ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

রাজধানীর ফ্লাইওভারে নতুন কৌশলে বাইকারদের জন্য ছিনতাইয়ের মৃত্যুফাঁদ


রাজধানীর ফ্লাইওভারে নতুন কৌশলে বাইকারদের জন্য ছিনতাইয়ের মৃত্যুফাঁদ

রাজধানীর ফ্লাইওভারগুলোতে ছিনতাইয়ের নতুন কৌশল ‘সুতা ডাকাতি’ আতঙ্ক সৃষ্টি করছে। রাতের অন্ধকারে ফ্লাইওভারের দুই পাশে নাইলনের শক্ত সুতা টানিয়ে মোটরসাইকেলচালকদের ফাঁদে ফেলা হচ্ছে। এই সুতায় আটকে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন বাইকাররা। এরপর অস্ত্রের মুখে জিম্মি করে তাদের টাকা, মোবাইল, ল্যাপটপ এমনকি মোটরসাইকেলও ছিনিয়ে নিচ্ছে ছিনতাইকারীরা। প্রাণঘাতী এই কৌশলে দুর্ঘটনা ও নিরাপত্তাঝুঁকি বাড়ছে। সম্প্রতি এরকম কয়েকটি রোমহর্ষক ঘটনার পর নগরীতে ফ্লাইওভার আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, ফ্লাইওভারগুলোর অন্ধকারাচ্ছন্ন অংশ, বিশেষ করে যেখানে সড়কবাতি নষ্ট থাকে বা কম আলো থাকে, সেসব স্থানগুলোকে অপরাধীরা বেছে নিচ্ছে। গভীর রাতে ফ্লাইওভারের দুই পাশের রেলিংয়ের সঙ্গে শক্ত নাইলনের মোটা সুতা বেঁধে দেওয়া হয়। দ্রুতগামী মোটরসাইকেলগুলো ওই রাস্তা অতিক্রমের সময় কিছু বুঝে ওঠার আগেই তারটি তার কপাল, গলা বা বুক বরাবর আঘাত করে। পুরো ঘটনার আকস্মিকতায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়েন। অনেকের আবার টানানো সুতা গলায় প্যাঁচিয়ে যাওয়ায় মারাত্মক জখম হন। মাটিতে লুটিয়ে পড়ার সঙ্গে সঙ্গেই চারপাশ থেকে ৫-৭ জন সশস্ত্র ছিনতাইকারী ছুটে আসে। আহত চালক তখন যে অবস্থাতেই থাকুক না কেন তার সঙ্গে থাকা নগদ টাকা, মোবাইল ফোন, মানিব্যাগ, স্বর্ণালংকার এমনকি মোটরসাইকেলটি পর্যন্ত ছিনিয়ে নিয়ে মুহূর্তের মধ্যে পালিয়ে যায়।

ফেসবুক ঘাঁটাঘাঁটি করে দেখা যায়। দ্য ইউসুফ শো নামক একটি পেসবুক আইডিতে শনিবার বিকালে এক পোস্টে বলা হয়, ‘বাইকার ভাইরা সাবধান! ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও হানিফ ফ্লাইওভারে চরম আতঙ্ক সুতা ডাকাতি।’ আল ওয়ালিউর রহমান নামক এক ফেসবুক আইডি থেকে ১৪ অক্টোবর বেলা ৩টা ১৩ মিনিটে দেওয়া এক পোস্টে বলা হয়, ‘গতকাল বিকাল ৫টা ৩০ মিনিটে বাসায় আসার পথে যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারের ওপর, সায়েদাবাদের দিকে বাইকে বসে থাকা অবস্থায় এক ভাইয়ের কপাল ধারালো নাইলনের সুতায় কেটে যায়। ওই একই স্থানে টানানো ওই সুতা দিয়ে আরেক বাইকারের গলার সামনে অংশ কেটে যায়। গত ফ্রাইডেতে আমার সঙ্গে একই ঘটনা ঘটে, একই জায়গাতেই, আমার মাথায় হেলমেট ছিল বিধায় আমি বেঁচে গিয়েছিলাম সেদিন। তবে আমার হাতে গ্লাভস পরা ছিল তারপরও গ্লাভস কেটে গিয়ে আমার হাত কেটে যায়। আমরা যারা সব সময় বাইক চালাই, ফ্লাইওভারে চলাচলের ক্ষেত্রে সবার সতর্ক থাকা উচিত।’

আরও পড়ুন: জার্মান ভাইস মিনিস্টার ড. বারবেল কফলার আগামীকাল ঢাকায় আসছেন

বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী সাইফুর রহমান সম্প্রতি গভীর রাতে মহাখালী ফ্লাইওভার দিয়ে বাসায় ফিরছিলেন। ফ্লাইওভারের মাঝামাঝি পৌঁছতেই হঠাৎ তার গলায় কিছু একটা এসে লাগে এবং এতে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তিনি বলেন, ‘মনে হয়েছিল কেউ যেন ধারালো কোনো কিছু দিয়ে গলা কেটে দিয়েছে। মোটরসাইকেল থামানোর আগেই ৪-৫ জন যুবক রামদা দেখিয়ে মানিব্যাগ ও মোবাইল ফোন কেড়ে নেয়। কিছু বুঝে ওঠার আগেই সব হারান সাইফুর। প্রায়ই এমন সব ঘটনা ঘটলেও পুলিশের কান পর্যন্ত তা পৌঁছায় না।

অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল ইসলাম যুগান্তরকে বলেন, ফ্লাইওভারের এই নৃশংস রাহাজানি রোধে কেবল পুলিশের তৎপরতাই যথেষ্ট নয়, এর জন্য প্রয়োজন সমন্বিত উদ্যোগ। প্রতিটি ফ্লাইওভারের প্রতিটি ইঞ্চি সিসিটিভি ক্যামেরার নজরদারির আওতায় আনতে হবে এবং তা নিয়মিত মনিটরিং করতে হবে। রাতের বেলা ফ্লাইওভারগুলোতে কোনো অবস্থাতেই যেন সড়কবাতি বন্ধ না থাকে, সে বিষয়ে সিটি করপোরেশনকে কঠোর নজর রাখতে হবে। ঝুঁকিপূর্ণ ফ্লাইওভারগুলোর প্রবেশ ও প্রস্থান মুখে পুলিশের স্থায়ী বা অস্থায়ী চেকপোস্ট স্থাপন করতে হবে। রাইড শেয়ারিং ড্রাইভার ও মোটরসাইকেল চালকদের সংগঠনগুলোকে এ বিষয়ে সচেতন করতে হবে।

জানতে চাইলে শনিবার সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্তি কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) ওসমান গণি যুগান্তরকে বলেন, ‘আমরা অপরাধীদের এই নতুন কৌশল সম্পর্কে অবগত ছিলাম না। এ ধরনের ঘটনার কথা আপনার কাছ থেকেই প্রথম শুনলাম। আমি আজই ডিএমপি সব অপরাধ বিভাগের ডিসিদের এ বিষয়ে সতর্ক করে দিচ্ছি। ফ্লাইওভারগুলোতে রাতের বেলায় মোবাইল পেট্রোল দল এবং সাদা পোশাকে পুলিশ সদস্য মোতায়েন করা হবে। যারা এই প্রাণঘাতী ফাঁদ পাতার সঙ্গে যারাই জড়িত, তাদের সবাইকে শিগগিরই আইনের আওতায় আনা হবে।’

ফ্লাইওভারে কোনো সিসিটিভি নেই। তাছাড়া অপর্যাপ্ত আলো ছিনতাইকারীদের জন্য বড় সুযোগ। ঘটনার পর ফ্লাইওভারের সংযোগস্থলগুলো থেকে মুহূর্তের মধ্যে অলিগলিতে বা ভিন্ন সড়কে পালিয়ে যাওয়া সহজ হয়। রাতে ফ্লাইওভার ফাঁকা থাকায় মোটরসাইকেলগুলো অনেক বেশি গতিতে চলে, ফলে হঠাৎ কোনো বাধা আসলে চালকের পক্ষে নিজেকে রক্ষা করা প্রায় অসম্ভব হয়ে পড়ে।

আরও পড়ুন: ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদের পূর্ণ প্যানেলের জয়

১৫ সেপ্টেম্বর রাত আড়াইটায় উত্তরা মোটরসাইকেলে করে মোহাম্মদপুরের বাসায় ফিরছিলেন আইটি পেশাজীবী তানভীর আহমেদ (৩২)। ফাঁকা ফ্লাইওভার পেয়ে তিনি মহাখালী ফ্লাইওভারে কিছুটা গতি বাড়িয়েছিলেন। হুট করে তার গলা ও বুক বরাবর শক্ত কিছু একটা এসে আঘাত করে। কিছু বুঝে ওঠার আগেই বাইকসহ তিনি রাস্তায় আছড়ে পড়েন। এতে তিনি হাতে ও মাথায় প্রচণ্ড আঘাত পান। তানভীর মাটিতে লুটিয়ে পড়ার সঙ্গে সঙ্গেই অন্ধকার থেকে ধারালো অস্ত্র হাতে ৪-৫ জন যুবক তাকে ঘিরে ধরে। তার পকেটে থাকা দুটি দামি স্মার্টফোন, ল্যাপটপ ব্যাগ এবং মানিব্যাগে থাকা নগদ ১৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। বাধা দিতে গেলে তাকে কিল-ঘুসি মেরে পালিয়ে যায় চক্রটি।

১৮ সেপ্টেম্বর রাত সোয়া ১টা। এক যাত্রীকে নামিয়ে শ্যামপুরের বাসায় ফিরছিলেন মোটরসাইকেলচালক মো. রনি (২৬)। হানিফ ফ্লাইওভারের ঢালের একটু আগে রাস্তায় অদ্ভুত এক বাধার মুখে পড়েন তিনি। দেখেন, রাস্তার দুই পাশ থেকে দুজন লোক খুব দ্রুত একটি নাইলনের মোটা সুতা বা তার টানটান করে ধরে আছে। রনি ব্রেক করার চেষ্টা করলেও চাকা স্লিপ করে রাস্তায় পড়ে যান। এ সময় ৩ জন অপরাধী এসে তাকে চাপাতির মুখে জিম্মি করে। রনির গলায় রামদা ঠেকিয়ে তার বাইকের চাবি, পকেটের ক্যাশ টাকা এবং মোটরসাইকেলটি ছিনিয়ে নেয়। মাত্র ২ থেকে ৩ মিনিটের মধ্যে তারা কাজ শেষ করে উধাও হয়ে যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নির্বাচনে যে ওয়াদা করেছিলাম তা বাস্তবায়ন শুরু হয়েছে: খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৫৬ পি.এম


নির্বাচনে যে ওয়াদা করেছিলাম তা বাস্তবায়ন শুরু হয়েছে: খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা

খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা ঘোষণা করেছেন যে, মানিকগঞ্জ জেলার প্রতিটি টেকসই অবকাঠামো ও সড়ক যোগাযোগ ব্যবস্থার পর্যায়ক্রমিক উন্নয়ন শুরু হয়েছে, যা নির্বাচনি প্রতিশ্রুতির অংশ।

শনিবার (২৪ অক্টোবর) সকালে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়ন পরিষদের সামনে ফলক উন্মোচনের মাধ্যমে তিনি তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজের উদ্বোধন করেন, যার ব্যয় প্রায় সাড়ে চার কোটি টাকা।

প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী বলেন, "জনগণের জীবনযাত্রার মানোন্নয়ন এবং গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করতে আধুনিক যোগাযোগ ব্যবস্থার কোনো বিকল্প নেই। আমরা নির্বাচনের সময় যে ওয়াদা করেছিলাম, তা বাস্তবায়নে কাজ শুরু হয়েছে।" তিনি আরও জানান, পর্যায়ক্রমে জেলার সব সড়কের টেকসই উন্নয়ন সম্পন্ন করা হবে, যাতে কোনো এলাকার মানুষ যোগাযোগ সুফল থেকে বঞ্চিত না হয়।

তিনি বলেন, "চলমান এই উন্নয়ন প্রকল্পগুলোর কাজ শেষ হলে সংশ্লিষ্ট এলাকার মানুষের যাতায়াত ব্যবস্থা আমূল বদলে যাবে। কৃষিপণ্য পরিবহণ, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় স্থানীয় জনগোষ্ঠীর প্রবেশগম্যতা সহজ হবে এবং দীর্ঘদিনের জনদুর্ভোগ স্থায়ীভাবে লাঘব হবে।"

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়ন ও তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন এ প্রকল্পের আওতায় মোট ৪ হাজার ১৮০ মিটার সড়ক উন্নয়ন করা হচ্ছে। এর মধ্যে রয়েছে তরা থেকে গিলন্ড বাজার পর্যন্ত ১ হাজার ৭০০ মিটার এবং গড়পাড়া ইউনিয়ন পরিষদ থেকে চান্দহর বাজার পর্যন্ত ১ হাজার ৪৮০ মিটার সড়কে আধুনিক ও টেকসই ইউনিব্লক স্থাপন।

এছাড়া গিলন্ড কেন্দ্রীয় জামে মসজিদ থেকে গিলন্ড ঈদগাহ মাঠ পর্যন্ত ১ হাজার মিটার সড়কের রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন করা হবে। স্থানীয়রা সাড়ে চার কোটি টাকা ব্যয়ের এ প্রকল্পগুলোকে গ্রামীণ পরিকাঠামো শক্তিশালীকরণের ক্ষেত্রে এক মাইলফলক হিসেবে দেখছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) মানিকগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. জামাল উদ্দিন, মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী নাসরিন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট নুরতাজ আলম বাহার ও অ্যাডভোকেট আজাদ হোসেন খান, কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল এবং এলজিইডির সদর উপজেলা প্রকৌশলী মো. কামরুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

একাধিক অভিনেতার সঙ্গে সম্পর্কের কথা বললেন সুরভি জ্যোতি

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৫৭ পি.এম


একাধিক অভিনেতার সঙ্গে সম্পর্কের কথা বললেন সুরভি জ্যোতি

ভারতীয় টেলিভিশন ও চলচ্চিত্রের অভিনেত্রী, মডেল এবং নৃত্যশিল্পী সুরভি জ্যোতি মূলত পাঞ্জাবি সিনেমা এবং হিন্দি ধারাবাহিকের জন্য পরিচিত। ২০১২ সালে জিটিভির জনপ্রিয় ধারাবাহিক ‘কুবুল হ্যায়’-এ ‘জোয়া ফারুকী’ চরিত্রে অভিনয় করে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন এবং তারকাখ্যাতি লাভ করেন।

২০১০ সালে পাঞ্জাবি সিনেমার মাধ্যমে সুরভির বড়পর্দায় অভিষেক ঘটে। সেই সময়ে গুঞ্জন শুরু হয় যে, তিনি পাঞ্জাবি অভিনেতা ও গায়ক জোরাবর সিংয়ের সঙ্গে সম্পর্কে রয়েছেন। তবে, মুম্বাই চলে যাওয়ার পর তাদের মধ্যে দূরত্ব তৈরি হয় এবং সেই দূরত্বের ফলে তাদের বিচ্ছেদ ঘটে।

এরপর ‘কবুল হ্যায়’ ধারাবাহিক নাটকের শুটিংয়ের সময় টেলি অভিনেতা বরুণ তুর্কির সঙ্গে সুরভির আলাপ হয়। তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে এবং একসময় তারা সম্পর্কে জড়িয়ে পড়েন। যদিও অভিনেত্রী গণমাধ্যমে সেই সম্পর্কের কথা অস্বীকার করেন। এছাড়াও, ‘কবুল হ্যায়’ ধারাবাহিকে সুরভি জ্যোতি ও করণ সিং গ্রোভারের জুটি দর্শকদের মধ্যে জনপ্রিয়তা পায়। তাদের ঘনিষ্ঠতা বাড়তে থাকে। করণ, যিনি বর্তমানে বলিউড অভিনেত্রী বিপাশা বসুর স্বামী, সঙ্গেও সুরভির নাম জড়িয়ে পড়ে।

২০১৪ সালে ‘অ্যালোন’ নামে একটি হরর সিনেমার শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়েন করণ গ্রোভার। এই সিনেমায় বিপাশার সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে, যা সুরভির সঙ্গে তার প্রেমের সম্পর্ক ভেঙে দেয়।

‘পবিত্র রিস্তা’ ধারাবাহিকের অভিনেতা হৃতিক ধঞ্জানির সঙ্গেও সুরভি জ্যোতির নাম জড়িয়েছে। তারা একসঙ্গে ইস্তানবুল ভ্রমণ করেন। জানা গেছে, হৃতিকের সঙ্গে সুরভির সম্পর্ক ছিল, তবে সুরভি জানিয়েছেন যে, তাদের মধ্যে ভালো বন্ধুত্ব রয়েছে।

সুরভি জ্যোতি ব্যক্তিগত জীবনে একাধিক অভিনেতার সঙ্গে সম্পর্কের মধ্যে রয়েছেন। এই তালিকায় আরও এক বাঙালি অভিনেত্রীর স্বামীও রয়েছেন, যা নিয়ে তিনি বিতর্কের মুখে পড়েন। বর্তমানে সুমিত সুরির সঙ্গে তার সম্পর্ক রয়েছে।

সুমিত সুরি ও সুরভি জ্যোতির পরিচয় হয় একটি মিউজিক ভিডিওতে একসঙ্গে অভিনয় করার মাধ্যমে। তারা দীর্ঘদিন ধরে সম্পর্কে রয়েছেন এবং সামাজিক মাধ্যমে গুঞ্জন রয়েছে যে, তারা শিগগিরই বিয়ের পিঁড়িতে বসবেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সুরভি জানিয়েছেন যে, বিনোদন জগতের অনেকেই তার সম্পর্কে ভুল ধারণা পোষণ করেন। এমনকি তার সম্পর্কে খারাপ মন্তব্য করতেও তারা পিছপা হননি। সুরভি বলেন, "আমাকে অনেকে কথা শুনিয়েছিলেন— কম পয়সায় নতুন নতুন মেয়েকে উঠিয়ে নিয়ে আসা হয়। তাদের কোনো গুণ নেই।"

উল্লেখ্য, সুরভি জ্যোতির জন্ম ১৯৮৮ সালের ২৯ মে পাঞ্জাবের জালন্ধরে। তিনি বাবা-মা ও ভাইয়ের সঙ্গে থাকতেন। সেখান থেকেই স্কুল ও কলেজের পড়াশোনা শেষ করেন। অর্থনীতি নিয়ে স্নাতক স্তরের পড়াশোনা শেষ করার পর ইংরেজি বিষয় নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর রেডিও জকি হিসেবে তার ক্যারিয়ার শুরু হয় এবং তিনি মঞ্চনাটকেও অভিনয় করেন।

বর্তমানে ধারাবাহিকের প্রতিটি পর্বে অভিনয় করে সুরভি জ্যোতি ৭০-৭৫ লাখ টাকা উপার্জন করেন। শুধু ধারাবাহিকেই নয়, শ্রেয়া ঘোষাল, দর্শন রাভাল, সুনিধি চৌহানের মতো বহু গায়ক-গায়িকার মিউজিক ভিডিওতেও তাকে অভিনয় করতে দেখা যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফিলিপিন্সে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ৪ পাইলট নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৫৭ পি.এম


ফিলিপিন্সে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ৪ পাইলট নিহত

দক্ষিণ-পূর্ব এশিয়ার ফিলিপিন্সে সামরিক বাহিনীর দুটি যুদ্ধবিমানের মধ্যে একটি মারাত্মক সংঘর্ষের ঘটনা ঘটেছে প্রশিক্ষণের সময়। এই ঘটনায় চারজন পাইলট নিহত হয়েছেন।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির বিমানবাহিনীর সূত্র অনুযায়ী, শুক্রবার স্থানীয় সময় বিকেলে ম্যানিলার দক্ষিণে অবস্থিত ফার্নান্দো বিমানঘাঁটিতে এসএফ-২৬০ মডেলের একক প্রপেলারযুক্ত দুটি বিমান বিধ্বস্ত হয়।

বিমানবাহিনীর মুখপাত্র কর্নেল আলভিন ক্যাপিনগুইয়ান জানিয়েছেন, উভয় বিমানই বিমানঘাঁটির সীমানার ভেতরে বিধ্বস্ত হয়েছে। এছাড়া, অন্য কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য তদন্ত শুরু করা হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির সামরিক বাহিনীর বিমানে বেশ কিছু প্রাণঘাতী দুর্ঘটনার ঘটনা ঘটেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ময়মনসিংহ অঞ্চলে পাঁচ সাংবাদিক হত্যা, বিচার না পেয়ে উৎকণ্ঠায় পরিবার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৫৯ পি.এম


ময়মনসিংহ অঞ্চলে পাঁচ সাংবাদিক হত্যা, বিচার না পেয়ে উৎকণ্ঠায় পরিবার

ময়মনসিংহ অঞ্চলে পাঁচ সাংবাদিক হত্যার শিকার হয়েছেন, যাদের মধ্যে বিভিন্ন সময় হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সংবাদ প্রকাশ ও পেশাগত দায়িত্ব পালনের কারণে। তাদের মধ্যে কেউ গুলিতে নিহত হয়েছেন, কেউ ধারালো অস্ত্রের আঘাতে, আবার কেউ সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়ে দীর্ঘদিনের শারীরিক যন্ত্রণার পর মারা গেছেন। এসব হত্যাকাণ্ডের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নিহত সাংবাদিকদের পরিবারের সদস্যরা বিচার নিয়ে অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন।

নিহত সাংবাদিকদের মধ্যে রয়েছেন নেত্রকোনার দুর্গাপুরের লুৎফুজ্জামান আলিফ ফকির, ময়মনসিংহের ফুলবাড়িয়ার আসাদুজ্জামান তুহিন, জামালপুরের বকশীগঞ্জের গোলাম রব্বানী নাদিম, ময়মনসিংহের স্বপন কুমার ভদ্র এবং জামালপুরের শেলু আকন্দ।

সাংবাদিকদের ওপর হামলা, হত্যা ও নির্যাতনের ঘটনায় বিচার নিশ্চিত করার দাবিতে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ সক্রিয় হয়েছে। সংগঠনটির নেতারা বলছেন, এসব হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে নিহত সাংবাদিকদের পরিবারকে আইনি সহায়তা দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। এ দাবিতে রাজপথে আন্দোলনেরও ঘোষণা দিয়েছেন তারা।

আলিফ ফকির

লুৎফুজ্জামান আলিফ ফকির বেসরকারি টেলিভিশন চ্যানেল রূপসী বাংলার প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা করতেন। তিনি অনুসন্ধানী ফেসবুক পেজ ‘ডিটেকটিভ আর্টিকেল’ পরিচালনা করতেন। দুর্গাপুরের সোমেশ্বরী নদীর বালুঘাটসহ স্থানীয় বিভিন্ন অনিয়ম নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করতেন আলিফ।

গত ১৫ অক্টোবর রাতে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের তেলনজিয়া বাজারের একটি চায়ের দোকানের সামনে তাকে গুলি করে হত্যা করা হয়। মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে উপর্যুপরি গুলি ছুড়ে পালিয়ে যায়। স্থানীয় অনিয়ম নিয়ে প্রতিবেদন প্রকাশের কারণে পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে অভিযোগ রয়েছে।

তুহিন

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আসাদুজ্জামান তুহিন দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার ছিলেন। ২০২৫ সালের ৭ আগস্ট রাতে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় তাকে কুপিয়ে হত্যা করা হয়।

ঘটনার রাতে একটি মারধরের ঘটনা মোবাইল ফোনে ধারণ করেছিলেন তুহিন। স্থানীয় সন্ত্রাসীরা তাকে ভিডিওটি মুছে ফেলতে বলেছিল। কিন্তু সাংবাদিক পরিচয় দিয়ে ভিডিও মুছতে অস্বীকৃতি জানান তিনি। এরপর তাকে ধাওয়া করে একটি চায়ের দোকানে অবরুদ্ধ করা হয়। সেখানে চাপাতি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়।

নাদিম

অনলাইন সংবাদমাধ্যম বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জামালপুর জেলা প্রতিনিধি ছিলেন গোলাম রব্বানী নাদিম। জামালপুরের বকশীগঞ্জে স্থানীয় এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের দুর্নীতি ও বিভিন্ন অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশ করেছিলেন তিনি।

২০২৩ সালের ১৪ জুন রাতে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জ উপজেলার পাটহাটি এলাকায় হামলার শিকার হন নাদিম। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। পরদিন ১৫ জুন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যান ও তার অনুসারীদের বিরুদ্ধে হামলায় জড়িত থাকার অভিযোগ ওঠে।

স্বপন ভদ্র

প্রবীণ সাংবাদিক স্বপন কুমার ভদ্র স্থানীয় একটি পত্রিকায় কাজ করতেন। ময়মনসিংহের শম্ভুগঞ্জ ও রঘুরামপুর এলাকায় মাদক ব্যবসা ও চোরাচালান নিয়ে নিয়মিত লিখতেন তিনি।

২০২৪ সালের ১২ অক্টোবর বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহের শম্ভুগঞ্জ বাজারের মাঝিপাড়া এলাকায় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। মাদক ব্যবসায়ী ও অপরাধী চক্রের বিরুদ্ধে লেখালেখির কারণে তিনি ক্ষুব্ধ ব্যক্তিদের আক্রোশের শিকার হয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।

শেলু আকন্দ

জামালপুরের সাংবাদিক শেলু আকন্দ দৈনিক বাংলাবাজার পত্রিকার জেলা প্রতিনিধি এবং জামালপুর পল্লীকণ্ঠ প্রতিদিনের স্টাফ রিপোর্টার ছিলেন। স্থানীয় ভূমিদস্যু ও দুর্নীতির সঙ্গে জড়িত একটি চক্রের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করেছিলেন তিনি।

২০১৯ সালের ১৮ ডিসেম্বর রাতে জামালপুর শহরের দেওয়ানপাড়া এলাকায় তার ওপর হামলা হয়। হামলাকারীরা লোহার রড দিয়ে পিটিয়ে তার দুই পা গুরুতরভাবে জখম করে। এরপর দীর্ঘ পাঁচ বছর পঙ্গুত্ব ও শারীরিক-মানসিক যন্ত্রণা ভোগ করেন তিনি। ২০২৪ সালের ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়।

বাংলাদেশ সাংবাদিক সমিতির (বাসাস) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাবুল ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের চেয়ারম্যান খায়রুল আলম রফিক বলেন, ময়মনসিংহ অঞ্চলের গণমাধ্যম বর্তমানে কঠিন সময় পার করছে। সাংবাদিক তুহিন, আলিফ, নাদিম, স্বপন ভদ্র ও শেলু আকন্দের হত্যাকাণ্ড স্বাধীন সাংবাদিকতার ওপর আঘাত।

তারা বলেন, ‘আমরা এই পাঁচ সাংবাদিক হত্যার দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিষ্পত্তি চাই।’

সাংবাদিক নেতারা এসব হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করার পাশাপাশি নিহত সাংবাদিকদের পরিবারের নিরাপত্তা ও আইনি সহায়তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%