০৬:০৬ পি.এম
জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার বর্তমানে নাটকের পাশাপাশি সিনেমাতেও নিয়মিত কাজ করছেন। বড় পর্দায় অভিনয় করতে তিনি গল্প ও চরিত্র পছন্দ হলে স্বাচ্ছন্দ্যবোধ করেন। বর্তমানে কুষ্টিয়ায় তার নতুন সিনেমা ‘আবার দেখা হলে’র শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন দীপা।
এই মাসের অধিকাংশ সময় তিনি কুষ্টিয়ার বিভিন্ন লোকেশনে সিনেমার শুটিংয়ে ব্যস্ত ছিলেন। কখনো টানা দুই দিন, কখনো তিন দিন শুটিং করে ঢাকায় ফিরে অন্য নাটকের কাজ সেরে আবার কুষ্টিয়ায় ছুটতে হয়েছে তাকে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, আজ জন্মদিনে কুষ্টিয়ায় থাকার কথা ছিল দীপার। তবে কয়েক দিন আগে বৃষ্টির কারণে শুটিংয়ের সিডিউলে পরিবর্তন আসায় জন্মদিনে শুটিং থেকে অব্যাহতি পেয়েছেন তিনি।
জন্মদিনের পরিকল্পনা সম্পর্কে দীপা খন্দকার জানান, বৃষ্টির কারণে সিডিউল পরিবর্তন হওয়ায় তার জন্মদিন শুটিংবিহীন কেটেছে, যা তার জন্য বেশ স্বস্তির। আজকের অধিকাংশ সময় তিনি পরিবারের সঙ্গে কাটাচ্ছেন এবং চ্যানেল আইয়ের দুপুরের সরাসরি অনুষ্ঠানে অংশ নিচ্ছেন।
আরও পড়ুন: আরিয়ান খানের মাদক মামলার নতুন তথ্য প্রকাশ করলেন সাবেক কর্মকর্তা সঞ্জয় কুমার সিং
নতুন সিনেমা ‘আবার দেখা হলে’ সম্পর্কে দীপা বলেন, তিনি এই সিনেমায় ‘ছোট মা’ চরিত্রে অভিনয় করছেন। সিনেমাটির গল্প খুব সুন্দর উল্লেখ করে তিনি জানান, ইউনিটটি ভীষণ গোছানো ও পরিপাটি, যা নিয়ে তার প্রত্যাশা অনেক।
জন্মদিনে সবার কাছে দোয়া চেয়ে দীপা বলেন, “সুস্থ থাকি, ভালো থাকি—আরও ভালো গল্পের নাটক ও সিনেমায় যেন অভিনয় করতে পারি। অভিনয় জীবন ও দর্শকের ভালোবাসা নিয়ে আমি ভীষণ সন্তুষ্ট।”
সাম্প্রতিক ও আসন্ন কাজের বিষয়ে দীপা জানান, মহিদুল মহিমের একটি নাটকের কাজ তিনি ইতিমধ্যে শেষ করেছেন, যেখানে তার সহশিল্পী হিসেবে রয়েছেন পলাশ, পারসা ইভানা ও মনিরা মিঠু। এছাড়া ২৯, ৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর কুষ্টিয়ায় শুটিং শেষে ঢাকায় ফিরে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’র শুটিং করবেন। পাশাপাশি ২০ ডিসেম্বর পর্যন্ত হাসান রেজাউলের ধারাবাহিক ‘বকুলপুর সিজন থ্রি’ এবং রাফাত মজুমদার রিংকুর একটি খণ্ড নাটকসহ আরও কয়েকটি কাজে অংশ নেবেন তিনি।
এদিকে, দীপা খন্দকার অভিনীত ‘হাঙ্গর’ ও ‘ঋতুকামিনী’ নামের দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।
আরও পড়ুন: ঢাকার দর্শকদের সঙ্গে সরাসরি কথোপকথনে মগ্ন ওটিলিয়া
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন