মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং
১২:০৭ এম
পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে নিজ বাড়িতে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন দেশটির বেসরকারি টেলিভিশন চ্যানেলের উপস্থাপিকা রাবিয়া আহসান। পুলিশ এ ঘটনায় তার স্বামী আহসান তাহিরকে আটক করেছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রও জব্দ করা হয়েছে।
রোববার (স্থানীয় সময়) পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের একটি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ৪১ বছর বয়সী রাবিয়াকে রোববার বিকেল ৩টার দিকে বাড়ির শোবার ঘরে গুলি করা হয়। ঘটনার সময় তার মা ও বোন ঘরের বাইরে ছিলেন।
গুলির শব্দ শুনে রাবিয়ার বোন আলভিনা দ্রুত শোবার ঘরে প্রবেশ করে তাকে মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় জানা যায়, রাবিয়ার স্বামী আহসান তাহিরের হাতে একটি পিস্তল ছিল।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। প্রাথমিকভাবে রাবিয়ার শরীরে দুটি গুলির ক্ষত শনাক্ত করা হয়েছে, একটি ঘাড়ের নিচে এবং অন্যটি পিঠের ডান পাশে।
পাঞ্জাব ফরেনসিক সায়েন্স অথরিটির (পিএফএসএ) সদস্যরা ঘটনাস্থল থেকে পয়েন্ট ৩০ বোরের একটি পিস্তল ও গুলি উদ্ধার করেন। ডনের প্রতিবেদনে বলা হয়েছে, আহসানের বাড়িতে কর্মরত এক পুরুষ গৃহকর্মী পুলিশকে জানিয়েছেন যে, রাবিয়ার স্বামী দাবি করেছেন, দুর্ঘটনাবশত গুলি ছুটে তার স্ত্রীর মৃত্যু হয়েছে।
তবে জিজ্ঞাসাবাদের সময় আহসান তাহির পিস্তলটির বৈধ লাইসেন্স বা অনুমতিপত্র দেখাতে পারেননি। এ ঘটনায় পাকিস্তান দণ্ডবিধির ৩০২ ধারায় একটি হত্যা মামলা করা হয়েছে এবং পুলিশ তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে।
এদিকে, পাকিস্তানের ফার্স্ট লেডি আসিফা ভুট্টো-জারদারি রাবিয়া আহসানের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।
সূত্র: ডন
এআরবি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কালীপূজা ও দীপাবলিকে কেন্দ্র করে আতশবাজি পোড়ানো নিয়ে চলমান বিতর্কের মাঝে ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারী একটি অদ্ভুত দাবি করেছেন। তিনি বলেছেন, বাজি ফাটালে শরীরের বিভিন্ন রোগব্যাধি সেরে যায়। তার এই মন্তব্য রাজনৈতিক ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি করেছে।
সম্প্রতি টালিগঞ্জের একটি কালীপূজার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির এই বিধায়ক। বক্তব্য দেওয়ার সময় তার সামনে বিকট শব্দে একটি বাজি ফেটে ওঠে। তবে তিনি এতে বিচলিত না হয়ে বক্তব্য অব্যাহত রাখেন। এক পর্যায়ে হাসিমুখে তিনি বলেন, "বাজি ফাটালে শরীরের বিভিন্ন রোগব্যাধি সেরে যায়।"
বাজি ফাটানোর পক্ষে অবস্থান নিয়ে পাপিয়া অধিকারী আরো বলেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেও বাজি ফাটানোর কথা বলেছেন। তিনি প্রশ্ন তোলেন, বাজি ছাড়া কি কালীপূজা সম্পূর্ণ হয়? তাই তিনি উৎসবে বাজি ফাটানোর প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। তবে এ ক্ষেত্রে পুলিশ ও প্রশাসনের নির্দেশনা এবং প্রচলিত নিয়মকানুন মেনে চলার কথাও তিনি বলেন।
এর আগে আমহার্স্ট স্ট্রিট ও খালিষানিসহ বেশ কয়েকটি বড় পূজামণ্ডপ উদ্বোধন করতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কালীপূজায় আতশবাজি ফাটানোর প্রসঙ্গ তুলেছিলেন। তিনি শব্দদূষণ নিয়ন্ত্রণের ওপর গুরুত্ব দিয়ে আইন মেনে বাজি ফাটানোর নির্দেশনা দেন। একই সঙ্গে সাধারণ মানুষকে পরিবেশবান্ধব বা সবুজ বাজি ব্যবহারের আহ্বান জানান।
মুখ্যমন্ত্রীর এই সতর্কতামূলক বক্তব্যের বিপরীতে বাজি ফাটালে রোগ সেরে যাওয়ার বিষয়ে পাপিয়া অধিকারীর মন্তব্য নতুন বিতর্কের সৃষ্টি করেছে। বিশেষ করে তার দাবির পক্ষে কোনো বৈজ্ঞানিক ভিত্তি উল্লেখ না থাকায় বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
এআরবি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে যুদ্ধে ৪ লাখ ১২ হাজারের বেশি রুশ সেনা নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। এই তথ্যটি রাশিয়ার রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থা রসস্ট্যাটের ফাঁস হওয়া মৃত্যুসনদের বিশ্লেষণ করে উদ্ভূত হয়েছে। বিশেষজ্ঞদের মতে, প্রকৃত নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে।
বেলারুশের সরকারবিরোধী হ্যাকার গোষ্ঠী সাইবার পার্টিজানস এবং ইউক্রেনের হ্যাকার গোষ্ঠী সাইলেন্ট ক্রো রসস্ট্যাটের তথ্যভাণ্ডারে প্রবেশ করে এই তথ্য সংগ্রহ করেছে। পরে ১ কোটি ১০ লাখের বেশি মৃত্যুসনদের তথ্য দ্য গার্ডিয়ানসহ বিভিন্ন সংবাদমাধ্যমের কাছে আসে।
তথ্য বিশ্লেষণে দেখা যায়, ৪ লাখ ১২ হাজার ৫৭৬টি মৃত্যুসনদে সরাসরি যুদ্ধের সঙ্গে মৃত্যুর সম্পর্কিত তথ্য উল্লেখ রয়েছে। এসব তথ্যের মধ্যে মৃত ব্যক্তিদের বয়স, বসবাসের স্থান এবং মৃত্যুর স্থানও অন্তর্ভুক্ত রয়েছে।
তবে দ্য গার্ডিয়ান পুরো তথ্যভাণ্ডারের সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। রসস্ট্যাট হ্যাক হওয়ার বিষয়টি তারা স্বীকার করলেও সংবেদনশীল কোনো তথ্য চুরি হওয়ার দাবি অস্বীকার করেছে।
রাশিয়া সরকার যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সেনা নিহতের কোনো হালনাগাদ সংখ্যা প্রকাশ করেনি। সামরিক হতাহতের তথ্য রাষ্ট্রীয় গোপনীয়তা হিসেবে বিবেচিত হয়।
অন্যদিকে, জার্মানির আন্তর্জাতিক ও নিরাপত্তাবিষয়ক ইনস্টিটিউটের গবেষক ইয়ানিস ক্লুগের মতে, এই তথ্যগুলো বিশ্বাসযোগ্য এবং রাশিয়ার সামরিক হতাহতের বিষয়ে এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় তথ্য ফাঁসের ঘটনা।
তিনি ধারণা করছেন, প্রকৃত নিহতের সংখ্যা ৫ লাখের কাছাকাছি হতে পারে। কারণ, অনেক সেনার মরদেহ এখনও শনাক্ত হয়নি এবং মৃত্যুর প্রায় ছয় মাস পর সরকারি নথিতে অন্তর্ভুক্ত হওয়ার নজির রয়েছে।
তথ্যে রাশিয়ার বিভিন্ন অঞ্চলে যুদ্ধের অসম প্রভাবও উঠে এসেছে। পূর্বাঞ্চলের বুরিয়াতিয়া, তুভা এবং জাবাইকালস্কি অঞ্চলে ২০২২ সালে অভিযান শুরুর পর থেকে ২০২৪ সালের মাঝামাঝি পর্যন্ত ১৮ থেকে ৪৯ বছর বয়সী পুরুষদের মোট মৃত্যুর প্রায় এক-তৃতীয়াংশই যুদ্ধসংশ্লিষ্ট ছিল। মস্কো ও সেন্ট পিটার্সবার্গে এ হার প্রায় ১০ শতাংশ।
যুদ্ধ দীর্ঘ হওয়ার সঙ্গে সঙ্গে রুশ সেনাদের নিহতের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে ২০২৪ সালের শেষভাগ ও ২০২৫ সালের কয়েকটি মাসে প্রতি মাসে ১৫ হাজারের বেশি সেনা নিহত হওয়ার তথ্য বিশ্লেষণে উঠে এসেছে। অর্থাৎ কিছু সময়ে দৈনিক গড়ে ৫০০ জনের বেশি সেনা নিহত হয়েছেন।
ব্রিটিশ গোয়েন্দা সংস্থার গত সেপ্টেম্বরের এক হিসাবেও ইউক্রেন যুদ্ধে প্রায় ৫ লাখ রুশ সেনা নিহত হওয়ার তথ্য প্রকাশিত হয়েছিল। রাশিয়ার স্বাধীন সংবাদমাধ্যম মিডিয়াজোনা সরকারি নথি, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত শোকবার্তা ও কবরের ছবি বিশ্লেষণ করে এখন পর্যন্ত প্রায় ২ লাখ ৮৬ হাজার নিহত সেনার পরিচয় শনাক্ত করেছে। সংবাদমাধ্যমটির ধারণা, প্রকৃত সংখ্যা ৫ লাখের কাছাকাছি।
এদিকে বিপুলসংখ্যক সেনা নিহত হওয়ার পরও যুদ্ধ বন্ধে মস্কোর অবস্থানে কোনো পরিবর্তনের আভাস নেই। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চিন্তাভাবনা সম্পর্কে অবগত এক ব্যক্তির বরাতে দ্য গার্ডিয়ান জানিয়েছে, পুতিন নিজের দাবির চেয়ে কম কিছু মেনে নিয়ে সমঝোতায় পৌঁছানোকে নিজের ও জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা হিসেবে দেখবেন।
এমন পরিস্থিতিতে যুদ্ধ বন্ধে নতুন করে আলোচনায় বসতে যাচ্ছে রাশিয়া ও ইউক্রেন। মঙ্গলবার (১০ নভেম্বর) সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে দুই দেশের জ্যেষ্ঠ প্রতিনিধিদের বৈঠক হওয়ার কথা রয়েছে। এতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারও অংশ নিতে পারেন।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আয়োজিত এ বৈঠকে যুদ্ধ-পরবর্তী নিরাপত্তাব্যবস্থা, উত্তেজনা প্রশমন এবং মানবিক বিষয়গুলো গুরুত্ব পাবে বলে জানিয়েছেন উইটকফ। তবে আগের আলোচনাগুলোতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। ইউক্রেনের নিয়ন্ত্রণে থাকা দনবাস অঞ্চলের অংশবিশেষ থেকেও সেনা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে মস্কো।
বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অংশ নিচ্ছেন না। এদিকে আলোচনায় ইউক্রেনের বাইরেও ইউরোপের নিরাপত্তা পরিস্থিতি এবং রাশিয়ার সীমান্তবর্তী দেশগুলোতে ন্যাটোর সামরিক উপস্থিতি কমানোর বিষয়টি উঠে আসতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপের কয়েকটি দেশ। সূত্র: দ্য গার্ডিয়ান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় পাঁচটি ককটেলসহ মোহাম্মদ সাইফুল ইসলাম (৩৫) নামের এক যুবককে পুলিশ আটক করেছে। এ সময় তার ব্যবহৃত রয়েল এনফিল্ড মোটরসাইকেলটি জব্দ করা হয়। তার সঙ্গে থাকা পলাশ (৪৫) নামের একজন পালিয়ে গেছে।
সোমবার রাত ৮টা ১০ মিনিটের দিকে জনপদ মোড় ফ্লাইওভারের প্রবেশমুখে পুলিশের চেকপোস্টে এই ঘটনা ঘটে। যাত্রাবাড়ী থানার ওসি রাজু আহমেদ সোমবার রাত সোয়া ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়ির এসআই মো. এমরান হোসাইন সঙ্গীয় ফোর্স নিয়ে চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন। এ সময় একটি রয়েল এনফিল্ড মোটরসাইকেলে দুই আরোহী সেখানে আসলে তাদের থামার সংকেত দেওয়া হয়।
কিন্তু তারা মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করে। পরে যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়ি ও এসআরইউ সদস্যদের সহযোগিতায় সাইফুল ইসলামকে আটক করা হয়। এ সময় অপর আরোহী পালিয়ে যায়।
আটকের পর সাইফুলের হাতে থাকা একটি বাজারের ব্যাগে ধানের তুষ দেখতে পান পুলিশ সদস্যরা। পরে বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা ব্যাগটি পরীক্ষা করে পাঁচটি ককটেল উদ্ধার করেন।
গ্রেপ্তার সাইফুলের বাবার নাম মোহাম্মদ খলিলুর রহমান। তার গ্রামের বাড়ি কুমিল্লার মনোহরগঞ্জ থানার ঝলম গ্রামের ১ নম্বর এলাকায়। বর্তমানে তিনি রাজধানীর শাহজাহানপুর থানার মালিবাগ ফার্স্ট লেনের বাসিন্দা।
পুলিশ জানায়, পলাতক পলাশের বয়স আনুমানিক ৪৫ বছর। তার বাড়ি মানিকগঞ্জে। তবে তার বিস্তারিত পরিচয় এখনো পাওয়া যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ফ্রান্সের সরকার ইরানকে দায়ী করেছে দেশের শত শত সুপারমার্কেটের ফ্রিজ ও ফ্রিজারে সাইবার হামলার জন্য। এই হামলার ফলে বিপুল পরিমাণ তাজা এবং হিমায়িত খাবার নষ্ট হয়েছে, এবং আর্থিক ক্ষতির পরিমাণ কয়েক মিলিয়ন ইউরোর আশেপাশে বলে ধারণা করা হচ্ছে।
এক সংবাদ সম্মেলনে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো জানিয়েছেন, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এই সাইবার হামলার পেছনে রয়েছে। তিনি বলেন, হামলাটি ব্যাপকতা ও আগ্রাসনের দিক থেকে নজিরবিহীন।
তিনি আরও উল্লেখ করেন, এই ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ইউরোপীয় পর্যায়ে নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নেওয়া হবে। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী বলেন, হামলার সঙ্গে সংশ্লিষ্ট সকলকে জবাবদিহির আওতায় আনতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে তার দেশ।
গত মাসে সংঘটিত এই সাইবার হামলায় ফ্রান্সের কয়েকশ সুপারমার্কেটের ফ্রিজ ও ফ্রিজারের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। এর ফলে সংরক্ষিত তাজা খাবার ও হিমায়িত পণ্যগুলো নষ্ট হয়ে যায়। এতে কয়েক মিলিয়ন ইউরোর আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে।
এদিকে, গত সপ্তাহে ইউরোপের আরও সাতটি দেশের কয়েক ডজন সুপারমার্কেটও একই ধরনের সাইবার হামলার শিকার হয়েছে। এসব হামলাতেও দোকানগুলোর ফ্রিজ ও ফ্রিজারকে লক্ষ্যবস্তু করা হয়। তবে ফ্রান্সসহ অন্যান্য দেশের এসব হামলার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
ফরাসি সরকারের অভিযোগের বিষয়ে ইরান এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি।
অন্যদিকে, সোমবার প্যারিসের সরকারি কৌঁসুলির দপ্তর জানায়, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের সঙ্গে সংশ্লিষ্ট একটি আক্রমণাত্মক সাইবার ইউনিটের প্রধানের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। তবে এই তদন্তের সঙ্গে সুপারমার্কেটগুলোতে হামলার সরাসরি সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
সূত্র: বিবিসি
এআরবি
তালাশ বিডি/মিডিয়া লিঃ