ঢাকা শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ইং ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

সায়েম সোবহান আনভীরের ঘোষণা: প্রাইজমানি যাবে কোটির ঘরে


সায়েম সোবহান আনভীরের ঘোষণা: প্রাইজমানি যাবে কোটির ঘরে

এবিজি মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের প্রাইজমানি আগামী বছরগুলোতে কোটির ঘরে নিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বসুন্ধরা গ্রুপের (এবিজি) চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর।

তিনি জানিয়েছেন, এবারের আসরে চ্যাম্পিয়ন দলের জন্য ৫০ লাখ এবং রানারআপ দলের জন্য ২৫ লাখ টাকা প্রাইজমানি ঘোষণা করা হয়েছে। আনভীর বলেছেন, বর্তমান আয়োজনটি কেবল শুরু। ভবিষ্যতে টুর্নামেন্টের প্রাইজমানির পাশাপাশি বোনাস মানিও কোটির ঘরে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এবিজি স্পোর্টস সিটির জুলকান ইনডোরে এবিজি মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ট্রফি ও জার্সি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: চাঁদপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে সদর উপজেলা চ্যাম্পিয়ন

সায়েম সোবহান আনভীর বলেন, "গণমাধ্যম বসুন্ধরা গ্রুপের বন্ধু ও দীর্ঘদিনের সহযোগী। তাদের অবদানকে যথাযথভাবে মূল্যায়ন করতে পুরস্কারের ক্ষেত্রে কার্পণ্য করা উচিত নয়।" এ প্রসঙ্গে তিনি আরও বলেন, "মিডিয়া কিন্তু আমাদের বন্ধু, মিডিয়া কিন্তু আমাদের সাথী, মিডিয়া কিন্তু আমাদের সঙ্গে সবসময় ছিল। কম দিয়ে কিপটামি করো না।"

চ্যাম্পিয়ন ৫০, রানারআপ ২৫ লাখ

টুর্নামেন্টের প্রাইজমানি ঘোষণার প্রসঙ্গে সায়েম সোবহান আনভীর জানান, শুরুতে ১০ লাখ টাকা প্রাইজমানি রাখার বিষয়ে আলোচনা হয়েছিল। তবে পরে সেই অঙ্ক বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

রানারআপ দলের জন্য ২৫ লাখ টাকা ঘোষণা করে তিনি বলেন, "আমি যারা চ্যাম্পিয়ন হবে তাদেরটা পরেই বলি, যারা রানারআপ হবে, তাদের জন্য আমি ২৫ লাখ টাকা ডিক্লেয়ার করলাম।"

আরও পড়ুন: কোচ পরিবর্তনের গুঞ্জন উড়িয়ে দিল ইরাক ফুটবল অ্যাসোসিয়েশন

চ্যাম্পিয়ন দলের পুরস্কার প্রসঙ্গে তিনি বলেন, "আর যারা ফাইনালে চ্যাম্পিয়ন হবে—অফকোর্স চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন! চ্যাম্পিয়নের তো কোনো বিকল্প নাই। যেহেতু চ্যাম্পিয়নের কোনো বিকল্প নাই, তো চ্যাম্পিয়নের বেশি পাওয়া উচিত।"

এরপর বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের পক্ষ থেকে চ্যাম্পিয়ন দলের জন্য ৫০ লাখ টাকা নগদ প্রাইজমানি দেওয়ার ঘোষণা দেন তিনি। সব মিলিয়ে এবারের আসরে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের জন্য প্রাইজমানি থাকছে ৭৫ লাখ টাকা।

আগামীতে কোটির ঘরে প্রাইজমানি ও বোনাস

প্রথমবারের আয়োজনকে ভবিষ্যতে আরো বড় পরিসরে নিয়ে যাওয়ার প্রত্যাশা জানিয়ে সায়েম সোবহান আনভীর বলেন, "আমাদের জন্য এটা তো কেবল শুরু। আপনারা দোয়া করেন যেন আমরা ভবিষ্যতে আরো বড় পরিসরে, আরো ভালো করে টুর্নামেন্টটি করতে পারি এবং আগামী বছরগুলো থেকে প্রাইজ মানি ও বোনাস মানি কোটির ঘরে নিয়ে যেতে পারি।"

আরও পড়ুন: মুশফিকুর রহিম আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা

তার এই ঘোষণায় এবিজি মিডিয়া কাপের পরবর্তী আসরগুলোতে পুরস্কারের পরিমাণ আরো বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

প্রসঙ্গত, আগামী ১ ডিসেম্বর শুরু হবে এবিজি মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট। চলবে ১৭ ডিসেম্বর পর্যন্ত। আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ৪৮টি গণমাধ্যম। সংবাদমাধ্যমে প্রতিদিন খবর তৈরি ও পরিবেশনের কাজে ব্যস্ত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা এবার নিজেদের ফুটবল নৈপুণ্য দেখাবেন মাঠে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রূপগঞ্জে দিপু ভূঁইয়ার নেতৃত্বে হাজারো মানুষের বিশাল বিক্ষোভ মিছিল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৩৩ পি.এম


রূপগঞ্জে দিপু ভূঁইয়ার নেতৃত্বে হাজারো মানুষের বিশাল বিক্ষোভ মিছিল

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও অতীত কর্মকাণ্ডের বিরুদ্ধে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দ্বারা। শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলার সমু মার্কেট এলাকা থেকে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য এবং বিএনপি নেতা মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নেতৃত্বে এই মিছিল বের হয়। মিছিলে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল দেখা যায়।

রূপগঞ্জ উপজেলা বিএনপি এবং আশপাশের বিভিন্ন উপজেলার বিএনপির নেতাকর্মীরা এই মিছিলে অংশগ্রহণ করেন। সমু মার্কেট এলাকায় মিছিলকে কেন্দ্র করে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

মিছিলটি সমু মার্কেট থেকে শুরু হয়ে ৩০০ ফিট সড়কের কিছু অংশ প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং দলটির বিগত কর্মকাণ্ডের প্রতিবাদ জানান।

মিছিল শেষে মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তিনি বলেন, "আওয়ামী লীগ বিগত ১৭ বছরে গুম, খুন, নির্যাতনসহ নানা কর্মকাণ্ডের মাধ্যমে দেশের সাধারণ মানুষের ব্যাপক ক্ষতি করেছে।" তিনি আরও বলেন, "এসব কর্মকাণ্ডের মাধ্যমে তারা দেশের মানুষের অধিকার ও নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করেছে।"

তিনি উল্লেখ করেন, "আওয়ামী লীগের অতীত কর্মকাণ্ড দেশের মানুষ ভুলে যায়নি। তাদের আর রাজনীতিতে ফিরে আসার সুযোগ নেই।"

মিছিল শুরুর পূর্বে সমু মার্কেট এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। সময়ের সাথে সাথে নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে। রূপগঞ্জ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের পাশাপাশি আশপাশের কয়েকটি উপজেলার বিএনপি নেতারাও কর্মসূচিতে যোগ দেন। পরে নির্ধারিত সময়ে দিপু ভূঁইয়ার নেতৃত্বে বিক্ষোভ মিছিল শুরু হয়। এতে পুরো এলাকায় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছাত্রীকে হেনস্তার অভিযোগে ঠিকানা পরিবহনের ২০ বাস আটকালেন ঢাবি শিক্ষার্থীরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৩৩ পি.এম


ছাত্রীকে হেনস্তার অভিযোগে ঠিকানা পরিবহনের ২০ বাস আটকালেন ঢাবি শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রী এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগে ঠিকানা পরিবহনের প্রায় ২০টি বাস আটকে রেখেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা মুচলেকা দেওয়ার পর বাসগুলো ছেড়ে দেওয়া হয়।

শনিবার (২৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের মুহসীন হল মাঠে বাসগুলো আটকানো হয়। বেলা আড়াইটার পর মুচলেকা নিয়ে সেগুলো মুক্ত করা হয়।

শুক্রবার, বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এক ছাত্রীর সঙ্গে ঠিকানা পরিবহনের একটি বাসের চালক ও সহকারীর দুর্ব্যবহারের প্রতিবাদে শিক্ষার্থীরা এই পদক্ষেপ গ্রহণ করেন। ওই দিন বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের ফেসবুক গ্রুপ ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ-২’-এ ভুক্তভোগী ছাত্রী ঘটনার বিস্তারিত বর্ণনা করেন।

পোস্টে তিনি উল্লেখ করেন, শুক্রবার সকালে মা ও বোনকে নিয়ে ঠিকানা পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো-ব ১৫৭৬২৬) সিটি কলেজ থেকে বাইপাইল যাচ্ছিলেন। পথে বাসের সহকারী তাঁদের কাছে ৯০ টাকা ভাড়া দাবি করেন। কিন্তু ওই পথের ভাড়া ৭০ টাকা হওয়ায় তিনি আপত্তি জানালে সহকারীর সঙ্গে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পুরো ভাড়া পরিশোধ করার পরও সহকারী তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন।

ছাত্রীর অভিযোগ, শিক্ষার্থী পরিচয়পত্র দেখিয়ে অর্ধেক ভাড়া (হাফ পাস) দিতে চাইলে বাসের চালক ক্ষুব্ধ হয়ে বলেন, "এখন থেকে আর হাফ ভাড়া নেওয়া হবে না, সবাইকে পুরো ভাড়া দিতে হবে।" বাস থেকে নামার সময় তাঁর মা সহকারীর আচরণের প্রতিবাদ করলে সহকারী তাঁকে ‘বেয়াদব’ বলেন।

এই ঘটনার প্রতিবাদে শনিবার একদল শিক্ষার্থী ঠিকানা পরিবহনের বাসগুলো আটকে মুহসীন হল মাঠে নিয়ে আসেন। শিক্ষার্থীরা জানান, গণপরিবহনে শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার ও অপমানজনক আচরণ মেনে নেওয়া হবে না। তাঁরা ঘটনার সুষ্ঠু বিচার এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ইসরাফিল প্রাং (ইসরাফিল রতন) জানান, বাস আটকে রাখার বিষয়টি তাঁর জানা রয়েছে এবং পরিবহন মালিকপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে আলোচনার মাধ্যমে এ বিষয়ে একটি সমাধানে পৌঁছানো যাবে। পরে বেলা আড়াইটার পর মুচলেকা নিয়ে বাসগুলো ছেড়ে দেওয়া হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বইমেলায় আসছে তরুণ কবি ইয়াহিয়া আহমেদের প্রথম কাব্যগ্রন্থ ‘কাঠগোলাপের সাদার মায়া’

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শরীফ উদ্দিন : ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৩৬ পি.এম


বইমেলায় আসছে তরুণ কবি ইয়াহিয়া আহমেদের প্রথম কাব্যগ্রন্থ ‘কাঠগোলাপের সাদার মায়া’

নিজস্ব অনুভূতি, প্রেম-বিরহ ও দার্শনিক ভাবনাকে সহজ ভাষায় কবিতার মাধ্যমে পাঠকের কাছে তুলে ধরতে চান তরুণ কবি ইয়াহিয়া আহমেদ। তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘কাঠগোলাপের সাদার মায়া’ প্রকাশিত হতে যাচ্ছে এবারের বইমেলায়। বইটি প্রকাশ করছে নয়া উদ্যোগ প্রকাশনী।

ব্যবসার ব্যস্ততা সামলে অবসর সময়ে কবিতা লেখেন ইয়াহিয়া আহমেদ। তাঁর প্রাতিষ্ঠানিক পড়াশোনা অষ্টম শ্রেণি পর্যন্ত। এরপর জীবিকার প্রয়োজনে ব্যবসার সঙ্গে যুক্ত হন। তবে ব্যস্ততার মাঝেও সাহিত্যচর্চা অব্যাহত রেখেছেন তিনি।

হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার ফুলবাড়িয়া গ্রামের এই তরুণ কবির লেখালেখির মূল বিষয় মানুষের অনুভূতি ও জীবনের নানা অভিজ্ঞতা। প্রেম, বিরহ, অপেক্ষা, একাকিত্ব, সম্পর্কের জটিলতা এবং জীবনদর্শনের নানা দিক উঠে আসে তাঁর কবিতায়। সহজ শব্দের মাধ্যমে গভীর ভাবনা প্রকাশ করাই তাঁর লেখার অন্যতম বৈশিষ্ট্য।

কবিতার ভাষা ও পাঠক নিয়ে ইয়াহিয়া আহমেদের রয়েছে নিজস্ব দৃষ্টিভঙ্গি। তাঁর মতে, কবিতা কোনো নির্দিষ্ট শ্রেণির মানুষের সম্পদ নয়; বরং কবিতা হওয়া উচিত সবার অনুভূতি প্রকাশের মাধ্যম। ভাষার জটিলতার কারণে সাধারণ পাঠকের সঙ্গে কবিতার যে দূরত্ব তৈরি হয়েছে, তা কমাতে চান তিনি। তাই সহজ ভাষায় কবিতা লিখলেও ভাবনার গভীরতা ধরে রাখার চেষ্টা করেন।

লেখালেখির শুরুতে নিজের পরিচয় আড়ালে রেখে কবিতা প্রকাশ করতেন ইয়াহিয়া আহমেদ। পরবর্তী সময়ে ‘লোভী’ কবিতার মাধ্যমে পাঠকদের কাছে পরিচিতি লাভ করেন। তাঁর সাহিত্যচর্চা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমেও প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

এবার তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘কাঠগোলাপের সাদার মায়া’-তে স্থান পেয়েছে প্রেম, বিরহ, মায়া, একাকিত্ব ও জীবনদর্শন নিয়ে লেখা বিভিন্ন কবিতা।

ব্যবসার পাশাপাশি সাহিত্যচর্চা চালিয়ে যাওয়া এই তরুণ কবির প্রত্যাশা, তাঁর কবিতা এমন পাঠকের কাছেও পৌঁছাবে, যিনি হয়তো কখনো ভেবেছেন কবিতা তাঁর জন্য নয়। কবিতাকে সবার অনুভূতির ভাষা হিসেবে প্রতিষ্ঠিত করাই তাঁর লেখালেখির অন্যতম লক্ষ্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%