০৭:০৩ পি.এম
জাতিসংঘ-সমর্থিত আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ফকল্যান্ড দ্বীপপুঞ্জের কাছে তেল অনুসন্ধান ও উত্তোলন প্রকল্প বন্ধে আর্জেন্টিনার আবেদন খারিজ করে দিয়েছে। শনিবার (২৮ নভেম্বর) আন্তর্জাতিক সমুদ্র আইনবিষয়ক ট্রাইব্যুনালের বিচারকরা ১৮-৩ ভোটে আর্জেন্টিনার আবেদন প্রত্যাখ্যান করেন।
আর্জেন্টিনা সরকারের দাবি ছিল যে, ফকল্যান্ড দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব নিয়ে যুক্তরাজ্যের সঙ্গে বিরোধ চলমান থাকায় সেখানে তেল অনুসন্ধান প্রকল্প বন্ধ করা উচিত। তবে যুক্তরাজ্য বরাবরই দ্বীপপুঞ্জটির ওপর আর্জেন্টিনার মালিকানার দাবি প্রত্যাখ্যান করে আসছে।
আন্তর্জাতিক ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট রায়ে উল্লেখ করেন যে, সার্বভৌমত্বের মতো বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার এই আদালতের নেই। ফলে এ বিষয়ে বিচারিক এখতিয়ার থাকার কোনো ভিত্তি দেখা যাচ্ছে না।
আরও পড়ুন: ফের রিয়াদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, প্রতিহত করার দাবি সউদীর
ফকল্যান্ড দ্বীপপুঞ্জ থেকে প্রায় ১৩০ মাইল বা ২০৯ কিলোমিটার দূরে অবস্থিত ‘সি লায়ন’ তেলক্ষেত্রে আনুমানিক ১৭০ কোটি ব্যারেল তেল মজুত রয়েছে। ব্রিটিশ প্রতিষ্ঠান রকহপার এক্সপ্লোরেশন ও ইসরায়েলি প্রতিষ্ঠান নাভিটাস পেট্রোলিয়াম আগামী দুই বছরের মধ্যে সেখান থেকে তেল উত্তোলন শুরু করার পরিকল্পনা করছে।
এই প্রকল্প বাস্তবায়িত হলে দ্বীপপুঞ্জের প্রায় সাড়ে তিন হাজার বাসিন্দার জন্য বিপুল রাজস্ব আয়ের সুযোগ তৈরি হতে পারে। তবে বিরোধপূর্ণ সামুদ্রিক এলাকার পরিবেশ আন্তর্জাতিক আইন অনুযায়ী সুরক্ষিত রাখার দাবি জানিয়েছে আর্জেন্টিনা সরকার।
২০১৩ সালে অনুষ্ঠিত এক গণভোটে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের বাসিন্দাদের ৯৯ দশমিক ৮ শতাংশ যুক্তরাজ্যের অধীন ব্রিটিশ বৈদেশিক অঞ্চল হিসেবে থাকার পক্ষে ভোট দেন। বিপক্ষে ভোট দেন মাত্র তিনজন।
ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে যুক্তরাজ্য ও আর্জেন্টিনার বিরোধ দীর্ঘদিনের। ১৯৮২ সালে দ্বীপপুঞ্জটির মালিকানা দাবি করে সেখানে সেনা অবতরণ করে আর্জেন্টিনা। এর জেরে দুই দেশের মধ্যে ৭৪ দিনব্যাপী যুদ্ধ হয়। পরে ব্রিটিশ সামরিক বাহিনী আর্জেন্টিনার সেনাদের হটিয়ে দেয়।
আরও পড়ুন: আসন পুনর্বিন্যাসে অনড় বিরোধীরা, রাহুলের কড়া বার্তা
ওই যুদ্ধে যুক্তরাজ্যের ২৫৫ জন সেনা, দ্বীপপুঞ্জের তিনজন বাসিন্দা এবং আর্জেন্টিনার ৬৪৯ জন সেনা নিহত হন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন