প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কালীপূজা ও দীপাবলিকে কেন্দ্র করে আতশবাজি পোড়ানো নিয়ে চলমান বিতর্কের মাঝে ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারী একটি অদ্ভুত দাবি করেছেন। তিনি বলেছেন, বাজি ফাটালে শরীরের বিভিন্ন রোগব্যাধি সেরে যায়। তার এই মন্তব্য রাজনৈতিক ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি করেছে।
সম্প্রতি টালিগঞ্জের একটি কালীপূজার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির এই বিধায়ক। বক্তব্য দেওয়ার সময় তার সামনে বিকট শব্দে একটি বাজি ফেটে ওঠে। তবে তিনি এতে বিচলিত না হয়ে বক্তব্য অব্যাহত রাখেন। এক পর্যায়ে হাসিমুখে তিনি বলেন, "বাজি ফাটালে শরীরের বিভিন্ন রোগব্যাধি সেরে যায়।"
বাজি ফাটানোর পক্ষে অবস্থান নিয়ে পাপিয়া অধিকারী আরো বলেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেও বাজি ফাটানোর কথা বলেছেন। তিনি প্রশ্ন তোলেন, বাজি ছাড়া কি কালীপূজা সম্পূর্ণ হয়? তাই তিনি উৎসবে বাজি ফাটানোর প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। তবে এ ক্ষেত্রে পুলিশ ও প্রশাসনের নির্দেশনা এবং প্রচলিত নিয়মকানুন মেনে চলার কথাও তিনি বলেন।
এর আগে আমহার্স্ট স্ট্রিট ও খালিষানিসহ বেশ কয়েকটি বড় পূজামণ্ডপ উদ্বোধন করতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কালীপূজায় আতশবাজি ফাটানোর প্রসঙ্গ তুলেছিলেন। তিনি শব্দদূষণ নিয়ন্ত্রণের ওপর গুরুত্ব দিয়ে আইন মেনে বাজি ফাটানোর নির্দেশনা দেন। একই সঙ্গে সাধারণ মানুষকে পরিবেশবান্ধব বা সবুজ বাজি ব্যবহারের আহ্বান জানান।
মুখ্যমন্ত্রীর এই সতর্কতামূলক বক্তব্যের বিপরীতে বাজি ফাটালে রোগ সেরে যাওয়ার বিষয়ে পাপিয়া অধিকারীর মন্তব্য নতুন বিতর্কের সৃষ্টি করেছে। বিশেষ করে তার দাবির পক্ষে কোনো বৈজ্ঞানিক ভিত্তি উল্লেখ না থাকায় বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
এআরবি
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন