ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

কপ৩১ সম্মেলনে বাংলাদেশের শক্তিশালী অবস্থানের আহ্বান শামা ওবায়েদের


কপ৩১ সম্মেলনে বাংলাদেশের শক্তিশালী অবস্থানের আহ্বান শামা ওবায়েদের

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, আসন্ন জাতিসংঘের জলবায়ু সম্মেলন ‘কপ৩১’-এ বাংলাদেশের অবস্থান যৌথ ও জোরালোভাবে উপস্থাপন করার জন্য সুশীল সমাজ এবং জলবায়ু বিষয়ক এনজিওগুলোকে সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন।

আজ ঢাকার সিরডাপ মিলনায়তনে ‘কপ৩১’-এ বাংলাদেশের সুশীল সমাজের অবস্থানপত্র প্রকাশের লক্ষ্যে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

অ্যাকশনএইডসহ সুশীল সমাজের বিভিন্ন সংস্থা ও এনজিও এই সভার আয়োজন করে। শামা, এই অবস্থানপত্র তৈরিতে সংশ্লিষ্টদের অভিজ্ঞতা, গবেষণা ও সুপারিশ যুক্ত করায় ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় বাংলাদেশের ন্যায্য দাবি আদায়ে সমন্বিত প্রচেষ্টার ওপর জোর দেন।

আরও পড়ুন: পিরোজপুরে লাশ দাফনে বাধা, নাহিদ ইসলামের নিন্দা ও ইনসাফের আহ্বান

তিনি উল্লেখ করেন, বাংলাদেশ বৈশ্বিক কার্বন নির্গমনে আধা শতাংশেরও কম অবদান রাখে; তবে প্রতিদিন জলবায়ু পরিবর্তনের ভয়াবহ পরিণতির মুখোমুখি হচ্ছে, বিশেষ করে নারী ও শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

শামা বলেন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে ভূমি তলিয়ে যাচ্ছে এবং মানুষ তাদের বসতভিটা ছাড়তে বাধ্য হচ্ছে। এ প্রেক্ষাপটে জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট অভিবাসনের সমস্যাটি মোকাবিলা করা অত্যন্ত জরুরি।

আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের দরকষাকষির অবস্থানকে আরও শক্তিশালী করতে স্থানীয় জনগোষ্ঠী ও গবেষণার মাধ্যমে সংগৃহীত নির্ভরযোগ্য তথ্য-উপাত্ত তুলে ধরার জন্য সুশীল সমাজের সংগঠনগুলোর প্রতি আহ্বান জানান শামা ওবায়েদ।

তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে জলবায়ু অর্থায়ন রোডম্যাপ তৈরি, ক্ষতিগ্রস্ত দেশ ও জনগোষ্ঠীর জন্য সহজে তহবিল প্রাপ্তি নিশ্চিতকরণ, প্রযুক্তি হস্তান্তর সহজীকরণ এবং সক্ষমতা বৃদ্ধির তাগিদ দেন।

আরও পড়ুন: বিদেশি ঋণ শোধে চাপ বাড়ছে, সহায়তার অর্থছাড় কমেছে

প্রতিমন্ত্রী বলেন, সীমিত সম্পদ থাকা সত্ত্বেও সরকার জলবায়ু অভিযোজন সংক্রান্ত বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করে যাচ্ছে। এর মধ্যে শিল্পখাতে সম্পদের পুনর্ব্যবহার, চক্রাকার অর্থনীতি (সার্কুলার ইকোনমি), উপকূলীয় ম্যানগ্রোভ বন সৃষ্টি ও পুনরুদ্ধার এবং নদী-খাল খনন ও পুনঃখনন অন্তর্ভুক্ত রয়েছে।

তিনি আরও উল্লেখ করেন যে, ২০৩০ সালের মধ্যে ২৫ কোটি বৃক্ষরোপণ, একটি কার্বন মার্কেট গড়ে তোলা এবং ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য উৎস থেকে ২০ শতাংশ ও ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা সরকারের রয়েছে।

শামা ওবায়েদ জানান, বাংলাদেশে উৎপাদিত 'সোনার আঁশ'কে পচনশীল ও শূন্য-বর্জ্য প্রাকৃতিক তন্তু হিসেবে বিশ্বের সামনে তুলে ধরতে এবং এর বহুমুখী ব্যবহার প্রচারের লক্ষ্যে কপ৩১ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিশেষ ‘পাট প্যাভিলিয়ন’ স্থাপন করবে।

তিনি আশা প্রকাশ করেন যে, এই উদ্যোগ শৈল্পিক পাটপণ্যের প্রসারে এবং এদের বাণিজ্যিক পরিধি বাড়াতে বড় ভূমিকা রাখবে।

আরও পড়ুন: চকরিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আকিত হোসেন সজিব গ্রেফতার

সভায় সুশীল সমাজের সদস্য, বিভিন্ন এনজিও প্রতিনিধি এবং বিভিন্ন খাতের অংশীদারগণ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শারদীয় দুর্গাপূজার ছুটির পর সচল হলো বেনাপোল বন্দর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০১:১২ এম


শারদীয় দুর্গাপূজার ছুটির পর সচল হলো বেনাপোল বন্দর

শারদীয় দুর্গাপূজার ছুটির পর শনিবার (২৪ অক্টোবর) থেকে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল আবারও সচল হয়েছে ভারতের সঙ্গে আমদানি-রফতানি বাণিজ্যের জন্য। পূজা ও সাপ্তাহিক ছুটির কারণে ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত বন্দরটি ৭ দিন বন্ধ ছিল।

এদিকে, বন্দরে পণ্যবাহী ট্রাক প্রবেশ ও পণ্য খালাস শুরু হওয়ায় জমে থাকা পণ্যের জট ক্রমশ কমতে শুরু করেছে। বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্ট আমদানিকারক, রফতানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্ট, কাস্টমস, বন্দরের কর্মকর্তা-কর্মচারী এবং শ্রমিকরা পণ্য ছাড়করণ ও খালাসে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

বেনাপোল স্থলবন্দরের উপ পরিচালক রুহুল আমিন জানিয়েছেন, দুর্গাপূজার ছুটির পর বন্দরের সব কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। দ্রুত পণ্য খালাস নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হয়েছে।

বন্দর সূত্রে জানা গেছে, বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রতিদিন গড়ে প্রায় ৫০০ ট্রাক পণ্য আমদানি এবং ২০০ ট্রাক পণ্য রফতানি হয়ে থাকে। এছাড়া, রেলপথেও পণ্য আমদানি করা হয়। প্রতিদিন বন্দরের মাধ্যমে প্রায় ৫০০ থেকে ৬০০ ট্রাক পণ্য খালাস হয়। এসব আমদানি পণ্য থেকে প্রতিদিন প্রায় ১০ কোটি টাকার রাজস্ব আদায় হয়, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আমদানি পণ্যের মধ্যে রয়েছে শিল্পকারখানার কাঁচামাল, তৈরি পোশাক, গার্মেন্টস পণ্য, শিশুখাদ্য, মাছ, রাসায়নিকসহ বিভিন্ন ধরনের পণ্য।

অন্যদিকে, রফতানি পণ্যের মধ্যে রয়েছে পাট ও পাটজাত পণ্য, তৈরি পোশাক, রাসায়নিক পণ্য, বসুন্ধরা টিস্যু, মেলামাইন ও মাছসহ বিভিন্ন পণ্য। তবে ভারত সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে পাট, পাটজাত দ্রব, তৈরি পোশাক ও গার্মেন্টস সামগ্রী সড়ক পথে দেড় বছর ধরে রফতানি বন্ধ রয়েছে। বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের শর্তে সুতা আমদানি বন্ধ রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বায়তুল মোকাররমে মিছিলের প্রস্তুতিকালে ১৯ নেতা গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০১:২০ এম


বায়তুল মোকাররমে মিছিলের প্রস্তুতিকালে ১৯ নেতা গ্রেফতার

রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে ঝটিকা মিছিলের প্রস্তুতি গ্রহণের সময় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ১৯ জন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীকে গ্রেফতার করেছে।

শনিবার সন্ধ্যায় পল্টন থানা পুলিশ তাদের গ্রেফতার করে। এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী।

তিনি জানান, বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে মিছিলের উদ্দেশ্যে ১৯ জন জড়ো হয়েছিলেন। তারা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের সদস্য। এ সময় তাদের গ্রেফতার করা হয়।

পল্টন থানা সূত্রে জানা গেছে, গ্রেফতার হওয়া ব্যক্তিরা ভোলা, বরিশালসহ বিভিন্ন জেলা থেকে ঢাকায় এসেছিলেন। সন্ধ্যার দিকে তারা বায়তুল মোকাররম এলাকায় ঝটিকা মিছিল করার জন্য জড়ো হয়েছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

গ্রেফতারের পর তাদের পল্টন থানায় নেওয়া হয়েছে। যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এইচএসসি পরীক্ষার ফল ২৯ অক্টোবর প্রকাশিত হবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০১:২১ এম


এইচএসসি পরীক্ষার ফল ২৯ অক্টোবর প্রকাশিত হবে

চলতি ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) প্রকাশিত হবে। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, বাংলাদেশ আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি শিক্ষা মন্ত্রণালয়ে ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ফল প্রকাশের জন্য প্রস্তাব পাঠিয়েছিল। সেই অনুযায়ী, ফল প্রকাশের তারিখ ২৯ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।

সারা দেশে একযোগে ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা ২ জুলাই শুরু হয়। ৮ আগস্ট পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও, বন্যার কারণে চট্টগ্রামসহ কয়েকটি বোর্ডের পরীক্ষার জন্য আরও সময় প্রয়োজন হয়।

এইচএসসি-আলিম-এইচএসসি (বিএম-বিএমটি) বা এইচএসসি (ভোকেশনাল) বা ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষায় ১১টি বোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। মোট কেন্দ্রের সংখ্যা ছিল ২ হাজার ৬৯৭টি এবং পরীক্ষায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৯ হাজার ৪৩৯টি।

এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা ২ জুলাই শুরু হয়েছিল এবং ৮ আগস্ট শেষ হয়েছে।

ব্যবহারিক পরীক্ষা ১৫ আগস্টের মধ্যে শেষ হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জোহরের ফরজের আগে ৪ রাকাত সুন্নত ছুটে গেলে করণীয় কী?

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০১:২১ এম


জোহরের ফরজের আগে ৪ রাকাত সুন্নত ছুটে গেলে করণীয় কী?

দৈনন্দিন জীবনের ব্যস্ততা কিংবা অন্য কোনো কারণে কখনো কখনো জোহরের ফরজের পূর্বে চার রাকাত সুন্নত নামাজ আদায় করা সম্ভব হয়ে ওঠে না। জামাত শুরু হলে অনেকেই দ্বিধায় পড়ে যান— এখন কি সুন্নত পড়বেন, নাকি জামাতে অংশগ্রহণ করবেন? যদি সুন্নত ছুটে যায়, তবে তা কখন এবং কীভাবে আদায় করা উচিত? রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহ ও দিকনির্দেশনায় এর একটি সুন্দর ও স্পষ্ট সমাধান রয়েছে। জীবনের নানা ব্যস্ততার মধ্যে আমাদের ইবাদত যেন ত্রুটিমুক্ত ও পরিপূর্ণ থাকে, সে বিষয়ে শরিয়তের সহজ নির্দেশনাসমূহ জানা প্রতিটি মুসলিমের জন্য অত্যন্ত জরুরি।

দৈনন্দিন ১২ রাকাত সুন্নতে মুয়াক্কাদার বিশেষ মর্যাদা রয়েছে। পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের আগে ও পরের ১২ রাকাত সুন্নতে মুয়াক্কাদা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসুলুল্লাহ (সা.) কোনো বিশেষ ও গ্রহণযোগ্য কারণ ছাড়া কখনো এই সুন্নতগুলো ত্যাগ করতেন না এবং সাহাবিদেরও তা নিয়মিত আদায়ের জন্য উৎসাহিত করতেন। এ প্রসঙ্গে উম্মুল মুমিনিন হজরত উম্মে হাবিবা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন—
مَنْ صَلَّى فِي يَوْمٍ وَلَيْلَةٍ ثِنْتَيْ عَشْرَةَ رَكْعَةً بُنِيَ لَهُ بَيْتٌ فِي الْجَنَّةِ: أَرْبَعًا قَبْلَ الظُّهْرِ، وَرَكْعَتَيْنِ بَعْدَهَا، وَرَكْعَتَيْنِ بَعْدَ الْمَغْرِبِ، وَرَكْعَتَيْنِ بَعْدَ الْعِشَاءِ، وَرَكْعَتَيْنِ قَبْلَ صَلاةِ الْفَجْرِ
‘যে ব্যক্তি দিনে ও রাতে (২৪ ঘণ্টায়) ১২ রাকাত সুন্নত নামাজ আদায় করবে, জান্নাতে তার জন্য একটি ঘর নির্মাণ করা হবে। সেই ১২ রাকাত হলো—জোহরের ফরজের পূর্বে চার রাকাত ও পরে দুই রাকাত, মাগরিবের পরে দুই রাকাত, ইশার পরে দুই রাকাত এবং ফজরের ফরজের পূর্বে দুই রাকাত।’ (তিরমিজি ৪৪০)

জোহরের আগের চার রাকাত সুন্নতের গুরুত্ব অপরিসীম। জোহরের ফরজের আগে চার রাকাত নামাজ সুন্নতে মুয়াক্কাদা। বিশ্বনবী (সা.) এই চার রাকাত সুন্নতের প্রতি বিশেষ যত্নবান ছিলেন। উম্মুল মুমিনিন হজরত আয়েশা (রা.) বর্ণনা করেন—
أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ لاَ يَدَعُ أَرْبَعًا قَبْلَ الظُّهْرِ، وَرَكْعَتَيْنِ قَبْلَ الْغَدَاةِ
‘নবী করিম (সা.) জোহরের (ফরজের) আগের চার রাকাত এবং ফজরের আগের দুই রাকাত (সুন্নত) কখনো ছাড়তেন না।’ (বুখারি ১১৮২)

জামাত শুরু হলে সুন্নত নামাজের নিয়ম অনুসরণ করা উচিত। জোহরের আগের সুন্নত যথাসময়ে আদায় করাই মূল নিয়ম। তবে জামাত পাওয়ার ক্ষেত্রে পরিস্থিতি অনুযায়ী করণীয় নিয়মগুলো নিচে তুলে ধরা হলো—

ছুটে যাওয়া সুন্নত কখন ও কীভাবে পড়বেন? যদি কোনো কারণে জোহরের ফরজের আগের চার রাকাত সুন্নত আদায় করার সুযোগ না হয়, তবে ফরজ নামাজের পর তা কাজা হিসেবে আদায় করতে হবে। এ ক্ষেত্রে নিয়ম হলো— ফরজের পর প্রথমে জোহরের পরের নির্ধারিত ২ রাকাত সুন্নত আদায় করতে হবে, এরপর আগের ছুটে যাওয়া ৪ রাকাত সুন্নত পড়ে নিতে হবে। রাসুলুল্লাহ (সা.) নিজেও এভাবে আদায় করতেন। উম্মুল মুমিনিন হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত—
أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا لَمْ يُصَلِّ الأَرْبَعَ قَبْلَ الظُّهْرِ صَلاَّهُنَّ بَعْدَهَا
‘নবী করিম (সা.) জোহরের আগের চার রাকাত (সুন্নত) পড়তে না পারলে, তা (ফরজের পরবর্তী) দুই রাকাত সুন্নতের পর পড়ে নিতেন।’ (ইবনে মাজাহ ১১৫৮, তিরমিজি ৪২৬)

ইসলাম একটি সহজ ও জীবনঘনিষ্ঠ জীবন বিধান। ফরজ নামাজের পাশাপাশি সুন্নতে মুয়াক্কাদা আদায় করা রাসুলুল্লাহ (সা.)-এর ভালোবাসা ও জান্নাত লাভের অন্যতম মাধ্যম। কোনো কারণে জোহরের আগের সুন্নত ছুটে গেলে হতাশ না হয়ে বা ছেড়ে না দিয়ে, শরিয়ত নির্ধারিত নিয়মে ফরজের পর তা আদায় করা উচিত। রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহ মেনে আমল করার মাধ্যমেই আমরা আমাদের ইবাদতকে আরও নিখুঁত ও সৌন্দর্যমণ্ডিত করে তুলতে পারি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%