মোঃ ওসমান গনি শেরপুর জেলা প্রতিনিধি
০৩:৪৫ পি.এম
শেরপুর ও জামাল সড়কের টুল ২০০৭ সাল থেকে আজ পর্যন্ত জনগণের কাছ থেকে মোট কত টাকা টোল আদায় করা হয়েছে? সেই অর্থের কত টাকা সরকারি কোষাগারে জমা হয়েছে? আর কত টাকা এখনো অনাদায়ী রয়েছে?
অভিযোগ উঠেছে, টোল আদায় অব্যাহত থাকলেও আদায়কৃত অর্থ যথাযথভাবে সরকারি কোষাগারে জমা দেওয়া হচ্ছে না। বরং মামলা চলমান থাকার সুযোগ নিয়ে টোল আদায়ের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। এসব গুরুতর অভিযোগের সত্যতা যাচাই করে পূর্ণাঙ্গ আর্থিক হিসাব প্রকাশ করতে হবে।
মামলা চলমান থাকলেই কি জনগণের কাছ থেকে আদায় করা অর্থের হিসাব দেওয়ার দায়বদ্ধতা শেষ হয়ে যায়? টোলের টাকা কোথায় যাচ্ছে, কারা আদায় করছে এবং আদায়কৃত অর্থ কেনো সরকারের কোষাগারে জমা হচ্ছে না জামালপুর শেরপুরবাসী তার স্পষ্ট জবাব চায়।
টোল আদায়ের নামে কোনো অনিয়ম, অতিরিক্ত অর্থ আদায় কিংবা সরকারি রাজস্ব আত্মসাতের ঘটনা ঘটে থাকলে নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
টোল আদায়ের নামে চাঁদাবাজি আর চলবে না! সাধারণ মানুষকে মারধর, ভয়ভীতি প্রদর্শন কিংবা হয়রানি আর চলবে না!
জামালপুর শেরপুরবাসীর দাবি অবিলম্বে টোল আদায়ের পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ করা হোক এবং অযৌক্তিক টোলের বোঝা থেকে সাধারণ মানুষকে মুক্তি দেওয়া হোক।
জনগণের অর্থের প্রতিটি টাকার হিসাব জনগণের জানার অধিকার রয়েছে। জনগণের অর্থ নিয়ে কোনো অনিয়ম হয়ে থাকলে তার জবাবদিহি নিশ্চিত করতেই হবে।
জনগণের অধিকার প্রতিষ্ঠার এই দাবি আদায় না হওয়া পর্যন্ত এলাকাবাসীর প্রচেষ্টা অব্যাহত থাকবে তারা জানিয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপের জন্য ২৮ সদস্যের দল ঘোষণা করেছে। এই ঘোষণার মধ্যে নতুন মুখ হিসেবে প্রথমবারের মতো ডাক পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রোনান সুলিভান এবং মাহি খান।
রোনান সুলিভান বাংলাদেশের হয়ে খেলতে যাচ্ছেন, যা আগেই নিশ্চিত হয়েছিল। এবার তাকে দলে রেখে সাফের জন্য দল ঘোষণা করেছে বাফুফে। ২০২৬ সালের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে তার খেলা নজর কাড়ে। ওই টুর্নামেন্টে বাংলাদেশের শিরোপা জয়ে তার অবদান ছিল গুরুত্বপূর্ণ।
গ্রুপপর্বে পাকিস্তানের বিরুদ্ধে তিনি জোড়া গোল করে বাংলাদেশকে ২-০ ব্যবধানে জয় এনে দেন। এছাড়া, গ্রুপপর্বে একটি গোলে সহায়তা করার পাশাপাশি ভারতের বিপক্ষে ফাইনালের টাইব্রেকারে গোলও করেন তিনি।
রোনানের সঙ্গে প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন মাহি খান, যিনি ইংল্যান্ডের নবম স্তরের ক্লাব মলটন এফসিতে খেলেন। চলতি মৌসুমে সাত ম্যাচে তিনি নয়টি গোল করেছেন। এর আগে বাংলাদেশের অনূর্ধ্ব-২০ দলের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে তার।
বাংলাদেশের মাটিতে ৫ নভেম্বর শুরু হতে যাচ্ছে ১৫তম সাফ চ্যাম্পিয়নশিপ। উদ্বোধনী দিনে স্বাগতিক বাংলাদেশ ভুটানের বিরুদ্ধে মাঠে নামবে। এরপর ১১ নভেম্বর গ্রুপপর্বের দ্বিতীয় ও শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা।
টুর্নামেন্টের গ্রুপপর্বের খেলা দুটি গ্রুপে অনুষ্ঠিত হবে। দুই গ্রুপ থেকে মোট চারটি দল সেমিফাইনালে উঠবে। সেমিফাইনালের দুটি ম্যাচ ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে। আর টুর্নামেন্টের ফাইনাল মাঠে গড়াবে ১৭ নভেম্বর।
বাংলাদেশ স্কোয়াড
মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ, তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, রহমত মিয়া, জিদান ইউসুফ, ইসা ফয়সাল, তারিক কাজী, জায়ান আহমেদ, মো. সোহেল রানা, সোহেল রানা, মো. রিদয়, হামজা চৌধুরী, শমিত সোম, কাজেম শাহ, জামাল ভূঁইয়া, ফারহান আলী, শেখ মোরসালিন, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ, ফাহামেদুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, সুকি ইতোফুসা, মিনহাজুল করিম স্বাধীন, রোনান সুলিভান ও মাহি খান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণের বর্তমান অবস্থা এবং প্রকল্পের অগ্রগতি পর্যালোচনার জন্য রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটমের (Rosatom) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল বাংলাদেশ সফর করেছে। এই সফরটি ২০ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হয়। সফরের সময় প্রকল্প এলাকার মধ্যে একাধিক কার্যকরী বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে রোসাটমের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাশিয়ার দূতাবাসের প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রতিনিধিদলের নেতৃত্ব দেন রোসাটমের পারমাণবিক বিদ্যুৎবিষয়ক প্রথম উপমহাপরিচালক এবং রোসাটমের প্রকৌশল শাখা অ্যাটমস্ট্রয়এক্সপোর্টের (এএসই) প্রেসিডেন্ট আন্দ্রেই পেত্রোভ। বৈঠকে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিনও উপস্থিত ছিলেন।
বাংলাদেশের পক্ষে বৈঠকে অংশগ্রহণ করেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (বিএইসি) এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পরিচালনাকারী প্রতিষ্ঠান নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বৈঠকে রূপপুর প্রকল্পের নির্মাণকাজের সর্বশেষ পরিস্থিতি, বিদ্যুৎকেন্দ্রের অগ্রগতি এবং আগামী দিনের করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া, প্রকল্পের কাজকে এগিয়ে নিতে দুই পক্ষের প্রয়োজনীয় যৌথ পদক্ষেপ নির্ধারণের বিষয়েও আলোচনা হয়।
রাশিয়ার দূতাবাসের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, দুই পক্ষের আলোচনা গঠনমূলক এবং আন্তরিক সহযোগিতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প। পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন এই কেন্দ্রে রাশিয়ার প্রযুক্তিতে দুটি ইউনিট স্থাপন করা হচ্ছে। প্রতিটি ইউনিটের উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট, এবং দুই ইউনিট মিলিয়ে মোট উৎপাদনক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না।সড়ক দুর্ঘটনা শুধু তাজা প্রাণই কেড়ে নেয় না,বহু পরিবারকে চিরতরে ঠেলে দেয় চরম অনিশ্চয়তা ও ক্রাচে ভর দেওয়া এক যন্ত্রণাদায়ক বাস্তবে। কুড়িগ্রামের চিলমারী উপজেলার মো.রুহুল আমিনের(৪৫) গল্পটি তেমনি এক করুণ উপাখ্যান।
যে মানুষটি দীর্ঘদিন চিলমারী-ঢাকা রুটের নাইট কোচের হেলপার হিসেবে যাত্রীদের পথ চলার সঙ্গী হয়ে জীবিকা নির্বাহ করতেন,একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আজ তার জীবন থেকে কেড়ে নিয়েছে একটি পা।
জাতীয় নিরাপদ সড়ক দিবসের এই দিনে,যখন চারদিকে নিরাপদ সড়কের দাবি উচ্চারিত হচ্ছে,ঠিক তখনই এক পায়ে ভর দিয়ে জীবিকার চাকা ঘোরাতে বাধ্য হচ্ছেন রুহুল আমিন।
কুড়িগ্রামের চিলমারী উপজেলাধীন কিষামতবানু নালারপাড় গ্রামের প্রয়াত রহিব আলী ও রহিতন বেগমের ছেলে রুহুল আমিন।দিন এনে দিন খাওয়া পরিবারটির সংসার চলত তাঁর নাইট কোচের হেলপারের সামান্য আয়ে।
গত মার্চ মাসে ঢাকা যাওয়ার পথে তাদের নাইট কোচটি ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়ে।এতে রুহুল আমিনের বাম পায়ের গোড়ালি থেঁতলে যায়।আশঙ্কাজনক অবস্থায় তাঁকে রংপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পা-টি রক্ষা করতে টানা এক মাস চিকিৎসার পর চিকিৎসকেরা আর পা-টি রক্ষা করতে পারেননি। হাটুর নিচের অংশ কেটে বাদ দিতে হয়েছে।দীর্ঘ চিকিৎসার পর ঝরে পড়া এক পা আর ক্রাচে ভর দেওয়া শরীর নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফেরেন রুহুল আমিন। কিন্তু দুর্ঘটনার ক্ষত শুধুই পায়ে সীমাবদ্ধ থাকেনি বর্তমানে ডায়াবেটিস ও হৃদরোগ বাসা বেঁধেছে তাঁর শরীরে।
সব হারিয়ে বর্তমানে রুহুল আমিনের স্থাবর সম্পত্তি বলতে কেবল বসতভিটার মাত্র এক শতক জমি ছাড়া আর কিছুই নেই। অথচ তার কাধে পরিবারের চার সদস্যের জীবনযাপনের ভার। বড় মেয়েটি এবার এইচএসসি পরীক্ষা দিয়েছে।ছোট ছেলেটি পড়ছে পঞ্চম শ্রেণীতে।
সন্তানদের লেখা-পড়া,সংসার চালানো এবং চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে পরিবারটি এখন ঋণগ্রস্থ ও সহায় সম্বলহীন হয়ে পড়েছে। একদিকে পাহীন অসুস্থ শরীর আর ডায়াবেটিস-হৃদরোগের মতো জটিল ব্যাধি,সব মিলিয়ে রুহুল আমিনের জীবন আজ চরম অনিশ্চয়তায় ঘেরা।
এত কিছুর পরও অন্যের করুণার পাত্র হতে চাননি রুহুল আমিন। এক পায়ের পঙ্গুত্ব আর শারীরিক হাজারো প্রতিবন্ধকতা সত্বেও জীবনযুদ্ধে হার মানেননি তিনি।নিরুপায় হয়ে গ্যারেজ থেকে ভাড়ায় একটি ব্যাটারিচালিত রিকশা এনে এক পা দিয়েই তা চালিয়ে উপার্জনের চেষ্টা করছেন।
অশ্রুসজল চোখে রুহুল আমিন বলেন,ক্রাচে ভর দিয়ে গ্যারেজ থেকে রিকশা বের করি। এক পায়ে ব্রেক আর ব্যাটারির সাহায্যে গাড়ি চালাই। শরীর চলে না,হৃদরোগ আর ডায়াবেটিসের কারণে ঘন ঘন হাঁপিয়ে উঠি। কিন্তু ঘরে সন্তানদের পড়ালেখা আর পেটের ক্ষুধা তো থেমে থাকে না।আমি না খাটলে ওদের মুখে খাবার দেবে কে?
রুহুল আমিনের মতো দুর্ঘটনাকবলিত অসহায় মানুষগুলোর বেঁচে থাকার লড়াই আমাদের সড়ক সুরক্ষার ভয়াবহ চিত্রকেই স্মরণ করিয়ে দেয়।চিলমারীর এই একপা হারানো মানুষটির আকুল আবেদন,অন্তত তাঁর সন্তানদের পড়াশুনা চালিয়ে নিতে এবং একটু চিকিৎসার জন্য যেন সমাজের বিত্তবান ও সরকারি সহায়তার হাত বাড়িয়ে দেওয়া হয়।
গোলাম মাহবুব
চিলমারী,কড়িগ্রাম
মোবাইলঃ ০১৭১৬-৫০৭৪৬৫
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চলমান ইরান সংঘাতের কারণে পারস্য উপসাগরে একটি মারাত্মক পরিবেশগত সংকট সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমান হামলার ফলে ইরানের বিভিন্ন তেল শোধনাগার, স্থাপনা এবং সাগরে চলাচলকারী ট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষতির পর সেখানে ছড়িয়ে পড়া তেল নিঃসরণ বা ‘অয়েল স্পিল’ এখন মহাকাশ থেকেও দৃশ্যমান হয়ে উঠেছে। এই তথ্য আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন-এর একটি প্রতিবেদনে প্রকাশিত হয়েছে।
ইউরোপীয় মহাকাশ সংস্থার ‘সেন্টিনেল-২’ (Sentinel-2) মিশনের স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে গবেষকরা জানিয়েছেন, উপসাগরীয় অঞ্চলে তেলের আস্তরণ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ইরানের কেশম ও লাভান দ্বীপের আশেপাশের এলাকায় কয়েক কিলোমিটারজুড়ে তেল ছড়িয়ে পড়ার বিষয়টি স্পষ্ট হয়েছে। বিশেষ করে লাভান দ্বীপের হামলাকে পরিবেশগত একটি বড় জরুরি অবস্থা হিসেবে অভিহিত করেছে ডাচ শান্তি গবেষণা সংস্থা ‘প্যাক্স’ (PAX)।
বিশ্লেষকদের মতে, এই ভয়াবহ দূষণের ফলে পারস্য উপসাগরের অনন্য সামুদ্রিক জীববৈচিত্র্য, প্রবাল প্রাচীর (Coral Reefs) এবং সামুদ্রিক প্রাণীরা চরম হুমকির মুখে পড়েছে। এমনকি কচ্ছপ ও পরিযায়ী পাখির অভয়ারণ্য হিসেবে পরিচিত শিদ্বারা দ্বীপের সংরক্ষিত এলাকাগুলোতেও পৌঁছে গেছে তেলের এই বিষাক্ত আস্তরণ। উপকূলীয় অঞ্চলের সাধারণ মানুষ এবং মৎস্যজীবীদের জীবনযাত্রাও মারাত্মক সংকটে পড়েছে।
পরিবেশবাদীদের মতে, সংঘাতের মাত্রা তীব্র হওয়ায় ক্ষতিগ্রস্ত তেল স্থাপনাগুলোর পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পুনরুদ্ধার কাজ অত্যন্ত দুরূহ হয়ে পড়েছে। আন্তর্জাতিক তহবিলের নিয়ম অনুযায়ী যুদ্ধজনিত কারণে সৃষ্ট এমন পরিবেশগত ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ বা পরিষ্কার করার ব্যয় মেটানোর বিধান না থাকায় সংকট আরও ঘনীভূত হয়েছে।
বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, দ্রুত সংঘাত বন্ধ করে পারস্য উপসাগরীয় দেশগুলোকে নিয়ে একটি যৌথ পরিবেশগত উদ্যোগ বা ইকোলজিক্যাল ইউনিয়ন গঠন না করা হলে এই অঞ্চল এক অপূরণীয় ও দীর্ঘমেয়াদি পরিবেশগত বিপর্যয়ের মুখোমুখি হবে। সোর্স: সিএনএন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ