কাঠালিয়া সংবাদদাতা ফাতিমা আক্তার মিম
১১:৩১ পি.এম
ঝালকাঠির কাঠালিয়া সদর ৪ নম্বর ইউনিয়নের ২ নম্বর দক্ষিণ আউরা গ্রামের দাসপাড়া আশ্রয়ণ প্রকল্পটি এখন তীব্র খালের ভাঙন ও চরম দুর্দশার মুখে পড়েছে। খালের ভাঙনে প্রকল্পটি বর্তমানে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। দীর্ঘ দিনেও কোনো সংস্কার কাজ না হওয়ায় এবং দ্রুত জিও ব্যাগ (বালুর বস্তা) ফেলা ও পাইলিংয়ের জন্য সরকারি কোনো বরাদ্দ না পাওয়ায় চরম আতঙ্ক ও মানবেতর জীবনযাপন করছেন এখানকার বাসিন্দারা।
আবাসন সংকট ও জরাজীর্ণ অবস্থা:
প্রকল্পের ১০টি পরিবারের বসতঘরের টিনগুলো সম্পূর্ণ ক্ষয়ে গেছে। অনেক ঘরেই দরজা, জানালা ও বেড়া নেই। সামান্য বৃষ্টিতেই ঘরের ভেতর পানি ঢুকে পড়ে। বাধ্য হয়ে পলিথিন ও ত্রিপল টাঙিয়ে রাত কাটাচ্ছেন অসহায় এসব মানুষ। খালের ভাঙন ও জরাজীর্ণতার কারণে সবসময় আতঙ্ক নিয়ে দিন পার করতে হয় তাদের।
মৌলিক সুবিধার চরম অভাব:
আশ্রয়ণ প্রকল্পটিতে মৌলিক মানবিক সুবিধার তীব্র ঘাটতি রয়েছে। এলাকায় কোনো স্বাস্থ্যসেবা কেন্দ্র, শিশু শিক্ষালয় বা স্বাস্থ্যসম্মত শৌচাগারের ব্যবস্থা নেই। অস্বাস্থ্যকর ও ঝুঁকিপূর্ণ পরিবেশের কারণে এখানকার শিশুরা নানা রোগে আক্রান্ত হচ্ছে।
রাজনৈতিক ও প্রশাসনিক অবহেলা:
বাসিন্দাদের অভিযোগ, তৎকালীন সরকারের আমলে প্রকল্পটি নির্মিত হওয়ায় পরবর্তী সময়ে রাজনৈতিক রোষানল ও অবহেলার শিকার হয়ে ঘরগুলো আর সংস্কার করা হয়নি। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে বারবার ধরণা দিয়েও কোনো প্রতিকার পাননি তারা। দ্রুত সরকারি হস্তক্ষেপ না পেলে যেকোনো মুহূর্তে বড় ধরনের বিপদের আশঙ্কা করছেন এলাকাবাসী।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা সিমা আক্তার জানান, দীর্ঘদিন ধরে তারা চরম অনিশ্চয়তা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। হামিদা বেগম জানান, সামান্য বৃষ্টি হলেই ঘরে পানি পড়ে, রাতে ঘুমানো দায় হয়ে পড়ে। নূর জাহান বেগম ও নাসরিন বেগমসহ ভুক্তভোগী পরিবারগুলো তাদের দুর্দশার কথা তুলে ধরে দ্রুত সরকারি সহায়তা ও পুনর্বাসন দাবি করেছেন। এছাড়া তৃতীয় শ্রেণির ছাত্রী আনিসা আক্তারও তার পরিবার নিয়ে এই অনিশ্চিত ও মানবেতর জীবন থেকে মুক্তি চেয়েছে।
অসহায় এই পরিবারগুলোকে খালের ভাঙন থেকে রক্ষা করতে এবং তাদের মৌলিক অধিকার নিশ্চিত করতে দ্রুত প্রশাসনিক ও সরকারি উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং ব্রিটেনের ডাচেস অভ এডিনবরা সোফির মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে নারীর ক্ষমতায়ন, মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং রোহিঙ্গা সংকটসহ ঝুঁকিপূর্ণ জনগণের সুরক্ষায় পারস্পরিক সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করা হয়েছে।
ঢাকায় সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডা. জুবাইদা রহমান বাংলাদেশে ব্রিটিশ ডাচেসকে উষ্ণ অভ্যর্থনা জানান। তিনি নারীর ক্ষমতায়ন, মেয়েদের শিক্ষা এবং শিশু ও তরুণদের কল্যাণে ডাচেসের দীর্ঘদিনের প্রতিশ্রুতির প্রশংসা করেন। এছাড়া চোখের চিকিৎসা এবং প্রতিরোধযোগ্য অন্ধত্ব রোধে ডাচেসের নিরলস ভূমিকার কথাও তিনি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।
বৈঠকে তারা নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবা, লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং তরুণদের জন্য সুযোগ বৃদ্ধির বিষয়ে মতবিনিময় করেন।
স্বাস্থ্যসম্মত বাংলাদেশ গড়ার সরকারের অঙ্গীকার তুলে ধরে ডা. জুবাইদা রহমান মাতৃমৃত্যু কমানো এবং এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের মাধ্যমে স্বাস্থ্যসেবা শক্তিশালী করার বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।
এছাড়া পরিবার ও সমাজে আর্থিক ও সামাজিক সহায়তা নিশ্চিত করতে ‘ফ্যামিলি কার্ড’ ও ‘ফার্মার্স কার্ড’-এর মতো সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির বিষয়েও তিনি ডাচেসকে অবহিত করেন।
তিনি মেয়েদের অবৈতনিক শিক্ষা এবং দেশের আর্থসামাজিক উন্নয়নে নারীদের অর্থপূর্ণ অংশগ্রহণ বাড়াতে সুযোগ তৈরির ওপর গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি, সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগণের জীবনমান উন্নয়নে জিয়াউর রহমান ফাউন্ডেশন এবং ‘সুরভী’-এর দীর্ঘদিনের অবদান তুলে ধরেন।
ফাউন্ডেশনের কার্যক্রম সম্পর্কে বলতে গিয়ে ডা. জুবাইদা রহমান জানান যে, তাদের উদ্যোগগুলো অর্থনৈতিক স্বাধীনতা, আত্মনির্ভরশীলতা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে নারীদের উন্নয়নের কেন্দ্রবিন্দুতে রাখতে কাজ করেছে। তিনি ব্যাখ্যা করেন কীভাবে এই সংগঠনগুলোর অভিজ্ঞতা সরকারের উন্নয়ন অগ্রাধিকার নির্ধারণে এবং নির্বাচনি ইশতেহারে প্রতিফলিত হয়েছে।
এছাড়া তিনি অতিদরিদ্র জনগণের শিশু ও নারীদের জন্য শিক্ষা, শিশু সুরক্ষা, স্বাস্থ্যসেবা, পুষ্টি, পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি (ওয়াশ) এবং দক্ষতা উন্নয়নে ‘সুরভী’র কাজের কথা তুলে ধরেন। সুবিধাবঞ্চিত শিশু ও তরুণদের জন্য গৃহীত বিভিন্ন উদ্যোগের মধ্যে তিনি শহুরে বস্তি এলাকায় ‘শিশু স্বর্গ মডেল’, ‘ব্লু স্কাই প্রোগ্রাম’ এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সহায়তায় ‘প্রয়াস’-এর কার্যক্রমের কথা উল্লেখ করেন।
তরুণদের মধ্যে পরিবেশগত সচেতনতা বাড়াতে সরকারের ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির কথাও তিনি ডাচেসকে জানান।
ডাচেস স্বাস্থ্যসেবা, শিক্ষা, নারীর ক্ষমতায়ন এবং সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে বাংলাদেশের উদ্যোগগুলোর প্রশংসা করেন। তিনি বিশেষ করে ‘সুরভী’ ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের অবদানের কথা সাধুবাদ জানান এবং সরকারের বৃহত্তর উন্নয়ন এজেন্ডায় এই অভিজ্ঞতাগুলোকে যুক্ত করার প্রচেষ্টাকে স্বাগত জানান।
ব্রেক-থ্রু হিসেবে রয়্যাল হাইনেস প্রধানমন্ত্রী তারেক রহমানের নারীর ক্ষমতায়ন এবং নারী নির্যাতনবিরোধী প্রচারণার প্রতিশ্রুতিরও প্রশংসা করেন।
বৈঠকে দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়। ডা. জুবাইদা রহমান বাংলাদেশে থাকা রোহিঙ্গা এবং তাদের আশ্রয়দাতা স্থানীয় সম্প্রদায়ের জন্য অব্যাহত আন্তর্জাতিক মানবিক সহায়তার আহ্বান জানান। তিনি মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করার ওপর পুনরায় জোর দেন।
ডাচেস বছরের পর বছর ধরে বিশাল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের উদারতা ও মানবিক প্রতিশ্রুতির কথা স্বীকার করেন এবং আন্তর্জাতিক অঙ্গনে রোহিঙ্গা ইস্যুটিকে উচ্চ অগ্রাধিকার তালিকায় রাখতে নিজের প্রচেষ্টা অব্যাহত রাখার আশ্বাস দেন।
উভয়পক্ষ অভিন্ন অগ্রাধিকারের বিষয়গুলো নিয়ে মতবিনিময় করেন এবং নারীর ক্ষমতায়ন, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও ঝুঁকিপূর্ণ জনগণের সুরক্ষায় গভীর সহযোগিতার সুযোগগুলো অন্বেষণ করেন।
বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন এবং বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইসরায়েলের নতুন পার্লামেন্টের (কনেসেট) উদ্বোধনী অধিবেশনে স্পিকার পরিবর্তনের চেষ্টা করেছিল বিরোধী রাজনৈতিক জোট। তবে, এই উদ্যোগে সমর্থন দেয়নি দেশটির ধর্মভিত্তিক বা অতি-অর্থোডক্স (হারেদি) রাজনৈতিক দল ‘ইউটিজে’ (ইউনাইটেড তোরাহ জুডাইসি)। এ তথ্যটি ইসরাইলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে প্রকাশিত হয়েছে।
সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে, বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট অথবা বিরোধী জোট, কোন পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় একক সংখ্যাগরিষ্ঠতা (৬১টি আসন) অর্জন করতে পারেনি। এর ফলে দেশটির রাজনীতিতে একটি অচলাবস্থা সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে, প্রাক্তন সেনাপ্রধান গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী দল ‘ইয়াশার’ সরকার গঠনের চেষ্টা করছে এবং পার্লামেন্টে নিজেদের প্রভাব বাড়ানোর জন্য বর্তমান স্পিকার আমির ওহানাকে পদচ্যুত করার পরিকল্পনা গ্রহণ করেছে।
ইসরাইলের নিয়ম অনুসারে, নতুন সরকার গঠিত না হওয়া পর্যন্ত আগের প্রধানমন্ত্রীর নেতৃত্বেই দেশ পরিচালিত হয়। বর্তমান স্পিকার আমির ওহানা হচ্ছেন বিদায়ী প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দল ‘লিকুদ’-এর নেতা। বিরোধীরা চেয়েছিল, প্রথম দিনেই স্পিকার পরিবর্তন করে পার্লামেন্টের বিল পাস, কমিটি গঠন এবং অন্যান্য এজেন্ডার পূর্ণ নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে।
স্পিকার সরানোর জন্য অন্তত ৬১ জন আইনপ্রণেতার সমর্থন প্রয়োজন। এই কারণে বিরোধী জোটের ইয়াশার পার্টি ধর্মভিত্তিক দল ‘শাস’ এবং ‘ইউটিজে’-কে তাদের পক্ষে আসার আহ্বান জানিয়েছে।
ধর্মভিত্তিক দল ‘ইউটিজে’-র অবস্থান বিরোধীদের এই প্রস্তাবকে সরাসরি নাকচ করেছে। দলটির চেয়ারম্যান ইয়াকভ আশের এক বিবৃতিতে জানান, নতুন সরকার গঠনের আগে স্পিকার পরিবর্তন করা কোনো সুস্থ নিয়ম নয়।
তিনি যুক্তি দেন, "ধরা যাক, বিরোধীরা জোট বেঁধে নতুন একজন স্পিকার নির্বাচিত করল। কিন্তু পরে সরকার গঠন করল অন্য পক্ষ (নেতানিয়াহুর জোট)। তখন সরকারের সঙ্গে স্পিকারের সংঘাত তৈরি হবে, যা পুরো প্রক্রিয়াকে জটিল করে তুলবে।" তাই তার মতে, সরকার গঠনের পর সেই সরকারের সমর্থন নিয়ে নতুন স্পিকার আসা উচিত।
বর্তমানে দেশটির প্রেসিডেন্ট আইজাক হারজোগ বিরোধী নেতা গাদি আইজেনকোটকে সরকার গঠনের সুযোগ দিয়েছেন। তবে একক সংখ্যাগরিষ্ঠতা না থাকার কারণে বিরোধী জোটের জন্য সরকার গঠন করা বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে। তারা ধর্মভিত্তিক দলগুলোকে পাশে টানতে টানা আলোচনা চালিয়ে যাচ্ছে।
অন্যদিকে, বিরোধী দলগুলোর মধ্যে নতুন স্পিকারের প্রার্থী কে হবেন, তা নিয়ে এখনও একমত হতে পারেনি। যদি শেষ পর্যন্ত কোন দলই সরকার গঠন করতে না পারে, তবে ইসরাইলকে হয়তো আবারও নতুন নির্বাচনের দিকে যেতে হতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইরান যুদ্ধের কৌশল পরিবর্তনের দিকে অগ্রসর হচ্ছে বলে মন্তব্য করেছেন দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া।
এ তথ্যটি সোমবার (৯ নভেম্বর) কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে, রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবির বরাতে জানানো হয়।
মোহাম্মদ আকরামিনিয়া উল্লেখ করেছেন যে, দেশের সামরিক বাহিনী বর্তমানে আক্রমণাত্মক সামরিক নীতির দিকে অগ্রসর হচ্ছে। এই পরিবর্তনের জন্য উপযুক্ত অস্ত্র সংগ্রহের পাশাপাশি যুদ্ধ পরিচালনার কৌশলেও পরিবর্তন আনা প্রয়োজন।
তিনি বলেন, পূর্বে ইরানের সামরিক অবস্থান ছিল প্রতিরক্ষামূলক, যা শত্রুর হামলার জবাবে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মধ্যে সীমাবদ্ধ ছিল। তবে সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সাম্প্রতিক নির্দেশনাগুলো এখন সশস্ত্র বাহিনীর কার্যক্রমের ভিত্তি হয়ে উঠেছে।
এসব নির্দেশনার মধ্যে রয়েছে সামরিক কার্যক্রমে জরুরিভিত্তিতে পদক্ষেপ নেওয়া, কার্যকারিতা বৃদ্ধি করা এবং ভৌগোলিক সীমাবদ্ধতা ছাড়াই অভিযান পরিচালনা করা।
আকরামিনিয়া আরও জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক মধ্যবর্তী নির্বাচনের ফলাফল নতুন করে যুদ্ধ শুরুর আশঙ্কা কিছুটা কমাতে পারে। তবে এসব পরিস্থিতির ওপর নির্ভর না করে ইরানের সামরিক ও প্রতিরক্ষাসক্ষমতা বাড়ানোর কার্যক্রম স্বাধীনভাবে এবং নিরবচ্ছিন্নভাবে এগিয়ে নেওয়া হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গত কয়েকদিনে রাজধানীর বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও নাশকতামূলক কর্মকাণ্ড নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। বিশেষ করে ফার্মগেটে মেট্রোস্টেশনের নিচে ঘটে যাওয়া ঘটনার প্রতি তাদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
এবি পার্টি মনে করে, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ককটেল বিস্ফোরণ এবং রাজধানীর বিভিন্ন এলাকায় বাসে আগুন দেওয়ার ঘটনা বিচ্ছিন্নভাবে দেখা উচিত নয়। দলের নেতৃদ্বয় মন্তব্য করেন, পতিত ও পরাজিত শক্তি বিভিন্ন অপকৌশলে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে, যা জনমনে আতঙ্ক ছড়ায় এবং গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করে। তারা বলেন, এসব ঘটনার পেছনে কারা জড়িত, তা উদ্ঘাটন করা প্রয়োজন।
নেতৃদ্বয় আরও বলেন, বাংলাদেশে মানুষ দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদী শাসন, দমন-পীড়ন ও রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে জুলাইয়ে ছাত্র জনতার রক্ত দিয়ে পরিবর্তনের আকাঙ্ক্ষা প্রতিষ্ঠা করেছে। যদি কেউ সেই পরিবর্তনের পথে বাধা দিতে আগুন, বোমা ও আতঙ্কের রাজনীতি ফিরিয়ে আনতে চায়, তাহলে জনগণের সঙ্গে তারা সেটি প্রতিহত করবেন। ফ্যাসিবাদী পরাজয়ের প্রতিশোধ নিরীহ মানুষের জীবন, সম্পদ ও জননিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলে দেওয়ার সুযোগ দেওয়া হবে না।
এবি পার্টির চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক বলেন, সাধারণ যাত্রী, শ্রমজীবী মানুষ ও পরিবহন খাতকে আতঙ্কিত করা এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ স্থানে ককটেল বিস্ফোরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এসব ঘটনার সঙ্গে জড়িত পতিত পরাজিত শক্তির ব্যক্তি, পরিকল্পনাকারী ও পৃষ্ঠপোষকদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এই পতিত ফ্যাসিবাদী শক্তিকে চিহ্নিত করে বিচারের আওতায় নিয়ে আসার জন্যও আহ্বান জানানো হয়েছে।
নেতৃদ্বয় আরও বলেন, নাশকতা দমনের নামে যেন কোনো নিরপরাধ মানুষ হয়রানি বা রাজনৈতিক প্রতিহিংসার শিকার না হন, সেটিও নিশ্চিত করতে হবে। দেশে আইনের শাসন, গণতান্ত্রিক পরিবেশ ও জনগণের নিরাপত্তা প্রতিষ্ঠা এখন সবচেয়ে জরুরি। নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা কোনো অপশক্তির নাশকতা কিংবা ষড়যন্ত্রের কাছে পরাজিত হতে পারে না।
তালাশ বিডি/মিডিয়া লিঃ