০৬:০৫ পি.এম
পঞ্চগড়, ২৮ নভেম্বর ২০২৬ : আজ জেলায় ‘চা শিল্পের ভবিষ্যৎ গড়ে তুলব একসঙ্গে’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে চা চাষি সম্মেলন ও মিলন মেলা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকালে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে বেলুন উড়িয়ে সম্মেলন ও মিলন মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক শুকরিয়া পারভীন।
সকাল ১০টা থেকে চা চাষিদের নিবন্ধনের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। পরে বেলা ১১টায় জেলা চা বাগান মালিক সমিতির উদ্যোগে সরকারি অডিটোরিয়াম চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
আরও পড়ুন: গোপালগঞ্জে দুই দিনের লকডাউন, মাঠে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক
এরপর পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা চা বাগান মালিক সমিতির সভাপতি দিদারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের জেলা প্রশাসক শুকরিয়া পারভীন।
এ সময় জেলা চা বাগান মালিক সমিতির সাধারণ সম্পাদক মানিক খান, সমিতির উপদেষ্টা আনিসুজ্জামান প্রামাণিক নূতন প্রমুখ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা উল্লেখ করেন, চায়ের গুণগত মান বজায় রাখতে সার প্রয়োগের সময়মতো ব্যবহার এবং জৈব বালাইনাশকের ব্যবহার বৃদ্ধি করা প্রয়োজন। পরিবেশবান্ধব ও অর্গানিক পদ্ধতিতে চা উৎপাদনে গুরুত্ব দিতে হবে, যাতে অতিরিক্ত কীটনাশক ব্যবহার না হয়। চায়ের মান উন্নয়নে হাতে পাতা সংগ্রহের পরিবর্তে যন্ত্রের মাধ্যমে পাতা সংগ্রহে চাষিদের উৎসাহিত করা হচ্ছে। এ জন্য ঋণ ও অনুদানের মাধ্যমে চা পাতা সংগ্রহের মেশিন সরবরাহ করা হচ্ছে। পাশাপাশি চাষিরা যাতে উৎপাদিত চা পাতার ন্যায্যমূল্য পান, সে লক্ষ্যে কর্মশালার মাধ্যমে তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল নিয়ে সুখবর
দিনব্যাপী এই আয়োজনে জেলার ছয় শতাধিক চা চাষী অংশগ্রহণ করেন।
শেষ পর্বে বিকেলে চা চাষীদের নিয়ে কর্মশালা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন