১১:৪০ পি.এম
জাতীয় সংসদে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিলটি উত্থাপন করা হয়েছে। সোমবার, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বিলটি সংসদে উপস্থাপন করেন।
তবে, মন্ত্রিসভায় অনুমোদনের পর সংসদে বিলটি সময়মতো উত্থাপন না হওয়ায় ডেপুটি স্পিকার কায়সার কামাল উষ্মা প্রকাশ করেন।
তিনি ভবিষ্যতে এ বিষয়ে সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “আইনসভাকে অবজ্ঞা নয়, শক্তিশালী করুন।”
আরও পড়ুন: জুবাইদা-সোফির বৈঠকে নারীর ক্ষমতায়ন ও রোহিঙ্গা প্রত্যাবাসন গুরুত্ব পেল
ডেপুটি স্পিকার মন্ত্রীর উদ্দেশে বলেন, “এ বিলটি ২৩ জুলাই মন্ত্রিসভায় অনুমোদিত হয়, প্রায় চার মাস আগে। এই চার মাসে আপনার এক্সিকিউটিভের পক্ষ থেকে বিলটি কেন এত দিন পরে এলো যে, আমাকে আমার প্রিরোগেটিভ ইউজ (বিশেষ ক্ষমতা ব্যবহার) করতে হলো? আমি অনুমতি দিচ্ছি।”
তিনি আরও বলেন, “তবে এ বিষয়ে আগেও দু-একবার সংসদে বলেছি, পর্যাপ্ত সময় থাকার পরও এক্সিকিউটিভের পক্ষ থেকে লেজিসলেচারে আপনারা সময়মতো বিল পাঠান না। যে কারণে মাননীয় সদস্যরা বিলটি দেখতে পারেন না।”
“মন্ত্রিসভায় অনুমোদিত একটি বিল মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সংসদে আসতে তিন-চার মাস লাগার কথা নয়।”
ডেপুটি স্পিকার মন্ত্রীর উদ্দেশে বলেন, “আপনি উত্থাপন করতে পারেন। পরবর্তীতে দয়া করে সতর্ক থাকবেন। লেজিসলেচারকে এমপাওয়ারড করেন, ইগনোর নয়।”
আরও পড়ুন: ফ্যাসিস্টকে প্রতিহতে দোয়া মোনাজাত সংসদে ধর্ম প্রতিমন্ত্রীর
এরপর, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের লক্ষ্যে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিলটি সংসদে উত্থাপন করেন। পরে, বিলটি পরীক্ষা করে তিন দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
বিলে উল্লেখ করা হয়েছে, আইন পাস হওয়ার পর সরকার গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ’ নামে একটি কর্তৃপক্ষ গঠন করবে। বগুড়া সিটি করপোরেশনের আওতাধীন এলাকা এবং সরকার গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে সিটি করপোরেশন-সংলগ্ন যেসব এলাকা নির্ধারণ করবে, সেসব এলাকা এ কর্তৃপক্ষের অন্তর্ভুক্ত হবে।
ভূমির যৌক্তিক ব্যবহার নিশ্চিত করার জন্য কর্তৃপক্ষ মহাপরিকল্পনা, কৌশলগত পরিকল্পনা ও বিশদ অঞ্চল পরিকল্পনা প্রণয়ন করবে। এ জন্য ভূমি জরিপ ও সমীক্ষা, গবেষণা পরিচালনা এবং সংশ্লিষ্ট সব তথ্য-উপাত্ত সংগ্রহ, সংরক্ষণ ও বাস্তবায়ন করতে পারবে। এ ছাড়া, অপরিকল্পিত ও অপ্রশস্ত সড়ক এবং এলাকার ভূমি পুনঃউন্নয়ন ও ভূমি পুনর্বিন্যাসে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে পারবে।
বিলের উদ্দেশ্য ও কারণ-সংবলিত বিবৃতিতে মন্ত্রী বলেন, “উত্তরাঞ্চলের ক্ষুদ্র ও মাঝারি শিল্পসমৃদ্ধ গুরুত্বপূর্ণ বগুড়া শহর ও এর সন্নিহিত এলাকার পরিকল্পিত নগরায়ণ, সমন্বিত অবকাঠামো উন্নয়ন, আধুনিক নাগরিক সুবিধা সম্প্রসারণসহ দীর্ঘমেয়াদি টেকসই উন্নয়ন নিশ্চিতকল্পে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক), খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (খুউক) এবং রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (রাউক) মতো ইতোমধ্যে গঠিত চারটি উন্নয়ন কর্তৃপক্ষের আদলে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ (বউক)’ গঠন করা আবশ্যক।”
আরও পড়ুন: কৃষি মন্ত্রণালয়: সার ডিলার নিয়োগ বাতিলের খবর ‘অসত্য’
সংসদে তিন অধ্যাদেশ উপস্থাপন
এই অধিবেশন শুরুর আগে জারি করা তিনটি অধ্যাদেশ রোববার চতুর্থ অধিবেশনের প্রথম বৈঠকে উপস্থাপন করা হয়। অধ্যাদেশগুলো হলো—পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ-২০২৬, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ-২০২৬ এবং বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ-২০২৬। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান অধ্যাদেশগুলো সংসদে উপস্থাপন করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন