ঢাকা শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ইং ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

পুতিন ও জেলেনস্কির শহরে পাল্টাপাল্টি হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি


পুতিন ও জেলেনস্কির শহরে পাল্টাপাল্টি হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পাল্টাপাল্টি হামলার ফলে দুই দেশের গুরুত্বপূর্ণ শহরে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নিজ শহর ক্রিভি রিহে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার ফলে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটেছে। অন্যদিকে, ইউক্রেনের পক্ষ থেকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্মস্থান সেন্ট পিটার্সবার্গে ড্রোন হামলা চালানো হয়েছে।

ক্রিভি রিহ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় একটি বড় বিদ্যুৎ উপকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে শহরের বিভিন্ন স্থানে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। ধারণা করা হচ্ছে, ওই উপকেন্দ্রটি ইউক্রেনের প্রতিরক্ষা অবকাঠামোয় বিদ্যুৎ সরবরাহ করত।

শহরের মেয়র ওলেকসান্দ্র ভিলকুল হামলার পর উপকেন্দ্রটিতে আগুন লাগার কথা জানান। তিনি বলেন, "জরুরি উদ্ধার অভিযান শুরু হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণও বেশ বড়।"

আরও পড়ুন: ইসরাইল অভ্যন্তরীণ বিভাজনে ভেঙে পড়ার ঝুঁকিতে, সতর্ক সাইমন সেবাগ

ইউক্রেনীয় বাহিনী সেন্ট পিটার্সবার্গের কেন্দ্রীয় এলাকায় ড্রোন হামলা চালিয়েছে, যেখানে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হামলার ফলে কিছু বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কয়েকটি ড্রোন প্রতিহত করেছে। হামলার পর পুলকোভো আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয় এবং শহরটিতে ইন্টারনেট সংযোগও বিঘ্নিত হয়।

আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গুলির বিকট শব্দে এক শিশু রাতে ঘুমাতে পারছিল না। শিশুটির মা জানান, তার সন্তান মাথার ওপর বালিশ চাপা দিয়ে ঘুমানোর চেষ্টা করছিল যাতে গুলির শব্দ কানে না পৌঁছায়। প্রতিবেশী দেশগুলোতেও যুদ্ধের প্রভাব পড়ছে। রোমানিয়ার সীমান্তের কাছে ড্রোন হামলার আশঙ্কায় ন্যাটোর দুটি এফ-১৬ যুদ্ধবিমানকে নির্ধারিত পথ থেকে সরিয়ে অন্যদিকে পাঠানো হয়।

এমন পরিস্থিতিতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে গোলাগুলির ঘটনা নতুন করে ঘটেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘অদ্ভুত’ সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন। তিনি পুতিনের প্রতি হোয়াইট হাউসের ক্রমবর্ধমান সহানুভূতিশীল মনোভাবের কঠোর সমালোচনা করেন।

জেলেনস্কি বলেন, "আমরা চাই, আমেরিকার অবস্থান যেন আমেরিকার নিজস্ব অবস্থানই হয়।" তিনি যুক্তরাষ্ট্রের কাছে রাশিয়ার বক্তব্যের সঙ্গে মিল রেখে কোনো অবস্থান চান না। একই সঙ্গে ট্রাম্পের পুতিনের প্রতি বন্ধুত্বপূর্ণ মনোভাবেরও সমালোচনা করেন।

আরও পড়ুন: ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রীর নৈশভোজে অংশ নেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি পুতিনকে জার্মানির নাৎসি নেতা অ্যাডলফ হিটলারের সঙ্গে তুলনা করেন এবং পুতিনকে একজন ‘আগ্রাসী’ হিসেবে অভিহিত করেন। চলতি মাসের শুরুতে চীনে প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে এক শীর্ষ সম্মেলনে ট্রাম্প পুতিনকে ‘বন্ধু’ বলে উল্লেখ করেছিলেন।

গতকাল ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে দেওয়া যৌথ বিবৃতির ভাষা একতরফাভাবে পরিবর্তন করেন ট্রাম্প। ওই বিবৃতিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানানো হয়েছিল। কিন্তু ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ ভিন্ন অবস্থান তুলে ধরেন।

তিনি সতর্কবার্তা দেন যে, ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত যেকোনো পদক্ষেপের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। তার এই সতর্কবার্তা রাশিয়া এবং ইউক্রেন উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। রাজনৈতিক সংবাদমাধ্যম ‘পলিটিকো’র প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্পের এভাবে যৌথ বিবৃতির ভাষা পরিবর্তন করা মার্ক রুটের জন্য বিস্ময়কর ছিল।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বিষয়ে রুট বরাবরই সতর্ক অবস্থান বজায় রেখেছেন এবং ন্যাটোর সদস্যদেশগুলোর মধ্যে ঐক্য ধরে রাখার চেষ্টা হিসেবে তিনি প্রায়ই প্রকাশ্যে ট্রাম্পের প্রশংসা করে থাকেন।

আরও পড়ুন: ইরানের ৩ গ্যাস পাইপলাইন পুনরায় চালু

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারায়ণগঞ্জ সদর উপজেলার ৭টি ইউনিয়নে মশক নিধন ঔষধ ও ফগার মেশিন বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত​​।

আন্তর্জাতিক ডেস্ক

পারভীন আক্তার, স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ জেলা

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩১ পি.এম


নারায়ণগঞ্জ সদর উপজেলার ৭টি ইউনিয়নে মশক নিধন ঔষধ ও ফগার মেশিন বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত​​।

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ, জনস্বাস্থ্য-সুরক্ষা, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণে নারায়ণগঞ্জ সদর উপজেলার ৭টি ইউনিয়নে মশক নিধন ঔষধ ও ফগার মেশিন বিতরণ করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে নারায়ণগঞ্জ এর জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবির নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলা, মশাবাহিত রোগ প্রতিরোধে প্রশাসনিক উদ্যোগের পাশাপাশি প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংস্কৃতিমন্ত্রী: পলাতক শক্তি দেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা করছে

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩২ পি.এম


সংস্কৃতিমন্ত্রী: পলাতক শক্তি দেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা করছে

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী ৫৯০ জনের বেশি বীর শহীদের ব্যবহৃত সামগ্রী ও স্মৃতিস্মারক নিয়ে শুরু হয়েছে দুই দিনব্যাপী বিশেষ প্রদর্শনী ‘উইটনেসেস টু জুলাই ম্যাসাকার মেমোরিয়াল এক্সিবিশন ২০২৬’। শনিবার বেলা ১১টা ৩০ মিনিটে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। সভাপতির দায়িত্ব পালন করেন জুলাই জাদুঘরের মহাপরিচালক এহ্‌সান মাহমুদ।

উদ্বোধনের পরপরই প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। সেখানে শহীদ পরিবারের সদস্য, শিক্ষার্থী এবং সাধারণ দর্শনার্থীরা জড়ো হন। কালো রঙের টেবিলের ওপর বিছিয়ে রাখা রক্তমাখা শার্ট, অসমাপ্ত ডায়েরির পাতা, ভাঙা চশমা কিংবা প্রিয়জনের শেষ চিঠি। প্রদর্শনীর সামনে দাঁড়িয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন স্বজনেরা। প্রদর্শনীস্থল ঘুরে দেখার সময় এক হৃদয়বিদারক ও গাম্ভীর্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, ‘বিগত স্বৈরাচারী ফ্যাসিবাদী শক্তি দেশে গুম, খুন, আয়নাঘর, ক্রসফায়ার ও নির্মম নির্যাতন চালিয়েছে। দেশের সব সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করে এবং নির্বাচনব্যবস্থাকে নষ্ট করে বিনা ভোটে ও রাতের ভোটে তারা জোরপূর্বক ক্ষমতায় টিকে ছিল।’

তিনি আরো বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে যে পুলিশ স্বৈরাচারের নির্দেশে গুলি করেছে, দেখা গেল তার ছেলেও এখানে নিহত হয়ে শহীদ হয়েছে। সেনাবাহিনীর অফিসারের ছেলে শহীদ হয়েছে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান—জাতি-ধর্মনির্বিশেষে যাঁরা বাংলাদেশকে ভালোবাসেন, সবাই এই গণঅভ্যুত্থানে শামিল হয়েছেন। গণমাধ্যমের কর্মী ও সাংবাদিকেরাও বিষয়টি বুঝতে পেরেছিলেন।’

সংস্কৃতিমন্ত্রী বলেন, ‘বিশাল গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন হয় এবং তিনি এখান থেকে পালিয়ে যান। তার পালিয়ে যাওয়ার পরপরই সব মন্ত্রী, সিটি করপোরেশনের মেয়র, এমপি, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যানরা পালিয়ে যান। এই পলাতক শক্তি এখন আবার দেশের বাইরে থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য পরিকল্পিত ছক কষে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর নানা ষড়যন্ত্র করছে। এ কারণেই তারা স্বীকার করে না যে জুলাই গণঅভ্যুত্থান কেন হয়েছে এবং কেন তারা পালিয়েছে। তারা বিভিন্ন দেশ থেকে, সীমান্তের ওপার থেকে উসকানি দিয়ে যাচ্ছে। বাংলাদেশের সচেতন জনগণ এবং জুলাই অভ্যুত্থানে যাঁরা আন্দোলন-সংগ্রাম করেছেন, তারা আজ ঐক্যবদ্ধ এবং সবাই রাজপথে আছেন। অতএব এসব দুষ্কৃতকারী বা কোনো অপশক্তিকে তারা ভয় পান না। এসব করে কোনো লাভ নেই; বাংলাদেশ স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে এগিয়ে যাবে।’

বিশেষ অতিথির বক্তব্যে ডা. জাহেদ উর রহমান বলেন, ‘প্রত্যেক শহীদের পরিবারের একই রকম কষ্ট এবং হাহাকার আছে। যে পরিবারে সন্তান মারা গেছে, সে তার একমাত্র সন্তান হোক বা অন্য সন্তানদের মধ্যকার একজন হোক, এই কষ্টের কোনো সীমা নেই। রাষ্ট্র প্রত্যেক শহীদকে সমানভাবে দেখতে চায়।’

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সম্পর্কে তিনি বলেন, ‘ডিসেম্বর আসছে। পালিয়ে যাওয়া স্বৈরাচার দেশে আসার আওয়াজ তুলছেন। উনি আসবেন না, কোনো সম্ভাবনাই নেই। শুধু উনি নন, ওনাদের এই পার্টি বাংলাদেশে কী করে গেছে, কী পরিমাণ বিপর্যয় চালিয়ে গেছে—এই ধরনের প্রদর্শনী ও জাদুঘরের মাধ্যমে আমরা ক্রমাগত সেই স্মৃতিকে সজীব ও সতেজ রাখতে চাই। বাংলাদেশে শেখ হাসিনা তো বটেই, এই পার্টিরও কবর হোক জনগণের মনের দিক থেকে।’

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জুলাই জাদুঘরের মহাপরিচালক এহ্‌সান মাহমুদ বলেন, ‘২০২৪-এর গণঅভ্যুত্থান ও স্বৈরাচারের পতনের ঘটনা এবং বিগত দেড় দশক বাংলাদেশ যে স্বৈরাচারের জাঁতাকলে ছিল, তার স্মৃতি রক্ষার্থে গবেষণা, ইতিহাস সংরক্ষণ ও শহীদদের স্মারক প্রদর্শনের জন্যই মূলত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছে।’

তিনি আরো বলেন, ‘বর্তমানে এই জাদুঘরে ৫৯০ জন শহীদের স্মারক আমাদের কাছে সংরক্ষিত রয়েছে। এর মধ্যে জাদুঘরের গ্যালারিতে ২০৫ জন শহীদের ৫০০-এর বেশি স্মারক প্রদর্শন করা হচ্ছে। কিন্তু আমাদের কাছে শহীদদের ব্যবহৃত ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৮০০ স্মৃতিস্মারক রয়েছে। জায়গার সংকুলান না হওয়ায় আমরা দ্রুত সব প্রদর্শন করতে পারছি না।’ সামনের দিনে বিভিন্ন প্রদর্শনী ও জুলাই জাদুঘরের গ্যালারিতে পর্যায়ক্রমে সংগৃহীত সব নিদর্শন দেখানো হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও শহীদদের আত্মত্যাগ তুলে ধরতে জুলাই জাদুঘরের এই বিশেষ আয়োজন রোববার পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

এমই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর পরিকল্পনায় সিলেট-৩ আসনের এমপির বাসভবনে পেট্রোল বোমা হামলা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩২ পি.এম


ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর পরিকল্পনায় সিলেট-৩ আসনের এমপির বাসভবনে পেট্রোল বোমা হামলা

সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মালিকের (এম এ মালেক) বাসভবনে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটেছে। শনিবার ভোরে দক্ষিণ সুরমার ঢাকা-সিলেট মহাসড়কসংলগ্ন তেতলি এলাকায় তার বাসভবন খাজা মহলে এই হামলার ঘটনা ঘটে। হামলার পর দুপুরে এমপি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের ক্ষোভ প্রকাশ করেন এবং জীবনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

হামলার বর্ণনা দিতে গিয়ে সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিক বলেন, "আমি বাইরে থেকে এসে রাত ২টা ৪৫ বা ৩টার দিকে ঘুমাতে গিয়েছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনতে পাই। পরে নিরাপত্তাকর্মীরা বাইরে গিয়ে দেখতে পান, একটি পিকআপে করে দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করেছে। এতে আগুন ধরে যায়। তবে বাসায় ফায়ার এক্সটিংগুইশার থাকায় নিরাপত্তাকর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।"

এ ঘটনায় মানসিক ক্ষতির কথা উল্লেখ করে এমপি আব্দুল মালিক বলেন, "আমাদের ফায়ার এক্সটিংগুইশার থাকার আগুন নিয়ন্ত্রণে এসেছে। নাহলে তো একবারে পুরা বাড়ি এক মিনিটের মধ্যে শেষ হয়ে যেত। এই ঘটনায় পরিবারে মানসিক অশান্তি ও আতঙ্ক তৈরি হয়েছে। সবচেয়ে বড় একটা মানসিক ক্ষতি। এখন এই বাড়িতে কেউ থাকতে গেলেও রাত্রে ভয় পাবে। আমার ওয়াইফ তো মানে কালকে থেকে এক ধরনের একটা ডিপ্রেশনের মতোই, কারণ এইটাতে তারা তো অভ্যস্ত না। এই আমার ছেলেও সে রাত্রে বাইরে গেছে। এটা একটা মানসিক অশান্তি এবং লাইফের তো রিস্ক আছেই।"

হামলার পেছনে আওয়ামী লীগ ও বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ তুলে সংসদ সদস্য বলেন, "গত দিনও আমরা দক্ষিণ সুরমায় সন্ত্রাসবিরোধী র‌্যালি করেছি। এই সন্ত্রাসী চক্রকে ফান্ডিং ও উসকানি দেওয়া হচ্ছে। এমনকি আমরা এখানে কারো সঙ কথা বলার আগেই লন্ডন থেকে আওয়ামী লীগপন্থী সাংবাদিকরা হামলার ভিডিওসহ এ নিয়ে প্রথম নিউজ করেছে। দিল্লিতে বসে শেখ হাসিনা এবং ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর পরিকল্পনায় এসব হচ্ছে।"

তিনি আরও দাবি করেন, এর আগেও লন্ডনে তাঁর ওপর একাধিকবার হামলা হয়েছে। এমনকি গাড়িতে ট্র্যাকার লাগিয়ে তাঁকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল বলেও অভিযোগ করেন। নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, "খোদা না খাস্তা আমি যদি কোনো কারণে মারা যাই বা গুম হই, তবে এর জন্য তারাই দায়ী থাকবে।"

এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে এমপি আব্দুল মালিক বলেন, "গত ১৫–১৬ বছর মানুষ বাড়িতে ঘুমাতে পারেনি, কিন্তু এখন সবাই নিজ নিজ বাড়িতে শান্তিতে ঘুমাচ্ছে। আমি এমপি হওয়ার পর নিশ্চিত করেছি যেন আওয়ামী লীগের কেউও মানবাধিকার থেকে বঞ্চিত না হয় বা আমাদের দ্বারা কারো ক্ষতি না হয়।"

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় ধৈর্য্য ধারণ করে চলার কথা জানিয়ে সংসদ সদস্য বলেন, "হুমকি-ধামকি বা মহড়া দিয়ে আমাকে দমানো যাবে না। ‘সবার আগে বাংলাদেশ’—এই আদর্শ নিয়ে আমরা সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করব।"

পুলিশ জানায়, ভোরের দিকে পিকআপে করে এসে একদল দুর্বৃত্ত এম এ মালিকের বাসার বাইরে থেকে পেট্রলবোমা ছুড়ে দ্রুত পালিয়ে যায়। এতে আগুনের সূত্রপাত হলে বাসার নিরাপত্তাকর্মীরা দ্রুত তা নিয়ন্ত্রণে আনেন।

সিলেট মহানগর পুলিশের মিডিয়া বিভাগের দায়িত্বে থাকা উপকমিশনার (ডিসি-সিটিএসবি) মো. আফজাল হোসেন জানান, জনমনে আতঙ্ক সৃষ্টি করতে এ ঘটনা ঘটিয়েছে নাশকতাকারীরা। আগুনে তেমন ক্ষতি হয়নি। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

এমএইচ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রমিক অসন্তোষে বাংলাদেশের পোশাকশিল্প ক্ষতিগ্রস্ত, ভারত পাচ্ছে সুবিধা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩২ পি.এম


শ্রমিক অসন্তোষে বাংলাদেশের পোশাকশিল্প ক্ষতিগ্রস্ত, ভারত পাচ্ছে সুবিধা

বাংলাদেশে শ্রমিক অসন্তোষ, উৎপাদন ব্যাহত হওয়া এবং উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ার কারণে বিশ্বের শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলো দেশের তৈরি পোশাক খাত থেকে ক্রয়াদেশ সরিয়ে নিচ্ছে। আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর মধ্যে জারা, এইচঅ্যান্ডএমসহ উল্লেখযোগ্য অংশ প্রতিবেশী ভারতে যাচ্ছে। এছাড়া ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়াতেও পোশাকের ক্রয়াদেশ বৃদ্ধি পাচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, নভেম্বরের প্রথম ১৮ দিনে বাংলাদেশ থেকে প্রায় ২৫ কোটি ৪০ লাখ ডলারের পোশাকের ক্রয়াদেশ অন্য দেশে স্থানান্তরিত হয়েছে। তিনজন কারখানামালিকের তথ্য অনুযায়ী, মাসের মোট ক্রয়াদেশের প্রায় ১০ শতাংশ আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো অন্য এশীয় দেশে সরিয়ে নিয়েছে। এর মধ্যে ভারতে সবচেয়ে বেশি ক্রয়াদেশ স্থানান্তরিত হয়েছে।

বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি তৈরি পোশাক শিল্প। এ খাত দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি প্রদান করে। পাশাপাশি উৎপাদন খাতের প্রায় ৪০ শতাংশ কর্মসংস্থানও এই শিল্পের ওপর নির্ভরশীল। তবে সাম্প্রতিক শ্রমিক অসন্তোষের কারণে খাতটি বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে। বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) হিসাব অনুযায়ী, শ্রমিক অসন্তোষের ফলে উৎপাদনে ৪০ কোটি ডলারের বেশি ক্ষতি হয়েছে।

শিল্প সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, শ্রমিক অসন্তোষের পাশাপাশি মজুরি বৃদ্ধি, জ্বালানি সংকট ও রাজনৈতিক অনিশ্চয়তা বাংলাদেশের কম খরচে পোশাক উৎপাদনের সক্ষমতাকে চাপে ফেলছে। ফলে আন্তর্জাতিক ক্রেতারা, যারা চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ বাংলাদেশ, সেখান থেকে মুখ ফিরিয়ে বিকল্প উৎপাদন কেন্দ্রের দিকে ঝুঁকছেন।

ভারত পাচ্ছে সবচেয়ে বেশি ক্রয়াদেশ

শিল্প উদ্যোক্তাদের মতে, বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়া ক্রয়াদেশের সবচেয়ে বড় অংশ ভারতে যাচ্ছে। একই সঙ্গে ক্রেতারা সরবরাহব্যবস্থার ঝুঁকি কমানো এবং নির্ধারিত সময়ে পণ্য হাতে পেতে ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়াকেও বেছে নিচ্ছেন।

গত বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সরকার তৈরি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৬ শতাংশ বাড়ানোর অনুমোদন দিয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত চার দশকের মধ্যে এটিই সবচেয়ে কম হারে মজুরি বৃদ্ধির ঘটনা। যদিও শ্রমিকদের দাবি ছিল, মজুরি দ্বিগুণের বেশি বাড়াতে হবে। নতুন মজুরি ঘোষণার পরেও পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

তবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আবদুর রহমান তারাফদার এই মজুরি বৃদ্ধিকে ‘সন্তোষজনক’ বলে অভিহিত করেছেন।

শিল্প উদ্যোক্তাদের আশঙ্কা, মজুরি বৃদ্ধির ফলে ভারতের তুলনায় বাংলাদেশের শ্রম ব্যয়ের প্রতিযোগিতামূলক সুবিধা আরও কমে যাবে। অন্যদিকে শ্রমিক সংগঠনগুলোর বক্তব্য, আন্তর্জাতিক পোশাক শিল্পের মানদণ্ডে বাংলাদেশের শ্রমিকদের মজুরি এখনো অনেক কম।

সরকারের গঠিত মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধি ও শ্রমিক নেতা বাবুল আখতার বলেন, শ্রমিক অসন্তোষকে অজুহাত হিসেবে দেখিয়ে আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর বাংলাদেশ থেকে ক্রয়াদেশ সরিয়ে নেওয়া ঠিক নয়। রাজনৈতিক অস্থিতিশীলতা ও শ্রমিক অসন্তোষের বিষয়গুলো ক্রেতারা আগে থেকেই বিবেচনায় রাখেন। তাই এসব কারণ দেখিয়ে ক্রয়াদেশ স্থানান্তরের সিদ্ধান্ত কতটা যৌক্তিক, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

অন্যদিকে আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে সম্পর্ক নষ্ট হওয়ার আশঙ্কায় নাম প্রকাশ না করার শর্তে তিন কারখানামালিক জানান, শ্রমিক অসন্তোষের কারণে জারা, এইচঅ্যান্ডএম, মার্কস অ্যান্ড স্পেনসার ও সেলিওসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক ব্র্যান্ড তাদের ক্রয়াদেশ অন্য দেশে সরিয়ে নিয়েছে। এসব ক্রয়াদেশের বড় অংশ ভারত পেয়েছে।

জারার মূল প্রতিষ্ঠান ইন্ডিটেক্স এ বিষয়ে রয়টার্সের প্রশ্নের জবাব দেয়নি। একইভাবে মার্কস অ্যান্ড স্পেনসার, এইচঅ্যান্ডএম ও সেলিওও মন্তব্য করতে রাজি হয়নি।

এদিকে রয়টার্সের প্রতিবেদন প্রকাশের পর ভারতের বস্ত্র খাতের কয়েকটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। গোকালদাস এক্সপোর্টসের শেয়ারের দাম সর্বোচ্চ ১১ শতাংশ এবং ট্রাইডেন্টের প্রায় ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এছাড়া ওয়েলস্পান লিভিং, কেপিআর মিল ও বর্ধমান টেক্সটাইলসের শেয়ারের দামও প্রায় ২ শতাংশ করে বেড়েছে।

বিজিএমইএর পরিচালক এম মহিউদ্দিন চৌধুরী বলেন, মজুরি, জ্বালানি, অন্যান্য পরিষেবা ও কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় পোশাক উৎপাদনকারীরা বাড়তি চাপের মধ্যে রয়েছেন। একদিকে ক্রেতারা পণ্যের দাম কমানোর চাপ দিচ্ছেন, অন্যদিকে প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতাও বাড়ছে। এর মধ্যে মজুরি বৃদ্ধির ফলে উৎপাদন ব্যয় আরও বেড়েছে।

বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান অবশ্য নির্দিষ্ট কোনো ব্র্যান্ডের নাম উল্লেখ করেননি। তবে তিনি মনে করেন, সাময়িকভাবে কিছু ক্রয়াদেশ অন্য দেশে সরিয়ে নেওয়ার মাধ্যমে আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে সম্পর্ক বজায় রাখা এবং আর্থিক ক্ষতি কমানো সম্ভব।

ভবিষ্যতের ক্রয়াদেশ হারানোর শঙ্কা

বাংলাদেশের পোশাক শিল্পের উদ্যোক্তাদের বড় উদ্বেগ এখন শুধু বর্তমান ক্রয়াদেশ হারানো নয়, বরং ভবিষ্যতের ব্যবসাও হাতছাড়া হওয়ার আশঙ্কা। আন্তর্জাতিক ক্রেতারা পোশাক উৎপাদনের জন্য বিকল্প দেশগুলোর সক্ষমতা নতুন করে যাচাই করছেন। এতে দীর্ঘমেয়াদে বাংলাদেশের বাজার হারানোর ঝুঁকি তৈরি হয়েছে।

মধ্যপ্রাচ্যের সংকটের কারণে জ্বালানি সরবরাহে চাপ তৈরি হয়েছে। এর প্রভাব পড়ছে বাংলাদেশের পোশাক কারখানাগুলোতেও। জ্বালানির অভাবে উৎপাদন ব্যাহত হওয়ায় কিছু কারখানাকে বেশি খরচে বিকল্প জ্বালানি ব্যবহার করতে হচ্ছে।

মহিউদ্দিন চৌধুরী বলেন, বর্তমানে ক্রেতাদের কাছে পণ্যের দামের চেয়ে নির্ধারিত সময়ে সরবরাহ নিশ্চিত করা বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সময়মতো পণ্য পৌঁছানোর বিষয়টি নিশ্চিত না হলে কম দামে পণ্য উৎপাদনের সুবিধাও ক্রেতাদের কাছে গুরুত্ব হারায়।

তার দেওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশি সরবরাহকারীদের তুলনায় ভারত থেকে প্রায় এক সপ্তাহ আগে পণ্য সরবরাহ করা সম্ভব। অন্যদিকে ভিয়েতনাম ও কম্বোডিয়া এ ক্ষেত্রে সর্বোচ্চ ১৫ দিন পর্যন্ত সময় বাঁচাতে পারে। এসব প্রতিদ্বন্দ্বী দেশে সাধারণত ৬০ থেকে ৯০ দিনের মধ্যে উৎপাদন ও সরবরাহ সম্পন্ন হয়। অথচ বাংলাদেশে একই প্রক্রিয়ায় প্রায় ১২০ দিন সময় লাগে।

উৎপাদন ব্যাহত হওয়ায় ঢাকার আশপাশের অনেক পোশাক কারখানায় ২০ থেকে ২৫ দিনের কাজ জমে আছে। নির্ধারিত সময়ের মধ্যে পণ্য সরবরাহ করতে কোনো কোনো প্রতিষ্ঠান শ্রমিকদের অতিরিক্ত সময় কাজ করানো এবং বেশি খরচে আকাশপথে পণ্য পাঠানোর পরিকল্পনা করছে।

ইউরোপের বিভিন্ন ব্র্যান্ডে পোশাক সরবরাহকারী অ্যালপস অ্যাপারেলস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক খান মনিরুল আলম বলেন, শ্রমিক অসন্তোষের কারণে কারখানাগুলোতে নতুন ক্রয়াদেশ আসার পরিমাণ ইতোমধ্যে কমে গেছে।

তিনি জানান, ১ নভেম্বর থেকে তার অধিকাংশ ক্রেতা নতুন ক্রয়াদেশ দেওয়া বন্ধ রেখেছেন। ক্রেতারা জানিয়েছেন, তাদের ক্রয়াদেশ অন্য দেশে সরিয়ে নেওয়া হয়েছে, স্থগিত করা হয়েছে অথবা বাতিল করা হয়েছে। এরই মধ্যে তারা বিকল্প উৎপাদন ব্যবস্থা গড়ে তুলেছেন।

এদিকে ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন ঘিরে রাজনৈতিক উত্তেজনা নতুন করে অস্থিরতার আশঙ্কা বাড়াচ্ছে।

শিল্প উদ্যোক্তারা মনে করছেন, আন্তর্জাতিক ক্রেতাদের আস্থা ধরে রাখতে রাজনৈতিক স্থিতিশীলতা এবং কারখানায় নিরবচ্ছিন্ন উৎপাদন নিশ্চিত করা জরুরি। মহিউদ্দিন চৌধুরীর আশঙ্কা, অস্থিরতার সময়ে যেসব ক্রয়াদেশ অন্য দেশে সরিয়ে নেওয়া হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরও সেগুলো বাংলাদেশে ফিরে নাও আসতে পারে।

তিনি বলেন, সাময়িকভাবে অন্য দেশে সরিয়ে নেওয়া ক্রয়াদেশ যেন দীর্ঘমেয়াদি সিদ্ধান্তে পরিণত না হয়, সে জন্য আন্তর্জাতিক ক্রেতাদের আস্থা ফিরিয়ে আনাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ব্র্যান্ডগুলোর হাতে বিকল্প উৎপাদন কেন্দ্র রয়েছে। অস্থিরতা অব্যাহত থাকলে তারা বাংলাদেশের জন্য অপেক্ষা করবে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%