ঢাকা শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ইং ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

সোমবার জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে তৃতীয় টার্মিনাল পরিচালনার চুক্তি স্বাক্ষর


সোমবার জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে তৃতীয় টার্মিনাল পরিচালনার চুক্তি স্বাক্ষর

তানজিম আনোয়ার

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬ : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের (এইচএসআইএ) তৃতীয় টার্মিনাল পরিচালনার জন্য জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে বহুল প্রতীক্ষিত কনসেশন চুক্তি আগামী ৩০ নভেম্বর স্বাক্ষরিত হবে। এই চুক্তির ফলে ১৬ ডিসেম্বর টার্মিনালটির আংশিক উদ্বোধনের সুযোগ তৈরি হবে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে তৃতীয় টার্মিনাল চালু করার বিষয়টিকে অগ্রাধিকার হিসেবে গ্রহণ করা হয়েছে এবং বিজয় দিবসে এটি উদ্বোধনের একটি রূপরেখা ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন: স্পিকার: ১৯৭১ সালে ভারতের উদ্দেশ্য ছিল পাকিস্তানকে দুর্বল করা

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের উপস্থিতিতে ৩০ নভেম্বর সন্ধ্যা ৭টায় ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে চুক্তিটি স্বাক্ষরিত হবে বলে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদস্য (অপারেশনস ও পরিকল্পনা) এয়ার কমোডর আবু সাঈদ মাহবুব খান আজ বিকেলে বাসসকে জানান।

তিনি উল্লেখ করেন, দীর্ঘ প্রতীক্ষিত এই টার্মিনাল চালু করার সরকারের প্রচেষ্টায় চুক্তিটি একটি বড় অগ্রগতি হিসেবে গণ্য হবে। ২০২৩ সালের অক্টোবর মাসে এর আনুষ্ঠানিক পরীক্ষামূলক উদ্বোধন হলেও বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার জন্য এটি এতদিন ব্যবহার করা হয়নি।

খান বলেন, ‘১৬ ডিসেম্বর টার্মিনালটি উদ্বোধন করা হবে। এদিন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট দুবাই অথবা কুয়ালালামপুরের উদ্দেশে যাত্রা করবে।’ তিনি জানান, উদ্বোধনের আগে গন্তব্য চূড়ান্ত করা হবে।

বেবিচকের এই সদস্য জানান, ১৭ ডিসেম্বর থেকে টার্মিনালটিতে সীমিত পরিসরে নিয়মিত কার্যক্রম শুরু হবে। প্রাথমিকভাবে প্রতিদিন দুটি আগমনী ও দুটি বহির্গামী আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করা হবে।

আরও পড়ুন: পলাতক স্বৈরাচার দেশে ফিরতে পারবে না: জাহেদ উর রহমান

তিনি আরও বলেন, প্রথম তিন মাস নতুন টার্মিনাল দিয়ে একচেটিয়াভাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করবে। এর ফলে কর্তৃপক্ষ পরিচালন প্রস্তুতি মূল্যায়ন এবং যাত্রীসেবা ধীরে ধীরে স্থিতিশীল করার সুযোগ পাবে।

পরবর্তী সময়ে ধাপে ধাপে ফ্লাইটের সংখ্যা বাড়ানো হবে এবং বিদেশি এয়ারলাইন্সগুলোও তাদের কার্যক্রম নতুন টার্মিনালে স্থানান্তর করবে।

খান বলেন, কনসেশন চুক্তির পূর্ণ বাস্তবায়ন প্রায় আট মাস ধরে পর্যায়ক্রমে সম্পন্ন হবে এবং জাপানি কনসোর্টিয়ামও ধাপে ধাপে দায়িত্ব গ্রহণ করবে।

প্রাথমিক পর্যায়ে ফ্লাইট পরিচালনা নির্বিঘ্ন করতে বেবিচক পরিচ্ছন্নতা কার্যক্রম ও যাত্রীদের বোর্ডিং ব্রিজ ব্যবহারের ব্যবস্থাপনাসহ প্রয়োজনীয় পরিচালন সহায়তা প্রদান করবে।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে কমিউনিটি ভিত্তিক সৌরবিদ্যুৎ সেচ প্রকল্পের নির্মাণ উদ্বোধন

টার্মিনালটি পূর্ণাঙ্গ কার্যক্রমের দিকে এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে জাপানি পরিচালনাকারী প্রতিষ্ঠান সংশ্লিষ্ট দায়িত্বগুলো পর্যায়ক্রমে গ্রহণ করবে বলে তিনি জানান।

বেবিকের এই সদস্য আরও বলেন, প্রতিযোগিতা সৃষ্টি ও বিমানবন্দর সেবার মান উন্নত করতে জাপানি কনসোর্টিয়াম ডিসেম্বরের পর ছয় মাসের মধ্যে দ্বিতীয় গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা প্রদানকারী নিয়োগ করবে।

এই উদ্যোগের ফলে দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে বর্তমানে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দেওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাশাপাশি আরও একটি প্রতিষ্ঠান এ সেবা প্রদানের সুযোগ পাবে।

নতুন টার্মিনালে লাগেজ সরবরাহ, উড়োজাহাজের দ্রুত ওঠানামা ও যাত্রীসেবার মান উন্নয়নে দ্বিতীয় গ্রাউন্ড হ্যান্ডলিং প্রতিষ্ঠান নিয়োগকে সরকারের পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

আরও পড়ুন: শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে

এদিকে, বেবিচকের সহকারী পরিচালক (জনসংযোগ) কাওসার মাহমুদ জানান, আগামীকাল কর্তৃপক্ষের সদর দপ্তরের অডিটোরিয়ামে একটি সংবাদ সম্মেলন আয়োজন করা হবে।

বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক সাংবাদিকদের কনসেশন চুক্তি এবং তৃতীয় টার্মিনালের কার্যক্রম চালুর প্রস্তুতি সম্পর্কে অবহিত করবেন।

জাপানি কনসোর্টিয়ামের প্রস্তাবিত শর্তাবলি পর্যালোচনার পর গত ১০ নভেম্বর বেবিচকের ৩২১তম বোর্ড সভায় চুক্তিটি অনুমোদন করা হয়।

এর আগে বিমানবন্দরের বিদ্যমান টার্মিনালগুলো দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনায় বিধিনিষেধ এবং ১৫ বছর ধরে ১০০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে প্রতিযোগী বিমানবন্দর গড়ে তোলার ওপর নিষেধাজ্ঞাসহ কয়েকটি শর্ত নিয়ে আলোচনা ও দরকষাকষিতে জটিলতা সৃষ্টি হয়েছিল।

আরও পড়ুন: ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৪৯

প্রায় ২২ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত তৃতীয় টার্মিনালটি বাংলাদেশের বৃহত্তম বিমান চলাচল অবকাঠামো প্রকল্পগুলোর অন্যতম।

২০১৯ সালের ৩০ ডিসেম্বর এর নির্মাণকাজ শুরু হয় এবং ২০২৩ সালের অক্টোবরে টার্মিনালটির পরীক্ষামূলক উদ্বোধন করা হয়। তবে পরিচালনা ব্যবস্থাপনা নিয়ে দীর্ঘ আলোচনার কারণে বাণিজ্যিক কার্যক্রম চালু করা সম্ভব হয়নি।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী পরিবহন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়ানোর লক্ষ্যে নির্মিত নতুন টার্মিনালটি বছরে ২ কোটি যাত্রী পরিবহনে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে বিদ্যমান টার্মিনাল দুটির সম্মিলিত যাত্রী পরিবহন সক্ষমতা প্রায় ৮০ লাখ।

নতুন টার্মিনালটিতে আধুনিক যাত্রীসেবা ব্যবস্থার মধ্যে রয়েছে ১০০টি চেক-ইন কাউন্টার, ১০টি স্বয়ংক্রিয় চেক-ইন কিয়স্ক, ১৬টি সাধারণ লাগেজ বেল্ট, অতিরিক্ত বড় আকারের লাগেজ ব্যবস্থাপনার সুবিধা এবং যাত্রীদের ওঠানামার জন্য বোর্ডিং ব্রিজ।

আরও পড়ুন: আট ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বদলি, নতুন দায়িত্ব প্রদান

এ ছাড়া এতে স্বয়ংক্রিয় লাগেজ ব্যবস্থাপনা ব্যবস্থা, চলন্ত পথ, পরিবারবান্ধব সুবিধা ও নির্দিষ্ট স্বাস্থ্যসেবা এলাকা রয়েছে।

৩০ নভেম্বর চুক্তি স্বাক্ষর এবং ১৬ ডিসেম্বর উদ্বোধনের মধ্য দিয়ে প্রকল্পটির কার্যক্রম নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তা অবসান হবে বলে আশা করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ

স্পিকার: ১৯৭১ সালে ভারতের উদ্দেশ্য ছিল পাকিস্তানকে দুর্বল করা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫২ পি.এম


স্পিকার: ১৯৭১ সালে ভারতের উদ্দেশ্য ছিল পাকিস্তানকে দুর্বল করা

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় ভারতের মূল উদ্দেশ্য ছিল বাঙালি জনগণের সমর্থন করা নয়, বরং পাকিস্তানকে দুর্বল করা। এ মন্তব্য করেছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। তিনি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দেশটির পার্লামেন্ট হাউস পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব কথা বলেন।

স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ অভিযোগ করেন যে, গত ১৫ বছর ধরে বাংলাদেশকে একটি প্রতিবেশী দেশের উপনিবেশে পরিণত করা হয়েছে এবং বাইরের প্রভাবে দেশের মানুষ ভোগান্তির শিকার হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরে এলে তাকে সরাসরি কারাগারে পাঠানো হবে। তিনি আরও বলেন, শেখ হাসিনা একটি ‘মুসলিমবিরোধী দেশে’ আশ্রয় নিয়েছেন। যদি ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে হস্তান্তর করতে অস্বীকার করে, তবে ঢাকা আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দ্বারস্থ হবে বলেও তিনি সতর্ক করেন।

হাফিজ উদ্দিন আহমেদের মতে, শেখ হাসিনা শুধুমাত্র তার দলের সমর্থকদের আশ্বস্ত করার জন্য দেশে ফেরার কথা বলছেন। তিনি দাবি করেন যে, আগামী এক দশক শেখ হাসিনা বাংলাদেশের বাইরেই অবস্থান করবেন। এ সময় তিনি আওয়ামী লীগকে একটি ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে উল্লেখ করেন এবং সরকার দলটিকে নিষিদ্ধ করার বিষয়টি বিবেচনা করছে বলেও জানান।

ইসলামাবাদে তার বক্তব্যে স্পিকার জাতিসংঘের প্রস্তাবনা অনুযায়ী কাশ্মীর সংকটের সমাধানের আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতে পাকিস্তান ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হবে। পাশাপাশি, ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) নির্বাহী কমিটির নির্বাচনে বাংলাদেশের প্রার্থীকে সমর্থন দেওয়ার জন্য ইসলামাবাদকে ধন্যবাদ জানান তিনি।

সূত্র: ইয়েনি সাফাক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুনামগঞ্জের মধ্যনগরে পূর্ব বিরোধের জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের ২৬ জন আহত

আন্তর্জাতিক ডেস্ক

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫৩ পি.এম


সুনামগঞ্জের মধ্যনগরে পূর্ব বিরোধের জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের ২৬ জন আহত

সুনামগঞ্জের মধ্যনগরে পূর্ব বিরোধের জেরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের ২৫ জন আহত হয়েছেন।শনিবার (২৮ শে নভেম্বর) দুপুরে মধ্যনগর উপজেলার আমজোড়া ও জলষা গ্রামের স্হানীয় জনতা বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে টেঁটাবিদ্ধ হয়ে ৭ জন গুরুতর আহত হন।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার চামরদানী ইউনিয়নের আমজোড়া গ্রামের জাকিরুল আজাদ মান্না ও নূরে আলম জিকুর লোকজনের মধ্যে খাস জমির দখল নিয়ে দীর্ঘদিন যাবত আদালতে মামলা মোকদ্দমা চলে আসছে। এনিয়ে বিভিন্ন সময় উভয়পক্ষের মধ্যে রক্তক্ষংয়ী সংঘর্ষ হয়েছে।
শনিবার দুপুরে স্হানীয় জনতা বাজারে আমজোড়া ও জলষা গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়েন।এতে ঘটনা স্হলেই দেশীয় অস্ত্র টেঁটাবিদ্ধ হয়ে মারাত্মক আহত ৭ জন সহ উভয় পক্ষের প্রায় ২৬ জন আহত হন।
আহতদের ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর গুরুতর আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

মধ্যনগর থানার এস আই উৎপল কুমার সাহা বলেন, দুই পক্ষের মধ্যে জায়গা জমি সংক্রান্ত বিরোধ দীর্ঘদিন ধরে চলছিল । এ নিয়ে তারা বেশ কয়েক বার সংঘর্ষে লিপ্ত হন। তিনি জানান পুলিশ ঘটনা স্থলে পৌছার পর সংঘর্ষ বন্ধ হয় এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাহজাদপুরে দেশীয় অস্ত্র প্রদর্শন করে পুলিশের কাজে বাধার অভিযোগ নলুয়ায় দফায় দফায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ৫

আন্তর্জাতিক ডেস্ক

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫৪ পি.এম


শাহজাদপুরে দেশীয় অস্ত্র প্রদর্শন করে পুলিশের কাজে বাধার অভিযোগ নলুয়ায় দফায় দফায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ৫

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের নলুয়া গ্রামে পুলিশের অভিযানে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন দুষ্কৃতিকারীর বিরুদ্ধে। এ সময় তারা দেশীয় অস্ত্র প্রদর্শন করে পুলিশের কাজে বাধা দেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (২৭ নভেম্বর) শাহজাদপুর পৌর শহরের নলুয়া গ্রামে নিষিদ্ধ সংগঠনের নেতা, সাবেক পৌর মেয়র ও সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলার আসামি হালিমুল হক মিরুকে গ্রেপ্তারের উদ্দেশ্যে অভিযান পরিচালনা করে শাহজাদপুর থানা পুলিশ। এ সময় এলাকার কিছু ব্যক্তি পুলিশের অভিযানে বাধা দেওয়ার চেষ্টা করে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

ঘটনার পর থেকে গত ২৪ ঘণ্টায় নলুয়া গ্রামসহ শাহজাদপুর পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত রেখেছে শাহজাদপুর থানা পুলিশ। দফায় দফায় পরিচালিত এসব অভিযানে নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ।

পুলিশের অভিযান ঘিরে নলুয়া গ্রামসহ উপজেলার বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নজরদারি বাড়ানো হয়েছে। অভিযুক্ত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে শাহজাদপুর থানা পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানানো হলে তা পরবর্তীতে জানা যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বসুন্ধরা গ্রুপ ক্রীড়াঙ্গনের সংস্কৃতি ও চিন্তাভাবনা পাল্টে দিয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫৫ পি.এম


বসুন্ধরা গ্রুপ ক্রীড়াঙ্গনের সংস্কৃতি ও চিন্তাভাবনা পাল্টে দিয়েছে

বসুন্ধরা গ্রুপ দেশের ক্রীড়াঙ্গনের রং, সংস্কৃতি ও চিন্তাভাবনা পরিবর্তনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। প্রতিষ্ঠানটি কেবল অবকাঠামো নির্মাণের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং খেলাধুলার বিকাশেও তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই মন্তব্যটি করেছেন বিশিষ্ট ক্রীড়া বিশ্লেষক ও কলামিস্ট ইকরামউজ্জমান।

এবিজি মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে। টুর্নামেন্টের আগের দিন আজ বসুন্ধরা আবাসিক এলাকায় এবিজি স্পোর্টস সিটির জুলকান ইনডোরে ট্রফি ও জার্সি উন্মোচন অনুষ্ঠানে এই বক্তব্য প্রদান করেন ইকরামউজ্জমান।

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের খেলাধুলার প্রতি গভীর অনুরাগের প্রশংসা করে ইকরামউজ্জমান বলেন, ‘বসুন্ধরা গ্রুপের ক্রীড়া উদ্যোগের পেছনে রয়েছে গভীর ক্রীড়াপ্রেম ও সামাজিক দায়বদ্ধতা। গ্রুপের চেয়ারম্যানের দীর্ঘদিনের খেলাধুলার প্রতি অনুরাগ থেকেই দেশে আন্তর্জাতিক মানের ক্রীড়া অবকাঠামো গড়ে তোলার স্বপ্ন তৈরি হয়েছে। সেই স্বপ্নের বাস্তব রূপ এবিজি স্পোর্টস সিটি।’

এবিজি মিডিয়া কাপের পিছনে বসুন্ধরা গ্রুপ ও এবিজি-র দীর্ঘমেয়াদী ক্রীড়া উন্নয়ন দর্শন রয়েছে। ইকরামউজ্জমান বলেন, ‘বসুন্ধরা গ্রুপের সামাজিক দায়বদ্ধতা এবং খেলাধুলার প্রতি তাঁদের অপরিসীম ভালোবাসার কারণে ক্রীড়া খাত আজ একটি নতুন উচ্চতায় পৌঁছেছে। গ্রুপের পারিবারিক ঐতিহ্যেই খেলাধুলা প্রোথিত-নেতৃত্ব প্রদানকারীরা নিজেরাও একসময় খেলোয়াড় ছিলেন এবং জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করেছেন। সেই ক্রীড়ানুরাগ থেকেই তাঁরা খেলাধুলার উন্নয়নে নিরবচ্ছিন্ন বিনিয়োগ করে যাচ্ছেন।’

দক্ষিণ-পূর্ব এশিয়ার কোনো দেশে এবিজি স্পোর্টস সিটির মতো এতবড় স্পোর্টস সিটি নেই বলে উল্লেখ করেন ইকরামউজ্জমান। তিনি বলেন, ‘বসুন্ধরা গ্রুপের সবচেয়ে উল্লেখযোগ্য অর্জনগুলোর একটি হলো আধুনিকতম স্পোর্টস সিটি ও নিজস্ব এরিনা গড়ে তোলা। দক্ষিণ-পূর্ব এশিয়ার কোনো দেশে এত বড় বিনিয়োগে এমন সুসংগঠিত স্পোর্টস সিটি পূর্বে তৈরি হয়নি।’

বসুন্ধরা গ্রুপের ক্রীড়া অবদান তুলে ধরে বসুন্ধরা কিংসের প্রসঙ্গও উল্লেখ করেন ইকরামউজ্জমান। তিনি বলেন, ‘বসুন্ধরা কিংস দেশের ফুটবলে নতুন প্রতিযোগিতার পরিবেশ তৈরি করেছে। কিংস অ্যারেনার মতো আন্তর্জাতিক মানের ভেন্যু দেশের ফুটবলকে নতুন সম্ভাবনার দিকে এগিয়ে নিচ্ছে।’

তিনি আরও বলেন, ‘বসুন্ধরা কিংস দেশের ঘরোয়া ফুটবলে একটি শক্তিশালী ব্র্যান্ডে পরিণত হয়েছে এবং গত ৮০ বছরের ফুটবল ইতিহাসে নিজেদের অনন্য উচ্চতায় তুলে ধরেছে। নারী ফুটবলের প্রসারেও এই অবকাঠামো ও দিকনির্দেশনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ২০১৯ সালে স্পোর্টস কমপ্লেক্সের নির্মাণকাজ শুরু হয়। ২০২২ সালের ১৭ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় বসুন্ধরা কিংস অ্যারেনা। পরবর্তী সময়ে এই মাঠে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক ফুটবল ম্যাচ। নারী ফুটবলের বিকাশেও বসুন্ধরা গ্রুপের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।’

এবিজি মিডিয়া কাপকে কেবল জয়-পরাজয়ের প্রতিযোগিতা হিসেবে দেখতে চান না ইকরামউজ্জমান। তিনি বলেন, ‘খেলাধুলার মূল উদ্দেশ্য আনন্দ ও অংশগ্রহণ। ফুটবল মানুষকে একত্র করে। পারস্পরিক সৌহার্দ্য তৈরি করে।’

এবিজি মিডিয়া কাপকে ঘিরে বাংলাদেশের গণমাধ্যম অঙ্গনে ব্যস্ত সাংবাদিকদের মাঝে উৎসবমুখর আমেজ বিরাজ করছে বলে জানান ইকরামউজ্জমান। তিনি বলেন, ‘সাংবাদিকদের দৈনন্দিন ব্যস্ততার মাঝে সচরাচর প্রস্তুতির সুযোগ না থাকলেও, আসন্ন এবিজি মিডিয়া কাপকে ঘিরে সাংবাদিকদের মাঝে এক অসাধারণ উত্তেজনা ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। ফুটবলের এই টুর্নামেন্টকে কেন্দ্র করে কেবল প্রতিযোগিতা নয়, বরং আনন্দ ও সৌহার্দ্য বিনিময়ের এক অনন্য প্ল্যাটফর্ম তৈরি হয়েছে।’

টুর্নামেন্টকে গণমাধ্যমকর্মীদের জন্য ‘বিশ্বকাপ ফুটবল’ বলে মনে করেন ইকরামউজ্জমান। ফুটবলের মূল সৌন্দর্যের বিষয়টি তুলে ধরে ১৯৯২ সালের একটি স্মরণীয় ঘটনা উল্লেখ করে তিনি বলেন, ‘ফিফার সাবেক সভাপতি জোয়াও হ্যাভেলাঞ্জ বলেছিলেন যে ফুটবলের সবচেয়ে সুন্দর দিক হলো এটি সবসময় আনন্দের জন্য খেলা হয়। প্রতিযোগিতা থাকলেও আনন্দের এই বার্তাটিই এবিজি মিডিয়া কাপের মূল চালিকাশক্তি। ফুটবলের সবচেয়ে বড় দিক হলো এটি আনন্দের জন্য খেলা। যখনই আপনি ভাববেন ফুটবল আনন্দের জন্য, তখনই এটি পুরোপুরি উপভোগ করতে পারবেন।’

দেশের ৪৮টি গণমাধ্যমকে নিয়ে এবারের মিডিয়া কাপ বিশ্বকাপের আদলে আয়োজন করা হচ্ছে। অংশগ্রহণকারী দলগুলোর জন্যও রয়েছে পুরস্কারের ব্যবস্থা। এতে প্রতিযোগিতার পাশাপাশি অংশগ্রহণ ও আনন্দকে গুরুত্ব দেওয়া হয়েছে। এবিজি মিডিয়া কাপ আগামী ১ ডিসেম্বর শুরু হয়ে ১৭ ডিসেম্বর শেষ হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%