ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব র নিন্দা ও উদ্বেগ প্রকাশ


নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব র নিন্দা ও উদ্বেগ প্রকাশ

বাংলাদেশের নেত্রকোণায় দুর্বৃত্তদের গুলিতে এক সাংবাদিক নিহত হয়েছেন৷ সাংবাদিক হত্যার নিন্দা জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব ৷


গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে একটি দোকানে বসে অন্যদের সঙ্গে আলাপ করছিলেন লুৎফুজ্জামান আলিফ। এ সময় মোটরসাইকেলে করে দুই যুবক এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়।

নিহত সাংবাদিকের নাম লুৎফুজ্জামান আলিফ ফকির৷ গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে দুর্গাপুরের শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের উত্তরাইল বাজারে দুর্বৃত্তদের গুলিতে তার মৃত্যু হয়৷

আরও পড়ুন: ময়মনসিংহ অঞ্চলে পাঁচ সাংবাদিক হত্যা, বিচার না পেয়ে উৎকণ্ঠায় পরিবার

কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের সুনাই গ্রামের বাসিন্দা লুৎফুজ্জামান আলিফ ফকির বেসরকারি আইপিটিভি চ্যানেল রূপসী বাংলার নেত্রকোণা প্রতিনিধি ছিলেন। এছাড়া ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজও পরিচালনা করতেন৷ ‘ডিটেক্টিভ আর্টিকেল’--এ দুর্নীতি, অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে নিয়মিত পোস্ট দিতেন তিনি৷

এ সময় মোটরসাইকেলে করে দুই যুবক এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলির শব্দে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। আহত অবস্থায় দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা লুৎফুজ্জামান আলিফ ফকিরকে মৃত ঘোষণা করেন।


ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব র সভাপতি মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভূইঁয়া বলেন ‘‘সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফের নৃশংস হত্যাকাণ্ড সংবাদপত্রের স্বাধীনতার ওপর সরাসরি ও ভয়াবহ আঘাত।এছাড়াও সরকারি দলের নেতা কর্মীদের দ্বারা হামলা মামলার শিকার হয়েছেন দেশের বিভিন্ন স্থানে গণমাধ্যমকর্মীরা। তাই প্রতিটি ঘটনা নিরপেক্ষ তদন্ত চাই। যারা অপরাধের সাথে জড়িত রয়েছে তাদের গ্রেপ্তারের করে বিচারের দাবি জানান ৷

তিনি আরও বলেন লুৎফুজ্জামান আলিফ ফকিরের ওপর গত বছরের ১০ নভেম্বরও দুর্গাপুরে সোমেশ্বরী নদীর তীরে তেরিবাজার ঘাটের কাছে হামলা হয়েছিল৷ সেবার দৃর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছিল৷

আরও পড়ুন: গাজীপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বিএনপি নেতা সিদ্দিকুর রহমানের মৃত্যু

বাংলাদেশে সাংবাদিক হত্যার নিন্দা জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সাংবাদিকদের সংগঠন ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব৷

সংগঠনটির সাধারণ সম্পাদক মির্জা সোবেদ আলী রাজা বলেছেন, ‘‘সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফের নৃশংস হত্যাকাণ্ড সংবাদপত্রের স্বাধীনতার ওপর সরাসরি ও ভয়াবহ আঘাত। গণতান্ত্রিক উত্তরণ সত্ত্বেও গণমাধ্যমকর্মীদের জন্য নিরাপদ কর্ম স্থান তৈরি হয়নি এটাই সবচেয়ে হতাশার। তাই বতর্মান সরকারের কাছে সাংবাদিক সুরক্ষা আইন চাই ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সেনাবাহিনীকে আরও আধুনিক করে গড়ে তুলছে সরকার: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

১২:২৬ পি.এম


সেনাবাহিনীকে আরও আধুনিক করে গড়ে তুলছে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার সেনাবাহিনীর আধুনিকায়নের পাশাপাশি প্রয়োজনীয় অস্ত্র, গোলাবারুদ ও প্রতিরক্ষা সামগ্রী দেশের অভ্যন্তরে উৎপাদনের জন্য দেশীয় প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দিয়েছে।

রোববার (১৮ অক্টোবর) সাভারে কয়েকটি ব্যাটালিয়ন এবং রেজিমেন্টকে জাতীয় পতাকা প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তবে তিনি উল্লেখ করেন, প্রযুক্তি কখনো মানুষের বিকল্প হতে পারে না। আমাদের একটি সমন্বিত প্রতিরক্ষা সক্ষমতা গড়ে তোলা প্রয়োজন, যেখানে প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সেনা, নৌ ও বিমান বাহিনী প্রয়োজনের মুহূর্তে সমন্বিতভাবে কাজ করতে পারে।

প্রধানমন্ত্রী বলেন, একজন সেনা পরিবারের সদস্য হিসেবে তিনি সেনা পরিবেশে বেড়ে উঠেছেন। তিনি বলেন, "আজকের এই অনুষ্ঠানে আমি আপনাদের সামনে ভিন্ন পরিচয়ে উপস্থিত হলেও এ ধরনের পরিবেশ আমার জন্য নতুন নয়।" পেশাগত সাফল্যের জন্য ৭ এবং ৩২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, ২৫ এয়ার ডিফেন্স রেজিমেন্ট, ৯ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন, ৫৬ ও ৫৭ ইস্ট বেঙ্গল এবং প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট ন্যাশনাল স্ট্যান্ডার্ড বা জাতীয় পতাকা প্রাপ্তির গৌরব অর্জন করেছে। তিনি সকলকে অভিনন্দন জানান।

তিনি বলেন, "এই ন্যাশনাল স্ট্যান্ডার্ড শুধু একটি পতাকা নয় বরং এটি একটি ইউনিটের ইতিহাস, ঐতিহ্য, শৃঙ্খলা, আত্মত্যাগ, পেশাদারিত্ব এবং দেশের প্রতি অঙ্গীকারের প্রতীক।" জাতীয় পতাকার গৌরবময় উড্ডয়ন প্রতিনিয়ত আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অসংখ্য মানুষের আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দেয়। তিনি বলেন, "স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক সেই জাতীয় পতাকা আপনাদের হাতে তুলে দেয়া হলো।" জাতীয় পতাকা অর্জনের অর্থ হলো, আপনাদের উপর অর্পিত দায়িত্ব আরও নিষ্ঠার সঙ্গে পালন করার নতুন শপথ। পতাকার মান রক্ষা করা সকল সৈনিকের পবিত্র দায়িত্ব।

প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন সময়ে সশস্ত্র বাহিনীর ইমেজ বিনষ্টের অপচেষ্টা হয়েছিল। তিনি বলেন, "এটা অস্বীকার করার উপায় নেই।" তবে আমাদের মনে রাখা জরুরি, স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই বাংলাদেশের সেনাবাহিনীর জন্ম।

তিনি বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষের ওপর বর্বরোচিত হামলা শুরু হলে চট্টগ্রামে অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের তৎকালীন উপঅধিনায়ক মেজর জিয়াউর রহমান 'উই রিভোল্ট' উচ্চারণ করেছিলেন। তিনি 'উই রিভোল্ট' উচ্চারণ করে ক্ষান্ত হননি। অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে ফিরে তিনি সেনাবাহিনীর সকল বাংলাভাষী কর্মকর্তা এবং সৈনিককে জড়ো করেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নিজের লেখা একাধিক নিবন্ধে এ বিষয়ে উল্লেখ রয়েছে।

তিনি বলেন, ইতিহাস সাক্ষী, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে গণহত্যার বিরুদ্ধে ১, ২, ৩, ৪ এবং অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাংলাভাষী সেনাসদস্যরা পাক হানাদারবাহিনীর বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছিল। ২৬ মার্চ রাত ২টা ১৫ মিনিটে তিনি বাংলাদেশের স্বাধীনতার জন্য সশস্ত্র সংগ্রামে অবতীর্ণ হওয়ার নির্দেশ দেন। পরদিন ২৭ মার্চ তিনি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন। যে ঘোষণাটি দেশে-বিদেশে ছড়িয়ে পড়েছিল। বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধে একজন সেনাকর্মকর্তার এমন ঐতিহাসিক ও বীরোচিত ভূমিকা নিঃসন্দেহে সশস্ত্রবাহিনীর জন্য অনুপ্রেরণাদায়ক এক গৌরবজনক অধ্যায়। এ কারণেই স্বাধীনতাপ্রিয় দেশপ্রেমিক জনগণ সেনাবাহিনীর যেকোনো সাফল্যকে বাংলাদেশের সাফল্য বলেই মনে করে।

সরকার সশস্ত্রবাহিনীকে আরও প্রযুক্তিনির্ভর, দক্ষ, শৃঙ্খলাবদ্ধ, পেশাদার এবং সর্বাধুনিক হিসেবে গড়ে তোলার কার্যক্রম অব্যাহত রেখেছে। প্রধানমন্ত্রী বলেন, "একটি আধুনিক সশস্ত্র বাহিনীর শক্তি শুধু অস্ত্র, সরঞ্জাম বা জনবলের মধ্যেই সীমাবদ্ধ নয়।" এর প্রকৃত শক্তি নিহিত থাকে শৃঙ্খলা, দক্ষতা, নেতৃত্ব, নৈতিকতা, প্রশিক্ষণ এবং জনগণের আস্থার মধ্যে। সর্বোপরি চেইন অব কমান্ড। তিনি বলেন, "আমরা সশস্ত্রবাহিনীকে আরও প্রযুক্তিনির্ভর, দক্ষ, শৃঙ্খলাবদ্ধ, পেশাদার এবং সর্বাধুনিক হিসেবে গড়ে তোলার কার্যক্রম অব্যাহত রেখেছি।"

তিনি বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে সশস্ত্রবাহিনীর সকল পর্যায়ের কর্মকর্তা এবং সৈনিকরা সংবিধান, আইন, সামরিক বিধি-বিধান এবং মানবিক মূল্যবোধের প্রতি অবিচল থাকবেন, এটি জনগণের প্রত্যাশা।

প্রতিরক্ষা প্রস্তুতিকেও সময়ের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে নেয়ার কাজ চলমান রয়েছে। সরকারপ্রধান বলেন, বর্তমানে বিশ্বের নিরাপত্তা পরিবেশ দ্রুত পরিবর্তিত হচ্ছে। যুদ্ধের ধরন ও কৌশল বদলে যাচ্ছে। স্থল, সমুদ্র ও আকাশের পাশাপাশি সাইবার স্পেস, মহাকাশ, ড্রোন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইলেকট্রনিক যুদ্ধ এবং তথ্যভিত্তিক সক্ষমতা বর্তমানে জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ অংশ। এই বাস্তবতায় আমাদের প্রতিরক্ষা প্রস্তুতিকেও সময়ের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে নেয়ার কাজ চলমান।

‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়নের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। প্রধানমন্ত্রী বলেন, সরকার সেনা সদস্যদের কল্যাণ, আবাসন, চিকিৎসা, শিক্ষা, প্রশিক্ষণ, ক্যারিয়ার উন্নয়ন এবং অবসর-পরবর্তী সামাজিক নিরাপত্তার বিষয়গুলোকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। এরই মধ্যে জাতীয় পে-স্কেলে সশস্ত্র বাহিনীর সদস্যদের বেতন ও ভাতা ১০০ পার্সেন্ট থেকে ১৩৮ পার্সেন্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। এছাড়াও সেনাসদস্যদের জীবনযাপনের মান আরও উন্নত করার লক্ষ্যে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়নের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা সুদৃঢ় করতে চায়। প্রধানমন্ত্রী বলেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিরপুরের বাসিন্দারা চুরিতে অতিষ্ঠ, পুলিশ প্রতিরোধে উদ্যোগ নিয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

১২:২৬ পি.এম


মিরপুরের বাসিন্দারা চুরিতে অতিষ্ঠ, পুলিশ প্রতিরোধে উদ্যোগ নিয়েছে

রাজধানীর মিরপুরের বাসিন্দারা চুরির কারণে অতিষ্ঠ হয়ে উঠেছেন। রাতের অন্ধকারে চোর চক্র আবাসিক ভবনে প্রবেশ করছে এবং স্বর্ণালংকারসহ লাখ লাখ টাকা চুরি হচ্ছে। একের পর এক চুরির ঘটনায় নগরবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, বুধবার (১৪ অক্টোবর) সকাল ৩টার দিকে মিরপুর ৬০ ফিটের পিরেরবাগ পাবনা গলিতে এক ব্যক্তি মালামাল নিয়ে রিকশায় উঠে চলে যাচ্ছেন। সকালে উঠেই হতভম্ব হয়ে যান ২৩৬/১ ভবনের বাসিন্দারা। কারণ, ৭তলা ভবনের বেশিরভাগ ফ্ল্যাটে রাতের বেলা চুরি হয়েছে।

বাড়ির মালিক পলাশ, যিনি দ্বিতীয় তলায় থাকেন, তার স্ত্রী জানান, ওই রাতে রান্নাঘরের গ্রিল কেটে চোর প্রবেশ করে। চুরি হয়েছে একটি মোবাইল ফোন এবং নগদ অর্থ।

পঞ্চম তলার ভাড়াটিয়া বাসায় না থাকার কারণে তালা কেটে সেখান থেকে নগদ অর্থসহ চার থেকে ৫ লাখ টাকার স্বর্ণালংকার চুরি হয়। একইভাবে সপ্তম তলাতেও চুরি হয়েছে। সেখানে ভাড়াটিয়া বাসায় ছিলেন না এবং পুরো ফ্ল্যাট তছনছ করা হয়েছে। নগদ অর্থ ও ৮ থেকে ১০ লাখ টাকার মালামাল চুরি হয়েছে।

এটি শুধু মিরপুরের একটি এলাকা নয়, আশপাশের বিভিন্ন স্থানে একই ধরনের চুরির ঘটনা ঘটছে। এতে জনমনে আতঙ্ক বৃদ্ধি পাচ্ছে। স্থানীয়রা জানাচ্ছেন, ২ থেকে ৪ দিন পর পর এমন ঘটনা ঘটছে, যা উদ্বেগের বিষয়। তারা প্রশাসনের কাছে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, জনমনে উদ্বেগ কমাতে এবং চুরি প্রতিরোধে কমিউনিটি পুলিশিং ব্যবস্থা চালু করা হয়েছে। প্রতিটি ঘটনায় অপরাধী শনাক্ত হলে তাদের আইনের আওতায় আনা হচ্ছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র মো. আকতার হোসেন বলেন, "এটা প্রতিরোধের জন্য আমরা কমিউনিটি পুলিশিং ব্যবস্থা চালু করেছি। আমাদের প্রস্তুতি রয়েছে, যেকোনো ধরনের অপরাধ প্রতিরোধ এবং শনাক্তকরণে আমরা এই ফোর্স নিয়েই কাজ করব।"

এ ধরনের ঘটনা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনগণকেও সচেতন হওয়ার পরামর্শ দিয়েছে ডিএমপি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৬ বছর আগের ঘটনায় জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানায় ফাঁসলেন রাখি সাওয়ান্ত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

১২:২৮ পি.এম


১৬ বছর আগের ঘটনায় জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানায় ফাঁসলেন রাখি সাওয়ান্ত

উত্তর প্রদেশের ঝাঁসি আদালত ২০১০ সালের একটি পুরোনো মৃত্যুর মামলায় বলিউডের ড্রামা কুইন হিসেবে পরিচিত রাখি সাওয়ান্তের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা (NBW) জারি করেছে। ১৬ বছর আগে ঘটে যাওয়া একটি বিতর্কিত ঘটনার প্রেক্ষিতে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।

ঘটনাটি ২০১০ সালের। ঝাঁসির প্রেমনগর এলাকার বাসিন্দা লক্ষ্মণ তার স্ত্রীর সঙ্গে পারিবারিক বিবাদের কারণে রাখি সাওয়ান্তের উপস্থাপনায় একটি জনপ্রিয় টেলিভিশন রিয়েলিটি শোতে অংশগ্রহণ করেছিলেন। অভিযোগ করা হয়, ওই শো-এর মঞ্চে রাখি লক্ষ্মণের বিরুদ্ধে অত্যন্ত অবমাননাকর ও আপত্তিকর মন্তব্য করেন।

অনুষ্ঠানটি সম্প্রচারিত হওয়ার পর লক্ষ্মণ ভয়ংকর মানসিক অবসাদ ও সামাজিক হেনস্তার শিকার হন। মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়ার পর, তিনি ওই বছরেই মারা যান।

লক্ষ্মণের মৃত্যুর পর, তার মা রাখি সাওয়ান্তসহ চারজনের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার মামলা দায়ের করেন। পরে মামলায় আত্মহত্যার প্ররোচনার পাশাপাশি অপরাধমূলক ষড়যন্ত্র এবং ইচ্ছাকৃতভাবে অপমান করার ধারাও যুক্ত করা হয়। দীর্ঘ আইনি প্রক্রিয়া ও চার্জশিট দাখিলের পর অবশেষে আদালত এই পরোয়ানা জারি করেছে।

ঝাঁসির জেলা সরকারি আইনজীবী মৃদুলকান্ত শ্রীবাস্তব জানিয়েছেন, মামলার পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে খুব দ্রুত রাখি সাওয়ান্তকে আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করতে হবে। ১৬ বছর আগের এই মর্মান্তিক ঘটনার কারণে এখন এই অভিনেত্রীর মাথার ওপর গ্রেপ্তারির খাঁড়া ঝুলছে।

সূত্র: টাইমস এন্টারটেইনমেন্ট

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ল্যুভরে চুরি, এবার নিরাপত্তার দায়িত্ব চান সাবেক শিল্পকর্ম চোর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

১২:২৯ পি.এম


ল্যুভরে চুরি, এবার নিরাপত্তার দায়িত্ব চান সাবেক শিল্পকর্ম চোর

বিশ্বের অন্যতম বিখ্যাত জাদুঘর ল্যুভরে শতাব্দীর সেরা চুরি হিসেবে আলোচিত ডাকাতির এক বছর পরও নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে। এবার প্রশ্ন তুলেছেন এমন একজন, যিনি নিজেই একসময় ছিলেন দুর্ধর্ষ শিল্পকর্ম চোর। ডাচ নাগরিক অক্টাভ ডারহাম দাবি করেছেন, ল্যুভরের নিরাপত্তাব্যবস্থায় এখনো অনেক দুর্বলতা রয়েছে।

ফরাসি জাদুঘর ল্যুভরে গত বছরের আলোচিত চুরির ঘটনার পরও নিরাপত্তাব্যবস্থায় বড় ধরনের ফাঁক রয়ে গেছে বলে মনে করেন অক্টাভ ডারহাম। তার প্রশ্ন, ‘নিরাপত্তার দায়িত্ব দিতে তারা আমার কাছে আসে না কেন?’

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, ৫৩ বছর বয়সি ডারহাম কোনো নিরাপত্তা বিশেষজ্ঞ নন, এমনকি প্রশিক্ষিত নিরাপত্তারক্ষীও নন। তিনি একসময় ছিলেন শিল্পকর্ম চোর। বর্তমানে অপরাধজগৎ থেকে অবসর নেওয়ার দাবি করা ডারহাম নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পরিচয় দেন ‘ডাচ লুপিন’ হিসেবে। নেটফ্লিক্সে ফরাসি অভিনেতা ওমর সি অভিনীত জনপ্রিয় ভদ্রবেশী চোরের চরিত্র থেকে এই নাম নেওয়া।

নিজের অপরাধজগতের অতীত নিয়ে কোনো রাখঢাক নেই তার। সিএনএনকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ডারহাম বলেন, ‘আমি ব্যাংক, সেফ ডিপোজিট ভল্ট, সাঁজোয়া গাড়ি থেকে চুরি করেছি। যা কল্পনা করতে পারেন, সবই চুরি করেছি।’

২০০২ সালে এক সহযোগীকে নিয়ে আমস্টারডামের ভ্যান গঘ জাদুঘরে ঢুকে দুটি চিত্রকর্ম চুরি করেন তিনি। পরে গ্রেফতার হয়ে কারাদণ্ড ভোগ করেন ডারহাম। তবে তার আগেই চুরি করা ছবিগুলো এক কুখ্যাত অপরাধীর কাছে বিক্রি করেছিলেন। পরে ওই অপরাধীর কাছ থেকে চিত্রকর্মগুলো উদ্ধার করা হয়।

শিল্পকর্ম উদ্ধারে

অপরাধজগৎ থেকে সরে এলেও চুরি যাওয়া শিল্পকর্মের প্রতি আগ্রহ হারাননি ডারহাম। তবে এখন তার উদ্দেশ্য চুরি করা নয়, বরং চুরি যাওয়া মূল্যবান শিল্পকর্ম উদ্ধার করা। এ কাজে অপরাধজগতের পুরোনো যোগাযোগগুলো ব্যবহার করেন তিনি।

এ জন্য কোনো পারিশ্রমিক নেন না ডারহাম। তার ভাষায়, কাজটি তিনি মূলত আনন্দের জন্য করেন। মানুষকে খুশি করতে পারলে তার ভালো লাগে।

তবে তাকে পুলিশের তথ্যদাতা বললে আপত্তি করেন তিনি। ডারহামের ভাষায়, ‘আমি তথ্যদাতা নই, আমি যোগাযোগের মাধ্যম। দুটির মধ্যে বড় পার্থক্য আছে। আমি পুলিশের সঙ্গে কথা বলি না।’

ডারহাম কাজ করেন ডাচ শিল্পকর্ম অনুসন্ধানী আর্থার ব্র্যান্ডের সঙ্গে। শিল্পজগতে তাকে ‘ইন্ডিয়ানা জোনস’ নামে ডাকা হয়।

২০২০ সালে নেদারল্যান্ডসের একটি জাদুঘর থেকে ভ্যান গঘের ‘স্প্রিং গার্ডেন’ চিত্রকর্মটি চুরি হয়েছিল। ২০২৩ সালে নীল রঙের একটি আইকিয়া ব্যাগে ভরে সেটি ব্র্যান্ডের কাছে হস্তান্তর করা হয়। চিত্রকর্মটি উদ্ধারে ডারহামের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ বলে জানান ব্র্যান্ড।

ব্র্যান্ড আরও উদ্ধার করেছেন পোল্যান্ড থেকে ১৯৭০-এর দশকে চুরি হওয়া পিটার ব্রুগেলের একটি বিখ্যাত শিল্পকর্ম এবং নাৎসি নেতা হারমান গোরিংয়ের হাতে লুট হওয়া এক ইহুদি পরিবারের চিত্রকর্ম। শিল্পকর্ম কেনার আগে সংগ্রাহকদের পরামর্শ দিয়ে জীবিকা নির্বাহ করেন তিনি। উদ্ধারকাজটি করেন বিনা পারিশ্রমিকে।

ইউরোপজুড়ে জাদুঘরে চুরি

গত বছরের অক্টোবরে ল্যুভরে দিনের আলোয় চোরেরা ঢুকে নেপোলিয়ন আমলের মূল্যবান সম্পদ নিয়ে পালিয়ে যায়। ওই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই ফ্রান্সের আরেকটি জাদুঘরে চুরি হয়। সেখান থেকে এক লাখ ডলারের বেশি মূল্যের স্বর্ণ ও রুপার মুদ্রা নিয়ে যায় দুর্বৃত্তরা।

এরপর থেকে ইউরোপের বিভিন্ন জাদুঘর, আর্ট গ্যালারি ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে চুরির ঘটনা নিয়মিত খবরের শিরোনাম হচ্ছে।

গত মাসে ফ্রান্সের রেনোয়া জাদুঘর থেকে দুটি রেনোয়া চিত্রকর্ম চুরি হয়। কয়েক সপ্তাহ পর সেগুলো উদ্ধার করা হয়। এর আগে মার্চে ইতালির পারমার কাছে ম্যাগনানি রোকা ফাউন্ডেশন থেকে রেনোয়া, সেজান ও মাতিসের তিনটি চিত্রকর্ম চুরি হয়েছিল। সেগুলোও পরে উদ্ধার করা হয়।

গত আগস্টে সিসিলির একটি জাদুঘর থেকে আন্তোনেলো দা মেসিনার আঁকা রেনেসাঁ যুগের চারটি চিত্রকর্ম চুরি হয়। একই মাসে অস্ট্রিয়ার ভিয়েনার মিউজিয়াম অব অ্যাপ্লায়েড আর্টস থেকে ৪০ লাখ ডলারের একটি হীরার নেকলেস নিয়ে যায় চোরেরা।

ইউরোপীয় ইউনিয়নের আইন প্রয়োগকারী সংস্থা ইউরোপোলের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, জাদুঘরে চুরির ঘটনায় অপরাধীরা ক্রমেই বেশি বেপরোয়া, সহিংস ও আক্রমণাত্মক হয়ে উঠছে।

ব্র্যান্ড বলেন, শিল্পকর্ম চুরির ঘটনা নতুন নয়। তবে ল্যুভরের ঘটনার পর পরিস্থিতি আরও খারাপ হয়েছে। সাবেক চোরদের সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে। তাঁদের কাছ থেকে তিনি জানতে পারেন, বর্তমান অপরাধীরা ল্যুভরের ঘটনা দেখে একই ধরনের চুরিতে উৎসাহিত হচ্ছে।

তার মতে, অপরাধীরা ভাবছে, ল্যুভরের মতো জাদুঘর থেকে যদি শিল্পকর্ম চুরি করা সম্ভব হয়, তাহলে স্থানীয় জাদুঘরগুলো থেকে চুরি করা আরও সহজ।

ব্যাংকে নগদ অর্থ কমে যাওয়া এবং গয়নার দোকানে নিরাপত্তা জোরদার হওয়ার কারণে চোরেরা এখন জাদুঘরকে সহজ লক্ষ্য হিসেবে দেখছে বলেও মনে করেন ব্র্যান্ড।

কেন ইউরোপের জাদুঘরগুলো ঝুঁকিতে

বিশ্বজুড়ে শিল্পকর্ম চুরির ঘটনা ঘটলেও ইউরোপের জাদুঘরগুলো বিশেষভাবে ঝুঁকিতে রয়েছে বলে মনে করেন ব্র্যান্ড। কারণ, বিশ্বের বাণিজ্যিকভাবে মূল্যবান শিল্পকর্মের বড় অংশ ইউরোপে রয়েছে। পাশাপাশি অনেক জাদুঘরই শত শত বছরের পুরোনো ভবনে অবস্থিত।

ব্র্যান্ড বলেন, ইউরোপের জাদুঘরগুলোতে সাধারণত সশস্ত্র নিরাপত্তারক্ষী থাকে না। অনেক প্রতিষ্ঠানই ঐতিহাসিক ভবনে পরিচালিত হয়, যেগুলোর নিরাপত্তা আধুনিক দুর্গের মতো নয়।

বেলজিয়ামভিত্তিক জাদুঘর নিরাপত্তা বিশেষজ্ঞ ইব্রাহিম বালুত বলেন, ল্যুভর, ভিয়েনার জাদুঘর ও রেনোয়া জাদুঘরের মতো প্রতিষ্ঠানে চোরেরা ঢুকে তিন মিনিটেরও কম সময়ে মূল্যবান বস্তু নিয়ে পালিয়েছে। এ ধরনের ঘটনায় ভাঙচুর করে দ্রুত চুরি করার প্রবণতা বাড়ছে।

বালুতের মতে, অপরাধীরা এখন হাতুড়ি, কুঠার, শাবল এমনকি বিস্ফোরকও ব্যবহার করছে। ব্যাটারিচালিত বৈদ্যুতিক সরঞ্জাম সহজে বহন করা যায় এবং দ্রুত কাজ করা সম্ভব হওয়ায় চুরির ঝুঁকি বেড়েছে।

জাদুঘরের মূল উদ্দেশ্য দর্শনার্থীদের জন্য শিল্পকর্ম উন্মুক্ত রাখা। এ কারণে ব্যাংক বা গয়নার দোকানের মতো প্রবেশ নিয়ন্ত্রণ করা কঠিন। অনেক ক্ষেত্রে একটি কাচের বাক্স বা নিরাপত্তারক্ষীই দর্শনার্থী ও মূল্যবান শিল্পকর্মের মধ্যে একমাত্র বাধা।

বালুত বলেন, অপরাধীরা চুরির আগে জাদুঘর ঘুরে দেখে, কোন জিনিস সহজে নেওয়া যাবে এবং পালানোর পথ কতটা সুবিধাজনক। তাই শুধু ক্যামেরা বসিয়ে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। প্রয়োজন প্রশিক্ষিত কর্মী, যথাযথ ঝুঁকি মূল্যায়ন, শক্তিশালী প্রদর্শনী বাক্স, কার্যকর অ্যালার্ম এবং দ্রুত সাড়া দেওয়ার ব্যবস্থা।

শিল্পকর্ম বিক্রি করাই বড় চ্যালেঞ্জ

ব্র্যান্ডের মতে, গত এক দশকে শিল্পকর্ম চুরির ধরনেও পরিবর্তন এসেছে। অপরাধীরা এখন স্বর্ণ, রুপা ও হীরার দিকে বেশি ঝুঁকছে। কারণ, এসব গলিয়ে বা নতুনভাবে কেটে ফেললে আসল মালিকানা শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।

তবে মূল্যবান চিত্রকর্ম চুরির পেছনেও অপরাধীদের ভুল ধারণা কাজ করে। ভ্যান গঘের একটি ছবি কোটি কোটি ডলারের হতে পারে, কিন্তু চুরি করলেই তা বিক্রি করা সহজ নয়।

ব্র্যান্ড বলেন, চুরির পরদিনই অপরাধীরা জানতে পারে, ছবিটি বিশ্বের বিভিন্ন অপরাধসংক্রান্ত তথ্যভান্ডারে চিহ্নিত হয়ে গেছে। ফলে তা প্রকাশ্যে বিক্রি করা প্রায় অসম্ভব হয়ে পড়ে।

তবে অপরাধজগতের কেউ কেউ চুরি করা শিল্পকর্মকে দর-কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করে। ব্র্যান্ডের দাবি, কালোবাজারে চুরি করা একটি চিত্রকর্মের মূল্য বৈধ বাজারমূল্যের মাত্র ১০ শতাংশ হতে পারে। কোনো অপরাধী গ্রেফতার হলে শাস্তি কমানোর দর-কষাকষিতে সেটি ব্যবহার করতে পারে।

আর্ট ক্রাইমবিষয়ক গবেষণা সংস্থা অ্যাসোসিয়েশন ফর রিসার্চ ইনটু ক্রাইমস এগেইনস্ট আর্টের প্রধান লিন্ডা অ্যালবার্টসন বলেন, মূল্যবান ও সহজে বহনযোগ্য শিল্পকর্ম, নিরাপত্তার দুর্বলতা এবং সীমিত নিরাপত্তাসম্পদ একসঙ্গে অপরাধীদের সুযোগ তৈরি করে।

তার মতে, কিছু জাদুঘর নিরাপত্তা বাড়াতে উল্লেখযোগ্য পদক্ষেপ নিলেও অনেক প্রতিষ্ঠানে এখনো গুরুতর ঘাটতি রয়েছে। শুধু ক্যামেরা দিয়ে চুরি রেকর্ড করা সম্ভব, কিন্তু তা সব সময় চুরি ঠেকাতে পারে না। প্রয়োজন প্রশিক্ষিত কর্মী, নিয়মিত নিরাপত্তা মূল্যায়ন, কার্যকর অ্যালার্ম এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার মহড়া।

অ্যালবার্টসন বলেন, নিরাপত্তা ব্যবস্থা উন্নত করার জন্য অর্থদাতা ও পৃষ্ঠপোষকেরা সচরাচর এগিয়ে আসেন না। অথচ একটি সংগ্রহশালা অপরাধীদের লক্ষ্যবস্তু হবে কি না, তা অনেক সময় নিরাপত্তায় বিনিয়োগের ওপর নির্ভর করে।

তার ভাষায়, ‘আমরা সাংস্কৃতিক ঐতিহ্যকে অমূল্য বলতে পারি না, অথচ সেটির সুরক্ষাকে ঐচ্ছিক ব্যয় হিসেবে বিবেচনা করতে পারি না।’

এদিকে, ডারহাম এখনো মনে করেন, ল্যুভরের নিরাপত্তাব্যবস্থায় দুর্বলতা রয়েছে। সম্প্রতি জাদুঘরটি পরিদর্শন করে তিনি কয়েকটি জানালায় ফাটল দেখতে পেয়েছেন বলে দাবি করেন।

গত বছরের চুরির প্রবেশপথে লোহার বেড়া ও ক্যামেরা বসানো হলেও পাশের জানালাগুলোর অবস্থা আগের মতোই রয়েছে বলে তাঁর অভিযোগ।

ল্যুভর কর্তৃপক্ষ এ বিষয়ে সিএনএনের প্রশ্নের জবাব দেয়নি।

ডারহামের দাবি, জাদুঘর কর্তৃপক্ষ তাঁকে নিরাপত্তা পরামর্শ দেওয়ার সুযোগ দিলে তিনি এখনো সেখানে প্রবেশ করতে পারবেন, তা দেখিয়ে দিতে প্রস্তুত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%