শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং
১০:১৮ পি.এম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন যে, অর্থ, স্বার্থ, ভোট ও সম্পদ ভাগাভাগির বিনিময়ে ফ্যাসিবাদীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া হচ্ছে। তিনি বলেন, "এটি গণঅভ্যুত্থানের ১৪ শতাধিক শহীদ ও ২৪ হাজার পঙ্গুর সঙ্গে সুস্পষ্ট প্রতারণা।" একই সঙ্গে তিনি আরও অভিযোগ করেন যে, গণভোটের মাধ্যমে রাষ্ট্র সংস্কারের রায় অস্বীকার এবং ফ্যাসিবাদীদের লালন-পালন করায় দেশে নতুন করে সংকট সৃষ্টি হয়েছে।
শুক্রবার রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ডাকসু, জাকসু, রাকসু, চাকসু ও জকসুর নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে ‘বিয়ন্ড ক্যাম্পাস : লিডিং টুমরো’ (Beyond Campus : Leading Tomorrow) শীর্ষক এক মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সরকারের ভূমিকার কঠোর সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, ৫ আগস্ট পর্যন্ত আমাদের সবার বক্তব্য ও অঙ্গীকার এক ছিল। কিন্তু দুঃখের বিষয়, বর্তমানে যারা সরকার পরিচালনা করছেন, ৫ আগস্টের পর থেকে তাঁদের অনেকেই রাতারাতি বদলে গেছেন। ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, দখলবাজি ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি আগের চেয়েও দ্রুতগতিতে চালানো হচ্ছে। শুধু তা-ই নয়, জাতিসংঘের হিসাব অনুযায়ী যারা ১৪ শতাধিক মানুষকে শহীদ এবং ২৪ হাজার মানুষকে পঙ্গু বানিয়েছে, অর্থ, স্বার্থ, ভোট ও সম্পদ ভাগাভাগির বিনিময়ে কেউ কেউ সেই ফ্যাসিবাদীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন। এটি শহীদ ও পঙ্গুদের সঙ্গে সুস্পষ্ট প্রতারণা।
সংসদ নির্বাচনের পাশাপাশি রাষ্ট্র সংস্কার ও মেরামতের জন্য অনুষ্ঠিত গণভোটের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দুটি বিষয় মেনেই সবাই নির্বাচনে অংশ নিয়েছিল। কিন্তু একটি দল সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সঙ্গে সঙ্গেই গণভোটের রায়কে অস্বীকার করে বসল। সংকট সেদিনই তৈরি হয়েছে। একদিকে এই সংকট তৈরি করা এবং অন্যদিকে ফ্যাসিবাদকে লালন-পালন করার কারণেই ফ্যাসিবাদীরা আবার ফিরে আসার পাঁয়তারা করছে। তবে দেশের যুবসমাজ কোনো ফ্যাসিবাদকে আর বাংলার জমিনে আসতেও দেবে না, বসতেও দেবে না।
অনুষ্ঠানে দেশের পাঁচটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধি ও তরুণদের উদ্দেশে ডা. শফিকুর রহমান তিনটি বিশেষ বার্তা দেন:
• নিরাপদ ক্যাম্পাস ও দেশ গড়ার আহ্বান: কলুষিত বাংলাদেশের বুকে অস্থির ক্যাম্পাসগুলোতে শান্তি ও শিক্ষার পরিবেশ ফিরিয়ে এনে তরুণরা একটি অনুকরণীয় মডেল উপস্থাপন করেছেন উল্লেখ করে তিনি শুধু পাঁচটি বিশ্ববিদ্যালয় নয়, সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে নিরাপদ করার আহ্বান জানান। পাশাপাশি ছাত্রজীবন শেষ হলেই হলের সিট ও ক্যাম্পাস ছেড়ে দিয়ে দেশ গড়ার বৃহত্তর কাজে যুক্ত হওয়ার অনুরোধ জানান তিনি।
• চাকরিজীবী নয়, উদ্যোক্তা ও নেতা হওয়া: তরুণদের কারও অধীনে চাকরিজীবী হিসেবে না দেখে সব ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও জনকল্যাণের উদ্যোক্তা হতে হবে। তরুণদের অবদানের স্বীকৃতিস্বরূপ ইতিমধ্যেই দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিটি করপোরেশনে একজন তরুণকে মেয়র প্রার্থী ঘোষণা করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। এ ছাড়া কেবল ঢাকায় পড়ে না থেকে নিজ নিজ এলাকা ও গ্রামবাংলায় ফিরে গিয়ে সমাজের স্তরে স্তরে থাকা দুর্নীতিবাজদের তাড়িয়ে জনগণের পাশে দাঁড়ানোর পরামর্শ দেন তিনি।
• অনুসরণকারী নয়, অনুকরণীয় জাতি গঠন: বাংলাদেশ চিরদিন অন্য দেশকে অনুসরণ করে চলবে না উল্লেখ করে তিনি বলেন, আমরা এমন পরিবর্তন চাই, যেন বিশ্ববাসী দেখে বাংলাদেশ কী করছে এবং অন্যরা যেন বাংলাদেশকে অনুসরণ করে। আর এই জায়গা তৈরি করতে হলে তরুণদেরই নেতৃত্ব দিতে হবে।
অনুষ্ঠানের আয়োজন ও সমন্বয়ের জন্য তরুণ চিকিৎসক ডা. খালেদুজ্জামানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ডা. শফিকুর রহমান।
#ডব্লিউএ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের আরেকটি চালান। শুক্রবার ভোর ৫টা ৪৫ মিনিটে তিনটি বিশেষায়িত লরি জ্বালানিবাহী প্রকল্প এলাকায় প্রবেশ করে। কেন্দ্রটির প্রথম ও দ্বিতীয় ইউনিটের জন্য মোট নয়টি চালানে ইউরেনিয়াম সরবরাহ সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কঠোর নিরাপত্তার মধ্যে লরিগুলো রূপপুরের উদ্দেশে রওনা হয়। সেনাবাহিনীর পাহারায় যমুনা সেতু, বনপাড়া ও দাশুড়িয়া হয়ে শুক্রবার ভোরে সেগুলো প্রকল্প এলাকায় পৌঁছায়। পরিবহনের পথে মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ মোতায়েন করা হয়। সেনাবাহিনীর পাশাপাশি এসআরবি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও নিরাপত্তার দায়িত্ব পালন করেন।
পুলিশের সূত্রে জানা গেছে, জ্বালানি পরিবহনের সময় যানজট এড়াতে মহাসড়কে সাময়িকভাবে ভারী যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছিল। বিশেষ নিরাপত্তাব্যবস্থা ও সতর্কতার মধ্য দিয়ে পুরো পরিবহন কার্যক্রম সম্পন্ন হয়েছে।
প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানায়, রূপপুরের দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গোতে মোট ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি এবং প্রথম ইউনিটে জ্বালানি পুনঃস্থাপনের জন্য দুটি কার্গোতে আরও ৪৮টি অ্যাসেম্বলি আনার পরিকল্পনা ছিল। শুক্রবার নবম চালান পৌঁছানোর মধ্য দিয়ে দ্বিতীয় ইউনিটের জন্য নির্ধারিত ইউরেনিয়াম সরবরাহের দ্বিতীয় ধাপ শেষ হয়েছে।
এর আগে ২০২৩ সালের ২৯ সেপ্টেম্বর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য ইউরেনিয়ামের প্রথম চালান দেশে আসে। ওই বছরের অক্টোবর ও নভেম্বর মাসে আরও চারটি চালানে জ্বালানি প্রকল্প এলাকায় নেওয়া হয়।
চলতি বছরের মে মাসে প্রথম ইউনিটের পারমাণবিক চুল্লিতে জ্বালানি স্থাপনের কাজ শেষ হয়। তবে নিয়ম অনুযায়ী, প্রায় দেড় বছর পর ব্যবহৃত জ্বালানির এক-চতুর্থাংশ পরিবর্তন করতে হবে। এ লক্ষ্যে গত ৩ অক্টোবর প্রথম ইউনিটের অতিরিক্ত জ্বালানির একটি চালান আনা হয়। সর্বশেষ শুক্রবার (২৭ নভেম্বর) দ্বিতীয় ইউনিটের অষ্টম চালানের জ্বালানি প্রকল্প এলাকায় পৌঁছায়।
চুক্তি অনুযায়ী, প্রথম তিন বছর রাশিয়া রূপপুর বিদ্যুৎকেন্দ্রে পারমাণবিক জ্বালানি সরবরাহ করবে। পরবর্তী সময়ে নির্ধারিত বিরতিতে জ্বালানি পরিবর্তনের জন্য বাংলাদেশকে তা আমদানি করতে হবে। কেন্দ্রটির দুটি ইউনিট চালু হলে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা তৈরি হবে।
এদিকে, রূপপুরের প্রথম ইউনিট ইতোমধ্যে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে। গত ১৭ নভেম্বর প্রথমবারের মতো টানা সাড়ে আট ঘণ্টা গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করে ইউনিটটি। ওই সময় সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়। পরে ২৩ নভেম্বর দ্বিতীয় দফায় টানা প্রায় ৩০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করা হয়। দুই দফায় প্রায় ৯ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে বলে প্রকল্পসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
প্রকল্পসংশ্লিষ্টরা জানিয়েছেন, পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদনে যাওয়ার আগে আরও কয়েক ধাপে পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে। এ প্রক্রিয়া সম্পন্ন করতে কয়েক মাস সময় লাগতে পারে। একই সঙ্গে দ্বিতীয় ইউনিটের নির্মাণ ও কমিশনিং কার্যক্রমও এগিয়ে চলছে। এরই মধ্যে ইউনিটটির জন্য প্রয়োজনীয় পারমাণবিক জ্বালানি সরবরাহের কাজ শেষ হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা’দ, হাফিজ মাছুম আহমদ দুধরচকী-এর বিশ্লেষণে মিথ্যাকে সব পাপের জননী ও মুমিনের জন্য বর্জনীয় এক ভয়ানক সামাজিক ব্যাধি হিসেবে তুলে ধরা হয়েছে। তাঁর উপস্থাপিত মূল বক্তব্য ও বিশ্লেষণের সারসংক্ষেপ নিচে তুলে ধরা হলো:
মিথ্যাকে সব পাপের জননী বলা হয়। একটি মিথ্যা থেকে শতশত পাপের সূত্রপাত হয়। তাই খুব সাধারণ বিষয়েও মিথ্যা কথা বলা ঠিক নয়। এতে করে যে কেউ ধীরে ধীরে মিথ্যা বলায় অভ্যস্ত হয়ে যায়। তখন মিথ্যা কথা বলতে আর দ্বিধাবোধ করে না। যে কোনো বিষয়ে মুখ দিয়ে অকপটে মিথ্যা বের হয়ে আসে।
মিথ্যাকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই কেবল ঘৃণা করা হয় না বরং সব বর্ণের-ধর্মের মানুষ মিথ্যাকে ঘৃণা করে। যারা কোনো ধর্ম মানে না, তারাও মিথ্যাকে ঘৃণা করে। যারা অনর্গল মিথ্যা বলে, তারাও মিথ্যাকে ঘৃণা করে। মিথ্যাবাদীও চায়, অন্যেরা তার সঙ্গে সত্য কথা বলুক।
খুব আফসোস করে বলতে হয়, আমরা দিনে দিনে মিথ্যার রাজ্যে ডুবে যাচ্ছি। আমাদের অবস্থা এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে, আমরা কখন যে মিথ্যা কথা বলছি, সেটা নিজেরাই বুঝতে পারি না। কথায় কথায় খুব সাধারণ বিষয়ে অবলীলায় মিথ্যা কথা বলে ফেলি। অতি সাধারণ বিষয়েও মিথ্যা বলা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ওপর ব্যাপক প্রভাব ফেলছে।
আমরা যতই তাদের শিক্ষা দিয়ে থাকি, মিথ্যা বলা মহাপাপ কিন্তু নিজেরাই যদি মিথ্যা বলা থেকে বের না হয়ে আসতে পারি, তাহলে তারাও আমাদের থেকে মিথ্যা কথা বলা শিখে যায়।
তথ্যপ্রযুক্তির এ যুগে মিথ্যা বলাটা সহজ হয়ে পড়েছে। বিশেষ করে মোবাইল কল বা মেসেজে। ঘরে অবস্থান করে বলে বাইরে। বাইরে কোথাও ঘুরতে গিয়ে বলা হয় অফিসে বা কর্মস্থলে। ধর্ম-কর্মে মিথ্যার মাধ্যমে ধোঁকাবাজি প্রতিনিয়ত চলছেই। মিথ্যা এতটাই ভয়াবহ রূপ ধারণ করেছে যে, এটা কিছু লোকের অবিচ্ছেদ্য স্বভাবে পরিণত হয়েছে। আমরা মিথ্যার এত কাছাকাছি বাস করছি, এটা পাপ বা সর্বজনস্বীকৃত ঘৃণ্য কাজ হওয়া সত্ত্বেও তার প্রতি একটুও বিরক্তি সৃষ্টি হচ্ছে না। মিথ্যা একাল-ওকাল দুটোই ধ্বংস করে।
অথচ মিথ্যা বলা ছেড়ে দিলে প্রায় সব সমস্যারই সমাধান হয়ে যায়। বাঁচা যায় পরকালের কঠিন শাস্তি থেকে। মিথ্যা বলার চেয়ে নিকৃষ্ট গুনা আর নেই।
তাই মিথ্যাবাদীকে আল্লাহ প্রচণ্ড ঘৃণা করেন। আল কোরআন ও হাদিসে মিথ্যুক এবং মিথ্যাবাদীর ভয়ানক পরিণতির কথা বলা হয়েছে। আল্লাহ বলেন, ‘যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই তার অনুসরণ কর না।’ (সূরা বনি ইসরাইল, আয়াত : ৩৬)। রাসূল (সা.) বলেন, ‘মানুষ যখন মিথ্যা কথা বলে, তখন মিথ্যার দুর্গন্ধে ফেরেশতারা মিথ্যাবাদী থেকে এক মাইল দূরে চলে যায়।’ (তিরমিজি : ১৯৭২)
হিংসাপরায়ণ হয়ে মিথ্যা বলা, মন্দ ধারণা থেকে মিথ্যা বলা, বিদ্বেষী মনোভাব থেকে মিথ্যা বলা, বিরুদ্ধাচরণ করতে গিয়ে মিথ্যা বলছি অহরহ। আল্লাহতায়ালা মিথ্যাবাদীকে ঘৃণা করেন এবং এদের থেকে মুখ ফিরিয়ে নেবেন। আল্লাহ আল কোরআনে হুশিয়ার করে বলেন, ‘সুতরাং পরিণামে তিনি তাদের অন্তরে নিফাক (দ্বিমুখিতা) রেখে দিলেন সেদিন পর্যন্ত, যেদিন তারা তার সঙ্গে সাক্ষাৎ করবে, তারা আল্লাহকে যে ওয়াদা দিয়েছে তা ভঙ্গ করার কারণে এবং তারা যে মিথ্যা বলেছিল তার কারণে। (সূরা তওবা, আয়াত : ৭৭)
আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত এক হাদিসে রাসূল (সা.) বলেন, ‘সত্যবাদিতা হচ্ছে শুভ কাজ। আর শুভ কাজ জান্নাতের দিকে নিয়ে যায়। আর বান্দা যখন সত্য বলতে থাকে, এক সময় আল্লাহর কাছে সে সত্যবাদী হিসেবে পরিচিত হয়। আর মিথ্যা হচ্ছে পাপাচার, পাপাচার জাহান্নামের দিকে নিয়ে যায়, বান্দা যখন মিথ্যা বলতে থাকে, আল্লাহর কাছে এক সময় সে মিথ্যুক হিসেবে গণ্য হয়’। (বুখারি : ৫৭৪৩, মুসলিম : ২৬০৭)।
আমাদের সমাজে একটি প্রবাদ বাক্য আছে। ‘চিলে কান নিল’ বলে অযথা চিলের পেছনে দৌড়ানো। অথচ হাত দিয়ে একবারও কানটা ধরে দেখনি আসলেই কান নিয়েছে কিনা। এটাকে বলে ‘কানকথা’ বা ‘শোনা কথা’। কোনো কথা শুনেই এখানে-সেখানে বলে বেড়ানো হাদিসের ভাষায় এটাকেও মিথ্যা বলা হয়েছে। রাসূল (সা.) বলেন, ‘কারও কাছে কোনো কথা শোনামাত্রই তা বলে বেড়ানো মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট।’ (মুসলিম : ৯৯৬)।
মিথ্যাবাদী হওয়া মুনাফিকের বৈশিষ্ট্য। পবিত্র কোরআনে আল্লাহ মিথ্যাবাদীর শাস্তির কথা উল্লেখ করে বলেছেন, ‘তাদের হৃদয়ে আছে একটি রোগ, আল্লাহ সে রোগ আরও বেশি বাড়িয়ে দিয়েছেন, আর যে মিথ্যা তারা বলে তার বিনিময়ে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি’। ওদের যখন বলা হয়, তোমরা পৃথিবীতে অনাচার কর না, তারা বলে, আমরা তো শান্তি স্থাপনকারী। জেনে রাখ, ওরাই অনাচার বিস্তারকারী, কিন্তু ওদের চেতনা নেই’। (সূরা বাকারা, আয়াত : ১০-১২)।
যারা মিথ্যাবাদী, তারা এতে সাময়িক সুবিধা পেলেও ইহকালে এরা নিন্দিত হবে এবং পরকালে পাবে কঠিন শাস্তি। যারা সত্যবাদী, তাদের জীবনের পথচলা একটু কঠিন হলেও তারা ইহকালে হবে সম্মানিত এবং পরকালে পাবে উপযুক্ত পুরস্কার। মহান আল্লাহ তায়ালা আমাদের সকলকে উপরিউক্ত কথা গুলো আমল এবং পালন করার তাওফিক দান করুন আল্লাহুম্মা আমিন।
লেখক: বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ লেখক ও কলামিস্ট হাফিজ মাছুম আহমদ দুধরচকী: প্রতিষ্ঠাতা সভাপতি: জকিগঞ্জ উপজেলা সচেতন নাগরিক ফোরাম সিলেট। সাবেক ইমাম ও খতীব: আধ্যাত্মিক নগরী সিলেটের কদমতলী হযরত দরিয়া শাহ (রহ.) মাজার কেন্দ্রীয় জামে মসজিদ সিলেট। সাবেক প্রিন্সিপাল: হযরত শাহজালাল রহ. ৩৬০ আউলিয়া লতিফিয়া হাফিজিয়া মাদ্রাসা উপশহর সিলেট। সাবেক প্রধান শিক্ষক: তৈয়ব কামাল হযরত শাহজালাল রহ. লতিফিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা সিলেট
তালাশ বিডি/মিডিয়া লিঃ