ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

গাজীপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বিএনপি নেতা সিদ্দিকুর রহমানের মৃত্যু


গাজীপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বিএনপি নেতা সিদ্দিকুর রহমানের মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে নারিশ হ্যাচারির ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বিএনপি নেতা সিদ্দিকুর রহমান নিহত হয়েছেন।

শনিবার (২৪ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে শ্রীপুর রেলওয়ে স্টেশনের লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনার ফলে তার মৃত্যু ঘটে। দুর্ঘটনার পর ট্রাক চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

নিহত সিদ্দিকুর রহমান (৫০) শ্রীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন এবং তিনি শ্রীপুর বাজারের একজন ব্যবসায়ী। তিনি শ্রীপুর পৌর বিএনপির সাবেক প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আরও পড়ুন: কটিয়াদী ও মনোহরদীতে আড়িয়লখাঁ নদে অবৈধ জালের বাঁধ, মৎস্য সম্পদ হুমকির মুখে

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম জানিয়েছেন, শ্রীপুর রেলওয়ে স্টেশনের লেভেল ক্রসিংয়ে নারিশ পোলট্রি অ্যান্ড হ্যাচারির ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সিদ্দিকুর রহমানের মৃত্যু ঘটে। দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

তিনি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। দুর্ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গেছে। পুলিশ চালককে শনাক্ত করার পাশাপাশি দুর্ঘটনার কারণ উদ্‌ঘাটনে কাজ করছে। নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দক্ষিণ আফ্রিকায় ৭.৬ কিমি দীর্ঘ ট্রেনের নতুন বিশ্বরেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৫১ পি.এম


দক্ষিণ আফ্রিকায় ৭.৬ কিমি দীর্ঘ ট্রেনের নতুন বিশ্বরেকর্ড

দক্ষিণ আফ্রিকার জাতীয় মালবাহী রেল পরিচালনা প্রতিষ্ঠান ‘ট্রান্সনেট ফ্রেইট রেল’ নতুন একটি বিশ্বরেকর্ড গড়ে বিশ্বের দীর্ঘতম মালবাহী ট্রেন সফলভাবে চালানোর কৃতিত্ব অর্জন করেছে।

এই রেকর্ড ভঙ্গকারী ট্রেনটির মোট দৈর্ঘ্য ছিল ৭.৬ কিলোমিটার, যার মধ্যে অন্তর্ভুক্ত ছিল ৬৯৬টি খালি মালবাহী ওয়াগন, একাধিক লোকোমোটিভ এবং ক্রু কোচ। ট্রেনটি দক্ষিণ আফ্রিকার লোহা আকরিক রপ্তানি রুটে সালদাহা বন্দর থেকে নর্দান কেপের খনি পর্যন্ত চলাচল করে।

২০০১ সালে ৬২৫টি ওয়াগন নিয়ে দীর্ঘতম মালবাহী ট্রেন চালানোর রেকর্ডটি অস্ট্রেলিয়ার দখলে ছিল। দক্ষিণ আফ্রিকা এখন সেই রেকর্ড ভেঙে নিজেদের নামে এই গৌরব অর্জন করেছে।

রেলওয়ে কর্মকর্তাদের মতে, ভারসাম্যপূর্ণ ব্রেকিং এবং শক্তি ব্যবস্থার মাধ্যমে এত দীর্ঘ একটি ট্রেন সফলভাবে নিয়ন্ত্রণ করা দেশটির উন্নত প্রকৌশল ও অপারেশনাল দক্ষতার প্রমাণ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাবার বাড়ি থেকে নাশতা কম আনায় গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৫২ পি.এম


বাবার বাড়ি থেকে নাশতা কম আনায় গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামের পটিয়ায় বাবার বাড়ি থেকে নাশতা কম আনায় সিফাতুন নূর সিফাত (২২) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত ১৪ অক্টোবর, হাতে তৈরি নাশতা নিয়ে বেয়াই বাড়িতে গিয়েছিলেন সিফাতের মা। নাশতার পরিমাণ কম হওয়া নিয়ে অভিযোগের সূত্র ধরে কথাকাটাকাটির এক পর্যায়ে মারধরের শিকার হন তিনি।

শুক্রবার (২৩ অক্টোবর) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিন মাসের অন্তঃসত্ত্বা ওই গৃহবধূ।

নিহত সিফাতুন নূর চন্দনাইশ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া এলাকার মো. নূর ও জুহিনুর আক্তারের কন্যা।

এর আগে, ১৪ অক্টোবর চট্টগ্রামের পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের পূর্ব কুসুমপুরা এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন নিহতের মা জুহিনুর আক্তার।

তিনি অভিযোগ করেন, পাঁচ মাস আগে পারিবারিকভাবে পূর্ব কুসুমপুরা গ্রামের ইলিয়াস খাঁ বাড়ির বাসিন্দা মো. তারেকের (২৬) সঙ্গে সিফাতুনের বিয়ে হয়। তারেক দুবাই প্রবাসী। বিয়ের কয়েক মাস পর তিনি বিদেশে চলে যান। এরপর সিফাত শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন। গত ১৪ অক্টোবর নাশতা নিয়ে বিরোধের জেরে তাকে ও তার মেয়েকে মারধর করে মাটিতে ফেলে দেওয়া হয়।

পটিয়া থানায় দেওয়া লিখিত অভিযোগে জুহিনুর আক্তার উল্লেখ করেন, ১৪ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মেয়ের শ্বশুরবাড়িতে হাতে তৈরি নাশতা নিয়ে যান তিনি। নাশতার পরিমাণ কম হওয়া নিয়ে অভিযোগ তুলে তাকে ও তার মেয়েকে গালাগাল করা হয়। তিনি জানান, নাশতা কম হলে পরে আরও নিয়ে আসবেন। এ নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে সিফাতের শাশুড়ি রিজিয়া বেগম (৬০) তাকে কিল-ঘুসি ও লাথি মারেন বলে অভিযোগ করেন জুহিনুর।

তিনি জানান, ১৪ অক্টোবর রাতে দুবাই থেকে তার মেয়ের স্বামী ফোন করে সিফাতের শারীরিক অবস্থার অবনতির কথা জানান। এরপর টানা ৯ দিন চমেকে চিকিৎসাধীন ছিল সিফাত। শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

সিফাতের বাবা মোহাম্মদ নূর অভিযোগ করেন, মারধরের ঘটনার পর বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করতে সিফাত আত্মহত্যার চেষ্টা করেছেন, এমন ঘটনা সাজানো হয়েছিল।

এ বিষয়ে পটিয়া থানার ওসি মো. জিয়াউল হক বলেন, ওই গৃহবধূকে মারধরের বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধান করে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মক্কাসহ সৌদির চার শহরে বিপদের সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৫২ পি.এম


মক্কাসহ সৌদির চার শহরে বিপদের সতর্কতা জারি

মক্কা, জেদ্দা এবং সৌদি আরবের অন্যান্য গুরুত্বপূর্ণ শহরগুলোতে সতর্কতা জারি করা হয়েছে। তবে, এই সতর্কতা প্রায় ১০ মিনিট পরেই প্রত্যাহার করা হয়।

শনিবার, বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।

সৌদি আরবের মক্কা, জেদ্দা, তায়েফ এবং ইয়ানবু শহরে সম্ভাব্য হুমকির বিষয়ে সাময়িক সতর্কতা জারি করেছিল দেশটির বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ।

কিন্তু, প্রায় ১০ মিনিট পর কর্তৃপক্ষ জানায় যে, বিপদের আশঙ্কা কেটে গেছে।

এই ঘটনার একদিন আগে, দাম্মাম শহরের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনা ঘটে। এই হামলায় অন্তত একজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো আটজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আখ কাটার জন্য জরায়ু কেটে ফেলছেন ভারতের মহারাষ্ট্রের নারী শ্রমিকরা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৫৩ পি.এম


আখ কাটার জন্য জরায়ু কেটে ফেলছেন ভারতের মহারাষ্ট্রের নারী শ্রমিকরা

ভারতের মহারাষ্ট্রের বীড় জেলার বহু নারী শ্রমিক আখ কাটার কাজ চালিয়ে যেতে গিয়ে নিজেদের প্রজননস্বাস্থ্যকে ঝুঁকির মুখে ফেলছেন। মাসিকের ব্যথা, বিশ্রামের অভাব ও কঠোর শ্রমের কারণে কেউ কেউ জরায়ু অপসারণের কথা ভাবছেন, আবার অনেকে অস্ত্রোপচারও করিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টের একটি প্রতিবেদনে উঠে এসেছে এসব শ্রমিকের দুর্বিষহ জীবনের চিত্র।

প্রতিবেদন অনুযায়ী, ভারতের বিভিন্ন অঞ্চলে আনুমানিক ১৫ লাখ মানুষ আখ কাটার কাজে নিয়োজিত। তাদের অনেকেই দিনে প্রায় ১৪ ঘণ্টা কাজ করে পান মাত্র ৪০০ রুপি। শ্রমিকদের একটি বড় অংশ মহারাষ্ট্রের বীড় জেলা থেকে কাজের সন্ধানে অন্য এলাকায় যান। নিজ এলাকায় কর্মসংস্থানের অভাব ও পরিবারের ভরণপোষণের চাপ তাদের এই কঠিন পেশায় যুক্ত হতে বাধ্য করে।

কর্ণাটকের রামানালে ভোর ৪টা থেকেই শুরু হয় শ্রমিকদের কর্মব্যস্ততা। পূর্ণিমা নামের এক নারী শ্রমিকও প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে কাজের প্রস্তুতি নেন। ঋণ শোধ করতে নিজ গ্রাম থেকে ৫০০ কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়ে অন্য শ্রমিকদের সঙ্গে অস্থায়ী তাঁবুতে বসবাস করছেন তিনি।

আখ কাটার নারী শ্রমিকদের জন্য শারীরিক পরিশ্রমের পাশাপাশি মাসিক সামলানোও বড় চ্যালেঞ্জ। অস্থায়ী ক্যাম্পগুলোতে শৌচাগার ও বিশুদ্ধ পানির অভাব রয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে ছুটি না পাওয়ার চাপ।

কাজ থেকে এক দিন বিরতি নিলেই মজুরি কাটা কিংবা জরিমানার মুখে পড়তে হয় শ্রমিকদের। ফলে মাসিকের ব্যথা বা অসুস্থতা নিয়েও তাদের কাজ চালিয়ে যেতে হয়। দীর্ঘ সময় ভারী আখ কাটা, বোঝা বহন ও ট্রাকে আখ তোলার কাজ করতে গিয়ে বাড়ছে শারীরিক দুর্ভোগ।

পূর্ণিমা দ্য ইন্ডিপেনডেন্টকে বলেন, "ব্যথা থেকে মুক্তি পেলে তার জন্য অনেক বড় সহায়তা হতো। দীর্ঘদিনের কষ্ট থেকে রেহাই পেতে তিনি জরায়ু অপসারণের কথাও ভাবছেন।"

তিনি বলেন, "আমার কষ্ট কমছে না। এ কাজ চালিয়ে গেলে তা কেবল বাড়বে। এত ভারী ওজন তোলা বন্ধ করতে পারলে হয়তো ভালো হবে। কিন্তু এ কাজ ছাড়া আমাদের আর কোনো উপায় নেই।"

বীড় জেলার বহু পরিবারের আয়ের প্রধান উৎস মৌসুমি আখ কাটা। প্রতিবছর মুকাদ্দম নামে পরিচিত ঠিকাদারেরা শ্রমিকদের সংগঠিত করেন। তারা চিনিকলের সঙ্গে যোগাযোগ, যাতায়াতের ব্যবস্থা এবং অগ্রিম অর্থের জোগান দেন। পরে সেই অর্থ শোধ করতে শ্রমিকদের মৌসুমজুড়ে কাজ করতে হয়।

স্বামী-স্ত্রীকে নিয়ে গঠিত প্রতিটি শ্রমিক দলকে স্থানীয়ভাবে ‘কইতা’ বলা হয়। সাধারণত সাত-আটটি কইতার একটি দলের মধ্যে আয় ভাগাভাগি হয়। প্রতিটি দম্পতির ওপর দৈনিক গড়ে তিন টন আখ কাটার চাপ থাকে।

কোনো নারী অসুস্থতার কারণে কাজ করতে না পারলে দলের অন্য শ্রমিকদের ওপর অতিরিক্ত কাজের চাপ পড়ে। এ কারণে অনেক ক্ষেত্রে তারা সংশ্লিষ্ট দম্পতির কাছ থেকে জরিমানা আদায় করেন। ফলে অসুস্থতা নিয়েও কাজ করতে বাধ্য হন নারী শ্রমিকেরা।

সবিতা নামের এক শ্রমিক ২০২৫ সালের মার্চে জরায়ু অপসারণের সিদ্ধান্ত নেওয়ার আগের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তিনি জানান, পেটে তীব্র ব্যথা থাকা সত্ত্বেও তাকে কাজ করতে হয়েছে। ট্রাকে আখ তুলতে মই বেয়ে ওঠার সময় গত বছর তিনবার পড়ে গিয়েছিলেন তিনি। তারপরও অভিযোগ করার সুযোগ পাননি।

সবিতা বলেন, "মাঠে কেউ সাহায্য করবে না। তারা একদম বিশ্রাম নিতে দেয় না। আমি এত অসুস্থ ছিলাম, তবু কেউ সাহায্য করেনি।"

পূর্ণিমাও জানান, কাজের মৌসুমে টানা চার থেকে পাঁচ মাস প্রতিদিন কাজ করতে হয়। গত তিন বছর ধরে অবিরাম ব্যথায় ভুগছেন তিনি। জরায়ু অপসারণের কথা ভাবলেও অস্ত্রোপচারের খরচ জোগাতে তাকে নতুন করে ঋণ নিতে হতে পারে।

তার ভাষায়, "নিজের জরায়ু ফেলে দিতেও ঋণ নিতে হয়। মনে হয়, আমার শরীরই ব্যবস্থার দাসে পরিণত হয়েছে।"

২০১৯ সালে মহারাষ্ট্র সরকারের একটি কমিটি বীড় জেলায় আখ কাটার কাজে নিয়োজিত ৮২ হাজার ৩০৯ জন অভিবাসী নারী শ্রমিকের ওপর জরিপ চালায়। এতে দেখা যায়, তাদের মধ্যে ১৩ হাজার ৮৬১ জনের জরায়ু অপসারণ করা হয়েছে। পরে জরিপে অংশ নেওয়া নারীদের ৪৫ শতাংশের বেশি শারীরিক বা মানসিক কষ্টের কথা জানান।

এই পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকার জরায়ু অপসারণের বিষয়টি পর্যবেক্ষণ এবং অভিবাসী শ্রমিকদের কল্যাণে কিছু উদ্যোগ নেয়। তবে শ্রমিকদের অভিযোগ, বাস্তবে তাদের জীবনযাত্রা ও কর্মপরিবেশে উল্লেখযোগ্য পরিবর্তন আসেনি।

২০২৫ সালের মার্চে বোম্বে হাইকোর্ট আঞ্চলিক সরকারকে শ্রমিকদের যথাযথ নিবন্ধন, কল্যাণমূলক সুবিধা এবং স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার বাড়াতে একাধিক পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। একই বছরের নভেম্বরে এ বিষয়ে পরবর্তী প্রতিবেদন প্রকাশের কথা থাকলেও তা প্রকাশিত হয়নি বলে জানিয়েছে দ্য ইন্ডিপেনডেন্ট।

পূর্ণিমা ও সবিতা দুজনেই জানিয়েছেন, তারা সরকারের কাছ থেকে কোনো কল্যাণ সহায়তা পাননি।

দীর্ঘদিনের ব্যথা সামলাতে পূর্ণিমাকে নিয়মিত ব্যথানাশক ওষুধের ওপর নির্ভর করতে হয়। তিনি জানান, বছরে এসব ওষুধের পেছনে তার প্রায় ৫০ হাজার রুপি খরচ হয়। তবুও ব্যথা থেকে মুক্তি মিলছে না।

পূর্ণিমা বলেন, "গ্রামে ফিরে আমাকে অস্ত্রোপচার করাতে হবে, কিন্তু এর জন্য আরও ঋণ নিতে হবে। মনে হয়, আমি যেন কাজ চালিয়ে যেতে পারি, সে জন্যই ব্যবস্থাটা আমার জরায়ুটাই কেড়ে নিচ্ছে।"

প্রতিবেদনটির বিষয়ে বীড় জেলার কালেক্টর বিবেক জনসনের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

অন্যদিকে, কোকাকোলা জানিয়েছে, আখ কাটার শ্রমিকদের বিশুদ্ধ পানি, স্যানিটেশন, ছায়াযুক্ত বিশ্রামের স্থান, কাজের উপযোগী সরঞ্জাম এবং নারীদের স্বাস্থ্যবিধি-সংক্রান্ত পণ্যের সুযোগ বাড়াতে আন্তর্জাতিক নাগরিক সমাজ সংগঠন সলিডারিদাদের সঙ্গে অংশীদারত্ব করেছে তারা। প্রতিষ্ঠানটির দাবি, এই উদ্যোগে এক লাখ মানুষ উপকৃত হয়েছেন।

দ্য ইন্ডিপেনডেন্ট পেপসিকোর সঙ্গেও যোগাযোগ করেছিল, তবে প্রতিষ্ঠানটি কোনো জবাব দেয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%