প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে যুদ্ধে ৪ লাখ ১২ হাজারের বেশি রুশ সেনা নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। এই তথ্যটি রাশিয়ার রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থা রসস্ট্যাটের ফাঁস হওয়া মৃত্যুসনদের বিশ্লেষণ করে উদ্ভূত হয়েছে। বিশেষজ্ঞদের মতে, প্রকৃত নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে।
বেলারুশের সরকারবিরোধী হ্যাকার গোষ্ঠী সাইবার পার্টিজানস এবং ইউক্রেনের হ্যাকার গোষ্ঠী সাইলেন্ট ক্রো রসস্ট্যাটের তথ্যভাণ্ডারে প্রবেশ করে এই তথ্য সংগ্রহ করেছে। পরে ১ কোটি ১০ লাখের বেশি মৃত্যুসনদের তথ্য দ্য গার্ডিয়ানসহ বিভিন্ন সংবাদমাধ্যমের কাছে আসে।
তথ্য বিশ্লেষণে দেখা যায়, ৪ লাখ ১২ হাজার ৫৭৬টি মৃত্যুসনদে সরাসরি যুদ্ধের সঙ্গে মৃত্যুর সম্পর্কিত তথ্য উল্লেখ রয়েছে। এসব তথ্যের মধ্যে মৃত ব্যক্তিদের বয়স, বসবাসের স্থান এবং মৃত্যুর স্থানও অন্তর্ভুক্ত রয়েছে।
তবে দ্য গার্ডিয়ান পুরো তথ্যভাণ্ডারের সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। রসস্ট্যাট হ্যাক হওয়ার বিষয়টি তারা স্বীকার করলেও সংবেদনশীল কোনো তথ্য চুরি হওয়ার দাবি অস্বীকার করেছে।
রাশিয়া সরকার যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সেনা নিহতের কোনো হালনাগাদ সংখ্যা প্রকাশ করেনি। সামরিক হতাহতের তথ্য রাষ্ট্রীয় গোপনীয়তা হিসেবে বিবেচিত হয়।
অন্যদিকে, জার্মানির আন্তর্জাতিক ও নিরাপত্তাবিষয়ক ইনস্টিটিউটের গবেষক ইয়ানিস ক্লুগের মতে, এই তথ্যগুলো বিশ্বাসযোগ্য এবং রাশিয়ার সামরিক হতাহতের বিষয়ে এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় তথ্য ফাঁসের ঘটনা।
তিনি ধারণা করছেন, প্রকৃত নিহতের সংখ্যা ৫ লাখের কাছাকাছি হতে পারে। কারণ, অনেক সেনার মরদেহ এখনও শনাক্ত হয়নি এবং মৃত্যুর প্রায় ছয় মাস পর সরকারি নথিতে অন্তর্ভুক্ত হওয়ার নজির রয়েছে।
তথ্যে রাশিয়ার বিভিন্ন অঞ্চলে যুদ্ধের অসম প্রভাবও উঠে এসেছে। পূর্বাঞ্চলের বুরিয়াতিয়া, তুভা এবং জাবাইকালস্কি অঞ্চলে ২০২২ সালে অভিযান শুরুর পর থেকে ২০২৪ সালের মাঝামাঝি পর্যন্ত ১৮ থেকে ৪৯ বছর বয়সী পুরুষদের মোট মৃত্যুর প্রায় এক-তৃতীয়াংশই যুদ্ধসংশ্লিষ্ট ছিল। মস্কো ও সেন্ট পিটার্সবার্গে এ হার প্রায় ১০ শতাংশ।
যুদ্ধ দীর্ঘ হওয়ার সঙ্গে সঙ্গে রুশ সেনাদের নিহতের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে ২০২৪ সালের শেষভাগ ও ২০২৫ সালের কয়েকটি মাসে প্রতি মাসে ১৫ হাজারের বেশি সেনা নিহত হওয়ার তথ্য বিশ্লেষণে উঠে এসেছে। অর্থাৎ কিছু সময়ে দৈনিক গড়ে ৫০০ জনের বেশি সেনা নিহত হয়েছেন।
ব্রিটিশ গোয়েন্দা সংস্থার গত সেপ্টেম্বরের এক হিসাবেও ইউক্রেন যুদ্ধে প্রায় ৫ লাখ রুশ সেনা নিহত হওয়ার তথ্য প্রকাশিত হয়েছিল। রাশিয়ার স্বাধীন সংবাদমাধ্যম মিডিয়াজোনা সরকারি নথি, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত শোকবার্তা ও কবরের ছবি বিশ্লেষণ করে এখন পর্যন্ত প্রায় ২ লাখ ৮৬ হাজার নিহত সেনার পরিচয় শনাক্ত করেছে। সংবাদমাধ্যমটির ধারণা, প্রকৃত সংখ্যা ৫ লাখের কাছাকাছি।
এদিকে বিপুলসংখ্যক সেনা নিহত হওয়ার পরও যুদ্ধ বন্ধে মস্কোর অবস্থানে কোনো পরিবর্তনের আভাস নেই। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চিন্তাভাবনা সম্পর্কে অবগত এক ব্যক্তির বরাতে দ্য গার্ডিয়ান জানিয়েছে, পুতিন নিজের দাবির চেয়ে কম কিছু মেনে নিয়ে সমঝোতায় পৌঁছানোকে নিজের ও জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা হিসেবে দেখবেন।
এমন পরিস্থিতিতে যুদ্ধ বন্ধে নতুন করে আলোচনায় বসতে যাচ্ছে রাশিয়া ও ইউক্রেন। মঙ্গলবার (১০ নভেম্বর) সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে দুই দেশের জ্যেষ্ঠ প্রতিনিধিদের বৈঠক হওয়ার কথা রয়েছে। এতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারও অংশ নিতে পারেন।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আয়োজিত এ বৈঠকে যুদ্ধ-পরবর্তী নিরাপত্তাব্যবস্থা, উত্তেজনা প্রশমন এবং মানবিক বিষয়গুলো গুরুত্ব পাবে বলে জানিয়েছেন উইটকফ। তবে আগের আলোচনাগুলোতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। ইউক্রেনের নিয়ন্ত্রণে থাকা দনবাস অঞ্চলের অংশবিশেষ থেকেও সেনা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে মস্কো।
বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অংশ নিচ্ছেন না। এদিকে আলোচনায় ইউক্রেনের বাইরেও ইউরোপের নিরাপত্তা পরিস্থিতি এবং রাশিয়ার সীমান্তবর্তী দেশগুলোতে ন্যাটোর সামরিক উপস্থিতি কমানোর বিষয়টি উঠে আসতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপের কয়েকটি দেশ। সূত্র: দ্য গার্ডিয়ান
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন