শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং
১০:০৮ পি.এম
যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ২৫ শতাংশ শুল্ক থাকা সত্ত্বেও, ভারতের শিল্প ও বাণিজ্য মহল আশা প্রকাশ করেছে যে ২০২৭ সালের মার্চের মধ্যে দেশের মোট রপ্তানি ১ ট্রিলিয়ন (১ লাখ কোটি) ডলার ছাড়িয়ে যাবে। ইকোনমিক টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, রপ্তানি প্রবৃদ্ধির ধারাবাহিকতা এবং বিভিন্ন দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) কারণে এই লক্ষ্য অর্জন সম্ভব হবে বলে মনে করছে ভারতের শিল্প ও বাণিজ্য সংস্থাগুলোর ফেডারেশন অ্যাসোচ্যাম।
অ্যাসোচ্যামের মহাসচিব সৌরভ সান্যাল জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শুল্ক ভারতের রপ্তানিতে বড় ধরনের প্রভাব ফেলবে না। বর্তমানে ভারতের রপ্তানির পরিমাণ ৫০০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে এবং প্রবৃদ্ধির হার ১৫ শতাংশ।
২০২৬ সালের ইন্ডিয়া এনার্জি সভরেনটি সামিটের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সান্যাল বলেন, যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তরের (ইউএসটিআর) ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণায় ভারতের রপ্তানি ক্ষতিগ্রস্ত হবে না। তিনি আরও জানান, ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্য আলোচনা সফল হলে প্রস্তাবিত শুল্ক ২৫ শতাংশ থেকে কমে ১৭ শতাংশে নেমে আসতে পারে।
ভারতের পণ্য বাণিজ্যের পরিমাণ যুক্তরাষ্ট্রের সঙ্গে তুলে ধরে সান্যাল বলেন, বর্তমানে দুই দেশের পণ্য বাণিজ্যের পরিমাণ ৫৯ বিলিয়ন ডলার। প্রতি মাসে গড়ে প্রায় ৮ দশমিক ৫ বিলিয়ন ডলারের বাণিজ্য হচ্ছে। চলতি অর্থবছর শেষ হতে এখনো পাঁচ মাস বাকি রয়েছে।
বর্তমান প্রবৃদ্ধির ধারা অব্যাহত থাকলে, বাকি সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের পণ্য বাণিজ্যে আরও ৪১ বিলিয়ন ডলার যুক্ত হতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।
সান্যাল বলেন, ‘বর্তমান গতিতে রপ্তানি অব্যাহত থাকলে ২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে ভারতের রপ্তানি ১ লাখ কোটি ডলারের সীমা অতিক্রম করবে বলে আমরা অত্যন্ত আশাবাদী।’
বিশ্ববাজারে বাণিজ্য অনিশ্চয়তার মধ্যে রপ্তানির নতুন বাজার তৈরিতে ভারতের উদ্যোগের কথাও তুলে ধরেন অ্যাসোচ্যামের মহাসচিব। তিনি জানান, ইতিমধ্যে ৩৭টি দেশের সঙ্গে আটটি মুক্ত বাণিজ্য চুক্তি করেছে ভারত। এসব চুক্তির ফলে দেশটির রপ্তানিকারকেরা বিকল্প বাজারে পণ্য ও সেবা সরবরাহের সুযোগ পাচ্ছেন।
তিনি বলেন, ভারত ইতিমধ্যে এমন অনেক পণ্য ও সেবা উৎপাদন করছে, যেগুলো অন্যান্য দেশে রপ্তানি করা সম্ভব। যুক্তরাষ্ট্রের শুল্কসংক্রান্ত চ্যালেঞ্জ সত্ত্বেও ভারতের রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনে কোনো বড় সমস্যা দেখছেন না বলে জানান সান্যাল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
অফিসে সারাদিন বসে কাজ করা, দীর্ঘ সময় কম্পিউটারের সামনে থাকা অথবা ভারী ব্যাগ নিয়ে চলাফেরা করা, এসব কারণে পিঠে ব্যথা হওয়া নতুন কিছু নয়। অনেকেই এই ধরনের ব্যথাকে দৈনন্দিন জীবনের অংশ মনে করে গুরুত্ব দেন না। ব্যথা হলে মলম লাগানো, গরম পানির সেঁক দেওয়া অথবা ব্যথানাশক ওষুধ খেয়ে সাময়িক স্বস্তি পাওয়ার চেষ্টা করেন। কিন্তু যদি ব্যথা দিন দিন বাড়তে থাকে, রাতে ঘুম ভাঙিয়ে দেয় অথবা হাত-পায়ে অবশভাব ও দুর্বলতা দেখা দেয়, তাহলে বিষয়টি অবহেলা করা উচিত নয়। কারণ, দীর্ঘস্থায়ী পিঠের ব্যথার পেছনে মেরুদণ্ডের গুরুতর সমস্যা থাকতে পারে।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে চিকিৎসকের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, অধিকাংশ পিঠের ব্যথা সাধারণ চিকিৎসায় কমে যায়। তবে যদি ব্যথা দীর্ঘ সময় স্থায়ী থাকে বা ক্রমাগত বাড়তে থাকে, তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। শ্রী বালাজি অ্যাকশন মেডিক্যাল ইনস্টিটিউটের স্পাইন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের প্রধান চিকিৎসক হরবিন্দর সিং চাবরা জানিয়েছেন, সাধারণ সর্দি-কাশির পর পিঠের ব্যথা অন্যতম পরিচিত স্বাস্থ্য সমস্যা। জীবনের কোনো না কোনো সময় প্রতি ১০ জনের মধ্যে আটজন উল্লেখযোগ্য মাত্রায় পিঠের ব্যথায় ভোগেন। তাঁদের মধ্যে প্রায় ৭০ শতাংশের আবারও এ সমস্যা দেখা দিতে পারে।
বিশেষজ্ঞদের মতে, দীর্ঘ সময় বসে থাকা, শারীরিক পরিশ্রমের অভাব, ভুল ভঙ্গিতে বসা এবং সঠিক নিয়ম না মেনে ভারী জিনিস তোলা পিঠের ব্যথার অন্যতম কারণ। যদিও মলম বা গরম পানির সেঁকে সাময়িক আরাম মিললেও সমস্যার মূল কারণ দূর হয় না।
কখন চিকিৎসকের কাছে যাবেন
যদি কয়েক সপ্তাহ ধরে পিঠের ব্যথা থাকে, চিকিৎসা নেওয়ার পরও ব্যথা না কমে বা ক্রমাগত বাড়তে থাকে, তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। বিশেষ করে বিশ্রামের সময়ও যদি ব্যথা থাকে অথবা বারবার ঘুম ভেঙে যায়, তাহলে সতর্ক হওয়া প্রয়োজন। চিকিৎসক হরবিন্দর সিং চাবরার মতে, এ ধরনের ব্যথার পেছনে মেরুদণ্ডের সংক্রমণ, প্রদাহজনিত সমস্যা, অস্টিওপোরোসিসের কারণে মেরুদণ্ডের হাড়ে চিড় বা ফাটল এবং বিরল ক্ষেত্রে টিউমারও থাকতে পারে।
এছাড়া হাত-পায়ে অবশভাব, ঝিনঝিন করা বা দুর্বলতা দেখা দিলে অবহেলা করা যাবে না। হাঁটতে সমস্যা হওয়া কিংবা শরীরের ভারসাম্য রাখতে অসুবিধা হওয়াও সতর্কসংকেত। মেরুদণ্ডের স্নায়ুতে চাপ পড়লে এমন উপসর্গ দেখা দিতে পারে। দুর্বলতা ক্রমাগত বাড়তে থাকলে দ্রুত চিকিৎসা নেওয়া প্রয়োজন।
যেসব লক্ষণে জরুরি চিকিৎসা প্রয়োজন
পিঠের ব্যথার সঙ্গে যদি প্রস্রাব বা মল নিয়ন্ত্রণে নতুন সমস্যা দেখা দেয়, তাহলে দ্রুত হাসপাতালে যেতে হবে। প্রস্রাব করতে অসুবিধা, প্রস্রাব আটকে যাওয়া কিংবা উরুর ভেতরের অংশ ও যৌনাঙ্গের আশপাশ অবশ হয়ে যাওয়াও বিপজ্জনক লক্ষণ। বিশেষ করে তীব্র কোমরব্যথা বা পায়ে দুর্বলতার সঙ্গে এসব উপসর্গ দেখা দিলে তা ‘কডা ইকুইনা সিনড্রোম’-এর লক্ষণ হতে পারে।
এটি মেরুদণ্ডের নিচের অংশের স্নায়ুগুচ্ছে চাপ পড়ার কারণে ঘটে। সময়মতো চিকিৎসা না হলে মূত্রথলি, অন্ত্র ও যৌন কার্যক্ষমতার ওপর স্থায়ী প্রভাব পড়তে পারে। তাই এমন উপসর্গ দেখা দিলে এক মুহূর্তও দেরি করা উচিত নয়।
কারা বেশি ঝুঁকিতে
তরুণদের মধ্যে দীর্ঘ সময় বসে কাজ করা, শারীরিক পরিশ্রমের অভাব এবং ভুল ভঙ্গিতে বসার কারণে পিঠের ব্যথা বাড়ছে। বিশেষ করে কর্মক্ষেত্রে বসার চেয়ার ও টেবিলের সঠিক বিন্যাস না থাকলে সমস্যা আরও বাড়তে পারে। অন্যদিকে, বয়স্কদের ক্ষেত্রে বয়সের সঙ্গে মেরুদণ্ডের ডিস্ক ক্ষয় হওয়া এবং মেরুদণ্ডের স্নায়ু চলাচলের পথ সরু হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। অস্টিওপোরোসিসে আক্রান্ত ব্যক্তিদের সামান্য পড়ে যাওয়া কিংবা সাধারণ শারীরিক কাজের কারণেও মেরুদণ্ডের হাড় ভেঙে যেতে পারে।
কিভাবে রোগ নির্ণয় ও চিকিৎসা হয়
পিঠের ব্যথার কারণ জানতে চিকিৎসক প্রথমে রোগীর শারীরিক অবস্থা, আগের উপসর্গ ও চিকিৎসার ইতিহাস পর্যালোচনা করেন। পাশাপাশি স্নায়ুর কার্যকারিতা পরীক্ষা করা হয়। প্রয়োজন অনুযায়ী এক্স-রে বা এমআরআই করার পরামর্শ দিতে পারেন।
চিকিৎসক চাবরার মতে, মেরুদণ্ডের সমস্যায় আক্রান্ত মাত্র ৩ থেকে ৫ শতাংশ রোগীর অস্ত্রোপচারের প্রয়োজন হয়। অধিকাংশ ক্ষেত্রে ওষুধ, ফিজিওথেরাপি, বিশেষজ্ঞের তত্ত্বাবধানে ব্যায়াম, সঠিক দেহভঙ্গি বজায় রাখা এবং জীবনযাত্রায় পরিবর্তনের মাধ্যমে চিকিৎসা সম্ভব। তবে স্নায়ুতে গুরুতর চাপ, ক্রমাগত স্নায়বিক দুর্বলতা কিংবা মেরুদণ্ডের অস্থিতিশীলতা থাকলে অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে। তাই পিঠের ব্যথাকে সাধারণ সমস্যা ভেবে দীর্ঘকাল অবহেলা করা উচিত নয়। ব্যথার ধরন ও সঙ্গে থাকা উপসর্গের দিকে খেয়াল রাখতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান শিক্ষার্থী ও তরুণ সমাজের সামনে তিনটি বড় চ্যালেঞ্জ গ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দেশের শিক্ষাঙ্গনকে নিরাপদ রাখা, চাকরিজীবী না হয়ে উদ্যোক্তা ও নেতা হিসেবে গড়ে ওঠা এবং বাংলাদেশকে বিশ্বের কাছে অনুকরণীয় রাষ্ট্রে পরিণত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ডাকসু, জাকসু, রাকসু, চাকসু ও জকসুর নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে ‘বিয়ন্ড ক্যাম্পাস : লিডিং টুমরো’ (Beyond Campus : Leading Tomorrow) শীর্ষক এক মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
অনুষ্ঠানে দেশের পাঁচটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধি ও তরুণদের উদ্দেশে ডা. শফিকুর রহমান যে তিনটি চ্যালেঞ্জ বা বিশেষ বার্তা তুলে ধরেন, তা নিচে দেওয়া হলো:
১. নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত ও দেশ গড়ার কাজে যুক্ত হওয়া: ডা. শফিকুর রহমান বলেন, কলুষিত বাংলাদেশের বুকে অস্থির ক্যাম্পাসগুলোতে শান্তি ও শিক্ষার পরিবেশ ফিরিয়ে এনে ছাত্র সংসদ প্রতিনিধিরা একটি অনুকরণীয় মডেল উপস্থাপন করেছেন। তবে শুধু এই পাঁচটি বিশ্ববিদ্যালয় নয়, সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে নিরাপদ করার চ্যালেঞ্জ নিতে হবে। পাশাপাশি ছাত্রজীবন শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই হলের সিট ও ক্যাম্পাস ছেড়ে দিয়ে দেশ গড়ার বৃহত্তর কাজে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
২. চাকরিজীবী নয়, সব ক্ষেত্রে উদ্যোক্তা ও নেতা হওয়া: তরুণদের কারও অধীনে চাকরিজীবী হিসেবে না দেখে সব ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও জনকল্যাণ—সব ক্ষেত্রেই তরুণদের উদ্যোক্তা ও নেতা হতে হবে। তরুণদের অবদানের স্বীকৃতিস্বরূপ ইতিমধ্যেই দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিটি করপোরেশনে একজন তরুণকে মেয়র প্রার্থী ঘোষণা করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। এ ছাড়া কেবল ঢাকায় পড়ে না থেকে নিজ নিজ এলাকা ও গ্রামবাংলায় ফিরে গিয়ে সমাজের স্তরে স্তরে থাকা দুর্নীতিবাজদের তাড়িয়ে জনগণের পাশে দাঁড়ানোর পরামর্শ দেন তিনি।
৩. অনুসরণকারী নয়, অনুকরণীয় জাতি গঠন: বাংলাদেশ চিরদিন অন্য দেশকে অনুসরণ করে চলবে না উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, আমরা এমন পরিবর্তন চাই, যেন বিশ্ববাসী দেখে বাংলাদেশ কী করছে এবং অন্যরা যেন বাংলাদেশকে অনুসরণ করে। আর এই জায়গা তৈরি করতে হলে তরুণদেরই নেতৃত্ব দিতে হবে।
বক্তব্যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ৫ আগস্টের পর একদল মানুষের রাতারাতি বদলে যাওয়া, ঘুষ-দুর্নীতি-চাঁদাবাজি, গণভোটের রায় অস্বীকার এবং ফ্যাসিবাদীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার কারণেই দেশে নতুন করে সংকট তৈরি হয়েছে। তবে দেশের যুবসমাজ কোনো ফ্যাসিবাদকে আর বাংলার জমিনে আসতেও দেবে না, বসতেও দেবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানের আয়োজন ও সমন্বয়ের জন্য তরুণ চিকিৎসক ডা. খালেদুজ্জামানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ডা. শফিকুর রহমান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মার্কিন বিমানবাহিনীর গুরুত্বপূর্ণ ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম ‘ক্লাউড ওয়ান’-এ সাইবার হামলার ঘটনা ঘটেছে। এই হামলার ফলে সামরিক বাহিনীর বিপুল পরিমাণ সংবেদনশীল তথ্য ঝুঁকির মুখে পড়েছে। এসব তথ্যের মধ্যে সামরিক কৌশল, কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তিগত তথ্য, বেতন-ভাতা, রসদ সরবরাহ এবং সামরিক সরঞ্জাম ব্যবস্থাপনা-সংক্রান্ত নথি অন্তর্ভুক্ত রয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিষয়টি সম্পর্কে অবগত তিনজন ব্যক্তি এই তথ্য জানিয়েছেন। তাদের মতে, গত এক মাসের মধ্যে প্ল্যাটফর্মটির আধুনিকায়নের কাজ চলার সময় হ্যাকিংয়ের বিষয়টি শনাক্ত হয়। এরপর থেকেই ক্লাউড ওয়ানের বিভিন্ন কার্যক্রমে বিঘ্ন ঘটছে।
তবে হামলাকারীদের পরিচয়, প্ল্যাটফর্মটির ক্ষতির পরিমাণ এবং কোনো তথ্য চুরি হয়েছে কি না, তা নিশ্চিতভাবে জানাতে পারেনি রয়টার্স।
এ বিষয়ে মার্কিন বিমানবাহিনী রয়টার্সের কাছে পাঠানো এক বিবৃতিতে বলেছে, তারা নির্দিষ্ট কোনো নেটওয়ার্ক বা ব্যবস্থার নিরাপত্তাব্যবস্থা, দুর্বলতা কিংবা কার্যক্রমের অবস্থা নিয়ে মন্তব্য করে না। তবে বিমানবাহিনীর তথ্য, সিস্টেম ও সামরিক সক্ষমতা সুরক্ষিত রাখতে নিয়মিত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
২০১৭ সালে চালু হওয়া ক্লাউড ওয়ানকে মার্কিন বিমানবাহিনীর তথ্যপ্রযুক্তি ব্যবস্থাপনার কেন্দ্রীয় প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছিল। এটি মাইক্রোসফট, অ্যামাজন, ওরাকল ও অ্যালফাবেট—এই চার প্রযুক্তি প্রতিষ্ঠানের ক্লাউড সেবা একত্র করে পরিচালিত হয়।
প্ল্যাটফর্মটিতে সামরিক বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের জন্য অসংখ্য অ্যাপ্লিকেশন রয়েছে। এর মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের তথ্য, বেতন-ভাতা, রসদ সরবরাহ, সামরিক সরঞ্জামের রক্ষণাবেক্ষণসহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়।
ক্লাউড ওয়ানের আওতায় থাকা গুরুত্বপূর্ণ ব্যবস্থাগুলোর মধ্যে একটি হলো ‘ক্লাউডভিত্তিক কমান্ড অ্যান্ড কন্ট্রোল’। এটি উত্তর আমেরিকার বিভিন্ন অঞ্চল থেকে আকাশ প্রতিরক্ষাব্যবস্থার রাডারসহ নানা উৎসের তথ্য একত্র করে।
এছাড়া রয়েছে ‘থিয়েটার ইন্টিগ্রেটেড কমব্যাট মিউনিশনস সিস্টেম’। এটি বিশ্বের ২০০টিরও বেশি মার্কিন বিমানবাহিনীর স্থাপনায় থাকা বোমা ও ক্ষেপণাস্ত্রের হিসাব এবং অবস্থান পর্যবেক্ষণে ব্যবহৃত হয়।
ক্লাউড ওয়ান মার্কিন সামরিক বাহিনীর সবচেয়ে বড় ক্লাউড প্ল্যাটফর্মগুলোর একটি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট দুই ব্যক্তি। তাদের একজন রয়টার্সকে বলেন, ‘এ ধরনের প্ল্যাটফর্মে নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা অত্যন্ত গুরুতর।’
২০২৫ সাল পর্যন্ত ক্লাউড ওয়ানের প্রধান ঠিকাদার হিসেবে দায়িত্ব পালন করেছে এসএআইসি। ওই বছর দায়িত্ব নেয় লেইডোস। এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে এসএআইসি কোনো সাড়া দেয়নি। অন্যদিকে, লেইডোস এ-সংক্রান্ত প্রশ্ন মার্কিন বিমানবাহিনীর কাছে পাঠিয়েছে।
সাইবার কমান্ডকে তদন্তের দায়িত্ব
হামলার ক্ষয়ক্ষতি নিরূপণে মার্কিন সামরিক বাহিনীর সাইবার প্রতিরক্ষা ইউনিট সাইবার কমান্ডকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট একজন ব্যক্তি। তবে এ বিষয়ে মন্তব্য জানতে চেয়ে রয়টার্সের পাঠানো প্রশ্নের জবাব দেয়নি সাইবার কমান্ড।
হামলার বিষয়টি শনাক্ত হওয়ার পর ক্লাউড ওয়ানের বিভিন্ন কার্যক্রমে একাধিক প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। সংশ্লিষ্ট দুই ব্যক্তি এবং এ বিষয়ে অবগত আরো একজনের বরাতে রয়টার্স জানিয়েছে, সামরিক বাহিনীর প্রশাসনিক ও দাপ্তরিক অ্যাপ্লিকেশনগুলো ক্লাউড ওয়ানে স্থানান্তরের দীর্ঘদিনের পরিকল্পনা আপাতত স্থগিত রাখা হয়েছে।
এ ছাড়া আগে থেকেই ক্লাউড ওয়ানে চালু থাকা অ্যাপ্লিকেশনগুলোর হালনাগাদ বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে প্রযুক্তি খাতে নতুন করে একাধিক গুরুতর সফটওয়্যার দুর্বলতা প্রকাশিত হওয়ার পরও বিমানবাহিনীর কর্মীরা প্রয়োজনীয় নিরাপত্তা ত্রুটি সংশোধন করতে পারছেন না।
সংশ্লিষ্ট পঞ্চম এক ব্যক্তি জানিয়েছেন, প্ল্যাটফর্মটির কিছু ব্যবহারকারীর প্রশাসনিক পর্যায়ের প্রবেশাধিকারও বাতিল করা হয়েছে।
রয়টার্সের সঙ্গে কথা বলা পাঁচ ব্যক্তিই নাম প্রকাশ না করার শর্তে এসব তথ্য জানিয়েছেন।
নিয়ন্ত্রণব্যবস্থায় প্রবেশের অভিযোগ
সংশ্লিষ্ট একজনের দাবি, হ্যাকাররা একটি সফটওয়্যারের দুর্বলতা কাজে লাগিয়ে ক্লাউড ওয়ানের ‘কন্ট্রোল প্লেন’-এ প্রবেশ করেছিল। এই নিয়ন্ত্রণব্যবস্থাকে তিনি একটি সার্বজনীন রিমোট কন্ট্রোলের সঙ্গে তুলনা করেছেন।
তার ব্যাখ্যা অনুযায়ী, এই স্তরে প্রবেশাধিকার পেলে তাত্ত্বিকভাবে হ্যাকাররা সামরিক বিমানের কার্যক্রমের অবস্থা কিংবা খুচরা যন্ত্রাংশের চলাচল পর্যবেক্ষণ করতে পারে। তবে এবারের হামলায় অনুপ্রবেশকারীরা বাস্তবে এসব তথ্য দেখতে পেরেছে কি না, তা এখনো স্পষ্ট নয়।
হ্যাকাররা ঠিক কোন সফটওয়্যারের দুর্বলতা কাজে লাগিয়েছে, তা শনাক্ত করতে পারেনি রয়টার্স।
ক্লাউড ওয়ানে হামলার খবর এমন এক সময়ে সামনে এল, যখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে সাইবার হামলার আশঙ্কা বাড়ছে। বিশেষ করে ক্লাউডভিত্তিক নেটওয়ার্কের ক্ষেত্রে এ ধরনের হামলা বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে। কারণ, এআই মডেল ব্যবহার করে বিস্তৃত নেটওয়ার্কের বিভিন্ন দুর্বলতা দ্রুত শনাক্ত করা সম্ভব।
এরই মধ্যে যুক্তরাষ্ট্র সরকার অন্তত ছয়টি সাম্প্রতিক সাইবার নিরাপত্তা লঙ্ঘনের ঘটনার ধকল সামলাচ্ছে। এসব ঘটনার মধ্যে রয়েছে এফবিআইয়ের দুটি সাইবার নিরাপত্তা লঙ্ঘন, পেন্টাগনের তথ্যভান্ডারে আগের একটি হামলা, হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের তথ্য ফাঁস, অন্তত দুটি গোয়েন্দা সংস্থাকে প্রভাবিত করা একটি তথ্য ফাঁসের ঘটনা এবং মার্কিন অর্থ মন্ত্রণালয়ে সাইবার হামলা।
তবে ক্লাউড ওয়ান হ্যাকারদের নজরে নতুন নয়। ২০২৩ সালে অনলাইন প্রকাশনা ‘ফেডস্কুপ’-এ প্রকাশিত এক নিবন্ধে প্ল্যাটফর্মটির দায়িত্বশীল কর্মকর্তারা দাবি করেছিলেন, তাদের সিস্টেমে অসংখ্যবার অনুপ্রবেশের চেষ্টা হলেও প্রতিবারই তা প্রতিহত করা হয়েছে। তাঁরা একে ‘১০০ শতাংশ সফলতার হার’ হিসেবে উল্লেখ করেছিলেন।
ওই নিবন্ধে ক্লাউড ওয়ানের কর্মকর্তারা লিখেছিলেন, ‘নিরাপত্তার প্রশ্নে ভুল করার কোনো সুযোগ নেই।’ এবার সেই গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মেই সাইবার হামলার ঘটনা মার্কিন সামরিক তথ্যের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
সূত্র: রয়টার্স
এআরবি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শ্রমিক অসন্তোষের কারণে উৎপাদন ব্যাহত হওয়া এবং উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ার ফলে বাংলাদেশ থেকে ক্রয়াদেশ সরিয়ে নিচ্ছে বিশ্বের খ্যাতনামা পোশাক ব্র্যান্ডগুলো, যেমন জারা ও এইচঅ্যান্ডএম। নভেম্বরের প্রথমার্ধে তাদের মাসিক ক্রয়াদেশের প্রায় ১০ শতাংশ বাংলাদেশ থেকে এশিয়ার অন্যান্য পোশাক উৎপাদনকারী দেশগুলোতে স্থানান্তরিত করা হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) প্রকাশিত একটি প্রতিবেদনে তিন পোশাক কারখানার মালিকের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে। কারখানার মালিকরা রয়টার্সকে জানিয়েছেন, ১ থেকে ১৮ নভেম্বরের মধ্যে বাংলাদেশ থেকে আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো প্রায় ২৫ কোটি ৪০ লাখ ডলারের ক্রয়াদেশ সরিয়ে নিয়েছে। এর মধ্যে অধিকাংশই গিয়েছে প্রতিবেশী দেশ ভারতে। বাংলাদেশের অর্থনীতির জন্য এটি একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। বর্তমান শ্রমিক অসন্তোষের অবসান হলেও এর প্রভাব দীর্ঘমেয়াদী হতে পারে।
পোশাকশিল্পের নেতারা উল্লেখ করেছেন, শ্রমিকদের মজুরি বৃদ্ধি, জ্বালানি সংকট এবং রাজনৈতিক অনিশ্চয়তার কারণে বাংলাদেশে কম খরচে পোশাক উৎপাদনের যে প্রতিযোগিতামূলক সুবিধা ছিল, তা কমে যাচ্ছে। এই সুবিধার কারণে বাংলাদেশ চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশে পরিণত হয়েছিল। বর্তমানে আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো বিকল্প দেশের দিকে ঝুঁকছে পোশাক সংগ্রহের জন্য।
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) তথ্য মতে, শ্রমিক বিক্ষোভের কারণে পোশাকশিল্পে ৪০ কোটি ডলারের বেশি উৎপাদন ক্ষতি হয়েছে। দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে এই খাত থেকে। এছাড়া, উৎপাদনশিল্পের প্রায় ৪০ শতাংশ কর্মসংস্থানও এই খাতে রয়েছে।
ভারতের পাশাপাশি ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়া লাভবান হচ্ছে। পোশাকশিল্পের নেতারা জানিয়েছেন, বাংলাদেশ থেকে ক্রয়াদেশ সরিয়ে নেওয়ার ফলে সবচেয়ে বেশি লাভবান হচ্ছে ভারত। একই সঙ্গে, সরবরাহব্যবস্থার ঝুঁকি কমাতে এবং নির্ধারিত সময়ে পণ্য বুঝে পেতে ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ার দিকে ঝুঁকছেন আন্তর্জাতিক ক্রেতারা।
বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশের পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৬ শতাংশ বাড়ানোর অনুমোদন দেয়ার পর এ খাতে চাপ আরও বেড়েছে। তবে গত চার দশকের মধ্যে মজুরি বৃদ্ধির এই হার সবচেয়ে কম। শ্রমিকরা মজুরি দ্বিগুণের বেশি করার দাবি জানিয়েছিলেন। তাদের দাবির তুলনায় মজুরি কম বাড়ানোয় পুলিশের সঙ্গে নতুন করে সংঘর্ষে জড়ান শ্রমিকরা। তবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আবদুর রহমান তরফদার মজুরি বৃদ্ধিকে ‘সন্তোষজনক’ বলে উল্লেখ করেছেন। তিনি শনিবার (২৮ নভেম্বর) থেকে সব পোশাকশ্রমিক কাজে ফিরবেন বলেও আশা প্রকাশ করেছেন।
পোশাকশিল্পের নেতারা বলছেন, মজুরি বৃদ্ধির ফলে ভারতের তুলনায় কম শ্রম ব্যয়ে পোশাক উৎপাদনের ক্ষেত্রে বাংলাদেশের সুবিধা আরও কমে যাবে। তবে শ্রমিক সংগঠনগুলোর দাবি, আন্তর্জাতিক পোশাকশিল্পের মানদণ্ড অনুযায়ী বাংলাদেশের শ্রমিকদের মজুরি এখনো কম।
আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় নাম প্রকাশ না করার শর্তে কারখানার মালিকরা জানিয়েছেন, শ্রমিক অসন্তোষের কারণে জারা, এইচঅ্যান্ডএম, মার্কস অ্যান্ড স্পেনসার, সেলিওসহ বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ড বাংলাদেশ থেকে ক্রয়াদেশ সরিয়ে নিয়েছে। এসব ক্রয়াদেশের বেশির ভাগই পেয়েছে ভারত।
রয়টার্সের প্রশ্নের জবাবে জারার মালিক প্রতিষ্ঠান ইন্ডিটেক্স মন্তব্য করতে রাজি হয়নি। অন্যদিকে, মার্কস অ্যান্ড স্পেনসার, এইচঅ্যান্ডএম ও সেলিও মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।
রয়টার্সের প্রতিবেদন প্রকাশের পর ভারতের বস্ত্র ও পোশাক খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। গোকালদাস এক্সপোর্টসের শেয়ারের দাম সর্বোচ্চ ১১ শতাংশ এবং ট্রাইডেন্টের শেয়ারের দাম প্রায় ৫ শতাংশ বেড়েছে। এ ছাড়া ওয়েলস্পান লিভিং, কেপিআর মিল ও বর্ধমান টেক্সটাইলসের শেয়ারের দাম প্রায় ২ শতাংশ করে বেড়েছে।
বিজিএমইএর পরিচালক এম মহিউদ্দিন চৌধুরী রয়টার্সকে জানিয়েছেন, শ্রমিকদের মজুরি, গ্যাস-বিদ্যুৎসহ বিভিন্ন সেবার খরচ এবং কাঁচামালের দাম বৃদ্ধি পাওয়ায় পোশাক উৎপাদনকারীদের ওপর চাপ বাড়ছে। তিনি বলেন, এমন এক সময়ে মজুরি বৃদ্ধির কারণে উৎপাদন ব্যয় বেড়েছে, যখন ক্রেতারা কম দামে পোশাক চাইছেন এবং প্রতিযোগী দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতা আরও তীব্র হচ্ছে।
বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান ক্রয়াদেশ সরিয়ে নেয়া ব্র্যান্ডগুলোর নাম প্রকাশ করতে রাজি হননি। তবে তিনি বলেন, উৎপাদনে বিঘ্ন ঘটলে সাময়িকভাবে কিছু ক্রয়াদেশ অন্য দেশে সরিয়ে নেওয়ার মাধ্যমে আর্থিক ক্ষতি কমানো সম্ভব। এতে আন্তর্জাতিক ক্রেতাদের স্থায়ীভাবে হারানোর ঝুঁকিও কমে এবং তাদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক বজায় থাকে।
ভবিষ্যতের ক্রয়াদেশ নিয়েও শঙ্কা
কারখানার মালিকরা জানিয়েছেন, ইতোমধ্যে যেসব ক্রয়াদেশ অন্য দেশে চলে গেছে, তার চেয়ে বড় উদ্বেগ ভবিষ্যতের ক্রয়াদেশ নিয়ে। আন্তর্জাতিক ক্রেতারা এখন নতুন করে ভাবছেন, কোন দেশ থেকে পোশাক সংগ্রহ করবেন। এর ফলে বাংলাদেশ ভবিষ্যতে আরও ক্রয়াদেশ হারাতে পারে।
দীর্ঘদিন ধরে চলা জ্বালানি সংকটের কারণে পোশাক উৎপাদন ব্যাহত হচ্ছে। মধ্যপ্রাচ্যের সংকট এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বাধ্য হয়ে কিছু কারখানা বেশি খরচে বিকল্প উৎস থেকে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করছে।
বিজিএমইএর পরিচালক মহিউদ্দিন চৌধুরী জানিয়েছেন, পোশাক সরবরাহকারী প্রতিষ্ঠান বেছে নেয়ার ক্ষেত্রে ক্রেতারা এখন দামের চেয়ে নির্ধারিত সময়ে পণ্য সরবরাহের বিষয়টিকে বেশি গুরুত্ব দিচ্ছেন। তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে পণ্য সরবরাহের চাপ থাকলে ব্র্যান্ডগুলোর কাছে দাম দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়।
মহিউদ্দিন চৌধুরীর মতে, বাংলাদেশের তুলনায় ভারত প্রায় এক সপ্তাহ আগে ক্রেতাদের কাছে পণ্য পৌঁছে দিতে পারে। অন্যদিকে, ভিয়েতনাম ও কম্বোডিয়া পণ্য সরবরাহের সময় সর্বোচ্চ ১৫ দিন পর্যন্ত কমাতে পারে।
প্রতিযোগী দেশগুলো সাধারণত ৬০ থেকে ৯০ দিনের মধ্যে পোশাক উৎপাদন ও সরবরাহের কাজ শেষ করতে পারে। অথচ বাংলাদেশে এ কাজে প্রায় ১২০ দিন সময় লাগে।
শ্রমিক অসন্তোষ ও উৎপাদনে বিঘ্নের কারণে কারখানাগুলোতে কাজ জমে গেছে। ঢাকার আশপাশের পোশাক কারখানাগুলো আনুমানিক ২০ থেকে ২৫ কর্মদিবসের উৎপাদন হারিয়েছে। নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ করতে কিছু কারখানা অতিরিক্ত কর্মঘণ্টায় উৎপাদন চালানো এবং বেশি খরচে উড়োজাহাজে পণ্য পাঠানোর কথা ভাবছে।
মূলত ইউরোপের বিভিন্ন ব্র্যান্ডকে পোশাক সরবরাহ করে আল্পস অ্যাপারেলস গ্রুপ। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক খান মনিরুল আলম জানিয়েছেন, শ্রমিক অসন্তোষের কারণে এরই মধ্যে নতুন ক্রয়াদেশ কমে গেছে। তিনি বলেন, ১ নভেম্বর থেকে শ্রমিক অসন্তোষের কারণে আমার বেশির ভাগ ক্রেতা নতুন ক্রয়াদেশ দেয়া বন্ধ করে দিয়েছেন। তারা জানাচ্ছেন, আমাদের ক্রয়াদেশ অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে, স্থগিত করা হয়েছে অথবা বাতিল করা হয়েছে। এরই মধ্যে তারা বিকল্প ব্যবস্থাও খুঁজে পেয়েছেন।
এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত থেকে ঢাকায় ফেরার সম্ভাবনা ঘিরে রাজনৈতিক উত্তেজনা আরও বিঘ্ন সৃষ্টির আশঙ্কা বাড়িয়েছে। পোশাকশিল্পের নেতারা বলছেন, আন্তর্জাতিক ক্রেতাদের ধরে রাখতে দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং নিরবচ্ছিন্ন উৎপাদন নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
মহিউদ্দিন চৌধুরী সতর্ক করে বলেন, অস্থিতিশীল পরিস্থিতির কারণে যেসব ক্রয়াদেশ অন্য দেশে চলে যাচ্ছে, পরিস্থিতির উন্নতি হলেও সেগুলো আর বাংলাদেশে না-ও ফিরতে পারে। তিনি বলেন, সাময়িকভাবে ক্রয়াদেশ সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত স্থায়ী হওয়ার আগেই ক্রেতাদের আস্থা ফিরিয়ে আনাই এখন বড় চ্যালেঞ্জ। ব্র্যান্ডগুলোর হাতে বিকল্প রয়েছে। অস্থিতিশীলতা চলতে থাকলে তারা আমাদের জন্য অপেক্ষা করবে না।
তালাশ বিডি/মিডিয়া লিঃ