০৯:৫৬ পি.এম
বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স মন্তব্য করেছেন যে, বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্য আমাদের জাতীয় ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ শক্তি। গারোসহ সকল ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিজস্ব ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য ও সামাজিক পরিচয় রক্ষায় সম্মিলিতভাবে কাজ করা প্রয়োজন। পাহাড় ও সমতলের সকল জাতি গোষ্ঠীর সংস্কৃতি, ভাষা, ঐতিহ্য বাংলাদেশের জাতীয় সংস্কৃতিকে সমৃদ্ধ, বর্ণাঢ্য ও বৈচিত্র্যময় করে তুলেছে।
আজ সকালে ময়মনসিংহের হালুয়াঘাটে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠানে গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী নবান্ন উৎসব ‘ওয়ানগালা’ উপলক্ষে গারো সম্প্রদায়ের সাংস্কৃতিক ও সামাজিক ব্যক্তিত্বদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। ওয়ানগালা উৎসব ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে হালুয়াঘাটে অনুষ্ঠিত হবে।
সৈয়দ এমরান সালেহ প্রিন্স আরও বলেন, ওয়ানগালা শুধুমাত্র একটি উৎসব নয়, বরং এটি গারো জনগোষ্ঠীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, কৃষিজীবন ও প্রকৃতির সঙ্গে নিবিড় সম্পর্কের একটি অনন্য প্রকাশ। এ ধরনের উৎসব আমাদের বহুজাতিক সাংস্কৃতিক ঐতিহ্যকে সমৃদ্ধ করে এবং পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনকে আরও দৃঢ় করে।
আরও পড়ুন: বৈশাখী টিভির ডিএমডি টিপু আলমকে গাজীপুর কারাগারে পাঠানো হল
তিনি উল্লেখ করেন, গারো সম্প্রদায়ের নতুন প্রজন্মের কাছে তাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার প্রয়োজন রয়েছে। এজন্য হালুয়াঘাটের ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠানকে আরও কার্যকর ও সমৃদ্ধ করা প্রয়োজন।
ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক হিসেবে তিনি গারোসহ সকল ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা ও আর্থসামাজিক উন্নয়নে জেলা পরিষদের এখতিয়ার ও সামর্থ্যের মধ্যে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করবেন। উন্নয়নের সুফল থেকে কোনো জনগোষ্ঠী যেন বঞ্চিত না হয়, সে বিষয়ে গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি।
তিনি ওয়ানগালা উৎসবে সকলের সহযোগিতা ও সম্পৃক্ততা কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর, যুগ্ম আহ্বায়ক কাজী ফরিদ আহমেদ পলাশ, ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পরিচালক সুভ্রা পান্থা, হালুয়াঘাট ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সুব্রত রেমা, অপূর্ব দ্রং, বরুন নাফাক, লিমা চিরান, তন রেমা, আশিষ আজিম, লিভিং ষ্টন চাম্বুগং, সিমন বনোয়াড়ি, প্রভাত দ্রং, সবিতা তিঘীদি প্রমুখ।
আরও পড়ুন: শেরপুরে শেষ হলো গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ওয়ানগালা উৎসব
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন