ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
০৫:৩৫ পি.এম
পিরোজপুরের ভাণ্ডারিয়া থানার বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মজিবুর রহমানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে নানা অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও হয়রানির। এসব অভিযোগ তুলে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। শিক্ষকদের পক্ষ থেকে প্রধান শিক্ষকের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার, মানসিক হয়রানি ও প্রশাসনিক স্বেচ্ছাচারিতার মত অভিযোগ উত্থাপন করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে, বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপজেলা পরিষদ চত্বরে গিয়ে তারা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসানের কাছে তাদের অভিযোগ তুলে ধরেন। ইউএনও শিক্ষার্থীদের সমস্ত বক্তব্য বোচে শোনেন এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
ইউএনও জানান, শিক্ষকদের বিষয়ক লিখিত অভিযোগের ভিত্তিতে তিনি ইতোমধ্যে রোববার (১৬ আগস্ট) বিকেলে এবং সোমবার (১৭ আগস্ট) দুপুরে দুই দফা বিদ্যালয়ে সরেজমিনে গিয়ে অভিযোগের বিষয়ে তদন্ত করেছেন। তদন্তকালে অভিযোগকারী ও ভুক্তভোগী শিক্ষকদের সঙ্গে কথা বলার পাশাপাশি বিভিন্ন নথিপত্র ও তথ্য-উপাত্ত পর্যালোচনা করেছেন। এতে অভিযোগগুলোর প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে তিনি উল্লেখ করেন।
এখন বিষয়টিকে অধিকতর তদন্তের জন্য উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুবেদ সরকারকে আহ্বায়ক, যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ আজমল হোসেনকে সদস্য সচিব এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও একাডেমিক সুপারভাইজারকে সদস্য করে একটি চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে আগামী চার কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রতিবেদন পাওয়ার পর প্রচলিত বিধি অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে ইউএনও জানান। ইউএনওর আশ্বাস পাওয়ার পর শিক্ষার্থীরা উপজেলা পরিষদ চত্বর ছেড়ে চলে যান।
এদিকে, মঙ্গলবার সকাল পৌনে ১২টার দিকে বিদ্যালয়ে গেলে দেখা যায়, বিদ্যালয়ের কোনও শিক্ষার্থী নেই। যদিও শিক্ষক মিলনায়তনে কিছু শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন, কিন্তু প্রধান শিক্ষকের কক্ষটি তালাবদ্ধ রয়েছে।
এ সময় প্রধান শিক্ষক এস এম মজিবুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, শিক্ষকদের হাজিরা নেওয়ার জন্য হাজিরা খাতা তাঁর কক্ষে রেখে তিনি কক্ষটি তালাবদ্ধ করেছেন এবং ইউএনওর বিরুদ্ধে বিচারের দাবিতে পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে গেছেন।
বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক অভিযোগ করেন, প্রধান শিক্ষক দীর্ঘদিন ধরে আর্থিক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার, মানসিক হয়রানি ও প্রশাসনিক স্বেচ্ছাচারিতা করে আসছেন। নারীদের পোশাক নিয়ে প্রকাশ্যে কটূক্তি ও বিভিন্নভাবে হয়রানি করার অভিযোগ রয়েছে। প্রতিবাদ করলেই প্রতিবাদকারী শিক্ষকদের অভ্যন্তরীণ বেতন বন্ধ রাখারও অভিযোগ তাদের রয়েছে।
অথচ এসব অভিযোগের ব্যাপারে প্রধান শিক্ষক এস এম মজিবুর রহমান অস্বীকার করেন। তদন্তের বিষয়ে তিনি বলেন, “ইউএনওর কাজ ইউএনও করবেন, আর আমি আমার কাজ করব।”
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. হাসিবুল হাসান বলেন, শিক্ষকদের লিখিত অভিযোগ এবং সরেজমিন তদন্তকালে প্রাপ্ত তথ্য-উপাত্ত পর্যালোচনা করার পর প্রধান শিক্ষকের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোর প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। বিষয়টি বিস্তারিত যাচাই-বাছাইয়ের জন্য চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী চার কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবে। প্রতিবেদন পাওয়ার পর প্রচলিত বিধি অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাষ্ট্রপতি নির্বাচনে নির্ধারিত সময়ের মধ্যে দুইজন প্রার্থীর কেউ প্রার্থিতা প্রত্যাহার করেননি।
ফলে আগামী ২০ আগস্ট (বৃহম্পতিবার) প্রায় ৩৫ বছর পরে দেশে রাষ্ট্রপতি পদে ভোট হতে যাচ্ছে।
আজ মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা শেষ হয়।
বিকেল চারটার পরে নির্বাচন কমিশন ভবনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানিয়ে ভোটের প্রক্রিয়া তুলে ধরেন।
তিনি জানান, ভোটে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমেদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ইসি সচিব বলেন, আগামী ২০ আগস্ট বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদকক্ষে ভোটগ্রহণ হবে।
ভোট গ্রহণের শুরুতে নির্বাচন কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন সংসদ সদস্যদের (ভোটার) ভোটগ্রহণের পদ্ধতি সম্পর্কে জানাবেন।
এছাড়া, তিনি জানান, আজই রাষ্ট্রপতি নির্বাচনের ব্যালট পেপার তৈরি করা হবে। ব্যালট পেপারের দুটি অংশ থাকবে—মুড়ি অংশ ও মূল ব্যালট পেপার।
মুড়ি অংশে ক্রমিক নম্বর, সংসদ সদস্যের নাম ও বিভক্তি নম্বরসহ প্রয়োজনীয় তথ্য থাকবে। নির্ধারিত স্থানে পূর্ণ নাম ও স্বাক্ষর করে সংসদ সদস্য ব্যালট গ্রহণ করবেন।
ইসি সচিব বলেন, একটা স্পেসে সংসদ সদস্য পূর্ণ নাম স্বাক্ষর করে ব্যালটটা গ্রহণ করবেন। ডান পাশের অংশে আমরা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম বাংলা বর্ণমালার আদ্যক্ষর অনুযায়ী সাজানো হবে।
সেই অনুযায়ী তাদের নাম প্রিন্ট করা থাকবে এবং প্রিন্টের পাশে ডান দিকে স্পেস থাকবে যেখানে তারা সংসদ সদস্যরা তাদের পূর্ণ নাম স্বাক্ষর করে ভোট দেবেন।
এরপরে নির্ধারিত ব্যালট বক্সে তারা ব্যালট পেপারটা জমা দেবেন। বিকেল ৫টা পর্যন্ত ব্যালট গ্রহণ করা হবে। ৫টার পরে ব্যালট কাউন্ট করা হবে।
ব্যালটের রঙটা হচ্ছে সাদার ওপর কালো প্রিন্ট। রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার ৩৪৯ জন এমপি। ভোট গ্রহণ শেষে সংসদকক্ষেই গণনা করা হবে।
পরে সেখানে ফলাফল ঘোষণা করবেন নির্বাচনী কর্তা। পরে গেজেট প্রকাশ করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ১৮ আগস্ট, ২০২৬: আফগানিস্তানের রাজধানী কাবুলের দাশতে বারচি এলাকার একটি স্কুলের কাছে সংঘটিত ভয়াবহ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘের আফগানিস্তান বিষয়ক মানবাধিকার বিশেষজ্ঞ রিচার্ড বেনেট।
এটি একটি ব্যাপক ও ক্ষতিকর ঘটনা, যেখানে বিপুল সংখ্যক শিশু আহত হয়েছে, বলে জানিয়েছেন স্থানীয় এক বাসিন্দা এএফপিকে।
জাতিসংঘের আফগানিস্তান বিষয়ক মানবাধিকার বিশেষ দূত রিচার্ড বেনেট বলেন, ঐতিহাসিকভাবে নিপীড়নের শিকার শিয়া হাজারা সম্প্রদায়ের বসবাসের এলাকা পশ্চিমাঞ্চলীয় দাশত-ই-বারচিতে এই ‘দুঃখজনক’ হামলায় অনেক শিশু আহত হয়েছে। সংবাদটি কাবুলের বার্তা সংস্থা এএফপি জানিয়েছে।
বেনেট তাঁর এক্স পোস্টে লিখেছেন, ‘হামলার জন্য দায়ীদের বিচারের আওতায় আনতে পূর্ণাঙ্গ ও স্বাধীন তদন্ত অত্যন্ত জরুরি।’
কাছাকাছি বসবাসকারী ৩৮ বছর বয়সী এক বাসিন্দা এএফপিকে জানান, সোমবার মেয়েদের ও ছেলেদের জন্য পরিচালিত একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের ছুটির সময় বিস্ফোরণ ঘটে। নিরাপত্তাজনিত কারণে নাম প্রকাশ না করার শর্তে ওই নারী বলেন, ‘আমি যতটুকু দেখেছি, স্কুলের আঙিনায় থাকা শিশুরা আহত হয়েছে। আর যারা এরই মধ্যে স্কুল থেকে বের হয়ে গিয়েছিল, তারা নিরাপদ ছিল।’
তিনি আরো জানান, আহত শিশুদের অ্যাম্বুলেন্স ও গাড়িতে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তিনি বলেন, ‘এত বেশি মানুষ আহত হয়েছিল যে আমি গুণে শেষ করতে পারিনি।’
কাবুল পুলিশ এএফপিকে জানায়, একটি স্কুলে ‘হাতবোমার বিস্ফোরণ’ ঘটেছে। এতে ‘বেশ কয়েকজন শিশু সামান্য আহত হয়েছে।’ এর পর কাবুল পুলিশ মুখপাত্র খালিদ জাদরান সোমবার রাতে বলেন, ‘সংশ্লিষ্ট দলগুলো ঘটনাস্থলে পৌঁছেছে। ঘটনার তদন্ত চলছে।’
দ্বিতীয় এক বাসিন্দাও নাম প্রকাশ না করার শর্তে জানান, মঙ্গলবার ওই এলাকা নিরাপত্তা বাহিনী ঘিরে রাখে।
তালেবান সরকার ক্ষমতায় আসার পর গত পাঁচ বছরে কাবুলে বিচ্ছিন্নভাবে বিভিন্ন হামলা হয়েছে। এর মধ্যে জানুয়ারিতে একটি চীনা রেস্তোরাঁয় বিস্ফোরণে অন্তত সাতজন নিহত হন।
দাশত-ই-বারচি এলাকায় এর আগে একাধিক প্রাণঘাতী বিস্ফোরণ ঘটেছে। ২০২১ সালে মেয়েদের একটি স্কুলের বাইরে গাড়িবোমা হামলায় অন্তত ৯০ জন নিহত এবং আরও কয়েক শত মানুষ আহত হন।
ইসলামিক স্টেট গোষ্ঠী দাশত-ই-বারচিতে চালানো হামলার দায় স্বীকার করেছে। তারা শিয়াদের ‘ধর্মত্যাগী’ মনে করে তাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের রোহিঙ্গা জনগণের সংখ্যা নিয়ে দেশটির সাম্প্রতিক বিভ্রান্তিকর এবং ত্রুটিপূর্ণ বিবৃতির বিরুদ্ধে বাংলাদেশ আনুষ্ঠানিক উদ্বেগ প্রকাশ করেছে। মিয়ানমারের রাষ্ট্রদূত উ কিয়াও সোয়ে মোরের সঙ্গে বৈঠক করতে মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপস্থিত হন মিয়ানমার অনুবিভাগের মহাপরিচালক তৌফিক-উর-রহমান। বৈঠকে মহাপরিচালক গত ১৫ আগস্ট মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত রোহিঙ্গা বিষয়ক বিবৃতিটি উল্লেখ করেন এবং বলেন, ওই বিবৃতির অনেক তথ্য ভুল পরিসংখ্যানের ওপর ভিত্তি করে তৈরি। বিশেষ করে, বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগণের সংখ্যা নিয়ে মিয়ানমারের দেওয়া তথ্য সঠিক নয়, বাংলাদেশের পক্ষ থেকে এই বিষয়টি জানানো হয়। তিনি আবারও জোরালোভাবে উল্লেখ করেন যে, জাতিসংঘ ব্যবস্থায় নিবন্ধিত তথ্যই একমাত্র সঠিক এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত পরিসংখ্যান, যা বাংলাদেশে আশ্রয় নেয়া প্রকৃত জনসংখ্যাকে প্রতিফলিত করে। বৈঠকে মহাপরিচালক দ্বিপাক্ষিক চুক্তির ভিত্তিতে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের যাচাইকরণ প্রক্রিয়া দ্রুত করার জন্য মিয়ানমারের রাষ্ট্রদূতকে চাপ দেন। বাংলাদেশ স্পষ্ট জানিয়ে দেয় যে, এই যাচাইকরণ প্রক্রিয়ায় আশ্রয়শিবিরে জন্ম নেয়া শিশু এবং ২০১৭ সালের সংকটের পর রাখাইন থেকে পালিয়ে আসা নতুন সংখ্যানুপাতকেও অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে। বাংলাদেশ বর্তমানে এই জনগণের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করছে। সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, ৮ লাখ ২৮ হাজার ৮২৪ জন রোহিঙ্গার তথ্য অত্যন্ত সতর্কতার সঙ্গে প্রস্তুত করা হচ্ছে এবং যথাসময়ে মিয়ানমার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। মহাপরিচালক এই অতিরিক্ত তথ্যগুলো যাচাই প্রক্রিয়ায় সঠিকভাবে অন্তর্ভুক্ত করার জন্য মিয়ানমারের প্রতি আহ্বান জানান। পাশাপাশি, বাস্তুচ্যুত রোহিঙ্গাদের ভুলভাবে সংজ্ঞায়িত করার যেকোনো প্রচেষ্টাকে বাংলাদেশ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। রাষ্ট্রদূতকে তৌফিক-উর-রহমান মনে করিয়ে দেন যে, রোহিঙ্গারা কোনোভাবেই ‘বাঙালি’ নন। তাদের একটি নিজস্ব ও সুনির্দিষ্ট জাতিগত পরিচয় রয়েছে, যা অতি সাম্প্রতিককাল পর্যন্ত মিয়ানমার রাষ্ট্র নিজেই আনুষ্ঠানিকভাবে স্বীকার করত। রাষ্ট্রদূত ইউ কিয়াও সো মো বাংলাদেশকে আশ্বস্ত করেন যে, ঢাকার এই গভীর উদ্বেগ এবং পর্যবেক্ষণগুলো তিনি দ্রুত তার দেশের রাজধানীতে পৌঁছে দেবেন। একইসাথে তিনি যাচাইকৃত রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন শুরু করতে তার সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। দীর্ঘ সময় ধরে চলে আসা এই মানবিক সংকটের স্থায়ী সমাধানের বিষয়ে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান পুনর্ব্যক্ত করে মহাপরিচালক বৈঠক শেষ করেন। তিনি জোর দিয়ে বলেন, রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং সম্পূর্ণ স্বেচ্ছায় প্রত্যাবাসনই এই সংকটের একমাত্র টেকসই সমাধান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ১৮ আগস্ট, ২০২৬ : পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
আজ তিনি রাজধানীর আগারগাঁও নির্বাচনী ভবনে সিইসির সঙ্গে সাক্ষাৎ করেন।
এ সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের জানান, স্থানীয় সরকার নির্বাচনের আইনশৃঙ্খলা বা নিরাপত্তার বিষয়গুলো নিয়ে প্রাথমিক আলোচনা অনুষ্ঠিত হয়েছিল। তিনি বলেন, 'আমরা এ বিষয়ে শিগগিরই কার্যক্রম শুরু করবো।'
তালাশ বিডি/মিডিয়া লিঃ