১০:৪৪ পি.এম
জাতীয় বেতন স্কেল ২০২৬ কার্যকর হওয়ার পর সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণ নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। নতুন স্কেলে একই দপ্তরের একজন নিম্ন গ্রেডের কর্মচারী উচ্চ গ্রেডের সহকর্মীর তুলনায় বেশি মূল বেতন পাচ্ছেন। অথচ পূর্বের বেতন কাঠামোয় ওই উচ্চ গ্রেডের কর্মচারী কিছুটা বেশি বেতন পেতেন। সেপ্টেম্বর ও অক্টোবর মাসের বেতন বিল তুলনা করে এমন চিত্র উঠে এসেছে।
এদিকে, বিভিন্ন অসংগতি পর্যালোচনার জন্য সরকার ছয় মন্ত্রীর সমন্বয়ে একটি মন্ত্রিসভা কমিটি গঠন করেছে। এই কমিটি গ্রেডের মধ্যে বেতন বৈষম্য, পদোন্নতির পর আয় কমে যাওয়ার আশঙ্কা এবং উচ্চতর গ্রেড নিয়ে জটিলতা দূর করার বিষয়ে সুপারিশ করবে। একই সঙ্গে নতুন ঝুঁকি ভাতা চালু, বিদ্যমান ভাতার হার পরিবর্তন এবং বিভিন্ন গ্রেডের মধ্যে সামঞ্জস্য আনার বিষয়ও পর্যালোচনা করা হবে। গত ২ নভেম্বর এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
পে স্কেলে যেসব অসংগতি নিয়ে অভিযোগ
আরও পড়ুন: মাগুরার আলোকদিয়ায় জুয়ার আসরে পুলিশের অভিযান, ৫ জন আটক
নতুন বেতন কাঠামো নিয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের কর্মচারীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, কিছু ক্ষেত্রে উচ্চতর গ্রেডে থেকেও তুলনামূলক কম বেতন পাওয়া যাচ্ছে। আবার পদোন্নতির পর কারো কারো মোট আয় কমে যাওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে।
কর্মচারীদের অভিযোগের মধ্যে রয়েছে ১১তম ও ১২তম গ্রেডের বেতন সমন্বয় সংক্রান্ত জটিলতা। তাদের দাবি, নতুন কাঠামোয় কিছু ক্ষেত্রে ১২তম গ্রেডের বেতন ১১তম গ্রেডের তুলনায় বেশি হয়ে যাচ্ছে। উচ্চতর গ্রেড নিয়েও অসন্তোষ রয়েছে। নির্দিষ্ট সময় চাকরি করার ভিত্তিতে উচ্চতর গ্রেড দেওয়ার কারণে কিছু ক্ষেত্রে জ্যেষ্ঠ ও কনিষ্ঠ কর্মচারীদের বেতনের ব্যবধান কমে যাচ্ছে বলে অভিযোগ করেছেন তারা। এসব বিষয় তুলে ধরে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের কর্মচারীরা অর্থসচিবের কাছে আবেদন করেছেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, কর্মচারীদের বেতন গ্রেড-ভাতা নির্ধারণ ও পরিবর্ধন-পরিমার্জনের বিষয় পর্যালোচনা কমিটির আহ্বায়ক হিসেবে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে নিয়োগ করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
নতুন ঝুঁকি ভাতা ও অন্যান্য ভাতা পর্যালোচনা
আরও পড়ুন: জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ আ. লীগ নেতাকে ছিনতাই
কমিটির দায়িত্ব শুধুমাত্র বেতন গ্রেডের অসংগতি পর্যালোচনার মধ্যে সীমাবদ্ধ নয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, কর্মচারীদের বিভিন্ন অভিযোগ পরীক্ষা-নিরীক্ষা করে নিষ্পত্তির বিষয়ে সুপারিশ করবে কমিটি। এ ছাড়া নতুন করে ঝুঁকি ভাতা চালু করা প্রয়োজন কি না, বিদ্যমান ভাতার হার বাড়ানো বা কমানো দরকার কি না, এসব বিষয়ও পর্যালোচনা করা হবে। পাশাপাশি বিভিন্ন পদের গ্রেড উন্নীতকরণ, অবনমন এবং গ্রেডের মধ্যে সামঞ্জস্য বিধানের বিষয়েও সুপারিশ দেওয়ার সুযোগ রয়েছে।
কমিটিকে সহযোগিতা করবেন যারা
কমিটির কার্যক্রমে সহযোগিতা করবেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার এবং জনপ্রশাসনসচিব মো. কামরুজ্জামান চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। অর্থ বিভাগ কমিটিকে সাচিবিক সহায়তা দেবে। প্রয়োজনে কমিটিতে নতুন সদস্য অন্তর্ভুক্ত করার সুযোগও রাখা হয়েছে।
তবে কমিটির সুপারিশ জমা দেওয়ার নির্দিষ্ট সময়সীমা এবং সুপারিশ বাস্তবায়নের বিষয়ে প্রজ্ঞাপনে কোনো সময়সূচি উল্লেখ করা হয়নি। অর্থাৎ, কমিটি গঠনের মাধ্যমে পে স্কেলের বিভিন্ন অসংগতি পর্যালোচনার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বা ভাতা পরিবর্তনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানতে কমিটির সুপারিশ এবং সরকারের পরবর্তী নির্দেশনার অপেক্ষা করতে হবে।
আরও পড়ুন: আওয়ামী লীগের নাশকতার বিরুদ্ধে জেডিপির বিক্ষোভ মিছিল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন