০৯:৪৩ পি.এম
ঢাকা, ২২ নভেম্বর, ২০২৬ : ২০২৫-২৬ মৌসুমে বায়ার্ন মিউনিখ রাজস্ব আয়ের একটি নতুন রেকর্ড গড়েছে, যা ৯৮ কোটি ৮২ লাখ ইউরো (১০৮ কোটি ৩০ লাখ ডলার) হয়েছে। একই সময়ে, জার্মান জায়ান্টরা সদস্যসংখ্যা পাঁচ লাখ ছাড়িয়ে প্রথম ফুটবল ক্লাব হিসেবে একটি নতুন মাইলফলক অর্জন করেছে।
শনিবার মিউনিখে অনুষ্ঠিত ক্লাবের বার্ষিক সাধারণ সভায় এই তথ্য প্রকাশ করা হয়। গত মৌসুমে বায়ার্নের আয় আগের মৌসুমের তুলনায় প্রায় এক কোটি ইউরো বৃদ্ধি পেয়েছে।
তবে, কর দেওয়ার আগে মুনাফা কিছুটা কমে দাঁড়িয়েছে ৩ কোটি ৫৩ লাখ ইউরো। আগের মৌসুমে এই পরিমাণ ছিল ৪ কোটি ২৫ লাখ ইউরো।
আরও পড়ুন: প্রত্যাবর্তনের গল্প লিখে বার্সার দুর্দন্ত জয়
বিশ্বজুড়ে যেকোনো ক্রীড়া সংগঠনের মধ্যে সর্বাধিক সদস্যসংখ্যার রেকর্ড গড়ার মাধ্যমে বায়ার্ন প্রথমবারের মতো পাঁচ লাখ সদস্যের সংখ্যা অতিক্রম করেছে। ক্লাবের বার্ষিক সাধারণ সভায় সদস্যদের ভোট দেওয়ার অধিকার রয়েছে।
গত ১২ বছরে বায়ার্নের সদস্যসংখ্যা দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। ২০১৪ সালে সদস্য সংখ্যা ছিল আড়াই লাখ, যা বর্তমানে বেড়ে পাঁচ লাখে পৌঁছেছে।
২০২৫-২৬ মৌসুমে বায়ার্ন লিগ ও কাপ উভয় শিরোপা জিতেছে। সব প্রতিযোগিতায় তারা ৫৩ ম্যাচের মধ্যে মাত্র তিনটিতে পরাজিত হয়েছে।
ইউরোপে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পৌঁছেছিল জার্মান জায়ান্টরা। সেখানে তারা দুই লেগের খেলায় ৬-৫ ব্যবধানে চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেইর কাছে পরাজিত হয়ে বিদায় নেয়।
আরও পড়ুন: নরসিংদীতে শুরু হলো ৭ দিনব্যাপী আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা
বায়ার্নের নারী দলও ঘরোয়া লিগ ও কাপের শিরোপা জিতেছে। তারা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পৌঁছানোর মাধ্যমে পুরুষ দলের সাফল্য পুনরাবৃত্তি করেছে। তবে, শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন বার্সেলোনার কাছে হেরে তাদের বিদায় নিতে হয়েছে।
ক্লাবের প্রধান নির্বাহী ইয়ান-ক্রিস্টিয়ান ড্রিসেন মন্তব্য করেন, ‘আমরা আরও একটি রেকর্ড গড়া বছর পার করেছি। এটি প্রমাণ করে, আমাদের ক্লাবের ভিত্তি অত্যন্ত মজবুত। নিজেদের দলগুলোর ক্রীড়াসাফল্যের জন্য সর্বোত্তম পরিবেশ নিশ্চিত করতে আমরা বিনিয়োগ অব্যাহত রেখেছি।’
৩৫ বারের বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্নের ৭০ শতাংশ মালিকানা ক্লাবের সদস্যদের হাতে রয়েছে। জার্মানির নিয়ম অনুযায়ী, কোনো ক্লাবের সংখ্যাগরিষ্ঠ মালিকানা সদস্য বা সমর্থকদের হাতে থাকতে হয়; বায়ার্নের ক্ষেত্রে এই হার প্রয়োজনীয় ন্যূনতম সীমার চেয়ে অনেক বেশি।
বাকি ৩০ শতাংশ মালিকানা জার্মানির চারটি প্রতিষ্ঠান- অ্যাডিডাস, অডি, আলিয়াঞ্জ ও ভিসম্যানের হাতে রয়েছে। প্রতিষ্ঠানগুলোর সবগুলোরই বাভারিয়া অঞ্চলে শিকড় রয়েছে।
আরও পড়ুন: তামিম: ভারতীয় দলের বাংলাদেশ সফর নিয়ে চূড়ান্ত কিছু বলা সম্ভব নয়
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন