প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পাকিস্তানে বিদেশি সরাসরি বিনিয়োগ (এফডিআই) বৃদ্ধি পেলেও, দেশটির ব্যবসায়িক পরিবেশ নিয়ে বিদেশি বিনিয়োগকারীদের আস্থা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। ভূরাজনৈতিক উত্তেজনা, জ্বালানি ও জ্বালানি তেলের উচ্চমূল্য, মূল্যস্ফীতি, নিরাপত্তা উদ্বেগ এবং নীতিগত অনিশ্চয়তার কারণে ব্যবসা পরিচালনার পরিস্থিতি কঠিন হয়ে উঠেছে। এই কারণে, পাকিস্তানের সামগ্রিক ব্যবসায়িক আস্থা এবং বিদেশি বিনিয়োগকারীদের প্রত্যাশা নেতিবাচক পর্যায়ে নেমে এসেছে।
সম্প্রতি প্রকাশিত ওভারসিজ ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ওআইসিসিআই) সর্বশেষ বিজনেস কনফিডেন্স সার্ভে বা ব্যবসায়িক আস্থা জরিপের ৩০তম সংস্করণে এই চিত্র উঠে এসেছে। জরিপ অনুযায়ী, পাকিস্তানের সামগ্রিক ব্যবসায়িক আস্থা আগের জরিপের ইতিবাচক ১৩ শতাংশ থেকে ৩৬ শতাংশীয় পয়েন্ট কমে নেতিবাচক ২৩ শতাংশে দাঁড়িয়েছে।
অন্যদিকে, ওআইসিসিআইয়ের সদস্য বিদেশি বিনিয়োগকারীদের আস্থা ৫৫ শতাংশীয় পয়েন্ট কমে ইতিবাচক ২৮ শতাংশ থেকে নেতিবাচক ২৭ শতাংশে নেমেছে। এতে দেখা যাচ্ছে, প্রথমবারের মতো বৃহত্তর ব্যবসায়ী সমাজের তুলনায় বিদেশি বিনিয়োগকারীদের আস্থা আরও নিচে চলে গেছে।
সেপ্টেম্বর-অক্টোবরে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে দেশজুড়ে জরিপটি পরিচালিত হয়। এতে উৎপাদন, সেবা ও খুচরা ব্যবসা খাতের পাশাপাশি বড় শহর ও শহরের বাইরের বিভিন্ন প্রতিষ্ঠানের মতামত নেওয়া হয়। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো সম্মিলিতভাবে পাকিস্তানের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৮০ শতাংশের প্রতিনিধিত্ব করে।
তিনটি প্রধান খাতেই ব্যবসায়িক আস্থা নেতিবাচক হয়েছে। খুচরা ও পাইকারি ব্যবসায় আস্থা ৪৫ শতাংশীয় পয়েন্ট কমে নেতিবাচক ২৫ শতাংশে দাঁড়িয়েছে। উৎপাদন খাতে ৩৪ পয়েন্ট কমে নেতিবাচক ২৫ শতাংশ এবং সেবা খাতে ৩১ পয়েন্ট কমে নেতিবাচক ১৭ শতাংশ হয়েছে।
বিনিয়োগ ও কর্মসংস্থানের প্রত্যাশাও কমেছে। মূলধনী বিনিয়োগের সূচক ১৬ শতাংশীয় পয়েন্ট কমে নেতিবাচক ১৪ শতাংশে নেমেছে। কর্মসংস্থানের প্রত্যাশা ২৩ পয়েন্ট কমে নেতিবাচক ৬ শতাংশে দাঁড়িয়েছে। ব্যবসা সম্প্রসারণের প্রত্যাশা সামান্য ইতিবাচক ৩ শতাংশ থাকলেও, আগের জরিপের তুলনায় তা ২৭ পয়েন্ট কমেছে।
জরিপে অংশ নেওয়া ৭৮ শতাংশ প্রতিষ্ঠান গত ছয় মাসে পাকিস্তানের ব্যবসায়িক পরিস্থিতিকে নেতিবাচক হিসেবে মূল্যায়ন করেছে। আগের জরিপে এ হার ছিল ৪৭ শতাংশ। আগামী ছয় মাসে পরিস্থিতির অবনতি হতে পারে বলে মনে করছে ৪৪ শতাংশ প্রতিষ্ঠান। বিপরীতে উন্নতির আশা করছে মাত্র ২৩ শতাংশ।
তবে, এই হতাশার বিপরীতে পাকিস্তানে এফডিআই বেড়েছে। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) এ বিনিয়োগ ২২ শতাংশ বেড়ে ৯৩ কোটি ৫০ লাখ ডলারে পৌঁছেছে। আগের অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৭৬ কোটি ৪০ লাখ ডলার।
ওআইসিসিআইয়ের প্রধান উমর আহসান খান সংবাদমাধ্যম ডনকে বলেন, "বিনিয়োগ বাড়াতে নীতিগত স্থিতিশীলতা, প্রতিযোগিতামূলক করব্যবস্থা এবং সাশ্রয়ী ও নির্ভরযোগ্য জ্বালানি নিশ্চিত করা জরুরি।" সংস্থাটির মহাসচিব এম আবদুল আলিমও বিদেশি বিনিয়োগকারীদের আস্থার এমন পতনে উদ্বেগ প্রকাশ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন