০৩:৪৩ পি.এম
স্তন ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এ রোগের প্রাথমিক শনাক্তকরণে মানুষকে উদ্বুদ্ধ করতে মাদারীপুরে অনুষ্ঠিত হয়েছে গোলাপি সড়ক শোভাযাত্রা। শনিবার (২৪ অক্টোবর) দুপুরে জেলার মোস্তফাপুর বাসস্ট্যান্ডে লিফলেট বিতরণ এবং শহরের ডিসি লেকের মুক্তমঞ্চের সামনে সচেতনতামূলক সমাবেশ ও শোভাযাত্রার আয়োজন করা হয়।
বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরাম ও ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশসহ ৫০টি স্বেচ্ছাসেবী সংগঠন যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। এতে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, ক্যান্সার বিশেষজ্ঞ, ক্যান্সারজয়ী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় অংশীজনরা অংশ নেন।
শোভাযাত্রার উদ্বোধন করেন বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী অধ্যাপক ডা. হাবিবুল্লাহ রাসকিন তালুকদার। এ সময় বক্তব্য দেন ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের সভাপতি ড. সৈয়দ হুমায়ুন কবির।
আরও পড়ুন: বরিশালে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় দুই আসামির বাড়িতে আগুন
বক্তব্যে ড. সৈয়দ হুমায়ুন কবির বলেন, স্তন ক্যান্সার প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে যথাযথ চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। কিন্তু লজ্জা, ভয় ও সচেতনতার অভাবে অনেক নারী সময়মতো চিকিৎসকের শরণাপন্ন হন না। অনেকে নিজের স্তন পরীক্ষা করার পদ্ধতি সম্পর্কেও জানেন না। শহরের তুলনায় গ্রাম ও উপজেলা পর্যায়ে এ বিষয়ে সচেতনতার ঘাটতি আরও বেশি। তাই অক্টোবর মাসকে স্তন ক্যান্সার সচেতনতা মাস হিসেবে সামনে রেখে গোলাপি সড়ক শোভাযাত্রার মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
কর্মসূচিতে সহজ বাংলায় লেখা তথ্যসমৃদ্ধ লিফলেট বিতরণ, পথসভা, শোভাযাত্রা ও সচেতনতামূলক আলোচনা করা হয়। আয়োজকেরা জানান, স্তন ক্যান্সারের লক্ষণ সম্পর্কে ধারণা দেওয়া, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তের গুরুত্ব তুলে ধরা এবং প্রয়োজনে দ্রুত চিকিৎসা নেওয়ার বিষয়ে মানুষকে উদ্বুদ্ধ করাই এ আয়োজনের মূল লক্ষ্য।
এর আগে শুক্রবার সকালে ঢাকা থেকে গোলাপি বাস নিয়ে বরিশালের উদ্দেশে যাত্রা শুরু করে শোভাযাত্রার বহর। পথে শ্রীনগর, ভাঙ্গা, টেকেরহাট, রাজৈর, টরকী বন্দর, গৌরনদী, বাটাজোর, শিকারপুর ও উজিরপুরে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। বরিশালে দিনব্যাপী বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে লিফলেট বিতরণ ও সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়। শনিবার সকালে বরিশাল থেকে দুর্গাসাগর দিঘি ও বাটাজোর হয়ে মাদারীপুরে পৌঁছায় শোভাযাত্রাটি। পরে মাদারীপুর থেকে শরীয়তপুর হয়ে ঢাকায় গিয়ে এ কর্মসূচি শেষ হওয়ার কথা রয়েছে।
এ সময় সিওসি, ওয়াইডব্লিউসিএ, খোরশেদ জাহান হক ক্যান্সার রিসার্চ অ্যান্ড হসপিটাল, নারীপক্ষ, গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যান্সার হাসপাতাল, বিসিএফ, মানবিক উন্নয়ন কেন্দ্র, ফ্রেন্ডস অব বাংলাদেশ, জামালপুর সমিতি ঢাকা, পল্লীমা মহিলা পরিষদ, অপরাজিতা, টিএমএসএস, সিসিইপিআরবি, হিল, রোটারি ক্লাব ও ইনার হুইল ক্লাব জেলা ৩২৮-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: রংপুরে দোলনচাঁপা ট্রেনের বগি লাইনচ্যুত, চলাচল বন্ধ
শাওন বল
মাদারীপুর
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন