ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

বিসিবি থেকে চাকরি হারালেন মোহাম্মদ আশরাফুল


বিসিবি থেকে চাকরি হারালেন মোহাম্মদ আশরাফুল

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচ ও সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল, টাইগারদের সাম্প্রতিক বাজে পারফরম্যান্সের কারণে চাকরি হারিয়েছেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে এই দায়িত্ব থেকে অপসারণ করেছে, যদিও ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত তার সঙ্গে চুক্তি ছিল।

আপাতত আসন্ন ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে দলের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করবেন মোহাম্মদ সালাহউদ্দিন।

আরও পড়ুন: ৯ম ড্যাফোডিল ক্যাপ্টেনস্ কাপ গলফ টুর্নামেন্টের সমাপনী কুর্মিটোলা গলফ ক্লাবে

২০২৭ সালের অক্টোবর-নভেম্বরে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা পরবর্তী ওয়ানডে বিশ্বকাপ। আশরাফুলের দায়িত্ব পালনের কথা ছিল ওই আসর পর্যন্ত। তবে বিসিবি চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই তার দায়িত্বে পরিবর্তন আনল।

বাংলাদেশের সাবেক এই অধিনায়ক ২০২৫ সালে দেশের মাটিতে আয়ারল্যান্ড সিরিজের আগে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পান। প্রাথমিকভাবে তাকে শুধু আয়ারল্যান্ড সিরিজের জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল। পরবর্তীতে তার চুক্তির মেয়াদ বাড়িয়ে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত করা হয়।

আশরাফুল প্রায় এক বছর জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছেন। এই সময়ে বাংলাদেশের ব্যাটসম্যানরা কিছু ম্যাচে ভালো পারফরম্যান্স দেখালেও, বোর্ডের মতে, সামগ্রিক ব্যাটিংয়ে প্রত্যাশিত উন্নতি হয়নি। বিশেষ করে সর্বশেষ ত্রিদেশীয় সিরিজে ব্যাটিং বিভাগে ব্যর্থতার পর তার ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।

আরও পড়ুন: শেষ উইকেটে বিশ্বরেকর্ড গড়ে পাকিস্তানকে জয় উপহার দিলো শাদাব খান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আবহাওয়া অফিসের নতুন বার্তায় দেশে বৃষ্টির পূর্বাভাস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

১১:০৬ পি.এম


আবহাওয়া অফিসের নতুন বার্তায় দেশে বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি এখন সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। বিশেষ করে মঙ্গলবার ও বুধবার দেশের আট বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পরবর্তী পাঁচ দিনে বৃষ্টির প্রবণতা কমে যেতে পারে।

শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে।

পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। বর্তমানে এটি পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। লঘুচাপটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ প্রথম দিন চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

দ্বিতীয় দিন রোববার চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এই দিন দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তৃতীয় দিন সোমবার চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

চতুর্থ দিন মঙ্গলবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ দিন সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

পঞ্চম দিন বুধবার বৃষ্টির বিস্তৃতি আরও বাড়তে পারে। এ দিন রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এদিকে, বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ের পর সারা দেশে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা কমতে পারে।

এ দিকে, গত ২৪ ঘণ্টায় সীতাকুণ্ডে সর্বোচ্চ ৩ থেকে ৫ মিলিমিটার এবং কক্সবাজারে ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুণ্ডে ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৯ দশমিক ৬ এবং রাজারহাটে ১৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষার সফলতা, বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতি চলছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

১১:০৬ পি.এম


রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষার সফলতা, বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতি চলছে

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের বি-২ ধাপের ফিজিক্স টেস্টসহ প্রয়োজনীয় সব পরীক্ষা ও কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়রার) কাছে পরীক্ষার প্রতিবেদন ইতোমধ্যে জমা দেওয়া হয়েছে। ইউনিটটি বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতিমূলক ধাপ ‘সি স্টেজ’ বা পাওয়ার স্টার্টআপে প্রবেশ করবে, নিয়ন্ত্রণ সংস্থার চূড়ান্ত অনুমোদন পেলেই।

প্রকল্প সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, পাওয়ার স্টার্টআপ কার্যক্রম শুরুর প্রস্তুতি আগামী ২৫ অক্টোবরের দিকে চলছে। তবে, এ কার্যক্রম নিয়ন্ত্রণ সংস্থার অনুমোদনের ওপর নির্ভর করছে।

এদিকে, রূপপুর প্রকল্পের অগ্রগতি পর্যালোচনায় বাংলাদেশ সফররত উচ্চপর্যায়ের রুশ প্রতিনিধিদল বৃহস্পতিবার রাতে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের সঙ্গে সাক্ষাৎ করেছে। প্রতিনিধিদল মন্ত্রীকে প্রকল্পের প্রথম ইউনিটের ক্রিটিক্যাল পর্যায়সহ সার্বিক অগ্রগতি সম্পর্কে অবহিত করে।

শুক্রবার (২৩ অক্টোবর) রাশিয়ার দূতাবাসের এক বিজ্ঞপ্তি ও ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়।

দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, রোসাটমের প্রথম উপমহাপরিচালক এবং অ্যাটমস্ট্রয়এক্সপোর্টের (এএসই) প্রেসিডেন্ট আন্দ্রেই পেত্রোভের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ২০ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাজের অগ্রগতি পরিদর্শনে বাংলাদেশ সফর করে। এ সময় প্রকল্পসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। ঢাকায় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন ও প্রকল্পের পরিচালনাকারী সংস্থা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) শীর্ষ কর্মকর্তারা অংশ নেন।

দূতাবাসের পোস্টে বলা হয়, বৈঠকে উভয়পক্ষ বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ কাজ ও প্রকল্পের সার্বিক অগ্রগতি নিয়ে আলোচনা করে। পাশাপাশি অদূর ভবিষ্যতে যৌথভাবে বাস্তবায়নযোগ্য বিভিন্ন পদক্ষেপ নিয়েও মতবিনিময় হয়।

এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাসান বলেন, প্রথম ইউনিটের বি-২ ধাপের সব পরীক্ষা ও প্রয়োজনীয় কার্যক্রম সফলভাবে শেষ হয়েছে। এ ধাপের ফিজিক্স টেস্টও সফলভাবে সম্পন্ন হয়েছে। পরীক্ষার প্রতিবেদন বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়েছে।

তিনি বলেন, উচ্চপর্যায়ের রুশ প্রতিনিধিদল বৈঠকে ইউনিট-১-এর ক্রিটিক্যাল পর্যায়ের অগ্রগতি সম্পর্কে মন্ত্রণালয়কে অবহিত করেছে। নিয়ন্ত্রণ সংস্থার অনুমোদন পাওয়া গেলে ইউনিটটি সি স্টেজে প্রবেশ করবে এবং এরপর পাওয়ার স্টার্টআপের কার্যক্রম শুরু হবে।

জাহেদুল হাসান আরও বলেন, প্রাথমিক পর্যায়ে সীমিত পরিসরে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। পরবর্তী কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে ধাপে ধাপে উৎপাদন বাড়ানো হবে।

প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি মাসের শেষ দিকে, সম্ভাব্য ২৫ অক্টোবর, পাওয়ার স্টার্টআপ শুরুর প্রস্তুতি রয়েছে। তবে নির্ধারিত সময়ে এ কার্যক্রম শুরু করা সম্ভব হবে কিনা- তা নির্ভর করছে নিয়ন্ত্রণ সংস্থার চূড়ান্ত অনুমোদনের ওপর।

প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিদের প্রত্যাশা, উৎপাদনক্ষমতা ৩০ থেকে ৩৫ শতাংশে পৌঁছালে কেন্দ্রটি থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে। সে অনুযায়ী, চলতি বছরের শেষ দিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে অন্তত ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরুর আশা করা হচ্ছে। তবে বিদ্যুৎ সরবরাহের বিষয়টি নির্ভর করবে পরীক্ষার প্রতিটি ধাপ সফলভাবে সম্পন্ন করা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার ওপর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মসজিদ-মাদরাসা নৈতিকতা-মূল্যবোধের গুরুত্বপূর্ণ কেন্দ্র: প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

১১:০৭ পি.এম


মসজিদ-মাদরাসা নৈতিকতা-মূল্যবোধের গুরুত্বপূর্ণ কেন্দ্র: প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব মন্তব্য করেছেন যে, মসজিদ ও মাদরাসা আমাদের ধর্মীয় শিক্ষা, নৈতিকতা ও মূল্যবোধের বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করে। তিনি উল্লেখ করেন যে, এসব প্রতিষ্ঠানের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার প্রয়োজন রয়েছে। একইসাথে, মানুষের মৌলিক চাহিদা পূরণ ও জীবনযাত্রার মানোন্নয়নে বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

শনিবার (২৪ অক্টোবর) রাজধানী খিলগাঁওয়ের ত্রিমোহনী হাজিবাড়ি জামে মসজিদ ও মাদরাসা এবং পানির পাম্পের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. নেয়ামত আলী। এ সময় স্থানীয় বিএনপির নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

হাবিবুর রশিদ হাবিব আশাবাদ প্রকাশ করেন যে, ত্রিমোহনী হাজিবাড়িতে মসজিদ ও মাদরাসার উন্নয়ন এবং পানির পাম্প স্থাপনের এই উদ্যোগ এলাকার মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, এলাকার উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নিতে স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে মসজিদ ও মাদরাসার সার্বিক উন্নয়ন, এলাকার মানুষের কল্যাণ এবং পানির পাম্পের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের পানির সুবিধা নিশ্চিত করার জন্য বিশেষ দোয়া করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আলফাডাঙ্গার উন্নয়নে প্রায় ৫ কোটি টাকার বরাদ্দের কথা জানালেন এমপি ইলিয়াস মোল্লা

আন্তর্জাতিক ডেস্ক

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

১১:২৪ পি.এম


আলফাডাঙ্গার উন্নয়নে প্রায় ৫ কোটি টাকার বরাদ্দের কথা জানালেন এমপি ইলিয়াস মোল্লা

ফরিদপুরের আলফাডাঙ্গার সার্বিক উন্নয়নে প্রায় পাঁচ কোটি টাকার বরাদ্দের কথা জানিয়েছেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা। তিনি বলেছেন, বিরোধী দলের এলাকা হওয়ায় কোনো এলাকার মানুষকে উন্নয়ন থেকে বঞ্চিত করা যায় না। আলফাডাঙ্গার মানুষের প্রত্যাশা পূরণ এবং এলাকার টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হবে।

শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় আলফাডাঙ্গা পৌরসভার পরিবহন কাউন্টার মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী আলফাডাঙ্গা পৌর শাখার আয়োজনে চা-চক্র ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা বলেন, “আপনারা যেসব সমস্যা ও উন্নয়ন-প্রত্যাশার কথা তুলে ধরেছেন, সেগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সমাধানের সর্বাত্মক চেষ্টা করব, ইনশাআল্লাহ। একসঙ্গে সব কাজ বাস্তবায়ন করা সম্ভব নয়। তবে অগ্রাধিকার ভিত্তিতে ধাপে ধাপে উন্নয়নকাজগুলো সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হবে।

বিরোধী দলের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের সীমাবদ্ধতার কথা তুলে ধরে তিনি বলেন, অনেক সময় বিরোধী দলের নির্বাচনী এলাকায় প্রত্যাশা অনুযায়ী বরাদ্দ পাওয়া কঠিন হয়ে পড়ে। কিন্তু কোনো এলাকা বিরোধী দলের হওয়ায় সেখানকার মানুষকে উন্নয়ন থেকে বঞ্চিত করা যায় না। উন্নয়ন সবার অধিকার। তাই আলফাডাঙ্গার মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং প্রয়োজনীয় বরাদ্দ আদায়ে আন্তরিকভাবে কাজ করা হবে।

সড়ক যোগাযোগব্যবস্থার উন্নয়ন প্রসঙ্গে সংসদ সদস্য বলেন, পৌরসভার সঙ্গে মহাসড়কের যোগাযোগ আরও সহজ ও উন্নত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এলাকার কয়েকটি উন্নয়নকাজ ইতিমধ্যে চলমান রয়েছে। অন্য কাজগুলোও পর্যায়ক্রমে বাস্তবায়নের চেষ্টা করা হবে।

মন্দিরের উন্নয়নসহ বিভিন্ন অবকাঠামোগত কাজ বাস্তবায়নের বিষয়েও তিনি কথা বলেন। সংশ্লিষ্ট প্রকৌশলীর সঙ্গে আলোচনা করে বিদ্যমান বরাদ্দের আওতায় কোন কোন সড়কের উন্নয়ন করা সম্ভব, তা নির্ধারণ করা হবে বলে জানান তিনি। এ ছাড়া আলফাডাঙ্গার সার্বিক উন্নয়নে প্রায় পাঁচ কোটি টাকার বরাদ্দের আওতায় কোন কোন প্রকল্প গ্রহণ করা যায়, তা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় অনুমোদন সাপেক্ষে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে বলে উল্লেখ করেন সংসদ সদস্য।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে পৌর মেয়র পদপ্রার্থী মুন্সী বিল্লাল হুসাইন বলেন, আলফাডাঙ্গা পৌরসভার সার্বিক উন্নয়ন, নাগরিক সমস্যা সমাধান এবং যোগাযোগব্যবস্থার উন্নয়নে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এলাকার মানুষের প্রত্যাশা পূরণে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে অগ্রাধিকার দিতে হবে। জনস্বার্থসংশ্লিষ্ট সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলোর সমাধানে সংশ্লিষ্ট সবার সহযোগিতাও কামনা করেন তিনি।

বাংলাদেশ জামায়াতে ইসলামী আলফাডাঙ্গা পৌর শাখার আমির ওয়াহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. জাবেদ হোসাইন, পৌর ছাত্রশিবিরের সভাপতি মো. ইউসুফ, অফিস সম্পাদক মো. আবু তালহা, পেশাজীবী সংগঠনের সভাপতি মাওলানা বরকত এবং পৌর যুব বিভাগের সভাপতি মো. মুজাহিদসহ স্থানীয় নেতাকর্মীরা।

সভায় স্থানীয় বিভিন্ন সমস্যা, সড়ক যোগাযোগব্যবস্থার উন্নয়ন, অবকাঠামোগত প্রয়োজন এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। এ সময় সংসদ সদস্য স্থানীয় সমস্যা সমাধানে পর্যায়ক্রমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%