ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

বরিশালে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় দুই আসামির বাড়িতে আগুন


বরিশালে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় দুই আসামির বাড়িতে আগুন

বরিশালের উজিরপুরে মোটরসাইকেল চালক কাওসার হাওলাদারকে (৩২) কুপিয়ে হত্যার ঘটনার পর দুই আসামির বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। শনিবার (২৪ অক্টোবর) রাতে উপজেলার সাতলা ইউনিয়নের আলামদী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কাওসারের জানাজা শনিবার এশার নামাজের পর সম্পন্ন হয়। জানাজা শেষে ফেরার পথে আসামিদের বাড়িতে আগুন দেয়ার খবর পান সাতলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি কাইয়ুম ভাট্টি।

তিনি জানান, কাওসারের জানাজা শেষে ফেরার পথে জানতে পারেন, হত্যা মামলার দুই আসামির বাড়িতে আগুন দেয়া হয়েছে। এর মধ্যে আলামদী গ্রামের খালপাড় বড় সেতুসংলগ্ন এলাকায় মামলার এক নম্বর আসামি সজল মোল্লার বাড়ি রয়েছে। অন্য বাড়িটি তার বড় ভাই নান্না মোল্লার। সন্ধ্যার পর রাতে কোনো একসময় আগুন দেয়ার ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন: নাহিদ ইসলামকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আহ্বান রাশেদ খাঁনের

স্থানীয় বাসিন্দা কামাল হাওলাদার বলেন, ‘বাড়িতে আগুন দেওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে।’

এ বিষয়ে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম জানান, তিনি ঘটনাস্থলে রয়েছেন। একটি টিনের ঘরে আগুন দেয়া হয়েছিল। সেখানে ফায়ার সার্ভিসের গাড়ি যাওয়ার সুযোগ নেই। ঘরটি পুড়ে যাওয়ার পর আগুন নিয়ন্ত্রণে আসে। আরও একটি ঘরে আগুন দেয়ার খবর পেয়েছেন তিনি।

এর আগে শুক্রবার (২৪ অক্টোবর) রাতে উপজেলার প্রত্যন্ত সাতলা ইউনিয়নের পশ্চিম সাতলা কান্দী সড়কের গোপালগঞ্জ-বরিশাল সীমান্ত এলাকায় কাওসার হাওলাদারকে কুপিয়ে হত্যা করা হয়। একটি মাইক্রোবাসে করে আসা একদল ব্যক্তি এ হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় পুলিশ মাইক্রোবাসসহ ৯ জনকে গ্রেফতার করেছে।

আরও পড়ুন: বেগমগঞ্জে তরুণ কামরুল হাসানকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকার সৃজনশীল শিল্পকে মূলধারায় দেখতে চায়: অর্থমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০১:১০ এম


সরকার সৃজনশীল শিল্পকে মূলধারায় দেখতে চায়: অর্থমন্ত্রী

সরকার শিল্প-সংস্কৃতি, সংগীত, চলচ্চিত্র, থিয়েটার এবং গ্রামীণ কারুশিল্পকে দেশের অর্থনীতির মূলধারায় অন্তর্ভুক্ত করার একটি পরিকল্পনা গ্রহণ করেছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই খাতগুলোকে জিডিপি প্রবৃদ্ধির নতুন উৎস এবং বাংলাদেশের সাংস্কৃতিক শক্তি হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন।

শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর বনানীর হোটেল শেরাটনে ‘ক্রিয়েটিভ ফুটপ্রিন্টস’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বইটি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও বেঙ্গল ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে প্রকাশিত হয়েছে।

অর্থমন্ত্রী উল্লেখ করেন, প্রচলিত অর্থনৈতিক ধারণায় শিল্প ও সংস্কৃতিকে অন্যান্য অর্থনৈতিক কর্মকাণ্ডের তুলনায় কম গুরুত্ব দেওয়া হতো।

তবে বর্তমান সরকার এই ধারণা থেকে বেরিয়ে এসে সৃজনশীল শিল্পকে অর্থনৈতিক প্রবৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রতিষ্ঠা করতে চায়, যোগ করেন আমির খসরু মাহমুদ চৌধুরী।

এ খাতের বিকাশে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান ও এনজিওগুলোর অংশগ্রহণ অত্যন্ত জরুরি বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, নীতিগত সহায়তা ও অর্থায়নের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্ব গড়ে তোলা হচ্ছে। ইতিমধ্যে বাজেটে এ খাতের জন্য প্রয়োজনীয় তহবিল বরাদ্দ দেওয়া হয়েছে। বেসরকারি খাত থেকেও উল্লেখযোগ্য বিনিয়োগ আসতে শুরু করেছে।

দেশীয় কারুশিল্পী, চিত্রশিল্পী ও সাংস্কৃতিক কর্মীদের দক্ষতা বৃদ্ধি, পণ্যের নকশা আধুনিকীকরণ এবং ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে সরকারি সহায়তা বাড়ানোর কথাও জানান অর্থমন্ত্রী।

তিনি আরও বলেন, আমাজন, ইবে ও আলিবাবার মতো আন্তর্জাতিক ই-কমার্স প্ল্যাটফর্মে দেশীয় পণ্য বাজারজাত করতে সহায়তা প্রদান করা হবে। এতে প্রান্তিক শিল্পীরা তাঁদের কাজের যথাযথ মূল্য পেতে সক্ষম হবেন। পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি, শিল্পীদের জীবনমান উন্নয়ন এবং বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ বৃদ্ধি পাবে।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশের সংগীত, থিয়েটার, চলচ্চিত্র ও হস্তশিল্পের সমৃদ্ধ ঐতিহ্য বিশ্বমঞ্চে দেশের অবস্থানকে শক্তিশালী করতে পারে। সরকারি ও বেসরকারি খাতের সম্মিলিত উদ্যোগে এই শিল্পের বিকাশ দেশের অর্থনীতি ও সংস্কৃতিতে নতুন সম্ভাবনা তৈরি করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা দেশের ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ: ফরিদা খানম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০১:১১ এম


বস্তুনিষ্ঠ সাংবাদিকতা দেশের ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ: ফরিদা খানম

ঢাকা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম মন্তব্য করেছেন যে, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা দেশের ইতিবাচক পরিবর্তনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

তিনি শনিবার (২৪ অক্টোবর) সকাল ১০টায় রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি (এমআরইউ) আয়োজিত ‘এমআরইউ মিডিয়া ডে ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।

ফরিদা খানম বলেন, "সাংবাদিকতা শুধু সংবাদ পরিবেশনের মধ্যে সীমাবদ্ধ নয়; লেখনীর মাধ্যমে সমাজের অনিয়ম, দুর্নীতি ও অসংগতি তুলে ধরে জনসচেতনতা তৈরি এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।" তিনি উল্লেখ করেন যে, এ ধরনের প্রতিবেদন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সমস্যা সমাধানের পথ তৈরি করতে পারে।

তিনি আরও বলেন, "সংবাদ প্রকাশের আগে ঘটনার পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ ও সত্যতা যাচাই করা জরুরি।" ফরিদা খানম সাংবাদিকদের নিরপেক্ষতা, সততা ও পেশাগত নৈতিকতা বজায় রাখার উপর গুরুত্বারোপ করেন। ডিজিটাল সাংবাদিকতার দ্রুত বিস্তারের এই সময়ে, তথ্যের সত্যতা নিশ্চিত করার পাশাপাশি দ্রুত সংবাদ প্রকাশের প্রয়োজনীয়তার কথাও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, "দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা বাড়াতে সহায়ক হবে।"

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এমআরইউ সভাপতি শাহরিয়ার নাঈম বলেন, "প্রযুক্তির বিকাশে সাংবাদিকতার ধরন বদলে গেছে।" তিনি উল্লেখ করেন যে, এখন একটি মোবাইল ফোন দিয়েই সংবাদ সংগ্রহ, ভিডিও সম্পাদনা ও প্রকাশের কাজ করা সম্ভব। শাহরিয়ার নাঈম বলেন, "একজন মাল্টিমিডিয়া সাংবাদিককে অনেক সময় একাই এসব দায়িত্ব পালন করতে হয়।"

তিনি জানান, দেশের শীর্ষস্থানীয় টেলিভিশন, সংবাদপত্র ও অনলাইন নিউজ পোর্টালে কর্মরত সংবাদকর্মীদের নিয়ে গঠিত এমআরইউ মাল্টিমিডিয়া সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও কল্যাণে কাজ করছে। এ সময় তিনি সাংবাদিকদের একত্রিত হওয়া, প্রশিক্ষণ ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য একটি স্থায়ী কার্যালয় বা ঠিকানার প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং এ বিষয়ে জেলা প্রশাসকের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে এমআরইউ উপদেষ্টা ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, এমআরইউ সাধারণ সম্পাদক মেসবাহ উদ্দিন, সংগঠনের উপদেষ্টা সফিউর রহমান শফিকসহ অন্যান্য নেতা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি ২০২৩ সালের ডিসেম্বরে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি মাল্টিমিডিয়া সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়ন, কল্যাণ ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পল্লবী থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ ২ যুবক গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০১:১১ এম


পল্লবী থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ ২ যুবক গ্রেপ্তার

রাজধানীর পল্লবী এলাকায় চেকপোস্টের উপস্থিতি দেখে পালানোর চেষ্টা করার সময় পুলিশ দুই যুবককে গ্রেপ্তার করেছে। তাদের একজনের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন এবং দুই রাউন্ড গুলি। এ সময় তাদের ব্যবহৃত মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের নাম মশিউল আজম অরিন এবং শান্ত ইসলাম। পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে ডাকাতি ও দস্যুতাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৫টার দিকে মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের কাছ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার রাতে পল্লবী থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

ডিসি হাসান মোহাম্মদ বলেন, মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে চেকপোস্টে সন্দেহজনক একটি মোটরসাইকেল থামানোর সংকেত দিলে আরোহীরা তা অমান্য করে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ তাদের আটক করে তল্লাশি চালায়। এ সময় মশিউল আজম অরিনের কাছ থেকে পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়।

পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, গত বছরের ২৮ মে মশিউল আজম অরিনের কাছ থেকে ডিবির মিরপুর বিভাগ একটি অস্ত্র উদ্ধার করেছিল। ওই ঘটনায় পল্লবী থানায় ২০২৫ সালের ২৫ মে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়। তার বিরুদ্ধে মিরপুর মডেল থানা, পল্লবী থানাসহ বিভিন্ন এলাকায় ডাকাতি ও দস্যুতার অভিযোগে মোট নয়টি মামলা রয়েছে।

অন্যদিকে, শান্ত ইসলামের বিরুদ্ধে একই ধরনের অভিযোগে বিভিন্ন থানায় তিনটি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। আটক দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কপ৩১ সম্মেলনে বাংলাদেশের শক্তিশালী অবস্থানের আহ্বান শামা ওবায়েদের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০১:১২ এম


কপ৩১ সম্মেলনে বাংলাদেশের শক্তিশালী অবস্থানের আহ্বান শামা ওবায়েদের

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, আসন্ন জাতিসংঘের জলবায়ু সম্মেলন ‘কপ৩১’-এ বাংলাদেশের অবস্থান যৌথ ও জোরালোভাবে উপস্থাপন করার জন্য সুশীল সমাজ এবং জলবায়ু বিষয়ক এনজিওগুলোকে সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন।

আজ ঢাকার সিরডাপ মিলনায়তনে ‘কপ৩১’-এ বাংলাদেশের সুশীল সমাজের অবস্থানপত্র প্রকাশের লক্ষ্যে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

অ্যাকশনএইডসহ সুশীল সমাজের বিভিন্ন সংস্থা ও এনজিও এই সভার আয়োজন করে। শামা, এই অবস্থানপত্র তৈরিতে সংশ্লিষ্টদের অভিজ্ঞতা, গবেষণা ও সুপারিশ যুক্ত করায় ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় বাংলাদেশের ন্যায্য দাবি আদায়ে সমন্বিত প্রচেষ্টার ওপর জোর দেন।

তিনি উল্লেখ করেন, বাংলাদেশ বৈশ্বিক কার্বন নির্গমনে আধা শতাংশেরও কম অবদান রাখে; তবে প্রতিদিন জলবায়ু পরিবর্তনের ভয়াবহ পরিণতির মুখোমুখি হচ্ছে, বিশেষ করে নারী ও শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

শামা বলেন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে ভূমি তলিয়ে যাচ্ছে এবং মানুষ তাদের বসতভিটা ছাড়তে বাধ্য হচ্ছে। এ প্রেক্ষাপটে জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট অভিবাসনের সমস্যাটি মোকাবিলা করা অত্যন্ত জরুরি।

আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের দরকষাকষির অবস্থানকে আরও শক্তিশালী করতে স্থানীয় জনগোষ্ঠী ও গবেষণার মাধ্যমে সংগৃহীত নির্ভরযোগ্য তথ্য-উপাত্ত তুলে ধরার জন্য সুশীল সমাজের সংগঠনগুলোর প্রতি আহ্বান জানান শামা ওবায়েদ।

তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে জলবায়ু অর্থায়ন রোডম্যাপ তৈরি, ক্ষতিগ্রস্ত দেশ ও জনগোষ্ঠীর জন্য সহজে তহবিল প্রাপ্তি নিশ্চিতকরণ, প্রযুক্তি হস্তান্তর সহজীকরণ এবং সক্ষমতা বৃদ্ধির তাগিদ দেন।

প্রতিমন্ত্রী বলেন, সীমিত সম্পদ থাকা সত্ত্বেও সরকার জলবায়ু অভিযোজন সংক্রান্ত বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করে যাচ্ছে। এর মধ্যে শিল্পখাতে সম্পদের পুনর্ব্যবহার, চক্রাকার অর্থনীতি (সার্কুলার ইকোনমি), উপকূলীয় ম্যানগ্রোভ বন সৃষ্টি ও পুনরুদ্ধার এবং নদী-খাল খনন ও পুনঃখনন অন্তর্ভুক্ত রয়েছে।

তিনি আরও উল্লেখ করেন যে, ২০৩০ সালের মধ্যে ২৫ কোটি বৃক্ষরোপণ, একটি কার্বন মার্কেট গড়ে তোলা এবং ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য উৎস থেকে ২০ শতাংশ ও ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা সরকারের রয়েছে।

শামা ওবায়েদ জানান, বাংলাদেশে উৎপাদিত 'সোনার আঁশ'কে পচনশীল ও শূন্য-বর্জ্য প্রাকৃতিক তন্তু হিসেবে বিশ্বের সামনে তুলে ধরতে এবং এর বহুমুখী ব্যবহার প্রচারের লক্ষ্যে কপ৩১ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিশেষ ‘পাট প্যাভিলিয়ন’ স্থাপন করবে।

তিনি আশা প্রকাশ করেন যে, এই উদ্যোগ শৈল্পিক পাটপণ্যের প্রসারে এবং এদের বাণিজ্যিক পরিধি বাড়াতে বড় ভূমিকা রাখবে।

সভায় সুশীল সমাজের সদস্য, বিভিন্ন এনজিও প্রতিনিধি এবং বিভিন্ন খাতের অংশীদারগণ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%