শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং
১০:০৬ পি.এম
ঢাকা, ২৭ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিএমইএ) প্রথমবারের মতো ‘বিসিএমইএ ফুটবল কাপ ২০২৬’ আয়োজন করেছে, যার উদ্দেশ্য হলো ব্যবসার বাইরের পারস্পরিক সম্পর্ক, সম্প্রীতি এবং দলগত বন্ধনকে শক্তিশালী করা।
রাজধানীর বেরাইদে অবস্থিত ‘অ্যাথলেটস হাব’-এ আজ শুরু হওয়া এই টুর্নামেন্টে সিরামিক শিল্পের মোট ১২টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে।
টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি মন্তব্য করেন, "খেলাধুলা মানুষের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও দলগত মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।" তিনি এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দেশের শিল্প ও ব্যবসায়িক খাতের সঙ্গে খেলাধুলার সংযোগ বৃদ্ধি পেলে সুস্থ প্রতিযোগিতা এবং ইতিবাচক কর্মসংস্কৃতি গড়ে উঠবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ফাহাদ মোহাম্মদ আহমেদ করিম।
বিশেষ অতিথির বক্তব্যে ফাহাদ মোহাম্মদ আহমেদ করিম বলেন, "ফুটবল শুধু একটি খেলা নয়, এটি দলগত ঐক্য, শৃঙ্খলা, নেতৃত্ব ও পারস্পরিক সহযোগিতার শিক্ষা দেয়।" তিনি বিসিএমইএর এই উদ্যোগকে শিল্পখাতের প্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করার পাশাপাশি ফুটবলের প্রতি আগ্রহ বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিসিএমইএ-এর প্রেসিডেন্ট ও মন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মইনুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন বিসিএমইএ-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও টুর্নামেন্টের চেয়ারম্যান আব্দুল হাকিম সুমন, পরিচালক ফারিয়ান ইউসুফ, হামজাহ সাকিফ তাবানী, মোহাম্মদ জিয়াউল হক জিকো এবং টুর্নামেন্ট আয়োজক কমিটির কো-চেয়ারম্যান ও ডিবিএল সিরামিকসের চিফ বিজনেস অফিসার মোহাম্মদ বায়েজিদ বাশার এবং বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার সৈয়দ রুম্মান বিন ওয়ালী শাব্বির।
টুর্নামেন্টে অংশগ্রহণকারী ১২টি প্রতিষ্ঠান হলো- আবুল খায়ের সিরামিক, আলী সিরামিক, বিসিএল সিরামিক, ব্রিজ কেমি, ডিবিএল সিরামিকস, এক্সিলেন্ট সিরামিক, খাদিম সিরামিকস, মীর সিরামিকস, মিরপুর সিরামিকস, প্যারাগন সিরামিক, আরএকে সিরামিকস ও শেলটেক সিরামিকস।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ট্যাগ ব্যবহার করে জাতীয় ছাত্রশক্তির এক নেতাকে ছুরিকাঘাত ও মারধরের অভিযোগ উঠেছে ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে। ভুক্তভোগী অভিযোগ করেছেন যে, বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে নগরীর চট্টেশ্বরী রোডে এই ঘটনা ঘটেছে।
অভিযুক্ত ছাত্রদল নেতা হামলার সাথে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, সে সময় ঘটনাস্থলে তিনি উপস্থিত ছিলেন না। তবে তিনি বলেন, ছাত্রলীগের নাশকতা প্রতিরোধ করতে দলের নির্দেশে তার দলের কর্মীরা ভুক্তভোগীর ওপর ‘চড়াও’ হয়েছিলেন। আহত মোহাম্মদ ইসমাইল চকবাজার থানা ছাত্রশক্তির সংগঠক। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন।
ইসমাইল সাংবাদিকদের জানান, সেদিন তিনি তিন বন্ধুর সঙ্গে টংদোকানে চা খাচ্ছিলেন। এ সময় হাজেরা তজু ডিগ্রি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদুল হক শিকদার লাঠি, হকিস্টিক ও ধারালো অস্ত্র হাতে ২০-৩০ জনের একটি দল নিয়ে এলাকায় শোডাউন করেন।
ইসমাইলের অভিযোগ, জাহেদুল তার কাছে এসে বলেন, ‘ও ছাত্রলীগ, ওরে পিডা। আমার বাবার বিরুদ্ধেও ও পোস্ট দিছে।’ এরপর প্রথমে তাকে ছুরিকাঘাত করা হয়। তার বন্ধুরা প্রতিবাদ করলে হামলাকারীরা তাদের দিকে তেড়ে আসেন। পরে মাথায় আঘাত করা হয় এবং একপর্যায়ে লাথি দিয়ে তাকে পাশের নালায় ফেলে দেওয়া হয়। সেখানেও তাকে মারধর করা হয় বলে তিনি দাবি করেন।
ইসমাইল বলেন, জাহেদুলের বাবা মিজানুর রহমান শিকদার এক নারীর খুনের মামলার আসামি এবং বর্তমানে কারাগারে আছেন। ওই নারীর পক্ষে তিনি ফেসবুকে লেখালেখি করেন। এই কারণে তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে। তার হাতে ও মাথায় অনেক সেলাই লেগেছে। তিনি দ্রুত মামলা করবেন বলে জানান।
অভিযুক্ত জাহেদুল হক অভিযোগ অস্বীকার করে বলেন, আগের দিন দলীয় নির্দেশে ছাত্রলীগের নাশকতা ঠেকাতে তারা অভিযানে নামেন। ছাত্রলীগের সঙ্গে ইসমাইলের ওঠাবসা দেখে তার মোবাইল চেক করতে চাইলে তিনি দলের নেতাকর্মীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে তার দলের কর্মীরা ইসমাইলের ওপর চড়াও হন। তবে জাহেদুল নিজে ঘটনাস্থলে উপস্থিত থাকার কথা অস্বীকার করেন। বাবার সঙ্গে ইসমাইলের দ্বন্দ্বের প্রসঙ্গে জাহেদুল বলেন, তার বাবার সঙ্গে দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু ব্যক্তিগতভাবে তিনি ইসমাইলকে চেনেন না। শুনেছেন, ইসমাইল তাদের এলাকার।
ছাত্রশক্তি চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব আব্দুর রহমান বলেন, ইসমাইল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই সম্মুখসারিতে থাকা একজন সক্রিয় সহযোদ্ধা। তার দাবি, শুধুমাত্র রাজনৈতিক মতপার্থক্যের কারণে ইসমাইলের ওপর এ হামলা হয়েছে। তিনি ঘটনার নিন্দা জানিয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর হোসেন মামুন বলেন, ছাত্রশক্তি নেতার ওপর হামলার বিষয়ে এই মুহূর্তে তাদের কাছে কোনো তথ্য নেই। তথ্য এলে ব্যবস্থা নেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীর জুলাই জাদুঘরের সামনে একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এটি শুক্রবার (২৭ নভেম্বর) রাতে ঘটে। এই অগ্নিকাণ্ডের ফলে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিস্তারিত আসছে...
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পাকিস্তানে বিদেশি সরাসরি বিনিয়োগ (এফডিআই) বৃদ্ধি পেলেও, দেশটির ব্যবসায়িক পরিবেশ নিয়ে বিদেশি বিনিয়োগকারীদের আস্থা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। ভূরাজনৈতিক উত্তেজনা, জ্বালানি ও জ্বালানি তেলের উচ্চমূল্য, মূল্যস্ফীতি, নিরাপত্তা উদ্বেগ এবং নীতিগত অনিশ্চয়তার কারণে ব্যবসা পরিচালনার পরিস্থিতি কঠিন হয়ে উঠেছে। এই কারণে, পাকিস্তানের সামগ্রিক ব্যবসায়িক আস্থা এবং বিদেশি বিনিয়োগকারীদের প্রত্যাশা নেতিবাচক পর্যায়ে নেমে এসেছে।
সম্প্রতি প্রকাশিত ওভারসিজ ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ওআইসিসিআই) সর্বশেষ বিজনেস কনফিডেন্স সার্ভে বা ব্যবসায়িক আস্থা জরিপের ৩০তম সংস্করণে এই চিত্র উঠে এসেছে। জরিপ অনুযায়ী, পাকিস্তানের সামগ্রিক ব্যবসায়িক আস্থা আগের জরিপের ইতিবাচক ১৩ শতাংশ থেকে ৩৬ শতাংশীয় পয়েন্ট কমে নেতিবাচক ২৩ শতাংশে দাঁড়িয়েছে।
অন্যদিকে, ওআইসিসিআইয়ের সদস্য বিদেশি বিনিয়োগকারীদের আস্থা ৫৫ শতাংশীয় পয়েন্ট কমে ইতিবাচক ২৮ শতাংশ থেকে নেতিবাচক ২৭ শতাংশে নেমেছে। এতে দেখা যাচ্ছে, প্রথমবারের মতো বৃহত্তর ব্যবসায়ী সমাজের তুলনায় বিদেশি বিনিয়োগকারীদের আস্থা আরও নিচে চলে গেছে।
সেপ্টেম্বর-অক্টোবরে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে দেশজুড়ে জরিপটি পরিচালিত হয়। এতে উৎপাদন, সেবা ও খুচরা ব্যবসা খাতের পাশাপাশি বড় শহর ও শহরের বাইরের বিভিন্ন প্রতিষ্ঠানের মতামত নেওয়া হয়। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো সম্মিলিতভাবে পাকিস্তানের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৮০ শতাংশের প্রতিনিধিত্ব করে।
তিনটি প্রধান খাতেই ব্যবসায়িক আস্থা নেতিবাচক হয়েছে। খুচরা ও পাইকারি ব্যবসায় আস্থা ৪৫ শতাংশীয় পয়েন্ট কমে নেতিবাচক ২৫ শতাংশে দাঁড়িয়েছে। উৎপাদন খাতে ৩৪ পয়েন্ট কমে নেতিবাচক ২৫ শতাংশ এবং সেবা খাতে ৩১ পয়েন্ট কমে নেতিবাচক ১৭ শতাংশ হয়েছে।
বিনিয়োগ ও কর্মসংস্থানের প্রত্যাশাও কমেছে। মূলধনী বিনিয়োগের সূচক ১৬ শতাংশীয় পয়েন্ট কমে নেতিবাচক ১৪ শতাংশে নেমেছে। কর্মসংস্থানের প্রত্যাশা ২৩ পয়েন্ট কমে নেতিবাচক ৬ শতাংশে দাঁড়িয়েছে। ব্যবসা সম্প্রসারণের প্রত্যাশা সামান্য ইতিবাচক ৩ শতাংশ থাকলেও, আগের জরিপের তুলনায় তা ২৭ পয়েন্ট কমেছে।
জরিপে অংশ নেওয়া ৭৮ শতাংশ প্রতিষ্ঠান গত ছয় মাসে পাকিস্তানের ব্যবসায়িক পরিস্থিতিকে নেতিবাচক হিসেবে মূল্যায়ন করেছে। আগের জরিপে এ হার ছিল ৪৭ শতাংশ। আগামী ছয় মাসে পরিস্থিতির অবনতি হতে পারে বলে মনে করছে ৪৪ শতাংশ প্রতিষ্ঠান। বিপরীতে উন্নতির আশা করছে মাত্র ২৩ শতাংশ।
তবে, এই হতাশার বিপরীতে পাকিস্তানে এফডিআই বেড়েছে। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) এ বিনিয়োগ ২২ শতাংশ বেড়ে ৯৩ কোটি ৫০ লাখ ডলারে পৌঁছেছে। আগের অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৭৬ কোটি ৪০ লাখ ডলার।
ওআইসিসিআইয়ের প্রধান উমর আহসান খান সংবাদমাধ্যম ডনকে বলেন, "বিনিয়োগ বাড়াতে নীতিগত স্থিতিশীলতা, প্রতিযোগিতামূলক করব্যবস্থা এবং সাশ্রয়ী ও নির্ভরযোগ্য জ্বালানি নিশ্চিত করা জরুরি।" সংস্থাটির মহাসচিব এম আবদুল আলিমও বিদেশি বিনিয়োগকারীদের আস্থার এমন পতনে উদ্বেগ প্রকাশ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ২৫ শতাংশ শুল্ক থাকা সত্ত্বেও, ভারতের শিল্প ও বাণিজ্য মহল আশা প্রকাশ করেছে যে ২০২৭ সালের মার্চের মধ্যে দেশের মোট রপ্তানি ১ ট্রিলিয়ন (১ লাখ কোটি) ডলার ছাড়িয়ে যাবে। ইকোনমিক টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, রপ্তানি প্রবৃদ্ধির ধারাবাহিকতা এবং বিভিন্ন দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) কারণে এই লক্ষ্য অর্জন সম্ভব হবে বলে মনে করছে ভারতের শিল্প ও বাণিজ্য সংস্থাগুলোর ফেডারেশন অ্যাসোচ্যাম।
অ্যাসোচ্যামের মহাসচিব সৌরভ সান্যাল জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শুল্ক ভারতের রপ্তানিতে বড় ধরনের প্রভাব ফেলবে না। বর্তমানে ভারতের রপ্তানির পরিমাণ ৫০০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে এবং প্রবৃদ্ধির হার ১৫ শতাংশ।
২০২৬ সালের ইন্ডিয়া এনার্জি সভরেনটি সামিটের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সান্যাল বলেন, যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তরের (ইউএসটিআর) ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণায় ভারতের রপ্তানি ক্ষতিগ্রস্ত হবে না। তিনি আরও জানান, ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্য আলোচনা সফল হলে প্রস্তাবিত শুল্ক ২৫ শতাংশ থেকে কমে ১৭ শতাংশে নেমে আসতে পারে।
ভারতের পণ্য বাণিজ্যের পরিমাণ যুক্তরাষ্ট্রের সঙ্গে তুলে ধরে সান্যাল বলেন, বর্তমানে দুই দেশের পণ্য বাণিজ্যের পরিমাণ ৫৯ বিলিয়ন ডলার। প্রতি মাসে গড়ে প্রায় ৮ দশমিক ৫ বিলিয়ন ডলারের বাণিজ্য হচ্ছে। চলতি অর্থবছর শেষ হতে এখনো পাঁচ মাস বাকি রয়েছে।
বর্তমান প্রবৃদ্ধির ধারা অব্যাহত থাকলে, বাকি সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের পণ্য বাণিজ্যে আরও ৪১ বিলিয়ন ডলার যুক্ত হতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।
সান্যাল বলেন, ‘বর্তমান গতিতে রপ্তানি অব্যাহত থাকলে ২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে ভারতের রপ্তানি ১ লাখ কোটি ডলারের সীমা অতিক্রম করবে বলে আমরা অত্যন্ত আশাবাদী।’
বিশ্ববাজারে বাণিজ্য অনিশ্চয়তার মধ্যে রপ্তানির নতুন বাজার তৈরিতে ভারতের উদ্যোগের কথাও তুলে ধরেন অ্যাসোচ্যামের মহাসচিব। তিনি জানান, ইতিমধ্যে ৩৭টি দেশের সঙ্গে আটটি মুক্ত বাণিজ্য চুক্তি করেছে ভারত। এসব চুক্তির ফলে দেশটির রপ্তানিকারকেরা বিকল্প বাজারে পণ্য ও সেবা সরবরাহের সুযোগ পাচ্ছেন।
তিনি বলেন, ভারত ইতিমধ্যে এমন অনেক পণ্য ও সেবা উৎপাদন করছে, যেগুলো অন্যান্য দেশে রপ্তানি করা সম্ভব। যুক্তরাষ্ট্রের শুল্কসংক্রান্ত চ্যালেঞ্জ সত্ত্বেও ভারতের রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনে কোনো বড় সমস্যা দেখছেন না বলে জানান সান্যাল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ