডে ও তার পরিবার এলাকায় অত্যন্ত প্রভাবশালী হওয়ায় গ্রামবাসীরা তাদের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলতে ভয় পাচ্ছেন।

নিহতদের পরিবার এফআইআরে নাম থাকা সকল আসামির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। শাহাবুদ্দিন জানান, তারা আসামিদের গ্রেপ্তারের অপেক্ষায় আছেন এবং প্রশাসন দ্রুত ব্যবস্থা নিতে ব্যর্থ হলে তারা বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আগামীকাল পালিত হবে বিশ্ব মুভমেন্ট ডিসঅর্ডার দিবস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩২ পি.এম


আগামীকাল পালিত হবে বিশ্ব মুভমেন্ট ডিসঅর্ডার দিবস

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : আগামীকাল পালিত হবে বিশ্ব মুভমেন্ট ডিসঅর্ডার দিবস। এই দিবসটি সারা বিশ্বে স্নায়বিক রোগ ও চলাচলজনিত সমস্যার প্রতি জনসচেতনতা বৃদ্ধি, রোগীদের প্রতি সহমর্মিতা গড়ে তোলা এবং সময়মতো চিকিৎসা গ্রহণের জন্য মানুষকে উৎসাহিত করার উদ্দেশ্যে পালন করা হচ্ছে।

এ বছরের দিবসটির প্রতিপাদ্য হলো ‘আপনার ধারণার চেয়েও বেশি প্রচলিত’।

মুভমেন্ট ডিসঅর্ডার হলো এমন একটি স্নায়বিক সমস্যা যা শরীরের স্বাভাবিক নড়াচড়া নিয়ন্ত্রণে বাধা সৃষ্টি করে। এর ফলে ধীরগতির নড়াচড়া, কাঁপুনি বা অনৈচ্ছিক নড়াচড়ার মতো উপসর্গ দেখা দিতে পারে। এছাড়াও, ঘুমের সমস্যা, কথা বলার অসুবিধা, গিলতে সমস্যা, স্মৃতিভ্রম বা কোষ্ঠকাঠিন্যের মতো নন-মোটর উপসর্গও হতে পারে।

এই দিবসটি উপলক্ষে আগামীকাল ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের কনফারেন্স রুমে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%