প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পাকিস্তানের কারাগারগুলোতে বন্দিদের জন্য যথাযথ স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। অসুস্থ হওয়ার পরও অনেক বন্দি যথাসময়ে চিকিৎসা পান না। এমনকি জরুরি চিকিৎসার প্রয়োজন হলে তাদের হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে বিলম্বের অভিযোগও উঠেছে।
এই চিকিৎসাসেবার সংকটকে কাঠামোগত ও পদ্ধতিগত সমস্যা হিসেবে চিহ্নিত করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।
গত ১৯ নভেম্বর পাকিস্তানের কয়েকজন সিনেটর ইসলামাবাদ মডেল জেলের একটি পরীক্ষামূলক স্থাপনা পরিদর্শন করেন। সেখানে বন্দিদের জন্য নির্ধারিত স্বাস্থ্যসেবা ও চিকিৎসাসুবিধা দেখে তারা সেগুলোকে ‘পর্যাপ্ত’ বলে অভিহিত করেন। তবে মানবাধিকারকর্মীদের মতে, পরিকল্পিত ওই পরিদর্শনে দেখা পরিস্থিতির সঙ্গে পাকিস্তানের অধিকাংশ কারাগারের বাস্তব চিত্রের মধ্যে বড় ধরনের পার্থক্য রয়েছে।
এইচআরডব্লিউর ২০২৩ সালের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের কারাগারগুলোতে দীর্ঘদিন ধরে স্বাস্থ্যসেবার কাঠামোগত সংকট বিদ্যমান। এর ফলে অধিকাংশ বন্দির প্রয়োজনীয় চিকিৎসা পাওয়ার সুযোগ সীমিত হয়ে পড়েছে। কারাগারে অসুস্থ হয়ে পড়লেও অনেক বন্দি সময়মতো কিংবা মানসম্মত চিকিৎসা পান না।
সম্প্রতি পেশোয়ার কেন্দ্রীয় কারাগারে চিকিৎসা পেতে বিলম্বের অভিযোগের পর দুই বন্দির মৃত্যুর ঘটনা নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। এ ঘটনায় একজন আইনজীবী পেশোয়ার হাইকোর্টে আবেদন করেছেন। আবেদনে প্রদেশের সব কারাগারে বন্দিরা কখন চিকিৎসা চেয়েছেন, তা নথিভুক্ত করার এবং জরুরি প্রয়োজনে দ্রুত হাসপাতালে স্থানান্তরের সুস্পষ্ট নিয়ম চালুর দাবি জানানো হয়েছে।
মানবাধিকার সংস্থাগুলো কারাগার পরিচালনায় ঔপনিবেশিক আমলের আইন ও প্রশাসনিক ব্যবস্থার প্রভাবকেও এ সংকটের অন্যতম কারণ হিসেবে দেখছে। এসব ব্যবস্থার কারণে কারা পরিচালনায় সরকারি কর্মকর্তা ও প্রভাবশালী ব্যক্তিদের হস্তক্ষেপের সুযোগ তৈরি হয়। কখনো কখনো রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানি করতেও কারাগারের দুরবস্থাকে কাজে লাগানোর অভিযোগ রয়েছে।
এদিকে, গত ১৬ নভেম্বর আইনজীবীর মাধ্যমে প্রকাশিত এক চিঠিতে নিজের ও স্ত্রী বুশরা বিবির জন্য জরুরি চিকিৎসার আবেদন জানিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি উচ্চ রক্তচাপের সমস্যার কথা উল্লেখ করেছেন।
অন্যদিকে, তার স্ত্রীর চোখের অস্ত্রোপচার প্রয়োজন বলে জানিয়েছেন। এর আগে পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফও কারাগারে চিকিৎসাসেবা না পাওয়ার অভিযোগ করেছিলেন। তাদের অভিযোগ, শাস্তি দেওয়ার উদ্দেশ্যে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত করা হয়েছিল।
এ পরিস্থিতিতে পাকিস্তানের কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারগুলোকে কারাগারের স্বাস্থ্যসেবা আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো। বিশেষ করে জাতিসংঘের বন্দিদের সঙ্গে আচরণের জন্য প্রণীত নেলসন ম্যান্ডেলা বিধিমালা অনুসরণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এ বিধিমালা অনুযায়ী, বন্দিদের বিনা মূল্যে সমাজের সাধারণ মানুষের সমমানের প্রয়োজনীয় চিকিৎসাসেবা দিতে হবে। জরুরি চিকিৎসার ক্ষেত্রেও দ্রুত ব্যবস্থা নিতে হবে।
গত অক্টোবরে জাস্টিস প্রজেক্ট পাকিস্তান প্রদেশভেদে কারাগারের চিকিৎসাব্যবস্থায় অভিন্ন মানদণ্ড চালুর আহ্বান জানায়। সংস্থাটি বলেছে, প্রয়োজন অনুযায়ী বন্দিদের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাওয়ার সুযোগ এবং কারাগার থেকে মুক্তির পরও চিকিৎসা অব্যাহত রাখার ব্যবস্থা থাকতে হবে।
মানবাধিকার সংস্থাগুলোর সুপারিশ অনুযায়ী, বন্দিদের নির্ধারিত ওষুধ বিনা মূল্যে সরবরাহ করতে হবে। চিকিৎসার জন্য আবেদন করার পর কতক্ষণ অপেক্ষা করতে হচ্ছে, তা কারা কর্তৃপক্ষকে নথিভুক্ত করতে হবে। জরুরি প্রয়োজনে হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থাও দ্রুত করতে হবে। রাজনৈতিক পরিচয় কিংবা সামাজিক অবস্থান যা-ই হোক, সব বন্দির জন্য সময়মতো পর্যাপ্ত চিকিৎসা নিশ্চিত করার দায়িত্ব সরকারের।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন