মো : সুমন হাসান বাপ্পি, স্টাফ রিপোর্টার
১০:৫৭ পি.এম
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ঐতিহাসিক রামরাই (রাণীসাগর) দিঘির সৌন্দর্য বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ২০০টি কৃষ্ণচূড়া গাছ রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে শনিবার (২৪ অক্টোবর) বিকেলে দিঘি প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
রাণীশংকৈল উপজেলা উন্নয়ন ফোরামের আয়োজনে এবং শুভ শক্তি ইউনিটির অর্থায়ন ও পৃষ্ঠপোষকতায় এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত জাহান।
অনুষ্ঠানে শুভ শক্তি ইউনিটির পৃষ্ঠপোষক অ্যাডভোকেট মেহেদী হাসান শুভর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম আর বকুল মজুমদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী, প্রেসক্লাবের সাবেক সভাপতি ফারুক আহমেদ সরকার, ছাত্রদল নেতা লেমন, শুভ শক্তি ইউনিটির সদস্য এবং স্থানীয় সংবাদকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ইশরাত জাহান বলেন, ঐতিহাসিক রামরাই দিঘির পাড়ে ২০০২ সালে বর্তমান রাষ্ট্রপতি লিচুগাছ রোপণ করেছিলেন। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। দিঘির সৌন্দর্য বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সবাইকে বেশি করে গাছ লাগাতে হবে। তিনি এ উদ্যোগকে স্বাগত জানান।
অ্যাডভোকেট মেহেদী হাসান শুভ বলেন, রাণীশংকৈল উপজেলাকে সবুজে সাজানোর লক্ষ্যে তাঁরা বিভিন্ন উদ্যোগ নিয়ে কাজ করছেন। এর অংশ হিসেবে রামরাই (রাণীসাগর) দিঘি প্রাঙ্গণের পরিত্যক্ত জমিতে প্রথম ধাপে ২০০টি কৃষ্ণচূড়া গাছ রোপণ করা হচ্ছে। পরবর্তী সময়ে সেখানে ফলদ গাছও লাগানোর পরিকল্পনা রয়েছে। গাছগুলো বড় হলে দিঘির সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি পরিবেশ সংরক্ষণেও ইতিবাচক ভূমিকা রাখবে।
ঐতিহাসিক রামরাই দিঘির সৌন্দর্য রক্ষা ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের উদ্যোগে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান আয়োজকেরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যশোরের ঝিকরগাছায় অবস্থিত একটি আবাসিক মাদ্রাসার তৃতীয় শ্রেণির দুই ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির পরিচালক আব্দুর রহমানের বিরুদ্ধে।
২০২১ সালে তিনি নিজ বাড়িতে পদ্মপুকুর গ্রামের রওজাতুল জান্নাত বালিকা হাফেজিয়া মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন। বর্তমানে মাদ্রাসাটিতে ৬৫ জন ছাত্রী অধ্যয়নরত রয়েছে, যাদের মধ্যে ৫৫ জন আবাসিক। শিক্ষকদের সংখ্যা পাঁচজন।
ভুক্তভোগী শিশুদের অভিযোগ, বিকেলের সময় বিভিন্ন সময়ে তাদের আলাদাভাবে পরিচালকের কক্ষে ডেকে নেওয়া হতো। সেখানে শরীর ও হাত-পা টিপে দেওয়ার কথা বলে জামা ও পায়জামার ভেতরে হাত দিয়ে অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ করা হতো। এসব ঘটনার কথা কাউকে না বলার জন্য মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হতো। এক ছাত্রীকে জোর করে শোয়ানোর চেষ্টা করা হলে সে কৌশলে পালিয়ে আসে বলে তার পরিবার জানিয়েছে।
শিশুদের অভিভাবকরা জানান, মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পর মেয়েরা আর সেখানে যেতে চাইতো না। এর আগে কোচিং না করার অভিযোগে তাদের মারধর করা হয়েছিল, তবে আর্থিক অসচ্ছলতার কারণে তখন কোনো পদক্ষেপ নিতে পারেননি। পরে ১৯ অক্টোবর এক শিশুর পায়ে পেরেক ফুটলে মেয়েরা বাড়িতে এসে সব ঘটনা জানায়।
শিশুদের সৎ বাবা জানান, তিনি ছোটবেলা থেকেই তাদের নিজের সন্তানের মতো বড় করেছেন। গত বছর মাদ্রাসায় ভর্তি হওয়ার তিন-চার মাস পর থেকেই এ ধরনের নিপীড়ন চলে আসছে বলে মেয়েরা তাকে জানিয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।
মাদ্রাসার পরিচালক ও শ্রীরামপুর আলিম মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুর রহমান তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ছাত্রীরা দুষ্টু প্রকৃতির হওয়ায় তাদের মাদ্রাসা থেকে বের করে দেওয়া হয়েছে। এখন তাঁর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে।
ঝিকরগাছা থানার ওসি গোলাম কিবরিয়া হাসান জানিয়েছেন, এ পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। পরিবারকে দ্রুত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে অনুষ্ঠিতব্য দুই টেস্টের সিরিজের জন্য ১৪ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সাবেক টেস্ট অধিনায়ক শান মাসুদ এবং অভিজ্ঞ স্পিনার সাজিদ খান ও নোমান আলী দলে স্থান পাননি। অন্যদিকে, তিন ব্যাটার—মোহাম্মদ তাহা, মোহাম্মদ সুলেমান ও সামির মিনহাস—প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন।
শনিবার (২৪ অক্টোবর) প্রকাশিত এই দলে নেতৃত্ব দেবেন বাবর আজম। ইংল্যান্ড সফরে হতাশাজনক পারফরম্যান্সের পর পাকিস্তানের নির্বাচকরা দলে বড় পরিবর্তন এনেছেন। শান মাসুদ ছাড়াও দলে জায়গা পাননি মোহাম্মদ রিজওয়ান, ইমাম-উল-হক ও আবদুল্লাহ শফিক।
তবে দলে ফিরেছেন অলরাউন্ডার সালমান আলী আগা এবং বাঁহাতি স্পিনার আলী উসমান। ইংল্যান্ড সফরের মাঝপথে বাদ পড়া এই দুজন আবার নির্বাচকদের আস্থা অর্জন করেছেন।
ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য নতুন তিন মুখকে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রেসিডেন্টস ট্রফির প্রথম শ্রেণির প্রতিযোগিতায় সাত ম্যাচে ৭৩০ রান সংগ্রহ করে সর্বোচ্চ রানসংগ্রাহক হয়েছেন মোহাম্মদ তাহা। তাঁর ইনিংসে রয়েছে তিনটি সেঞ্চুরি, সর্বোচ্চ ২২৫ রান। একই প্রতিযোগিতায় সাত ম্যাচে ৬৫২ রান করেছেন মোহাম্মদ সুলেমান, যারও রয়েছে তিনটি সেঞ্চুরি। প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের প্রথম মৌসুমে সাত ম্যাচে ৪০৫ রান করে নজর কেড়েছেন সামির মিনহাস।
প্রাথমিক দলে পেসার হিসেবে রয়েছেন মোহাম্মদ আব্বাস এবং রাজাউল্লাহ। শ্রীলঙ্কার বিপক্ষে ৪ থেকে ৬ নভেম্বর ইসলামাবাদে তিন দিনের প্রস্তুতি ম্যাচের পর প্যাট্রনস একাদশ থেকে আরও দুজন পেসারকে মূল দলে যুক্ত করা হবে।
আগামী ৯ থেকে ১৩ নভেম্বর রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে। দ্বিতীয় টেস্ট ১৭ থেকে ২১ নভেম্বর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। দুই ম্যাচই আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
শ্রীলঙ্কা সিরিজে পাকিস্তানের প্রাথমিক টেস্ট দল: বাবর আজম (অধিনায়ক), আবদুল্লাহ ফজল, আলী উসমান, আরাফাত মিনহাস, আজান আওয়াইস, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ গাজী ঘোরি, মোহাম্মদ সুলেমান, মোহাম্মদ তাহা, রাজাউল্লাহ, সাদ বেগ, সালমান আলী আগা, সামির মিনহাস ও সৌদ শাকিল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী বৃহস্পতিবার (২৯ অক্টোবর) প্রকাশিত হবে।
ঢাকা শিক্ষাবোর্ড শনিবার (২৪ অক্টোবর) এই তথ্য নিশ্চিত করেছে।
এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল গত ২ জুলাই।
এবারের পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানে বড় ধরনের হামলা বা কঠোর অবরোধের পরিকল্পনা করছেন। তবে ইরান তাদের অবস্থান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে, তারা পারস্য উপসাগরে কোনো মার্কিন যুদ্ধজাহাজকে ঘেঁষতে দেবে না। দেশটি হুঁশিয়ারি দিয়েছে যে, সাগরে মার্কিন কোনো যুদ্ধজাহাজ পেলে তা ডুবিয়ে দেওয়া হবে।
ইরানি সশস্ত্র বাহিনীর প্রধান আলি আবদুল্লাহি ট্রাম্পের উদ্দেশে কড়া ভাষায় বলেন, "পারস্য উপসাগরে আবার মার্কিন সৈন্য পাঠানোর স্বপ্ন ট্রাম্পকে কবরে নিয়ে যেতে হবে।" যুক্তরাষ্ট্র দাবি করছে যে তারা ইরানের সামরিক শক্তি ধ্বংস করেছে, কিন্তু নিজেদের যুদ্ধজাহাজগুলো ইরানের সীমানার কাছে পাঠাতে তারা ভয় পাচ্ছে। তেহরান যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যেকোনো হামলার উপযুক্ত জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত।
এই সংঘাতের আতঙ্কে বিশ্ববাজারে তেলের দাম দ্রুত বেড়ে প্রতি ব্যারেলে ১১৭ ডলারে গিয়ে ঠেকেছে। আন্তর্জাতিক সমুদ্রপথ ‘হরমুজ প্রণালি’-তে একের পর এক তেলবাহী জাহাজে হামলা চলছে। একই সঙ্গে, ইয়েমেনের হুথি যোদ্ধাদের সঙ্গে সৌদি আরবের লড়াইও নতুন করে বেড়ে চলেছে।
সংঘাত থামানোর লক্ষ্যে ইস্তাম্বুলে তুরস্ক, পাকিস্তান ও ইউরোপীয় দেশগুলো বৈঠক করলেও সেখানে যুক্তরাষ্ট্র বা ইরান উপস্থিত ছিল না। তুরস্ক সতর্ক করেছে যে, ইরানে নতুন হামলা পুরো অঞ্চলে আগুন জ্বালিয়ে দেবে। তবে ইরান পরিষ্কার জানিয়ে দিয়েছে যে, মার্কিন হামলা ও অত্যাচার না থামলে তারা কোনো আলোচনায় বসবে না এবং হরমুজ প্রণালিও মুক্ত করবে না।
সূত্র: আল-জাজিরা
তালাশ বিডি/মিডিয়া লিঃ