০৭:৩১ পি.এম
সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী মন্তব্য করেছেন, সুস্থ সংস্কৃতির চর্চা মানবিক, অসাম্প্রদায়িক এবং সম্প্রীতিপূর্ণ সমাজ গঠনের জন্য একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। তরুণ প্রজন্মকে সৃজনশীল ও ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত করতে সাংস্কৃতিক সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংস্কৃতির চর্চা মানুষের মধ্যে মননশীলতা, সহনশীলতা, মানবিকতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ জাগ্রত করে।
শনিবার (২৮ নভেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠন ‘রক্তকরবী’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। ‘সৃজনের ছায়াপথে মিলবে প্রাণে প্রাণে’—এই স্লোগানকে সামনে রেখে নাচ, গান, কবিতা ও শ্রুতিনাট্যের একটি বর্ণিল আয়োজনের মাধ্যমে অনুষ্ঠানটি উদযাপন করা হয়।
সংস্কৃতিমন্ত্রী আরও বলেন, ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টার সমন্বয়েই বৃহৎ অর্জনের পথ তৈরি হয়। আজকের এই জাঁকজমকপূর্ণ আয়োজন তারই একটি উজ্জ্বল উদাহরণ। সমুদ্রের ঢেউ যেমন বেলাভূমিতে আছড়ে পড়ে এক অনন্য অনুভূতির সৃষ্টি করে, আজকের এই আয়োজনও তেমনি আমার মনকে গভীরভাবে আন্দোলিত করেছে। ভাব যেখানে গভীর, ভাষা সেখানে বোবা।
আরও পড়ুন: জন্মদিনে শুটিং থেকে ছুটি পেলেন দীপা খন্দকার, নতুন সিনেমায় ব্যস্ত
তিনি উল্লেখ করেন, আমাদের রয়েছে হাজার বছরের সমৃদ্ধ ঐতিহ্য, সংস্কৃতি ও নিজস্ব জীবনধারা। কৃষক ও মেহনতি মানুষের ঘামে ভেজা নদীমাতৃক এই বাংলা হাজারো বৈচিত্র্যে ভরপুর। এ দেশের মাটি, মানুষ, প্রকৃতি, লোকজ ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈচিত্র্য আমাদের জাতীয় পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। এই ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ, লালন এবং নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব আমাদের সবার।
১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ উল্লেখ করে মন্ত্রী সেই সময় ছাত্র সংগ্রাম পরিষদে নিজের ভূমিকার স্মৃতিচারণ করেন। তিনি বলেন, বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন ও ঐতিহাসিক পরিবর্তনে ঢাকা বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকসমাজ সব সময় দেশের অধিকার, গণতন্ত্র ও প্রগতিশীল সাংস্কৃতিক চেতনা বিকাশে অগ্রণী ভূমিকা রেখেছেন।
রক্তকরবীর শিল্পীদের পরিবেশনা ও উপস্থাপনার প্রশংসা করে সংস্কৃতিমন্ত্রী বলেন, তাদের পরিবেশনায় ক্ষুদ্র উদ্যোগের মধ্যেও বৃহৎ সৃষ্টির সম্ভাবনা প্রতিফলিত হয়েছে। বিন্দুর মধ্যে যেমন সিন্ধুর বিশালতা অনুভব করা যায়, তেমনি একটি সাংস্কৃতিক সংগঠনের সৃজনশীল কর্মকাণ্ডের মধ্যেও একটি সমৃদ্ধ সাংস্কৃতিক সমাজের স্বপ্ন ও সম্ভাবনা নিহিত থাকে। রক্তকরবীর শিল্পীদের পরিবেশনা সেই সম্ভাবনারই পরিচয় বহন করে।
মন্ত্রী রক্তকরবীর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে সংগঠনটির সঙ্গে সংশ্লিষ্ট শিল্পী, সংগঠক ও শুভানুধ্যায়ীদের অভিনন্দন জানান। তিনি প্রত্যাশা ব্যক্ত করেন, রক্তকরবী তার সৃজনশীল কর্মকাণ্ড, সাংস্কৃতিক পরিবেশনা ও শিল্পচর্চার মধ্য দিয়ে দেশের ঐতিহ্যবাহী সংস্কৃতির বিকাশে আরো গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
আরও পড়ুন: আরিয়ান খানের মাদক মামলার নতুন তথ্য প্রকাশ করলেন সাবেক কর্মকর্তা সঞ্জয় কুমার সিং
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন