০৪:৩১ পি.এম
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন ছাত্র হলের নির্মাণ কাজ চলমান অবস্থায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ব্যানার টাঙানোর ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত কমিটিকে উপাচার্যের কাছে আগামী ৩ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আতিকুর রহমানের স্বাক্ষরিত একটি অফিস আদেশে এ তথ্য প্রকাশ করা হয়।
অফিস আদেশে উল্লেখ করা হয়, ২৪ নভেম্বর তারিখে লালন শাহ হলের উত্তর পাশে নির্মাণাধীন ছাত্র হলের সামনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ব্যানার টাঙানোর ঘটনা ঘটে। প্রক্টরিয়াল বডির সুপারিশের ভিত্তিতে বিষয়টির সুষ্ঠু তদন্তের জন্য উপাচার্য তিন সদস্যের একটি কমিটি গঠন করেছেন।
আরও পড়ুন: শিক্ষার্থীদের মূল্যায়ন হবে মেধা-যোগ্যতার ভিত্তিতে: আমিনুল হক
কমিটির আহ্বায়ক হিসেবে নিয়োগ পেয়েছেন লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. ফখরুল ইসলাম। কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন ল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের সভাপতি মোহাম্মদ আনোয়ারুল ওহাব এবং সহকারী প্রক্টর মো. আতিকুর রহমান।
অফিস আদেশে বলা হয়েছে, কমিটিকে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন, জড়িতদের শনাক্তকরণ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র আচরণবিধির ৯ নম্বর ধারা অনুযায়ী করণীয় বিষয়ে সুস্পষ্ট সুপারিশসহ আগামী ৩ ডিসেম্বরের মধ্যে উপাচার্যের কাছে প্রতিবেদন জমা দিতে হবে।
এ বিষয়ে কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. ফখরুল ইসলাম বলেন, "আমি কর্তব্যরত ছুটিতে আছি। আজ ক্যাম্পাসে ফিরবো। এ বিষয়ে এখনো কিছু জানি না। ক্যাম্পাসে ফিরেই খোঁজ নিব।"
উল্লেখ্য, ২৪ নভেম্বর তারিখে বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন নতুন আবাসিক হলটির নাম শহীদ সাজিদ আব্দুল্লাহর নামে করার দাবিতে শিক্ষার্থীরা স্মারকলিপি প্রদান ও মানববন্ধন করেন। হলটির সামনে আয়োজিত মানববন্ধনে শিক্ষার্থীরা ‘শহীদ সাজিদ আব্দুল্লাহ হল’ নামকরণের দাবি জানান। এ সময় ইসলামী ছাত্র আন্দোলন, শাখা ছাত্রশিবির ও শাখা ছাত্রশক্তির নেতারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: শিক্ষার আলো পৌঁছে দিতে পারিনি: ড. সলিমুল্লাহ খান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন