শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং
০৯:৫১ পি.এম
বাংলাদেশ ফুটবল লিগের (বিএফএল) খেলা আজ শুক্রবার থেকে আবার শুরু হয়েছে, যা দীর্ঘ এক মাসের বিরতির পর অনুষ্ঠিত হচ্ছে। এই দিনে হতাশার মুখোমুখি হয়েছে দুই বড় ক্লাব মোহামেডান ও আবাহনী। উভয় দলই হারের স্বাদ গ্রহণ করেছে। মোহামেডানকে ২-১ গোলে পরাজিত করেছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি। চলমান লিগে এটি মোহামেডানের প্রথম পরাজয়। পাঁচ ম্যাচ খেলে তারা চারটি জয় নিয়ে ১২ পয়েন্ট অর্জন করেছে এবং টেবিলের তিন নম্বরে অবস্থান করছে। অন্যদিকে, রহমতগঞ্জ ছয় ম্যাচ খেলে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ নম্বরে রয়েছে। অপরদিকে, আবাহনী বাংলাদেশ পুলিশ এফসির কাছে ৩-২ গোলে পরাজিত হয়েছে। এই জয়ের ফলে পুলিশ লিগে টানা ছয় ম্যাচে অপরাজিত রইল। আবাহনী টানা দ্বিতীয় ম্যাচে হারল। পুলিশ সর্বোচ্চ ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে, যেখানে আবাহনী পাঁচ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে সাত নম্বরে রয়েছে। একই দিনে বসুন্ধরা কিংস ফর্টিস এফসির বিরুদ্ধে ২-১ গোলের জয় লাভ করেছে। এই জয়ের ফলে কিংস ১৩ পয়েন্ট নিয়ে টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে। আরামবাগ ও ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের মধ্যে ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে।
মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচের ৬ মিনিটের মাথায় মোহামেডান এগিয়ে যায়। মধ্যমাঠ থেকে উজবেক মিডফিল্ডার মোজাফ্ফরভের লম্বা পাস ধরে শাহরিয়ার ইমন বক্সে প্রবেশ করেন। এরপর নিখুঁত শটে গোলরক্ষককে পরাস্ত করেন এই ফরোয়ার্ড। কিন্তু মোহামেডানের এই গোলের আনন্দ দ্বিতীয়ার্ধে ম্লান হয়ে যায়। ৪৯ মিনিটে সতীর্থের লম্বা ক্রস ধরে গোল করেন ইব্রাহিম। গোলরক্ষক আনিসুর রহমান জিকো কিছুটা সামনে এগিয়ে এলেও বাধা হয়ে দাঁড়াতে পারেননি। ৬১ মিনিটে রহমতগঞ্জের প্রিন্স আনশাহর গোলটি ম্যাচের ফলাফল পরিবর্তন করে। কুশলের ফ্রি কিক ক্লিয়ার করতে ব্যর্থ হয় মোহামেডানের রক্ষণভাগ। সতীর্থের হেডের পর দুর্দান্ত এক সাইড ভলিতে গোল করেন ঘানার ফরোয়ার্ড প্রিন্স।
অন্যদিকে, গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে পুলিশ এফসির বিরুদ্ধে আবাহনীর লড়াই ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। প্রথমার্ধে দুই দল সমান তালে লড়লেও গোল হয়নি। বিরতির পর ম্যাচে সব গোল হয়েছে। ৪৭ মিনিটে সেনেগালের ফরোয়ার্ড রসুলের গোলে পুলিশ এগিয়ে যায়। জাহিদের পাস থেকে গোলমুখে টোকা দিয়ে রসুল বলটি জালে পাঠান। ৬৩ মিনিটে পুলিশ পেনাল্টি পায়। রসুলকে বক্সের মধ্যে ফাউল করেন আবাহনীর সানডে আফোলাবি। এরপর ক্যামেরুনের ফরোয়ার্ড স্যাম পেনাল্টি থেকে গোল করে স্কোরলাইন ২-০ করেন। ৮৬ মিনিটে আবাহনীর ইমতিয়াজ বাবাতুন্দের ক্রস বক্সের মধ্যে নিয়ন্ত্রণে নিয়ে কোনাকুনি শটে গোল করেন। এই গোলটি ম্যাচে কিছুটা প্রাণ ফেরায়। তবে দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে স্যামের পাস থেকে শফিক গোল করলে পুলিশ ৩-২ ব্যবধানে এগিয়ে যায়। যোগ করা সময়ের ৭ মিনিটে আবাহনী পেনাল্টি পায় যখন আসাদুল মোল্লা বক্সে ফাউলের শিকার হন। বাবাতুন্দের গোলে শুধু হারের ব্যবধান কমায় আবাহনী।
অন্যদিকে, বসুন্ধরা কিংস অ্যারেনায় ১৬ মিনিটে ফর্টিস বড় ধাক্কা খায়। চেকউবে বক্সের মধ্যে ফাউল করে বসেন রবসন ডি সিলভাকে। পেনাল্টি থেকে গোল করে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবসন দলকে এগিয়ে দেন। এরপর ৫২ মিনিটে ফর্টিসের মিঠু ব্রাজিলের আরেক ফরোয়ার্ড জেসাস ডি সিলভাকে বক্সের সামনে ফেলে দেন। এরপর ফ্রি কিকে রবসন আরেকটি গোল করে কিংসকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন। ৭২ মিনিটে ওমরের নেওয়া কর্নারে হেডে গোল করেন মিঠু। তার এই গোলটি ফর্টিসের হারের ব্যবধান কমায়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ঘূর্ণিঝড়ের কারণে বৃষ্টিতে ভিজে নষ্ট হওয়ার উপক্রম আমন ধান এখন অনুকূল আবহাওয়া থাকার কারণে মাড়াইয়ের কাজে ব্যস্ত সময় পার করছে কৃষক-কিষাণিরা। কৃষকরা খেত থেকে ধান ঘরে এনে রোদে শুকানোর কাজ করছেন।
স্থানীয় কুটিচন্দ্রখানা চেয়ারম্যানপাড়ার কৃষক ইখলাছ আলী জানিয়েছেন, তার দুই বিঘা আমন ধান বৃষ্টিতে পঁচে যাওয়ার উপক্রম হয়েছিল এবং ঘরে তোলার সুযোগও ছিল না। বর্তমানে আবহাওয়া অনুকূলে থাকায় তিনি খেত থেকে ধান এনে মাড়াইয়ের কাজ শুরু করেছেন।
একই এলাকার আব্দুস সোবহান ও আহম্মদ আলী জানান, এখন রোদপূর্ণ আবহাওয়া থাকায় আমড়া খেত থেকে নষ্ট হওয়ার পথে থাকা আমন ধানগুলো তারা বাড়িতে এনে মাড়াইয়ের কাজ করছেন। মাড়াইকৃত ধান সিদ্ধ করে রোদে শুকানোর কাজে ব্যস্ত রয়েছেন গৃহিণীরা। বর্তমানে আমড়া চিন্তামুক্ত হয়ে উঠেছে। পূর্ব চন্দ্রখানা গ্রামের নাজমুল হুদা জানিয়েছেন, তার ৩ বিঘা জমির আমন ধান বৃষ্টির পানিতে নষ্ট হওয়ার উপক্রম হয়েছিল। এখন রোদে ধানগুলো ক্ষেতেই শুকিয়ে নিয়ে বাড়িতে এনে মাড়াই ও রোদে শুকানোর কাজে ব্যস্ত রয়েছেন।
জানা গেছে, ফুলবাড়ী উপজেলায় ছয়টি ইউনিয়নে অর্জিত লক্ষ্যমাত্রার ১১ হাজার ৩৮ হেক্টর জমিতে কৃষকরা আমন ধান কাটা ও মাড়াই শুরু করেছেন। অক্টোবর মাস থেকে এখানে ধান কাটা ও মাড়াইয়ের কাজ শুরু হয়। শুরুতে আবহাওয়া অনুকূলে থাকায় কৃষকরা সফলভাবে আমন ধান কাটা ও মাড়াইয়ের কাজ শুরু করেন। আমন ধান কাটা ও মাড়াইয়ের শেষ প্রান্তে নভেম্বর মাসের ১৫ দিন পরে এ অঞ্চলে শুরু হয় বৈরী আবহাওয়া। এর মধ্যে ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টি শুরু হলে ছয়টি ইউনিয়নের প্রায় ৫০০ হেক্টর জমির আমন ধান ক্ষেতে বৃষ্টিতে নষ্ট হওয়ার উপক্রম হয়। কৃষকরা ধানগুলো কেটে জমিতে শুকানোর জন্য রাখলে বৃষ্টিতে খেতগুলোতে পানি জমে যায়। কৃষকরা ক্ষেতের এসব ধান নষ্ট হওয়ার আশঙ্কা করেছিলেন। বর্তমানে এখানে সুষ্ঠু ও রোদপূর্ণ আবহাওয়া থাকায় কৃষকদের আশঙ্কা এখন স্বস্তিতে পরিণত হয়েছে। কৃষকরা ধান মাড়াইয়ের কাজে ব্যস্ত সময় পার করছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পাকিস্তানের কারাগারগুলোতে বন্দিদের জন্য যথাযথ স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। অসুস্থ হওয়ার পরও অনেক বন্দি যথাসময়ে চিকিৎসা পান না। এমনকি জরুরি চিকিৎসার প্রয়োজন হলে তাদের হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে বিলম্বের অভিযোগও উঠেছে।
এই চিকিৎসাসেবার সংকটকে কাঠামোগত ও পদ্ধতিগত সমস্যা হিসেবে চিহ্নিত করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।
গত ১৯ নভেম্বর পাকিস্তানের কয়েকজন সিনেটর ইসলামাবাদ মডেল জেলের একটি পরীক্ষামূলক স্থাপনা পরিদর্শন করেন। সেখানে বন্দিদের জন্য নির্ধারিত স্বাস্থ্যসেবা ও চিকিৎসাসুবিধা দেখে তারা সেগুলোকে ‘পর্যাপ্ত’ বলে অভিহিত করেন। তবে মানবাধিকারকর্মীদের মতে, পরিকল্পিত ওই পরিদর্শনে দেখা পরিস্থিতির সঙ্গে পাকিস্তানের অধিকাংশ কারাগারের বাস্তব চিত্রের মধ্যে বড় ধরনের পার্থক্য রয়েছে।
এইচআরডব্লিউর ২০২৩ সালের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের কারাগারগুলোতে দীর্ঘদিন ধরে স্বাস্থ্যসেবার কাঠামোগত সংকট বিদ্যমান। এর ফলে অধিকাংশ বন্দির প্রয়োজনীয় চিকিৎসা পাওয়ার সুযোগ সীমিত হয়ে পড়েছে। কারাগারে অসুস্থ হয়ে পড়লেও অনেক বন্দি সময়মতো কিংবা মানসম্মত চিকিৎসা পান না।
সম্প্রতি পেশোয়ার কেন্দ্রীয় কারাগারে চিকিৎসা পেতে বিলম্বের অভিযোগের পর দুই বন্দির মৃত্যুর ঘটনা নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। এ ঘটনায় একজন আইনজীবী পেশোয়ার হাইকোর্টে আবেদন করেছেন। আবেদনে প্রদেশের সব কারাগারে বন্দিরা কখন চিকিৎসা চেয়েছেন, তা নথিভুক্ত করার এবং জরুরি প্রয়োজনে দ্রুত হাসপাতালে স্থানান্তরের সুস্পষ্ট নিয়ম চালুর দাবি জানানো হয়েছে।
মানবাধিকার সংস্থাগুলো কারাগার পরিচালনায় ঔপনিবেশিক আমলের আইন ও প্রশাসনিক ব্যবস্থার প্রভাবকেও এ সংকটের অন্যতম কারণ হিসেবে দেখছে। এসব ব্যবস্থার কারণে কারা পরিচালনায় সরকারি কর্মকর্তা ও প্রভাবশালী ব্যক্তিদের হস্তক্ষেপের সুযোগ তৈরি হয়। কখনো কখনো রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানি করতেও কারাগারের দুরবস্থাকে কাজে লাগানোর অভিযোগ রয়েছে।
এদিকে, গত ১৬ নভেম্বর আইনজীবীর মাধ্যমে প্রকাশিত এক চিঠিতে নিজের ও স্ত্রী বুশরা বিবির জন্য জরুরি চিকিৎসার আবেদন জানিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি উচ্চ রক্তচাপের সমস্যার কথা উল্লেখ করেছেন।
অন্যদিকে, তার স্ত্রীর চোখের অস্ত্রোপচার প্রয়োজন বলে জানিয়েছেন। এর আগে পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফও কারাগারে চিকিৎসাসেবা না পাওয়ার অভিযোগ করেছিলেন। তাদের অভিযোগ, শাস্তি দেওয়ার উদ্দেশ্যে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত করা হয়েছিল।
এ পরিস্থিতিতে পাকিস্তানের কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারগুলোকে কারাগারের স্বাস্থ্যসেবা আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো। বিশেষ করে জাতিসংঘের বন্দিদের সঙ্গে আচরণের জন্য প্রণীত নেলসন ম্যান্ডেলা বিধিমালা অনুসরণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এ বিধিমালা অনুযায়ী, বন্দিদের বিনা মূল্যে সমাজের সাধারণ মানুষের সমমানের প্রয়োজনীয় চিকিৎসাসেবা দিতে হবে। জরুরি চিকিৎসার ক্ষেত্রেও দ্রুত ব্যবস্থা নিতে হবে।
গত অক্টোবরে জাস্টিস প্রজেক্ট পাকিস্তান প্রদেশভেদে কারাগারের চিকিৎসাব্যবস্থায় অভিন্ন মানদণ্ড চালুর আহ্বান জানায়। সংস্থাটি বলেছে, প্রয়োজন অনুযায়ী বন্দিদের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাওয়ার সুযোগ এবং কারাগার থেকে মুক্তির পরও চিকিৎসা অব্যাহত রাখার ব্যবস্থা থাকতে হবে।
মানবাধিকার সংস্থাগুলোর সুপারিশ অনুযায়ী, বন্দিদের নির্ধারিত ওষুধ বিনা মূল্যে সরবরাহ করতে হবে। চিকিৎসার জন্য আবেদন করার পর কতক্ষণ অপেক্ষা করতে হচ্ছে, তা কারা কর্তৃপক্ষকে নথিভুক্ত করতে হবে। জরুরি প্রয়োজনে হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থাও দ্রুত করতে হবে। রাজনৈতিক পরিচয় কিংবা সামাজিক অবস্থান যা-ই হোক, সব বন্দির জন্য সময়মতো পর্যাপ্ত চিকিৎসা নিশ্চিত করার দায়িত্ব সরকারের।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পশ্চিম ফ্রান্সের লা গার্নাশ শহর গভীর রাতে ঘুমের শান্তি এবং শতাব্দীপ্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্যের মধ্যে বিভক্ত হয়ে পড়েছে। স্থানীয় ‘নটর ডেম দে লাসোম্পসিওঁ’ গির্জার ঘড়িঘর থেকে রাতভর প্রতি ১৫ মিনিট পরপর ঘণ্টা বাজার শব্দ বন্ধ করার উদ্যোগ স্থানীয় বাসিন্দাদের ভোটে ব্যর্থ হয়েছে।
১৯৪২ সাল থেকে ওই গির্জার ঘড়িঘর থেকে অষ্টম শতাব্দীর একটি স্তোত্র বা গান প্রতি ১৫ মিনিট অন্তর দিন-রাত ২৪ ঘণ্টাই বাজছে। রাত ১০টা থেকে সকাল ৭টা পর্যন্ত ঘণ্টাগুলো ৩৭ বার বাজে, যা এক রাতেই সাত শতাধিক স্বতন্ত্র শব্দতরঙ্গ তৈরি করে।
গির্জার আশপাশে বসবাসকারী বাসিন্দাদের দাবি, রাতের বেলায় শান্তিতে ঘুমানো তাদের প্রধান চাওয়া। ২০১৪ সালে গির্জার কাছের সাবেক যাজক ভবনে আসা ৬৩ বছর বয়সী থিয়েরি সিমোনিন স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, রাত ১০টা থেকে সকাল ৭টার মধ্যে প্রায় ৭২৬ বার ঘণ্টা বাজে। গ্রীষ্মকালে গরমের সময় জানালা খোলা রাখলে গরম এবং ঘণ্টার শব্দের মধ্যে যেকোনো একটি বেছে নিতে হয়, ফলে রাতে ঠিকমতো বিশ্রাম নেওয়া সম্ভব হয় না। রাতের বেলায় ঘণ্টা বন্ধ রাখার দাবিতে তিনি একটি পিটিশন চালু করেন এবং বেশ কিছু স্বাক্ষর ও সমর্থনপত্র পৌরসভায় জমা দেন।
তবে ঐতিহ্যবাদী বাসিন্দাদের মতে, এই শব্দ ফরাসি সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ এবং নতুন আসা বাসিন্দারা এলাকায় বসতি গড়ার আগে ভালোভাবে খোঁজখবর নেননি। এ নিয়ে আয়োজিত ভোটে শহরের ৫ হাজার ৫১৫ জন বাসিন্দার মধ্যে ৭৪৯ জন ভোট দেন, যার প্রায় তিন-চতুর্থাংশই ঘণ্টা চালু রাখার পক্ষে মত দেন। পৌর কর্তৃপক্ষ ফলাফল নথিভুক্ত করে অংশগ্রহণকারী বাসিন্দাদের ধন্যবাদ জানিয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৯৪২ সালের সেপ্টেম্বরে গির্জার মূল তিনটি ঘণ্টার পাশাপাশি ছয়টি ঘণ্টার একটি ‘ক্যারিলন’ বসানো হয়। ১৭১১ সালে নঁতের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত লা গার্নাশ হয়ে যাওয়া ব্রেটন ধর্মযাজক সেন্ট লুই-মারি গ্রিনিওঁ দে মঁফরের রচিত একটি স্তোত্র এটি বাজায়। স্প্রিং ও চাকার জটিল যান্ত্রিক কাঠামোয় হাতুড়ির আঘাতে চলা এই ক্যারিলন ফ্রান্সে টিকে থাকা হাতেগোনা কয়েকটির একটি, যা বেশ নাজুক বলে বিবেচিত। প্রতি ১৫ মিনিটে স্তোত্রের চার ভাগের এক ভাগ, ৩০ মিনিটে অর্ধেক, ৪৫ মিনিটে তিন-চতুর্থাংশ এবং প্রতি ঘণ্টায় পুরো সুর ও ঘণ্টার ধ্বনি শোনা যায়।
ঘণ্টা বন্ধের বিরোধিতা করা সাবেক মেয়র ফ্রাঁসোয়া পেতি বলেন, যারা এ বিষয়ে সোচ্চার হচ্ছেন, তাদের সবাই ঘণ্টা চালু থাকার পরেই এখানে এসেছেন; হয়তো গির্জার পাশে বাড়ি নেওয়ার আগে তারা যথাযথ খোঁজ নেননি। যান্ত্রিক স্প্রিং ও ওজনের কারণে এটি সহজে বন্ধ করাও সম্ভব নয় বলে জানান তিনি। অন্যদিকে বাসিন্দা রোমাঁ মেনের মতে এটি ফরাসি ঐতিহ্যের অংশ, আর ২৭ বছর ধরে থাকা জেরোম দেপোর্তে জানান, শুরুতে সামান্য মনে হলেও এখন আর এ নিয়ে তার কোনো মাথাব্যথা নেই।
গ্রামীণ এলাকার ‘শব্দদূষণ’ বা ‘সংবেদনশীল ঐতিহ্য’ নিয়ে পুরোনো ও নতুন বাসিন্দাদের বিরোধ ফ্রান্সে নতুন নয়। ২০১৯ সালে ইল দোলেরঁ দ্বীপে ‘মরিস’ নামের একটি মোরগের ডাক নিয়ে করা মামলায় মোরগটির পক্ষে রায় আসে। পরবর্তীতে ২০২১ সালে ফ্রান্সের পার্লামেন্ট গ্রামীণ সংবেদনশীল ঐতিহ্য সুরক্ষায় আইন পাস করে এবং ২০২৪ সালের নতুন আইনে স্পষ্ট করা হয় যে কোনো বাসিন্দা আসার আগে থেকেই গ্রামীণ কোনো শব্দ, কার্যক্রম বা গন্ধ বিদ্যমান থাকলে এবং তা আরও খারাপ না হলে সে বিষয়ে শব্দদূষণের আইনি অভিযোগ করা যাবে না। সূত্র: দ্য গার্ডিয়ান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নীলফামারীর সৈয়দপুরে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ উপলক্ষে একটি দায়সারা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এই কার্যক্রমের উদ্দেশ্য ব্যাহত হওয়া এবং সরকারি বরাদ্দের অপচয় হওয়ার অভিযোগ উঠেছে। এর ফলে প্রাণী সম্পদ খাতের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা সুবিধা প্রাপ্তি বা উপকার থেকে বঞ্চিত হয়েছেন।
২৬ নভেম্বর উপজেলা পরিষদে একটি নামকাওয়াস্তে আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণী সম্পদ দপ্তর এবং ভেটেনারী হাসপাতাল কর্তৃপক্ষ যৌথভাবে এই কর্মসূচিটি পরিচালনা করে। কিন্তু যাদের জন্য এই আয়োজন করা হয়েছিল, তাদের অংশগ্রহণ ছিল অত্যন্ত নগণ্য। র্যালিতে মাত্র ২০ জনের উপস্থিতি দেখে স্থানীয় জনতা হাসাহাসি করেছে। আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন এবং সৈয়দপুর উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির শফিকুল ইসলাম।
সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকমিলা সভাপতিত্ব করেন। এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের কর্মকর্তা ডা. আবু কায়েস বিন আজিজ, উপজেলা ডেইরি এসোসিয়েশনের সভাপতি সাহিদ আজিজ এবং সেক্রেটারি মোশাররফ হোসেন। সারাদেশের সাথে একযোগে সৈয়দপুরের এই উদ্বোধনী কর্মসূচিতে গুটিকয়েক খামারী অংশ নেন। পোল্ট্রি ও গরু মোটাতাজাকরণসহ প্রকৃত ও সাধারণ খামারীদের উপস্থিতি ছিল একেবারেই অনুপস্থিত। র্যালিতে মাত্র ৫ জন খামারীকে দেখা যায়, যা অত্যন্ত প্রশ্নবোধক বলে মনে হচ্ছে। এই নামকাওয়াস্তে কর্মসূচি পালন নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।
সৈয়দপুর বিউটি ডেইরি ফার্মের মালিক ব্যবসায়ী আলতাফ হোসেন মন্তব্য করেন, "আমরা প্রাণী সম্পদ দপ্তর থেকে কোন প্রকার সেবাই পাইনা। সরকারি সুযোগ সুবিধা তো দূরের কথা। কোন কর্মসূচিতেও ডাকেনা। এ অনুষ্ঠানের খবরও জানিনা।" উপজেলা ডেইরি এসোসিয়েশনের সভাপতি সাহিদ আজিজ বলেন, "প্রাণী সম্পদ কর্মকর্তা অনুষ্ঠানে মাত্র ৫ জনকে নিয়ে আসতে বলেছেন। তাই ৫ জনকেই নিয়ে আসি। তবে খামারিদের উপস্থিতি কম হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছি।" উপজেলা প্রাণী সম্পদ দপ্তর কর্মকর্তা ডা. আবু কায়েস বিন আজিজ জানান, "এটা মূলতঃ জাতীয় সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠান ছিল। খামারিদের সমাবেশ নয়, তাই সবাইকে ডাকা হয়নি।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ