০৭:২৭ পি.এম
বগুড়ার কাহালু মাহমুদা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনুর আক্তারের বিরুদ্ধে কোমলমতি শিক্ষার্থীদের বেত দিয়ে প্রহার করার, শারীরিক ও মানসিক নির্যাতন করার অভিযোগ উঠেছে।
এই ঘটনায় মঙ্গলবার (৭ জুলাই) বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি লিখিত অভিযোগ দাখিল করেছে। এদিকে ঘটনার তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
জানা গেছে, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনুর আক্তার দীর্ঘদিন ধরে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের বেত দিয়ে প্রহার ও শারীরিক ও মানসিক নির্যাতনে লিপ্ত ছিলেন। এরই মধ্যে শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের দেওয়া পড়ার উত্তর শিক্ষার্থীরা যথাযথভাবে দিলেও সোমবার (৬ জুলাই) বেলা সাড়ে ১১টায় পঞ্চম শ্রেণির পাঁচজন শিক্ষার্থীকে প্রধান শিক্ষক বেত দিয়ে প্রহার করেন। তাতে শিক্ষার্থীদের শরীরে প্রহারের চিহ্ন ফুটে ওঠে। প্রাথমিক চিকিৎসা সেবা প্রদানের জন্য তাৎক্ষণিকভাবে শিক্ষার্থীদের মধ্যে রাজকুমার (১০) ও সুমনকে (১১) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন: জরায়ুমুখের ক্যান্সার (Cervical Cancer) প্রতিরোধে, নওগাঁ জেলা পুলিশের, পুলিশ নারী কল্যাণ (পুনাক) এর উদ্যোগে ভ্যাকসিনেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত
মাহমুদা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনুর আক্তার বলেছেন, 'বিদ্যালয়ের শৃঙ্খলা ও পড়ালেখার মান ঠিক রাখতে অনেক সময় শিক্ষার্থীদের শাসন করতে হয়।'
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মলিহা খানম জানিয়েছেন, শিক্ষার্থীদের লিখিত অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন