ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং
জামায়াত আমির

হায় সেলুকাস, আমাদের এই বাংলাদেশে আইনশৃঙ্খলার অবনতি


হায় সেলুকাস, আমাদের এই বাংলাদেশে আইনশৃঙ্খলার অবনতি

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন "হায় সেলুকাস, আমাদের এই বাংলাদেশ"—এমন মন্তব্য করে। পুলিশের একজন ডিআইজির মালিকানাধীন বাড়ি থেকে ৮৪ জন নারী-পুরুষ গ্রেফতার ও মাদক উদ্ধারের ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চিত্র তুলে ধরে তিনি এই মন্তব্য করেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে শফিকুর রহমান এসব কথা বলেন।

তিনি পোস্টে উল্লেখ করেন, "দেশের সর্বত্র আইনশৃঙ্খলাবিরোধী ও অসামাজিক কার্যকলাপের পাশাপাশি চাঁদাবাজি, ছিনতাই, লুণ্ঠন ও ডাকাতি মারাত্মক আকার ধারণ করেছে।"

আরও পড়ুন: প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান মারা গেছেন

পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার মালিকানাধীন বাড়িতে এ ধরনের কর্মকাণ্ড সংঘটিত হওয়ায় জনমনে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের নাভিশ্বাস উঠছে বলে শফিকুর রহমান জানান, গ্যাস ও বিদ্যুতের সমস্যাও রয়েছে। এসব জনদুর্ভোগ নিরসন ও অপকর্ম দমনের পরিবর্তে সরকার বিরোধী দলের চরিত্র হননে ব্যস্ত বলেও অভিযোগ করেন তিনি।

পোস্টের শেষাংশে তরুণদের আবারও জেগে ওঠার আহ্বান জানিয়ে তিনি লেখেন, "হায় সেলুকাস! আমাদের এই বাংলাদেশ! তরুণদের আরেকবার জাগতে হবে।"

আরও পড়ুন: নাটোরে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল অটোরিকশাচালক সাদেক মিয়া

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০২:৪২ এম


মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল অটোরিকশাচালক সাদেক মিয়া

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি দ্রুতগতির প্রোবক্স গাড়ির ধাক্কায় নিহত হয়েছেন সাদেক মিয়া (৫৯) নামের এক ব্যাটারিচালিত অটোরিকশাচালক। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া বাইপাস এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত সাদেক মিয়া মিরসরাই উপজেলার ১৩ নম্বর মায়ানী ইউনিয়নের সৈদালী এলাকার মাওলানা আব্দুল জব্বার বাড়ির মজিবুল হক মিস্ত্রীর পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে বড়তাকিয়া বাজারের বাইপাস এলাকায় অটোরিকশা নিয়ে যাচ্ছিলেন সাদেক মিয়া। সেই সময় একটি দ্রুতগতির প্রোবক্স গাড়ি তার অটোরিকশাকে ধাক্কা দেয়, ফলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

প্রত্যক্ষদর্শী মো. ফারুক জানান, বড়তাকিয়া বাইপাস এলাকায় দ্রুতগতির প্রোবক্স গাড়ির আঘাতে সাদেক মিয়া গুরুতর আহত হন। তার মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হতে থাকে। পরে চমেক হাসপাতালে নেওয়ার সময় তার মৃত্যু হয়।

নিহতের বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত ইনচার্জ আসাদুজ্জামান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা ঘটনাস্থল থেকে তথ্য সংগ্রহ করে এ বিষয়ে বিস্তারিত জানাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভোটের পাঁচ দিন আগে বাইশিমাস নির্বাচন স্থগিত, প্রার্থীদের প্রতিবাদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০২:৪২ এম


ভোটের পাঁচ দিন আগে বাইশিমাস নির্বাচন স্থগিত, প্রার্থীদের প্রতিবাদ

বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির (বাইশিমাস) ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনের সকল কার্যক্রম বর্তমানে স্থগিত করা হয়েছে। ভোটগ্রহণের তারিখ ছিল ২৪ অক্টোবর, যা রাজধানীর বিয়াম অডিটোরিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে, ভোটের মাত্র পাঁচ দিন আগে, ১৯ অক্টোবর পূজার ছুটির আগের শেষ কার্যদিবসে এই স্থগিতাদেশ জারি করা হয়।

প্রার্থীদের অভিযোগ, প্রতিদ্বন্দ্বী প্যানেলের সভাপতি প্রার্থীর অবৈধ প্রভাবের কারণে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আদালতের কোনো আদেশ ছাড়া, বাণিজ্য মন্ত্রণালয় থেকে এই স্থগিতাদেশ প্রদান করা হয়েছে, যা তারা অবৈধ ও উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করছেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের একটি স্মারকের ভিত্তিতে নির্বাচন বোর্ড ১৯ অক্টোবর নোটিশ জারি করে স্থগিতাদেশ দেয়। উল্লেখ্য, নোটিশে স্থগিতের কোনো কারণ উল্লেখ করা হয়নি। প্রার্থীরা জানান, এই সিদ্ধান্তের আগে তাঁদের কোনো শুনানিও অনুষ্ঠিত হয়নি। নোটিশটি নির্বাচন বোর্ডের চেয়ারম্যানের পরিবর্তে একজন সদস্যের স্বাক্ষরে জারি করা হয়েছে। এর ফলে, টানা পাঁচ দিনের ছুটি থাকায় এই সময়ে প্রতিকার চাওয়ার সুযোগও নেই।

তফসিল অনুযায়ী, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, প্রার্থীদের ব্যালট নম্বর বরাদ্দ ও ভোটকেন্দ্র নির্ধারণসহ সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছিল। সমিতির ৪১৯ জন ভোটারের মধ্যে ১৭৯ জন ঢাকার বাইরের বিভিন্ন জেলার। অনেকেই ইতোমধ্যে যাতায়াতের ব্যবস্থা ও হোটেল বুকিং করে ফেলেছেন। শেষ মুহূর্তের স্থগিতাদেশের কারণে তাঁরা আর্থিক ক্ষতি ও অনিশ্চয়তার সম্মুখীন হয়েছেন। প্রার্থীরা তফসিল মেনে মাসের পর মাস প্রচারণায় বিপুল অর্থ ও সময় ব্যয় করেছেন, যা এখন অনিশ্চিত হয়ে পড়েছে। তাঁরা বলছেন, বারবার পরিবর্তন ও স্থগিতাদেশের পর ভোটারদের আবার ভোটকেন্দ্রে আনা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

এই সিদ্ধান্তের বিরুদ্ধে ১৯ জন প্রার্থী যৌথভাবে এবং আরও ৬ জন প্রার্থী পৃথকভাবে বাণিজ্য সচিবের কাছে লিখিত আবেদন করেছেন। আবেদনে তাঁরা স্থগিতাদেশ প্রত্যাহার করে নির্ধারিত ২৪ অক্টোবর ভোটগ্রহণ এবং স্থগিতের কারণ ও আইনগত ভিত্তি লিখিতভাবে জানানোর দাবি করেছেন।

সভাপতি পদপ্রার্থী এম এ সাত্তার খান বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান লাইট ইঞ্জিনিয়ারিং খাতকে অগ্রাধিকার দিয়ে আমদানি কমানো ও রপ্তানি বাড়ানোর স্পষ্ট দিকনির্দেশনা দিয়েছেন। রপ্তানি উন্নয়ন ব্যুরো এই খাতের অ্যাকশন প্ল্যান তৈরি করছে। সরকারের লক্ষ্য পরিষ্কার: দেশে উৎপাদন বাড়বে, আমদানি কমবে।’

তিনি আরো বলেন, ‘ঠিক এই সময়ে আমদানিকারকদের একটি গোষ্ঠী যেকোনো উপায়ে সমিতির নেতৃত্ব দখল করতে চাইছে। দেশে মেশিন ও যন্ত্রাংশ তৈরি হলে তাদের আমদানি ব্যবসা কমে যায়। তাই নেতৃত্ব পেলে তারা নিজেদের প্রয়োজনে এই শিল্পকে ধ্বংস করে দেবে, সেই লক্ষ্যেই তারা কাজ করছে। প্রতিদ্বন্দ্বী সভাপতি প্রার্থী মূলত আমদানিকারক এবং ৩ মাস আগে হওয়া সমিতির সবচেয়ে নবীন সদস্য। তাঁর এবং সহযোগী কয়েকজন প্রার্থীর নিজস্ব কারখানা বা সদস্য হওয়ার যোগ্যতা নিয়েও প্রশ্ন রয়েছে।’

তিনি আরো বলেন, ‘ভোটারদের রায়ে জিততে পারবেন না বুঝেই তিনি নিজে প্রভাব খাটিয়ে, বাণিজ্য মন্ত্রণালয় থেকে ছুটির আগের রাতে নির্বাচন স্থগিত করা হয়েছে। এটি সম্পূর্ণ অবৈধ। আমরা চাই ২৪ অক্টোবরেই ভোট হোক, সিদ্ধান্ত নেবেন ভোটাররা। স্থগিতাদেশ প্রত্যাহার না হলে আমরা সর্বোচ্চ আইনি লড়াই চালিয়ে যাব।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টেকনাফে সুপারি বাগান থেকে অস্ত্রের মুখে অপহরণ, এলাকায় আতঙ্ক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০২:৪৩ এম


টেকনাফে সুপারি বাগান থেকে অস্ত্রের মুখে অপহরণ, এলাকায় আতঙ্ক

রাতের নিস্তব্ধতা ভেঙে একের পর এক কুকুরের ডাক শোনা যায়। মো. রফিক বাগানে চোর ঢুকেছে কি না, তা দেখতে বের হন। কিন্তু নিজের সুপারি বাগানে গিয়ে যে বিপদের মুখে পড়বেন, তা তার কল্পনাতেও ছিল না।

আগে থেকেই সেখানে ওঁৎ পেতে থাকা সশস্ত্র দুর্বৃত্তরা অস্ত্রের মুখে তাকে জিম্মি করে টেনেহিঁচড়ে পাহাড়ের গভীরে নিয়ে যায়। যাওয়ার আগে তারা পরপর তিন রাউন্ড গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।

সোমবার (২০ অক্টোবর) রাত ৮টার দিকে কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ শিলখালী পাহাড়সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

অপহৃত মো. রফিক ওই এলাকার বাসিন্দা। তার পরিবারের সদস্যরা জানান, তার নিজের সুপারি বাগান থেকেই তাকে অপহরণ করা হয়েছে।

রফিকের স্ত্রীর ভাষ্য, রাতে কুকুরের একের পর এক ডাক শুনে তিনি সন্দেহ করেন যে বাগানে চোর এসেছে। এ সময় তিনি একবার বাগান ঘুরে দেখেন। কিছুক্ষণ পর আবার হৈচৈ শুনে বাইরে বের হন।

পরে রফিক যখন বাড়ির পাশের পাহাড়সংলগ্ন নিজের সুপারি বাগানে যান, তখন আগে থেকে সেখানে অবস্থান নেওয়া সশস্ত্র দুর্বৃত্তরা তাকে ঘিরে ফেলে। একপর্যায়ে অস্ত্রের মুখে জিম্মি করে তারা টেনেহিঁচড়ে পাহাড়ের গভীরে নিয়ে যায়।

এসময় দুর্বৃত্তদের ছোড়া পরপর তিন রাউন্ড গুলির শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর থেকে এলাকায় চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।

স্থানীয়দের অভিযোগ, পাহাড়সংলগ্ন এই জনপদে সাম্প্রতিক সময়ে অপরাধ ও অপহরণের ঘটনা বেড়ে গেছে। এতে বাগান কিংবা পাহাড়ি এলাকায় কাজ করতে যেতেও সাধারণ মানুষ ভয় পাচ্ছেন।

খবর পেয়ে বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে অভিযান চালানোর উদ্যোগ নেয়। অপহৃতকে উদ্ধার এবং ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) পরিদর্শক আবু সাইদ বলেন, অপহৃত ব্যক্তিকে উদ্ধারে অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ঘটনায় কারা জড়িত, তা জানতে তথ্য সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি প্রতিবেশীদের কেউ এ ঘটনার সঙ্গে জড়িত কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধর্ম যার যার, রাষ্ট্র সবার’-আলফাডাঙ্গা সদর ইউনিয়নে পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান কামরুল ইসলাম দাউদের

আন্তর্জাতিক ডেস্ক

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:০৪ এম


ধর্ম যার যার, রাষ্ট্র সবার’-আলফাডাঙ্গা সদর ইউনিয়নে পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান কামরুল ইসলাম দাউদের

‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—এই স্লোগানকে সামনে রেখে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গা সদর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা কামরুল ইসলাম দাউদ।

এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং বিভিন্ন পূজামণ্ডপে ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান করেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে তিনি সদর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় পূজামণ্ডপের আয়োজক, ভক্ত ও স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দুর্গোৎসবের সার্বিক খোঁজখবর নেন।

এ সময় কামরুল ইসলাম দাউদ বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সব ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সৌহার্দ্যের মধ্য দিয়ে বসবাস করবে—এটাই আমাদের প্রত্যাশা। শারদীয় দুর্গোৎসব সবার জীবনে আনন্দ, শান্তি ও কল্যাণ বয়ে আনুক। পূজামণ্ডপের আয়োজকদের পাশে দাঁড়াতে আমার ব্যক্তিগত সামর্থ্য অনুযায়ী আর্থিক সহায়তা প্রদান করেছি। ভবিষ্যতেও মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করব।

তিনি আরও বলেন, ধর্ম-বর্ণনির্বিশেষে সবার মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে হবে। উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক এবং শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদযাপিত হোক—এটাই তাঁর প্রত্যাশা।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পূজামণ্ডপের আয়োজক ও ভক্তরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%